প্রেম, রোমান্টিকতা নির্ভর নাটক, বিনোদন জগত- আমরা কেমন সংস্কৃতি চাই?

🔶 অনেক মানুষ মনে করে সংস্কৃতি শুধুই গান, নাটক, সিনেমা, নাচ বা বিভিন্ন উৎসব আর আনন্দ করা। কিন্তু প্রকৃতপক্ষে সংস্কৃতি এর চেয়েও অনেক বড় বিষয়। এটা শুধুই আনন্দ বিনোদন নয়।

সংস্কৃতি হলো একটি জাতির জীবনযাত্রা ও চিন্তাধারা। একটি জাতি কীভাবে জীবন পরিচালনা করে, কি ভালো মনে করে, কি খারাপ মনে করে, কাকে সম্মান দেয়, কাকে আদর্শ মানে, কি পোশাক পরে, কি ভাষায় কথা বলে, কি ধরনের আচরণকে ভদ্রতা বলে এবং কি ধরনের আচরণকে লজ্জাজনক মনে করে‌ এসব কিছুর সমষ্টিই হলো সংস্কৃতি।

একটি উদাহরণ চিন্তা করুন। কোনো দেশের মানুষ যদি বয়োজ্যেষ্ঠদের সম্মান করে, পরিবারকে গুরুত্ব দেয়, সততাকে মূল্য দেয় এবং ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে, তাহলে এগুলো সেই দেশের সংস্কৃতির অংশ। আবার যদি কোনো সমাজে মিথ্যা, প্রতারণা, অশ্লীলতা বা স্বার্থপরতা স্বাভাবিক হয়ে যায়, সেটাও এক ধরনের সংস্কৃতি।

তাই সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়। সংস্কৃতি একটি জাতির চিন্তা, চরিত্র এবং ভবিষ্যৎ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। সংস্কৃতি মূলত একটি জাতির আত্মার মতো। মানুষের শরীর যেমন আত্মা ছাড়া প্রাণহীন হয়ে যায়, তেমনি একটি জাতি তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেললে ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে।

🔶 ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, কোনো জাতিকে দুর্বল করতে চাইলে সব সময় প্রথমে অস্ত্র নিয়ে হামলা করা হয় না। কারণ শুধু যুদ্ধ জিতে একটি জাতিকে স্থায়ীভাবে পরাজিত করা যায় না। আজ যারা কোনো জাতিকে দুর্বল করতে চায়, তারা প্রথমে সেই জাতির চিন্তাকে পরিবর্তন করার চেষ্টা করে। আর এজন্য তারা আঘাত করে তিনটি জায়গায় প্রথম শিক্ষা দ্বিতীয় ইতিহাস তৃতীয় সংস্কৃতি।

শিক্ষা নষ্ট হয়ে গেলে মানুষ সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। ইতিহাস বিকৃত হয়ে গেলে মানুষ তার পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের কথা ভুলে যায়।

আর সংস্কৃতি পরিবর্তন হয়ে গেলে মানুষ ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে।

একটি জাতির মানুষ যখন নিজের ভাষা, ইতিহাস, মূল্যবোধ, আদর্শ ও ধর্মীয় চেতনাকে তুচ্ছ মনে করতে শুরু করে, তখন তারা অন্যের চিন্তা ও জীবনধারাকে অন্ধভাবে অনুসরণ করতে থাকে। তখন বাহ্যিকভাবে তারা স্বাধীন থাকলেও মানসিকভাবে অন্যের অনুসারী হয়ে যায়।

এই কারণেই সংস্কৃতির প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতি শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি একটি জাতির পরিচয়, চরিত্র এবং ভবিষ্যতের প্রশ্ন। যে জাতি নিজের সংস্কৃতিকে রক্ষা করতে পারে, সে জাতি নিজের পরিচয় রক্ষা করতে পারে। আর যে জাতি নিজের সংস্কৃতি হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে নিজের স্বকীয়তাও হারিয়ে ফেলে।

🔶 নাটক-সিনেমা শুধু বিনোদন নয়। অনেক মানুষ মনে করেন নাটক, সিনেমা কিংবা বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান শুধু সময় কাটানোর মাধ্যম। তারা বলেন, “এগুলো তো শুধু অভিনয়, বাস্তব জীবন নয়।” কিন্তু বাস্তবতা হলো, বিষয়টি এতটা সহজ নয়।

আজ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ এবং মিডিয়া সাইকোলজি নামে পৃথক বিভাগ রয়েছে। কারণ গবেষকরা বুঝেছেন, গণমাধ্যম শুধু মানুষের বিনোদনের জন্য কাজ করে না; এটি মানুষের চিন্তা, রুচি, মূল্যবোধ এবং আচরণের ওপর গভীর প্রভাব ফেলে।

একটি জাতি কী ভাববে, কী পছন্দ করবে, কাকে আদর্শ মনে করবে এবং কি স্বাভাবিক বলে গ্রহণ করবে এসব বিষয়েও গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। মনোবিজ্ঞান ও গণমাধ্যম গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যা বারবার দেখে, ধীরে ধীরে সেটিকে স্বাভাবিক মনে করতে শুরু করে।

প্রথমে কোনো বিষয় দেখে মানুষ অবাক হয়। তারপর কিছুদিন পর সেটি দেখে আর তেমন অস্বস্তি বোধ করে না।

এরপর ধীরে ধীরে সেটিকে মেনে নিতে শুরু করে। এক পর্যায়ে সেটিকে স্বাভাবিক মনে করে।‌ আর শেষ পর্যন্ত কেউ কেউ সেটির সমর্থনও করতে শুরু করে।

একটি সহজ উদাহরণ। ধরুন, কোনো সমাজে এমন একটি কাজ ছিল যা মানুষ আগে লজ্জাজনক বা অনুচিত মনে করত। যদি সেই বিষয়টি বছরের পর বছর নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন ও সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে দেখানো হয়, তাহলে নতুন প্রজন্মের কাছে সেটি আর আগের মতো অস্বাভাবিক থাকে না।

বিশেষ করে শিশু ও কিশোররা তাদের আশপাশের মানুষ এবং পর্দার চরিত্রগুলোকে অনুসরণ করার প্রবণতা রাখে।

একটি শিশু যখন বারবার কোনো নায়ককে দেখে, সে লক্ষ্য করে নায়ক কীভাবে কথা বলছে।‌কীভাবে পোশাক পরছে।

কীভাবে সমস্যার সমাধান করছে। কী ধরনের সম্পর্ক গড়ছে। কোন আচরণের কারণে সে প্রশংসা পাচ্ছে।

অন্যদিকে একটি কিশোরীও নায়িকার জীবনধারা, ভাষা, পোশাক, আচরণ ও চিন্তাভাবনা থেকে প্রভাবিত হতে পারে।

তারা সচেতনভাবে না হলেও অনেক সময় অজান্তেই এসব আচরণ অনুকরণ করতে শুরু করে।

নাটক সিনেমা শুধু বিনোদন নয় সমাজ গড়ে উঠায় তার ব্যাপক প্রভাব রয়েছে। যদি পর্দায় বারবার অসততা, অশালীনতা, পারিবারিক অবাধ্যতা, ভোগবাদ কিংবা দায়িত্বহীনতাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়, তাহলে তার কিছু না কিছু প্রভাব দর্শকের ওপর পড়বে‌ বিশেষ করে শিশু ও তরুণদের ওপর।

আবার যদি পর্দায় সততা, সাহস, দেশপ্রেম, আত্মত্যাগ, পারিবারিক দায়িত্ব, নৈতিকতা, জ্ঞানচর্চা এবং মানবসেবাকে সম্মানজনকভাবে উপস্থাপন করা হয়, তাহলে সেটিও মানুষের চিন্তা ও আচরণকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

সুতরাং নাটক-সিনেমা শুধু বিনোদন নয়। এগুলো মানুষের চিন্তা গঠনের একটি শক্তিশালী মাধ্যম। এ কারণেই একটি জাতির সংস্কৃতি, চরিত্র ও ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তা করেন, তারা গণমাধ্যমের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

🔶বর্তমান নাটক-সিনেমার প্রধান সমস্যা।

আজকের বাংলাদেশে জনপ্রিয় নাটক ও সিনেমাগুলোর দিকে তাকালে অধিকাংশ ক্ষেত্রেই গল্পের কেন্দ্রে থাকে নারী-পুরুষের সম্পর্ক, প্রেম, আবেগ, আকর্ষণ কিংবা ব্যক্তিগত সম্পর্কের সংকট। গল্পের প্রধান বিষয়গুলো সাধারণত এমন প্রেম- সম্পর্ক- নারী-পুরুষের আকর্ষণ- বিবাহ-পূর্ব সম্পর্ক- পারিবারিক দ্বন্দ্ব- ব্যক্তিগত আবেগ ও অনুভূতি।

প্রশ্ন হলো, একটি জাতির সামনে কি শুধু এই বিষয়গুলোই বারবার তুলে ধরা উচিত। এর মাধ্যমে প্রজন্মকে কি দাওয়াত দেওয়া হয়। আমরা খুব কম দেখি দেশপ্রেমের গল্প, আত্মত্যাগের গল্প, আদর্শবান মানুষের গল্প, ঈমান ও নৈতিকতার সংগ্রাম, বিজ্ঞানী ও গবেষকদের জীবন, আবিষ্কার ও উদ্ভাবনের গল্প, সাহসী নেতৃত্বের গল্প, শিক্ষকদের সংগ্রাম, সমাজ সংস্কারকদের ত্যাগ।

একটু চিন্তা করে দেখুন। গত দশ বছরে কতগুলো জনপ্রিয় নাটক নির্মিত হয়েছে যেখানে একজন শিক্ষককে গল্পের নায়ক‌ বানানো হয়েছে। একজন বিজ্ঞানী একজন গবেষক একজন আবিষ্কারক একজন সমাজ সংস্কারক গল্পের নায়ক হয়েছে। এ ধরনের উদাহরণ একেবারে নেই‌ এ কথা বলা যাবে না। তবে সংখ্যার বিচারে এগুলো খুবই কম। অন্যদিকে প্রেম ও সম্পর্ককেন্দ্রিক গল্পের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি।

একটি শিশু বা কিশোর যখন বারবার একই ধরনের নায়ক-নায়িকা দেখে, তখন তার মনেও একটি ধারণা তৈরি হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বোধহয় এটিই। সে শিক্ষা লাভ করে প্রেমের জন্যই সংগ্রামী হতে হবে।

সে দেখে না কীভাবে একজন বিজ্ঞানী রাত জেগে গবেষণা করেন। কীভাবে একজন শিক্ষক মানুষ গড়ে তোলেন।কীভাবে একজন সৎ নেতা সমাজের জন্য ত্যাগ স্বীকার করেন। কীভাবে একজন আদর্শবান মানুষ নীতির জন্য কষ্ট সহ্য করেন। ফলে তার কল্পনার জগতও সীমিত হয়ে যায়।

এই নাটক সিনেমা গুলোতে নারীকে কি মানুষ হিসেবে দেখানো হচ্ছে, নাকি পণ্য হিসেবে।

এখানে নারীকে একজন মা একজন আদর্শ স্ত্রী একজন আদর্শ মেয়ে একজন আদর্শ বন্ধু হিসেবে উপস্থাপন করা হচ্ছে না। ‌ নারীকে এক নায়কের নায়িকা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নারীর চেহারা ও শারীরিক আকর্ষণকে দর্শকের মনোযোগ টানার উপায় হিসেবে ব্যবহার করা হয়।

এখানে একজন নারীকে তার জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা, নেতৃত্ব ও অবদানের জন্য তুলে ধরা হচ্ছে না। কেবল তার বাহ্যিক সৌন্দর্যকে সামনে আনা হচ্ছে। তাকে পুরুষতান্ত্রিক সমাজের ভোগের সামগ্রী হিসেবে দেখানো হচ্ছে। এটা অপমান।

আমাদের ভাবতে হবে আমরা কি এমন একটি সংস্কৃতি চাই, যেখানে তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হবে শুধু সম্পর্ক আর বিনোদন। আমরা কি এটা চাই আমাদের যুবকরা মেয়েদের ভোগপণ্য হিসেবে দেখবে। তাদেরকে মর্যাদার দৃষ্টিতে দেখবেনা। না আমরা চাই এমন একটি সংস্কৃতি যেখানে তারা বিজ্ঞানী হতে চায়, শিক্ষক হতে চায়, নেতা হতে চায়, সমাজসেবক হতে চায়, দেশ ও মানুষের জন্য কাজ করতে চায়?

জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণদের স্বপ্নের উপর। আর সেই স্বপ্ন গঠনে সংস্কৃতির ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।‌ তাই প্রশ্নটি নাটক বা সিনেমার বিরোধিতার নয়; প্রশ্ন হলো—আমাদের নাটক, সিনেমা ও গণমাধ্যম কোন ধরনের মানুষ তৈরি করছে?

,🔶ইসলামের সাংস্কৃতিক দর্শন আছে। সংস্কৃতি নিয়ে আলোচনা হলে অনেকেই মনে করেন ইসলাম শুধু ইবাদত, নামাজ, রোজা ও কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠানের কথা বলে। কিন্তু বাস্তবতা হলো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের চিন্তা, চরিত্র, পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতি—সবকিছুর জন্যই ইসলামের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।

ইসলাম বিনোদনের বিরুদ্ধে নয়। মানুষ আনন্দ করবে, বিশ্রাম নেবে, বৈধ বিনোদন উপভোগ করবে এটা ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু ইসলাম এমন বিনোদনের বিরোধিতা করে, যা মানুষের চরিত্র নষ্ট করে, লজ্জাশীলতা ধ্বংস করে, পাপকে স্বাভাবিক করে তোলে এবং মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ ইসলামের লক্ষ্য শুধু মানুষকে আনন্দ দেওয়া নয়; মানুষকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা।

🔶 ইসলামের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়

রাসূলুল্লাহ ﷺ বলেছেন প্রত্যেক ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, আর ইসলামের বৈশিষ্ট্য হলো হায়া (লজ্জাশীলতা)।

অর্থাৎ ইসলাম এমন একটি সভ্যতা গড়তে চায়, যেখানে মানুষ স্বাধীনতার নামে বেহায়াপনা নয়, বরং মর্যাদা ও শালীনতাকে সম্মানের বিষয় মনে করবে।

আজকের পৃথিবীতে অনেক সময় লজ্জাহীনতাকে সাহস হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত সাহস হলো নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করা এবং নৈতিকতার উপর অটল থাকা।

🔶 ইসলামী সভ্যতা কাদের নায়ক বানিয়েছিল?

একটি জাতির সংস্কৃতি বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তারা কাদের নায়ক বানায়।

ইসলামী সভ্যতা যখন তার স্বর্ণযুগে ছিল, তখন তার নায়ক ছিলেন ইবনে সিনা ইবনে হাইসাম আল-বিরুনি‌ ইবনে খালদুন ইমাম বুখারী ইমাম গাজ্জালী সালাহউদ্দিন আইয়ুবী। তারা কেউ চলচ্চিত্র তারকা ছিলেন না। তার ছিলেন জ্ঞান, গবেষণা, নেতৃত্ব, ত্যাগ, চিন্তা ও সভ্যতা নির্মাণের প্রতীক।

ইবনে হাইসাম আলোকবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছেন।

আল-বিরুনি ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন। ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী কাজ করেছেন। ইবনে খালদুন সমাজবিজ্ঞান ও ইতিহাস বিশ্লেষণের নতুন ধারা সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর কীর্তির উপর দাঁড়িয়েই একটি মহান সভ্যতা গড়ে উঠেছিল।

আজকের নায়ক কে। আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি পরিচিত মুখ কারা কোন অভিনেতা বা অভিনেত্রী নাকি জ্ঞানী মানুষ, গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও সমাজ সংস্কারক?

এখানে কাউকে অপমান করার প্রশ্ন নয়। প্রশ্ন হলো—একটি জাতি তার নতুন প্রজন্মকে কাদের অনুসরণ করতে শেখাচ্ছে সেই প্রশ্ন। যদি একজন তরুণ সারাদিন বিনোদন জগতের মানুষের খবর জানে, কিন্তু নিজের দেশের বড় বিজ্ঞানী, চিন্তাবিদ বা ইতিহাস নির্মাতাদের সম্পর্কে না জানে, তাহলে এটি শুধু তথ্যের সংকট নয়; এটি সাংস্কৃতিক অগ্রাধিকারের সংকট। এই প্রশ্নটি আমাদের জাতীয়ভাবে চিন্তা করা দরকার।

🔶 সাংস্কৃতিক আগ্রাসন কী?

অনেকেই মনে করেন আগ্রাসন মানে ট্যাংক, কামান, যুদ্ধবিমান ও সৈন্যবাহিনী। কিন্তু আধুনিক বিশ্বে আগ্রাসনের আরেকটি শক্তিশালী রূপ হলো সাংস্কৃতিক আগ্রাসন।

এখানে অস্ত্র দিয়ে নয়, চিন্তা দিয়ে যুদ্ধ করা হয়।

এখানে সীমান্ত দখল করা হয় না; মানুষের মন দখল করা হয়। এখানে ভূখণ্ড পরিবর্তন করা হয় না; মূল্যবোধ পরিবর্তন করা হয়। আজকের পৃথিবীতে চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বৈশ্বিক বিনোদন শিল্প মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।

হলিউড, বলিউড, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব মিলিয়ে একটি বৈশ্বিক সংস্কৃতি তৈরি হচ্ছে, যা পৃথিবীর কোটি কোটি মানুষের চিন্তাকে প্রভাবিত করছে।

এই সংস্কৃতির প্রধান বার্তা কী? এই বৈশ্বিক সংস্কৃতির সব অংশ এক রকম নয়। তবে সমালোচক ও সমাজ বিজ্ঞানীদের একটি বড় অংশ মনে করেন যে আধুনিক ভোগবাদী সংস্কৃতিতে কিছু ধারণা বারবার সামনে আসে

জীবনের উদ্দেশ্য হলো ভোগ করা। নিজের ইচ্ছাই সর্বোচ্চ সত্য। আনন্দই জীবনের চূড়ান্ত লক্ষ্য। ধর্ম ব্যক্তিগত বিষয় সামাজিক জীবনে তার ভূমিকা কম। নৈতিকতার চেয়ে ব্যক্তিগত পছন্দ বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণাগুলো অনেক ক্ষেত্রে ইসলামী জীবনদর্শনের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে।

কারণ ইসলাম মানুষকে শুধু নিজের ইচ্ছার অনুসরণ করতে বলে না; বরং আল্লাহর নির্দেশনার আলোকে জীবন পরিচালনার শিক্ষা দেয়। ইসলাম বলে মানুষ শুধু ভোগের জন্য সৃষ্টি হয়নি।‌ মানুষের একটি উদ্দেশ্য আছে। একটি জবাবদিহিতা আছে। একটি আখিরাত আছে। একটি নৈতিক দায়িত্ব আছে।

🔶 সংস্কৃতির প্রশ্নে মুসলমানদের কাজ পৃথিবী থেকে নিজেদের গুটিয়ে নেওয়া নয়। বরং এমন সাহিত্য, নাটক, চলচ্চিত্র, গণমাধ্যম ও সাংস্কৃতিক ধারা তৈরি করা, যা একদিকে মানুষের হৃদয়কে স্পর্শ করবে, অন্যদিকে মানুষকে জ্ঞান, নৈতিকতা, পরিবার, ঈমান, দেশপ্রেম ও মানবকল্যাণের দিকে আহ্বান করবে।

কারণ যে জাতি নিজের সংস্কৃতি তৈরি করতে পারে না, সে একসময় অন্যের সংস্কৃতির ভোক্তায় পরিণত হয়।আর যে জাতি নিজের মূল্যবোধের উপর দাঁড়িয়ে সংস্কৃতি নির্মাণ করতে পারে, সে জাতিই ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ও চরিত্র গঠন করতে সক্ষম হয়।

🔶ইসলামী সংস্কৃতি শুধু নিষেধের সংস্কৃতি নয়, নির্মাণের সংস্কৃতি। অনেক সময় ইসলামের সাংস্কৃতিক দর্শন নিয়ে আলোচনা হলে কিছু মানুষ মনে করেন ইসলাম শুধু “এটা করো না, ওটা দেখো না, এটা হারাম, ওটা হারাম”—এই ধরনের নিষেধাজ্ঞার কথা বলে। কিন্তু ইতিহাস অন্য কথা বলে।

যদি ইসলাম শুধু নিষেধের ধর্ম হতো, তাহলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জ্ঞানসভ্যতাগুলোর একটি মুসলমানরা গড়ে তুলতে পারত না। ইসলাম এমন একটি সভ্যতা গড়েছে, যেখানে মসজিদের পাশেই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। যেখানে ইবাদতের পাশাপাশি গবেষণা হয়েছে। যেখানে কুরআনের পাশাপাশি বিজ্ঞান চর্চা হয়েছে।

যদি একটি জাতির নায়ক হয় অভিনেতা, গায়ক বা বিনোদন তারকা, তাহলে তরুণদের বড় অংশ সেই জগতের দিকে আকৃষ্ট হবে। আর যদি একটি জাতির নায়ক হয় আলেম, বিজ্ঞানী, শিক্ষক, আবিষ্কারক, চিন্তাবিদ ও আদর্শবান নেতা, তাহলে সমাজের স্বপ্নও সেদিকে ধাবিত হবে।

তাই প্রশ্ন হলো আজ আমাদের সন্তানরা কার জীবনী পড়ে?

কার ছবি দেখে? কার কথা শুনে? কার মতো হতে চায়?একটি জাতির ভবিষ্যৎ অনেকাংশে এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই লুকিয়ে থাকে।

🔶মুসলিম উম্মাহর হারিয়ে যাওয়া সাংস্কৃতিক আত্মবিশ্বাস

একসময় মুসলমানরা জ্ঞান রপ্তানি করত। আজ আমরা অধিকাংশ ক্ষেত্রে সংস্কৃতি আমদানি করি। একসময় মুসলমানরা বই লিখত, আজ আমরা অন্যের লেখা পড়ি।

একসময় মুসলমানরা সভ্যতার দিকনির্দেশনা দিত, আজ আমরা অন্যের তৈরি ধারা অনুসরণ করি। এটা কোনো জাতিগত দুর্বলতা নয়; বরং আত্মবিশ্বাস হারানোর ফল।

যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি নিজের ভবিষ্যৎও অন্যের হাতে তুলে দেয়।

তাই মুসলমানদের সামনে সবচেয়ে বড় সাংস্কৃতিক চ্যালেঞ্জ হলো—নিজেদের মূল্যবোধের ভিত্তিতে নতুন সাহিত্য, নতুন নাটক, নতুন চলচ্চিত্র, নতুন গণমাধ্যম এবং নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা।

🔶 আমাদের সামনে দুটি পথ

একটি পথ হলো ভোগবাদী সংস্কৃতির স্রোতে ভেসে যাওয়া।

আরেকটি পথ হলো ইসলামের নৈতিকতা, জ্ঞান, শালীনতা, পরিবার, মানবতা ও সভ্যতার আদর্শকে সামনে রেখে নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করা।

আমরা শুধু সমালোচক হয়ে থাকতে পারি না। আমাদের লেখক লাগবে। আমাদের গবেষক লাগবে। আমাদের চলচ্চিত্র নির্মাতা লাগবে। আমাদের নাট্যকার লাগবে।আমাদের সাংবাদিক লাগবে। আমাদের চিন্তাবিদ লাগবে।

কারণ সংস্কৃতির শূন্যস্থান কখনো খালি থাকে না। আপনি যদি আপনার মূল্যবোধের সংস্কৃতি তৈরি না করেন, অন্য কেউ এসে তার সংস্কৃতি দিয়ে সেই শূন্যস্থান পূরণ করবে।

এ কারণেই সংস্কৃতির প্রশ্ন শুধু বিনোদনের প্রশ্ন নয়; এটি আগামী প্রজন্মের ঈমান, চিন্তা, চরিত্র, পরিবার এবং সভ্যতার প্রশ্ন।

🔶শেষ কথা

সংস্কৃতি কোনো সাধারণ বিষয় নয়। সংস্কৃতি একটি জাতির চিন্তা, চরিত্র, স্বপ্ন এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান শক্তি। আজ আমরা যে বই পড়ি, যে নাটক দেখি, যে সিনেমা দেখি, যে গান শুনি, যাদেরকে অনুসরণ করি এসবই ধীরে ধীরে আমাদের চিন্তা ও ব্যক্তিত্বকে গঠন করে। তাই সংস্কৃতির প্রশ্ন আসলে আগামী প্রজন্মকে কেমন মানুষ হিসেবে দেখতে চাই, সেই প্রশ্ন।

আমাদের ভাবতে হবে—আমরা কি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষের জীবনের লক্ষ্য হবে শুধু ভোগ, আনন্দ এবং ব্যক্তিগত চাহিদা পূরণ? নাকি আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ সত্য, ন্যায়, পরিবার, দেশ, মানবতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়বে?

একটি জাতির উন্নতি শুধু বড় বড় ভবন, সেতু বা অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না। প্রকৃত উন্নতি তখনই হয়, যখন মানুষের চরিত্র উন্নত হয়, পরিবার শক্তিশালী হয়, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠিত হয় এবং নতুন প্রজন্ম আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠে।

ইতিহাস সাক্ষী, যে জাতি তার মূল্যবোধকে রক্ষা করেছে, সে জাতি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে। আর যে জাতি নিজের পরিচয়, আদর্শ ও সংস্কৃতি হারিয়ে ফেলেছে, সে জাতি ধীরে ধীরে অন্যের অনুসারীতে পরিণত হয়েছে।

তাই সংস্কৃতির প্রশ্নে আমাদের অবস্থান হওয়া উচিত ইতিবাচক, নির্মাণমূলক এবং দূরদর্শী। শুধু সমালোচনা নয়, বিকল্প তৈরি করতে হবে। শুধু আপত্তি নয়, আদর্শ উপস্থাপন করতে হবে। শুধু সমস্যা চিহ্নিত নয়, সমাধানের পথও দেখাতে হবে।

আমাদের এমন সাহিত্য চাই, যা চিন্তা জাগায়। আমাদের এমন নাটক চাই, যা চরিত্র গড়ে। আমাদের এমন সিনেমা চাই, যা মানুষকে অনুপ্রাণিত করে। আমাদের এমন গণমাধ্যম চাই, যা সত্য, নৈতিকতা, দেশপ্রেম ও মানবকল্যাণের কথা বলে।

আমাদের এমন সাংস্কৃতিক আন্দোলন চাই, যা নতুন প্রজন্মকে নিজের ইতিহাস, নিজের পরিচয় এবং নিজের মূল্যবোধের সঙ্গে পরিচিত করে। কারণ সংস্কৃতি শুধু আজকের বিনোদন নির্ধারণ করে না; সংস্কৃতি আগামী দিনের মানুষ তৈরি করে।

অতএব মনে রাখতে হবে যে সংস্কৃতি মানুষকে তার স্রষ্টার দিকে, পরিবারের দিকে, জাতির কল্যাণের দিকে এবং নৈতিকতার দিকে আহ্বান করে, সেই সংস্কৃতি একটি জাতিকে শক্তিশালী, মর্যাদাবান ও সমৃদ্ধ করে।

আর যে সংস্কৃতি মানুষকে শুধু প্রবৃত্তির অনুসারী বানায়, আত্মকেন্দ্রিকতা শেখায়, দায়িত্ববোধ দুর্বল করে এবং নৈতিকতার বন্ধন থেকে দূরে সরিয়ে দেয়, সেই সংস্কৃতি ধীরে ধীরে ব্যক্তি, পরিবার ও সমাজকে দুর্বল করে ফেলে।

আজকের সিদ্ধান্তই আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সংস্কৃতির প্রশ্নে আমাদের চিন্তা করতে হবে গভীরভাবে, দায়িত্বশীলভাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণকে সামনে রেখে।

Scroll to Top