একজন খতিবের খুতবা তৈরিতে দশটি ভুল | আজকের খুতবায় কেন পরিবর্তন হচ্ছে না সমাজ!

🟫 একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন।‌ আমাদের মসজিদে মানুষ কী শুনতে আসে? সুন্দর কণ্ঠ, চমৎকার সুর নাকি জীবনের সমস্যার সমাধান?

আজ অনেক জায়গায় খুতবার মূল্যায়ন হয় খতিব সাহেব খুব সুন্দর সুরে বললেন। অনেক কাঁদিয়েছেন।‌ কিন্তু খুব কম মানুষ জিজ্ঞাসা করে আজকের খুতবা থেকে আমি কী শিখলাম?

এখানেই আমাদের সংকট।‌ মিম্বরকে অনেক জায়গায় আমরা শিক্ষার কেন্দ্র থেকে আবেগের কেন্দ্রে পরিণত করেছি।‌ সুর অবশ্যই সুন্দর হতে পারে। আবেগ অবশ্যই থাকতে পারে।‌ কিন্তু যদি পুরো খুতবা শেষ হওয়ার পর একজন মুসল্লি বলতে না পারে আজ আমি কী শিখলাম

তাহলে আমাদের আত্মসমালোচনা করা দরকার।

রাসূল ﷺ-এর খুতবা শুনে সাহাবারা শুধু কাঁদতেন না। খুৎবা গুলো কাঁদার ছিল না। বরং খুতবাগুলো তাদেরকে বদলে দিত। তারা বদলে যেতেন। তারা খুতবার পর নতুন করে সিদ্ধান্ত নিতেন।‌ তারা জীবন পরিবর্তন করতেন। আজ অথবা আছে কিন্তু পরিবর্তন নেই। আমাদের নিজেদের সমস্যা গুলো চিহ্নিত করা প্রয়োজন।

🟫 প্রথম সমস্যা: বিষয়বস্তুহীন খুতবা

জুমার দিন একজন শ্রমিক তার কাজ বন্ধ করে আসে, একজন ব্যবসায়ী দোকান রেখে আসে, একজন চাকরিজীবী ব্যস্ততার মাঝেও সময় বের করে আসে, একজন কৃষক মাঠ ছেড়ে মসজিদে আসে। তারা সবাই তাদের জীবনের মূল্যবান সময় নিয়ে মিম্বরের সামনে বসে।

তাই একজন খতিবের উপলব্ধি করা দরকার—মানুষ শুধু কথা শুনতে আসে না; তারা দিকনির্দেশনা নিতে আসে।

খুতবা শেষে মুসল্লির মনে অন্তত একটি কথা থাকা উচিত আজ আমি নতুন কিছু শিখেছি, যা আমার জীবনকে আরও ভালো করবে।”

🟫 দ্বিতীয় সমস্যা: সুরকেন্দ্রিক খুতবার ব্যাপকতা

বর্তমানে অনেক স্থানে খুতবার মূল্যায়ন হয় কণ্ঠস্বর, আবেগ, কান্না এবং উপস্থাপনার ভঙ্গি দিয়ে; বিষয়বস্তুর গভীরতা দিয়ে নয়। ফলে মানুষ অনেক সময় খতিবের সুর মনে রাখে, কিন্তু বক্তব্য মনে রাখতে পারে না।

এটি চিন্তার বিষয়। কারণ ইসলামে মিম্বরের উদ্দেশ্য ছিল হেদায়েত পৌঁছে দেওয়া, বিনোদন দেওয়া নয়।

মানুষকে কাঁদানো অবশ্যই ভালো। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষকে চিন্তা করানো, সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করা এবং পরিবর্তনের পথে পরিচালিত করা। রাসূল ﷺ-এর খুতবার প্রভাব ছিল মানুষের জীবনে; শুধু তাদের আবেগে নয়।

তাই একজন খতিবের লক্ষ্য হওয়া উচিত—মানুষকে জাগিয়ে তোলা, শুধু কান্নার আসর জমানো নয়।

🟫 কেন এত খুতবার পরও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না প্রশ্নটি কঠিন, কিন্তু জরুরি।

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন মসজিদে মসজিদে খুতবার সংখ্যা কম নয়, বক্তারও অভাব নেই, শ্রোতারও অভাব নেই। তারপরও পারিবারিক অশান্তি বাড়ছে, সুদ-ঘুষ কমছে না, পর্নোগ্রাফি ও মাদকের বিস্তার থামছে না, মিথ্যা ও প্রতারণা সমাজে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের খুতবা নিয়ে ভাবতে হবে। সমস্যা গুলো চিহ্নিত করতে হবে। গতানুগতিক খুতবা থেকে বের হয়ে এসে সমাজ বাস্তবতা সামনে রেখে গবেষণা ধর্মী খুতবা তৈরি করতে হবে। প্রচলিত খুতবা গুলোর কিছু সমস্যা।

◾প্রথমত, আজ মানুষ যে সমস্যার মধ্যে বসবাস করছে, অধিকাংশ খুতবায় তার আলোচনা থাকে না। যুবকদের ঈমানি সংকট, পারিবারিক ভাঙন, সোশ্যাল মিডিয়ার আসক্তি, অর্থনৈতিক অনিয়ম, সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ—এসব নিয়ে কথা না বলে যদি শুধু সাধারণ আলোচনা করা হয়, তাহলে মানুষ খুতবাকে নিজের জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারে না।

◾দ্বিতীয়ত, খুতবায় আলোচনা আছে কিন্তু গবেষণা নেই।অনেক সময় বক্তব্যে আবেগ থাকে, কিন্তু তথ্য থাকে না; আহ্বান থাকে, কিন্তু প্রমাণ থাকে না। ফলে খুতবা হৃদয়কে নাড়া দিলেও চিন্তাকে সমৃদ্ধ করতে পারে না। প্রয়োজন গবেষণা ধর্মী আলোচনা।

◾তৃতীয়ত, খুতবার মাঝে সমস্যার বিশ্লেষণ নেই। আমরা অনেক সময় শুধু বলি, “এটা খারাপ, ওটা খারাপ।” কিন্তু কেন খারাপ, কী কারণে সমাজে ছড়িয়ে পড়ছে, এর শিকড় কোথায়—সেসব ব্যাখ্যা করি না। রোগের কারণ না বুঝলে চিকিৎসাও কার্যকর হয় না।

◾চতুর্থত, খুতবায় সমস্যা বলা হয় কিন্তু সমাধান তুলে ধরা হয় না। ইসলাম শুধু সমস্যা চিহ্নিত করার ধর্ম নয়; সমাধান দেওয়ার ধর্ম। মানুষ জানতে চায়—এ অবস্থা থেকে বের হওয়ার পথ কী? আমি কী করব? আমার পরিবার কী করবে? সমাজ কী করবে? শুধু রোগের বিবরন বললে হবে না। চিকিৎসাও দিতে হবে।

◾পঞ্চমত, খুতবায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নেই। খুতবা শেষে মুসল্লি যদি বুঝতে না পারে আগামীতে তাকে কী করতে হবে, কী পরিবর্তন আনতে হবে, কোন আমল শুরু করতে হবে, কোন গুনাহ ছাড়তে হবে—তাহলে খুতবার প্রভাব দ্রুত হারিয়ে যায়।

ফলে যা হয়, মানুষ শুনে, আবেগাপ্লুত হয়, প্রশংসা করে; কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় চিন্তা, দিকনির্দেশনা এবং কর্মপথ না পাওয়ায় কয়েক ঘণ্টা পরই অধিকাংশ কথা ভুলে যায়।

একটি সফল খুতবা হলো সেই খুতবা, যার শেষে মুসল্লি শুধু বলে না—”আজ খুব ভালো বলেছেন।” বরং বলে—”আজ আমি বুঝেছি আমার সমস্যা কোথায়, এবং এখন আমি কী করব তার কর্ম পরিকল্পনা পেয়েছি। শ্রোতা তৃপ্ত ও সন্তুষ্ট।

🟫আজকের মুসল্লির বাস্তবতা: কেন খুতবার ধরন বদলানো জরুরি আজকের মুসল্লি ৩০ বছর আগের মুসল্লি নয়।

আজ সে AI ব্যবহার করে, ইউটিউব দেখে, টিকটক দেখে, নাস্তিকদের প্রশ্ন শোনে, এবং তারা প্রভাবিত হয়। আজকের সন্তান মোবাইলের পর্দায় বড় হচ্ছে, পরিবার নানা চাপে দুর্বল হচ্ছে, ব্যবসা সুদভিত্তিক ব্যবস্থার চ্যালেঞ্জে আক্রান্ত, আর সন্তানের ইসলামী পরিচয় রক্ষা করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

এই বাস্তবতায় একজন মুসল্লি যখন জুমার দিন মসজিদে আসে, তখন সে শুধু একটি বক্তৃতা শুনতে আসে না; সে উত্তর খুঁজতে আসে। সে জানতে চায়—এই যুগে ঈমান কীভাবে বাঁচাব? সন্তানকে কীভাবে রক্ষা করব? পরিবারকে কীভাবে ধরে রাখব? প্রযুক্তির এই স্রোতে একজন মুসলমানের করণীয় কী?

কিন্তু যদি মিম্বরে এমন আলোচনা হয়, যার সঙ্গে তার বাস্তব জীবনের কোনো সংযোগ নেই, তাহলে সে উত্তর কোথায় খুঁজবে? স্বাভাবিকভাবেই সে অন্য কোনো উৎসের দিকে যাবে। আর তখন মিম্বর তার জীবনের পথপ্রদর্শক হওয়ার সুযোগ হারাবে। এ কারণেই আজ গবেষণাভিত্তিক, বাস্তবতাভিত্তিক খুতবার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

আমাদের উপলব্ধি প্রয়োজন একজন খতিব শুধু বক্তা নন।

তিনি শিক্ষক মানুষকে শেখান। তিনি গবেষক সমস্যার গভীরে পৌঁছান। তিনি চিকিৎসক‌ উম্মাহর রোগ নির্ণয় করেন। তিনি সমাজ বিশ্লেষক সময়ের পরিবর্তন ও চ্যালেঞ্জ বুঝেন। তিনি পথপ্রদর্শক সমাধানের পথ দেখান।

যখন এই পাঁচটি পরিচয় মিম্বর থেকে হারিয়ে যায়, তখন খুতবা আর উম্মাহ গঠনের মাধ্যম থাকে না; তা কেবল একটি সুন্দর বক্তব্যে পরিণত হয়। আর মিম্বরের কাজ সুন্দর বক্তব্য উপহার দেওয়া নয়; মানুষের জীবন বদলে দেওয়া। মানুষকে হাসানো বা কাঁদানো মিম্বরের কাজ নয়। মেম্বারের কাজ মানুষকে চিন্তা করতে বাধ্য করা।

🟫 মিম্বরের আমানত: একজন খতিবের ১০টি সাধারণ ভুল, কেন হয় এবং কীভাবে সংশোধন করবেন।

১. বাস্তবতা না জেনে মানুষকে নিয়ে কথা বলা

আজ অনেক খতিব যুবসমাজ নিয়ে কঠোর সমালোচনা করেন। বলেন যুবকরা নষ্ট হয়ে গেছে, মোবাইল তাদের শেষ করে দিয়েছে।

কিন্তু প্রশ্ন হলো, তিনি শেষ কবে কোনো কলেজ ছাত্রের পাশে বসে তার সংগ্রামের কথা শুনেছেন? শেষ কবে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রশ্ন শুনেছেন? শেষ কবে কোনো তরুণের ঈমানি সংকট বোঝার চেষ্টা করেছেন?

মানুষকে না জেনে মানুষকে নিয়ে কথা বলা গবেষণা নয়; এটি অনুমান। রোগীকে না দেখে চিকিৎসা দিলে যেমন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি সমাজকে না বুঝে সমাজের জন্য খুতবা দিলে তার কার্যকারিতাও কমে যায়।

আজকে এ বিষয়টা হচ্ছে। খতিব কথা বলেন সমাজকে নিয়ে যুবকদের নিয়ে কিন্তু তাদের সাথে কথা বলেন না। নিজের মতো করে কথা বলেন। তাই তার বক্তব্যে যুবকদের প্রশ্নগুলোর উত্তর নেই। তাই তার বক্তব্যের প্রতি সমাজের আগ্রহ নেই।

২. আজকের খুতবায় সমস্যা চিহ্নিত করা হয়, কিন্তু কারণ বিশ্লেষণ করা হয় না।‌ আমরা অনেক সময় বলি পরিবার ভেঙে যাচ্ছে।সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে। যুবকরা দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন‌ আলোচনায় তা চিহ্নিত করা হচ্ছে না।

যতক্ষণ পর্যন্ত সমস্যার শিকড় খুঁজে বের করা না হবে, ততক্ষণ পর্যন্ত সমাধানও কার্যকর হবে না। একজন দক্ষ চিকিৎসক শুধু জ্বর দেখেন না; জ্বরের কারণও খুঁজে বের করেন। খতিবের কাজও শুধু লক্ষণ বর্ণনা করা নয়; রোগের উৎস চিহ্নিত করা।

৩. আজকের খুতবার একটি সমস্যা হলো শুধু অভিযোগ করা, হয় সমাধান দেওয়া হয় না। অথচ আজকের মানুষ অভিযোগ শুনতে চায় না; সমাধান শুনতে চায়।

একজন বাবা জানতে চান সন্তানকে কীভাবে বাঁচাব। একজন মা জানতে চান ঘরে দ্বীনি পরিবেশ কীভাবে গড়ে তুলব?‌একজন তরুণ জানতে চান মোবাইল আসক্তি থেকে বের হওয়ার উপায় কী?

খুতবা যদি শুধু সমস্যার তালিকা দেয়, কিন্তু বের হওয়ার পথ না দেখায়, তাহলে মানুষ হতাশ হয়ে ফিরে যায়। নববী মিম্বর মানুষকে সমস্যার খবরই দিত না; সমাধানের পথও দেখাত।

৪. গবেষণাহীন বক্তব্য। কিছু খুতবায় আবেগ অনেক থাকে, কিন্তু তথ্য কম থাকে।

আজকের মুসল্লি শুধু আবেগ নয়, যুক্তিও চায়। বিশেষ করে শিক্ষিত তরুণরা জানতে চায়‌ এর প্রমাণ কী?‌ যে যুগে একটি তরুণ কয়েক সেকেন্ডে শত শত তথ্য যাচাই করতে পারে, সে যুগে গবেষণাহীন বক্তব্যের প্রভাব দ্রুত কমে যায়।

৫. আজকের খতিবদের একটি সমস্যা হল সময়ের পরিবর্তন না বোঝা। আজকের মুসল্লি ৩০ বছর আগের মুসল্লি নয়।

তার হাতে স্মার্টফোন আছে। সে AI ব্যবহার করে। সে ইউটিউবে বিতর্ক দেখে। সে নাস্তিকতা, ফেমিনিজম, লিবারেলিজম, জেন্ডার আইডিওলজি—সবকিছু শুনছে।

যদি মিম্বর এসব প্রশ্নকে স্পর্শই না করে, তাহলে তার উত্তর সে অন্য কোথাও খুঁজবে।

৬. একই বিষয় বারবার বলা। কিছু খতিবদের দেখা যায় অনেক সময় বছরের পর বছর একই উদাহরণ, একই গল্প, একই ভাষা ঘুরে ফিরে আসে। ফলে শ্রোতা খুতবা শোনার আগেই বুঝে যায় সামনে কী বলা হবে। আজকের পূর্ণ গল্প তাদের মুখস্ত। কারণ এ গল্প ইতিপুর্বেও সে শুনেছে।

নতুন বাস্তবতা, নতুন প্রশ্ন এবং নতুন চ্যালেঞ্জের আলোকে বিষয় উপস্থাপন না করলে খুতবার শিক্ষামূলক শক্তি কমে যায়।

৭. মুসল্লির প্রয়োজনের বদলে বক্তার পছন্দকে প্রাধান্য দেওয়া। এটা এক বড় ধরনের সমস্যা। কিছু খতিব এমন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন, যা হয়তো তার কাছে গুরুত্বপূর্ণ; কিন্তু মুসল্লির জরুরি প্রয়োজন নয়।

একজন দক্ষ শিক্ষক পাঠ্যবই নয়, ছাত্রকেও পড়েন।তেমনি একজন খতিব শুধু বিষয় নির্বাচন করবেন না; মুসল্লির প্রয়োজনও বুঝবেন।

৮. কর্মপরিকল্পনা না দেওয়া। খুতবা শেষে মুসল্লি যদি না জানে পরবর্তী সাত দিনে তাকে কী করতে হবে, তাহলে পরিবর্তনের সম্ভাবনা কমে যায়।

একটি ভালো খুতবা সবসময় একটি বাস্তব করণীয় দিয়ে শেষ হয়। যেমন

– প্রতিদিন ১০ মিনিট কুরআন পড়া।

– পরিবারের সঙ্গে একবেলা দ্বীনি আলোচনা করা।

– একটি নির্দিষ্ট গুনাহ ত্যাগের সিদ্ধান্ত নেওয়া।

মানুষকে শুধু অনুপ্রাণিত নয়, পরিচালিতও করতে হয়।

৯. আবেগকে লক্ষ্য বানিয়ে ফেলা। কান্না খারাপ নয়। আবেগও খারাপ নয়। কিন্তু আবেগ যদি লক্ষ্য হয়ে যায়, তাহলে শিক্ষার অংশটি দুর্বল হয়ে পড়ে। রাসূল ﷺ-এর খুতবা মানুষের চোখে পানি এনেছে, কিন্তু তার চেয়েও বেশি তাদের জীবন বদলেছে।

মিম্বরের সাফল্য কতজন কাঁদল, তা নয়; কতজন বদলাল, এটা হলো মেম্বারের সাফল্য।

১০. খুতবার ফলাফল মূল্যায়ন না করা।‌ খতিবদের অবশ্যই তার খুতবার মূল্যায়ন প্রয়োজন।

একজন শিক্ষক পরীক্ষা নেন। একজন ব্যবসায়ী হিসাব করেন। একজন কৃষক ফসল দেখেন। কিন্তু একজন খতিব কি কখনো নিজেকে প্রশ্ন করেন গত এক বছরে আমার খুতবা শুনে মানুষের কী পরিবর্তন হয়েছে? আমি কোন সমস্যার সমাধান দিতে পেরেছি?কোন বিষয়গুলো মুসল্লিদের সবচেয়ে বেশি উপকার করেছে? এই আত্মসমালোচনা না থাকলে উন্নতিও আসে না।

🟫 খুতবা শেষে মুসল্লির হাতে কী থাকা উচিত?

একটি সফল খুতবা শেষে মুসল্লি তিনটি জিনিস নিয়ে বাড়ি ফিরবে—

১. একটি শিক্ষা

আজ আমি কী শিখলাম?

২. একটি সিদ্ধান্ত

আজ আমি কী পরিবর্তন করব?

৩. একটি কর্ম

আজ থেকেই আমি কী শুরু করব?

যদি এই তিনটি অর্জিত হয়, তাহলে খুতবা তার লক্ষ্য পূরণের দিকে এগিয়েছে।

🟫 নববী মিম্বরের পুনর্জাগরণ

আমাদের মিম্বরকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিতে হবে, যেখান থেকে পরিবার গড়ে ওঠে, সন্তান গড়ে ওঠে, সমাজ গড়ে ওঠে এবং নেতৃত্ব তৈরি হয়।

আমাদের দরকার এমন খুতবা, যেখানে থাকবে কুরআন, সুন্নাহ, বাস্তবতা, গবেষণা, সমস্যার বিশ্লেষণ, সমাধান এবং কর্মপরিকল্পনা। কারণ মিম্বরের কাজ শুধু বক্তব্য দেওয়া নয়; মানুষ গড়া। আর মানুষ গড়ার এই মহান দায়িত্বই হলো মিম্বরের প্রকৃত আমানত।

🟫 একজন খতিব যখন মিম্বরে দাঁড়ান, তখন তিনি শুধু কিছু মানুষের সামনে কথা বলেন না। তার সামনে বসে থাকে শত শত জীবনের গল্প, অসংখ্য দুশ্চিন্তা, বহু পরিবারের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের আশা।

আপনার সামনে হয়তো ২০০ জন মুসল্লি বসে আছেন। কিন্তু বাস্তবে সেখানে বসে আছে ২০০টি পরিবার, শত শত সন্তান এবং একটি পুরো সমাজ।

আপনার একটি সঠিক কথা হয়তো স্বামী-স্ত্রীর ভাঙতে বসা সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। একটি সঠিক খুতবা হয়তো কোনো বিভ্রান্ত যুবকের ঈমানকে রক্ষা করতে পারে। একটি সঠিক দিকনির্দেশনা হয়তো একটি পরিবারের দ্বীনি পরিবেশ ফিরিয়ে আনতে পারে। এমনকি একটি সঠিক চিন্তা হয়তো একটি সমাজের গতিপথও বদলে দিতে পারে।

তাই মিম্বরে ওঠার আগে শুধু এই প্রশ্ন করবেন না আজ আমি কী বলব? বরং নিজেকে জিজ্ঞাসা করুন আজ আল্লাহর এই বান্দাদের কোন প্রয়োজনটি আমি পূরণ করব? কোন সমস্যার সমাধান দেব? কোন হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনব?”

কারণ মিম্বর কেবল বক্তৃতার স্থান নয়। এটি উম্মাহ গঠনের কারখানা। এটি মানুষের হৃদয় পরিবর্তনের কেন্দ্র। এটি নববী উত্তরাধিকার বহনের মঞ্চ।

আর যে খতিব এই সত্য উপলব্ধি করতে পারবেন, তার খুতবা শুধু মানুষের কানে পৌঁছাবে না; তাদের হৃদয়ে পৌঁছাবে। শুধু মুহূর্তের আবেগ সৃষ্টি করবে না; জীবন বদলে দেবে। শুধু প্রশংসা অর্জন করবে না; ইনশাআল্লাহ আখিরাতের জন্যও সওয়াবের ধারাবাহিক উৎস হয়ে থাকবে।

Scroll to Top