গীবত সমাজের মহামারী, ইবাদতের নীরব ঘাতক

আজ এমন এক রোগের কথা বলব—যার ধ্বংস আমরা প্রতিদিন দেখি, কিন্তু রোগটাকে আমরা রোগই মনে করি না।

এটা এমন এক গুনাহ—যা আমাদের ঘরকে জ্বালিয়ে দিচ্ছে, সমাজকে পুড়িয়ে দিচ্ছে, আত্মাকে কালো করে দিচ্ছে। কিন্তু তবুও এই গুনাহ আমরা হাসিমুখে করি, জমায়েতে করি, পরামর্শের নামে করি, রাজনৈতিক কথার আড়ালে করি।

এটি হলো গীবত। পরনিন্দা। কারো ইজ্জত খাওয়া।

◾যদি আজ কেউ আপনার ভাইয়ের মৃত শরীর আপনাকে এনে বলে “নাও, তোমার ভাইয়ের মাংস কেটে ভাজা হয়েছে, খেয়ে নাও”আপনি কি জীবনেও মুখে তুলবেন?

আল্লাহ তাআলা বলেন—

“তোমাদের কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে?”

(হুজুরাত: ১২)

পৃথিবীর সবচেয়ে জঘন্য দৃশ্য মৃত মানুষের মাংস খাওয়া।‌ আর আল্লাহ বলছেন গীবত তার থেকেও জঘন্য।

আল্লাহ কুরআনে এভাবে সতর্ক করার পরও আমরা গীবত করি—

চায়ের দোকানে করি, অফিসে করি, রাজনীতির মাঠে করি, মাদরাসায় করি, এমনকি মসজিদের বারান্দায় দাঁড়িয়েও করি আমরা মুসলমান হয়েও করি।

◾গীবত শুধু জবান নয়—এটি হৃদয়ের অন্ধকারের লক্ষণ। হযরত ফুযাইল ইবনে ঈয়াজ (রহ.) বলেছেন—

“যে ব্যক্তি গীবত করে, তার অন্তরে নূর থাকে না।”

আজ আমাদের সেজদায় তৃপ্তি নেই কেন? কুরআন পড়তে মন বসে না কেন? মসজিদের আলো দেখেও চোখে অন্ধকার লাগে কেন?

কারণ জবান নোংরা, অন্তর কালো, আমল জ্বলে ছাই হয়ে যাচ্ছে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

“গীবত ও পরনিন্দা ইবাদতকে এমনভাবে শেষ করে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে।”

(ইবনে মাজাহ)

আপনি নামাজ পড়েন কিন্তু আগুন লাগানো নামাজ নিয়ে ঘর ফিরছেন।

আপনি রোজা রাখেন কিন্তু ইফতারের সময় একটি কথায় রোজার নুর মুছে যায়।

আপনি দান করেন কিন্তু পেছনে কারো ইজ্জত খেয়ে তা শয়তানের হাতে তুলে দেন।

◾সমাজের সবচেয়ে বড় সমস্যা—আমরা গীবতকে “কিছুই না” মনে করি

চুরি করলে ভয়,ব্যভিচার করলে ভয়,শরাব খেলে লজ্জা। কিন্তু কারো মান-সম্মান খেয়ে আমরা বলি—

“না না, আমি তো শুধু একটু বললাম বাস্তব কথা বললে দোষ কি? ওটা গীবত নয়, হক কথা!

আল্লাহ বলেন “যা শোনা সে উপস্থিত না থাকলে অপমানিত হবে—সেটিই গীবত।”

আপনি যা বলছেন—

যদি সে সামনে থাকলে অপমানিত হতো তাহলে আপনি গীবত করছেন, আল্লাহর গজব ডাকছেন, ইবাদত ধ্বংস করছেন।

◾ প্রিয় ভাইয়েরা! আজ আমাদের ঘরের সমৃদ্ধি কমে গেছে—কারণ আমাদের জবান ঠিক নেই

মনে রাখবেনঘরে বরকত নামে আগে—জবান ভাল হলে। আজ ব্যবসায় বরকত নেই, নবজাতকের মুখে হাসি নেই, দাম্পত্যে শান্তি নেই, সমাজে ভ্রাতৃত্ব নেই,

একটি প্রধান কারণ গীবত, পরনিন্দা, মানুষের ইজ্জতহানি।

◾একজন মুমিনের ইজ্জত আল্লাহর কাছে কাবার থেকেও বেশি সম্মানিত। আর আমরা সেই ইজ্জতকে ছিঁড়ে খেলছি!

আহা, যদি জানতাম—গীবত আল্লাহর কাছে কত ভয়াবহ!

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) বলেছেন— “গীবত করার চেয়ে আমি পশুর মাংস খেতে পছন্দ করি। কারণ পশুর মাংস হারাম নয়, গীবত হারাম।”

গীবতকারীকে কেয়ামতে যে তিনটি ভয়াবহ শাস্তি দেওয়া হবে:

১.তার সব নেক আমল ভুক্তভোগীর পাল্লায় ঢালা হবে

আপনার নামাজ, রোজা, সাদকাহ সব অন্যের হতে পারে!

২. ভুক্তভোগীর গুনাহ আপনার পাল্লায় ঢোকানো হবে

অন্যের জীবনভর করা গুনাহ আপনি বহন করবেন!

৩.আল্লাহ বলবেন: “তুমি মানুষকে অপমান করেছ—আজ আমি তোমাকে অপমান করব।”

আল্লাহর অপমান।এ চেয়ে ভয়ংকর আর কিছু আছে?

এই মসজিদে—এই জুমার দিনে—এই কুরআনের ঘরে—

আসুন প্রতিজ্ঞা করি—

🔸 আজ থেকে কারো গীবত করব না।

🔸 যেখানে গীবত হবে, সেখান থেকে উঠে যাব।

🔸 ভুলে করলে সাথে সাথে তাওবা করব।

🔸 কারো ইজ্জত আঘাত করলে ক্ষমা চাইব।

🔸 ঘর-পরিবারে, অফিসে, সমাজে—গীবত বন্ধে নেতৃত্ব দেব।

◾আজ যদি মুসলমানেরা শুধু জবান ঠিক করে ফেলে

আমাদের সমাজ বদলে যাবে,বিদ্বেষ কমবে,পরিবার এক হবে,দোয়া কবুল হবে,ইবাদতে নূর আসবে।

Scroll to Top