আজকের আলোচনায় আমি তোমাদের সামনে একটি স্বপ্ন রাখতে চাই। একটি বড় স্বপ্ন। একটি উম্মাহ গঠনের স্বপ্ন। একটি দ্বীনি জাগরণের স্বপ্ন। একটি আলোকিত প্রজন্ম তৈরির স্বপ্ন। আর সেই স্বপ্নের কেন্দ্রে রয়েছো তোমরা। তোমাদের নিয়েই আমরা সে স্বপ্ন দেখছি। এজন্যই আমাদের কোরআনের মাদরাসা। তোমাদের আমরা গড়ে তুলতে চাই কুরআনের মাদরাসার মেয়ে হিসাবে। তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও এটা তোমাদের উপলব্ধি করতে হবে।
আজকের পৃথিবীতে দুই ধরনের ভুল ধারণা আছে।
একদল বলে নারীরা শুধু ঘরে থাকবে, তাদের বেশি পড়াশোনার দরকার নেই। তাদের দায়িত্ব হলো রান্নাবান্না করা আর বাচ্চা লালন পালন করা আর কোন কাজ নেই। আরেকদল বলে ধর্মীয় শিক্ষা ছাড়া শুধু দুনিয়াবী শিক্ষাই যথেষ্ট। তাদের ধর্মীয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আমরা মনে করি এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না।
ইসলাম নারীকে অজ্ঞ দেখতে চায় না। ইসলাম নারীকে অক্ষম দেখতে চায় না। ইসলাম নারীকে নিষ্ক্রিয় দেখতে চায় না। ইসলাম নারীকে জ্ঞানী দেখতে চায়। চিন্তাশীল দেখতে চায়। সচেতন দেখতে চায়। দ্বীনের খাদেমা দেখতে চায়।উম্মাহর শিক্ষক দেখতে চায়। রাসূল ﷺ বলেছেন—
طلب العلم فريضة على كل مسلم
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।
হাদীসের বহু ব্যাখ্যাকার আলেম উল্লেখ করেছেন যে এখানে নারী-পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত। কারণ নামাজ শিখতে হবে। রোজা শিখতে হবে। আকীদা শিখতে হবে। কুরআন শিখতে হবে। দ্বীন শিখতে হবে। আর এগুলো না জেনে একজন মুসলিম জীবন পরিচালনা করতে পারে না।
ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল রাসূল ﷺ-এর ঘর
অনেকে মনে করে নারী শিক্ষা আধুনিক যুগের বিষয়। এ ধারণা সম্পূর্ণ ভুল। ইসলামের প্রথম যুগ থেকেই নারী শিক্ষা ছিল। রাসূল ﷺ-এর ঘর ছিল নারী শিক্ষার সর্বপ্রথম বিদ্যালয়।
আয়েশা (রা.) ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান শিক্ষিকা। দুই হাজারেরও বেশি হাদীস বর্ণনা করেছেন।ফিকহে ছিলেন ইমাম। তাফসীরে ছিলেন বিশেষজ্ঞ। আরবী ভাষায় ছিলেন দক্ষ। সাহাবায়ে কেরাম তাঁর কাছে প্রশ্ন করতে আসতেন।
যারা বদরের ময়দানে যুদ্ধ করেছেন, যারা রাসূল ﷺ-এর সঙ্গে থেকেছেন, সেই মহান সাহাবিরা একজন নারীর কাছে শিক্ষা নিতে আসতেন। কারণ ইলমের সামনে মানুষ ছোট-বড় হয় না। ইলম মর্যাদা তৈরি করে।
সাহাবিয়াদের জ্ঞান বিপ্লব
ইসলামের প্রথম যুগে নারীদের ইলম, প্রজ্ঞা ও উম্মাহ নির্মাণে অনন্য ভূমিকা। রাসূলুল্লাহ ﷺ-এর হাতে গড়া যে সমাজ নির্মাণে নারীরা শুধু উপস্থিত ছিলেন না; তারা ছিলেন জ্ঞানচর্চার অংশ, দাওয়াতের অংশ, নেতৃত্বের অংশ এবং উম্মাহ গঠনের অংশ। ইসলামের প্রথম যুগে নারীরা শুধু দর্শক ছিলেন না; তারা ছিলেন ইতিহাসের নির্মাতা।
উম্মুল মুমিনীন খাদিজা (রাদিয়াল্লাহু আনহা)
বিচক্ষণতা, নেতৃত্ব ও প্রজ্ঞার উজ্জ্বল দৃষ্টান্ত
****************************************
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে নারীর নাম উচ্চারিত হয় তিনি হলেন উম্মুল মুমিনীন খাদিজা (রা.)। তিনি শুধু রাসূল ﷺ-এর স্ত্রী ছিলেন না; তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, বিচক্ষণ নেতা এবং অসাধারণ প্রজ্ঞাবান নারী।
যখন রাসূল ﷺ হেরা গুহায় প্রথম ওহী লাভ করে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ফিরে এলেন, তখন খাদিজা (রা.)-ই তাঁকে সাহস দিলেন। তিনি বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়দের সাহায্য করেন, মেহমানের সম্মান করেন এবং সত্যের পক্ষে থাকেন।
এই কথাগুলো কেবল একজন স্ত্রীর সান্ত্বনা ছিল না; এটি ছিল একজন জ্ঞানী মানুষের বাস্তব মূল্যায়ন। তিনি শুধু সান্ত্বনা দিয়েই থেমে যাননি; বরং ওয়ারাকা ইবন নওফলের কাছে নিয়ে গিয়ে পরিস্থিতি বিশ্লেষণের ব্যবস্থা করেছিলেন।
ইসলামের ইতিহাসে প্রথম ঈমানদার ছিলেন খাদিজা (রা.)।
রাসূল ﷺ-এর দাওয়াতি মিশনের শুরুতে তিনি নিজের সম্পদ, সময়, শক্তি ও হৃদয় উজাড় করে দিয়েছিলেন।
শিয়াবে আবু তালিবের অবরোধের কঠিন সময়ে তাঁর সম্পদ মুসলমানদের জন্য ব্যয় হয়েছিল। এভাবে খাদিজা (রা.) প্রমাণ করেছেন যে একজন নারী জ্ঞান, নেতৃত্ব, অর্থনৈতিক শক্তি ও প্রজ্ঞার মাধ্যমে উম্মাহ গঠনে কত বড় ভূমিকা রাখতে পারেন।
উম্মুল মুমিনীন আয়েশা (রাদিয়াল্লাহু আনহা)
হাদীস, ফিকহ ও তাফসীরের মহান শিক্ষিকা
*****************************************
যদি প্রশ্ন করা হয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারী আলেম কে? অনেক আলেমের উত্তর হবে—আয়েশা (রা.)।
তিনি প্রায় ২২১০টি হাদীস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের বড় বড় আলেম তাঁর কাছে জ্ঞান অর্জনের জন্য আসতেন।
আবু মূসা আশআরী (রা.) বলেন আমরা যখন কোনো জটিল মাসআলায় পড়তাম, তখন আয়েশা (রা.)-এর কাছে গেলে তার সমাধান পেতাম।
তিনি শুধু হাদীস বর্ণনাকারী ছিলেন না; তিনি ছিলেন মুফাসসিরা, ফকীহা এবং মুজতাহিদা। ফরায়েজ, ইবাদাত, পারিবারিক জীবন, চিকিৎসা, কবিতা, আরব ইতিহাস—বহু বিষয়ে তাঁর গভীর জ্ঞান ছিল।
ইমাম যুহরী (রহ.) বলেন যদি সমগ্র নারীদের জ্ঞান একপাশে রাখা হয় এবং আয়েশা (রা.)-এর জ্ঞান অন্য পাশে রাখা হয়, তবে আয়েশা (রা.)-এর জ্ঞান অধিক ভারী হবে।
রাসূল ﷺ-এর ইন্তেকালের পর বহু বছর ধরে তিনি মদিনায় জ্ঞানের আলো ছড়িয়েছেন। হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করেছেন।
উম্মে সালামা (রাদিয়াল্লাহু আনহা)
হুদায়বিয়ার সংকটে যুগান্তকারী পরামর্শ
**************************************
হুদায়বিয়ার সন্ধির ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধির শর্তগুলো দেখে অনেক সাহাবী মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন।
রাসূল ﷺ যখন সাহাবীদের কুরবানি করতে ও মাথা মুন্ডন করতে বললেন, তখন তারা হতবাক হয়ে গেলেন। পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ হয়ে উঠেছিল। রাসূল ﷺ উম্মে সালামা (রা.)-এর কাছে বিষয়টি উল্লেখ করলেন।
তিনি অসাধারণ দূরদর্শিতার পরিচয় দিয়ে বললেন আপনি নিজে বের হয়ে কুরবানি করুন এবং মাথা মুন্ডন করুন। সাহাবীগণ আপনাকে দেখে অনুসরণ করবেন। রাসূল ﷺ তাঁর পরামর্শ গ্রহণ করলেন।
ফলাফল হলো—সমস্ত সাহাবী দ্রুত রাসূল ﷺ-এর অনুসরণ করলেন। একটি বড় সংকট মুহূর্তে একজন নারীর প্রজ্ঞাপূর্ণ পরামর্শ পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছিল।
এটি প্রমাণ করে যে ইসলামের প্রথম যুগে নারীদের মতামত মূল্যহীন ছিল না; বরং উম্মাহর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের প্রজ্ঞা বিবেচিত হতো।
শিফা বিনতে আবদুল্লাহ (রাদিয়াল্লাহু আনহা)
শিক্ষিকা ও প্রশাসক
******************************************
শিফা বিনতে আবদুল্লাহ (রা.) ছিলেন ইসলামের প্রথম যুগের শিক্ষিত নারীদের অন্যতম। তিনি লেখাপড়া জানতেন। যে যুগে অল্পসংখ্যক মানুষ লিখতে-পড়তে পারত, সে যুগে তিনি নারীদের সাক্ষরতা শিক্ষা দিতেন।
রাসূল ﷺ তাঁকে সম্মান করতেন এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেন। তিনি হাফসা (রা.)-কেও লেখা-পড়া শিক্ষা দিয়েছিলেন বলে বর্ণনা পাওয়া যায়। শুধু শিক্ষকতাই নয়, তিনি প্রশাসনিক কাজেও দক্ষ ছিলেন।
খলিফা উমর (রা.) তাঁকে বাজার তদারকির দায়িত্ব দিয়েছিলেন।এটি ছিল এক ধরনের প্রশাসনিক পদ।এখান থেকে বোঝা যায়, ইসলামের প্রথম যুগে যোগ্যতা ও আমানতের ভিত্তিতে নারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতো।
উম্মুল মুমিনীন হাফসা (রাদিয়াল্লাহু আনহা)
কুরআন সংরক্ষণে ঐতিহাসিক অবদান
****************************************
রাসূল ﷺ-এর ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধে বহু হাফিজ শহীদ হন। তখন কুরআন সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়।
আবু বকর (রা.)-এর নির্দেশে যায়েদ ইবন সাবিত (রা.) কুরআন সংকলন করেন। সংকলিত কুরআনের মূল পাণ্ডুলিপি হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত ছিল।
পরবর্তীতে উসমান (রা.) যখন কুরআনের মানক কপি প্রস্তুত করেন, তখন হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত সেই মূল কপির সাহায্য নেওয়া হয়। অর্থাৎ কুরআন সংরক্ষণের ইতিহাসে হাফসা (রা.)-এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ আমরা যে কুরআন পড়ি, তার সংরক্ষণের ঐতিহাসিক ধারায় তাঁর অবদান চিরস্মরণীয়।
উম্মে দারদা (রহিমাহাল্লাহ)
মসজিদের শিক্ষিকা, খলিফার শিক্ষক
************************************
তাবেয়ী যুগের অন্যতম শ্রেষ্ঠ নারী আলেম ছিলেন উম্মে দারদা (রহ.)। তিনি মসজিদে বসে কুরআন, হাদীস ও ফিকহ শিক্ষা দিতেন। তাঁর দরসে নারী-পুরুষ উভয়েই অংশগ্রহণ করতেন।
তাঁর ছাত্রদের মধ্যে ছিলেন উমাইয়া খলিফা আবদুল মালিক ইবন মারওয়ান। ভাবুন, একজন নারী আলেমের ছাত্র হচ্ছেন ভবিষ্যতের রাষ্ট্রপ্রধান। এটি কোনো সাধারণ ঘটনা নয়।
এটি প্রমাণ করে যে ইসলামের জ্ঞানভিত্তিক সমাজে যোগ্যতার মূল্য ছিল, লিঙ্গের নয়। উম্মে দারদা (রহ.) ছিলেন এমন একজন নারী, যিনি মসজিদকে জ্ঞানচর্চার কেন্দ্র বানিয়েছিলেন।
সাহাবিয়াদের জ্ঞান বিপ্লবের শিক্ষা
*******************************
আজ একটি প্রশ্ন নিজেদেরকে করতে হবে ইসলামের প্রথম যুগে নারীরা কি শুধু দর্শক ছিলেন?
বরং তারা ছিলেন জ্ঞানচর্চার অংশ। তারা ছিলেন দ্বীনের খিদমতের অংশ। তারা ছিলেন উম্মাহ নির্মাণের অংশ।
খাদিজা (রা.) দিয়েছেন নেতৃত্ব, প্রজ্ঞা ও আত্মত্যাগের শিক্ষা। আয়েশা (রা.) দিয়েছেন জ্ঞানচর্চা ও গবেষণার শিক্ষা।উম্মে সালামা (রা.) দিয়েছেন দূরদর্শী পরামর্শের শিক্ষা।শিফা (রা.) দিয়েছেন শিক্ষা ও প্রশাসনের শিক্ষা।
হাফসা (রা.) দিয়েছেন কুরআন সংরক্ষণের শিক্ষা।
্উম্মে দারদা (রহ.) দিয়েছেন শিক্ষকতা ও ইলম প্রচারের শিক্ষা।
তারা প্রমাণ করেছেন যে ইসলামের আদর্শ নারী শুধু ঘর সামলান না; তিনি ইলম অর্জন করেন, ইলম শিক্ষা দেন, সমাজ গড়েন, দ্বীনের খিদমত করেন এবং উম্মাহর ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন।
আজ মুসলিম নারীদের সামনে এই মহীয়সী নারীরাই প্রকৃত আদর্শ।যে নারী কুরআন শিখবে, হাদীস শিখবে, দ্বীন শিখবে এবং সমাজকে আলোকিত করবে—সে-ই হবে খাদিজা, আয়েশা, হাফসা ও উম্মে সালামাদের উত্তরসূরি।
মুসলিম সভ্যতার নারী নক্ষত্রেরা
জ্ঞান, সভ্যতা ও ইতিহাস নির্মাণে মুসলিম নারীদের অবদান
মুসলিম নারীদের ইতিহাস নিয়ে আলোচনা হলে অনেকের মনে শুধু সাহাবিয়াদের যুগের কথা আসে। কিন্তু ইসলামের ইতিহাস সাহাবিদের যুগেই থেমে যায়নি।
আজ আমরা মুসলিম সভ্যতার কয়েকজন উজ্জ্বল নারী নক্ষত্রের কথা আলোচনা করব, যাদের অবদান শুধু নারীদের জন্য নয়, পুরো মানবজাতির জন্য গৌরবের বিষয়।
ফাতিমা আল-ফিহরি (রহ.)
**************************
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ইতিহাসে অমর হয়ে আছেন
মুসলিম সভ্যতার ইতিহাসে ফাতিমা আল-ফিহরির নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। কারণ তিনি এমন একটি কাজ করেছেন যা শত শত বছর পরও মানবসভ্যতাকে উপকৃত করছে। তিনি মরক্কোর ফেজ নগরীতে প্রতিষ্ঠা করেন আল-কারাউইয়্যিন।
এটি শুধু একটি মসজিদ ছিল না। এটি একটি জ্ঞানকেন্দ্র ছিল। পরে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে চালু থাকা বিশ্ববিদ্যালয় হিসেবে আজও এর নাম উল্লেখ করা হয়।
একজন মুসলিম নারী নিজের সম্পদ ব্যয় করে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন, হাদীস, ফিকহ, ভাষা, ইতিহাস, গণিত, জ্যোতির্বিজ্ঞানসহ নানা শাস্ত্র পড়ানো হয়েছে।
একটু চিন্তা করুন। কত মানুষ সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে?
কত আলিম তৈরি হয়েছে? কত শিক্ষক তৈরি হয়েছে?
কত গবেষক তৈরি হয়েছে? কত জ্ঞান পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছেছে? এই সবকিছুর পেছনে একজন নারীর উদ্যোগ কাজ করেছে।
ফাতিমা আল-ফিহরি শুধু একটি ভবন নির্মাণ করেননি।
তিনি জ্ঞানের একটি ধারাকে প্রতিষ্ঠা করেছিলেন। আজও তাঁর সেই সাদাকায়ে জারিয়া প্রবাহিত হচ্ছে।
বর্তমান মেয়েদের জন্য শিক্ষা। আজ অনেকেই মনে করেন একজন নারীর অবদান মানে শুধু ব্যক্তিগত সফলতা।ফাতিমা আল-ফিহরি আমাদের শেখান, একজন নারী এমন একটি কাজ করতে পারেন যার উপকার শত শত বছর ধরে মানুষ পাবে।
আজ আমাদের মেয়েরা যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে, কুরআন শিক্ষা কেন্দ্র চালু করতে পারে, গ্রন্থাগার তৈরি করতে পারে—তাহলে তারাও উম্মাহর ইতিহাসে অবদান রাখতে পারবে।
প্রশ্ন হলো আমরা কি শুধু নিজের জীবন নিয়ে ভাবব? নাকি এমন কিছু রেখে যাব, যা আমাদের মৃত্যুর পরও মানুষকে উপকৃত করবে?
কারিমা আল-মারওয়াজিয়া (রহ.)
সহীহ বুখারীর অন্যতম প্রধান শিক্ষিকা
************************************
হাদীসের জগতে কারিমা আল-মারওয়াজিয়ার নাম অত্যন্ত পরিচিত। বিশেষ করে সহীহ বুখারীর বর্ণনা ও শিক্ষাদানের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তিত্ব।
অনেক বড় বড় মুহাদ্দিস তাঁর কাছ থেকে সহীহ বুখারী অধ্যয়ন করেছেন। তাঁর জ্ঞান, স্মৃতিশক্তি, সততা ও নির্ভরযোগ্যতার কারণে আলেমগণ তাঁর বর্ণনাকে অত্যন্ত গুরুত্ব দিতেন।
হাদীস সংরক্ষণ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ হাদীসের মাধ্যমেই রাসূলুল্লাহ ﷺ-এর জীবন ও শিক্ষা আমাদের কাছে পৌঁছেছে। এই বিশাল জ্ঞানভাণ্ডার সংরক্ষণ ও প্রচারের কাজে একজন নারী এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন—এটি ইসলামী সভ্যতার একটি উজ্জ্বল অধ্যায়।
তিনি শুধু নিজে আলেম ছিলেন না। তিনি আলেম তৈরি করেছেন। তিনি এমন ছাত্র তৈরি করেছেন, যারা পরে জ্ঞানকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিয়েছেন।
বর্তমান মেয়েদের জন্য শিক্ষা
আজ আমাদের সমাজে অনেক মেয়ে পড়াশোনা করছে।কিন্তু প্রশ্ন হলো কতজন দ্বীনের জ্ঞানকে নিজের জীবনের অংশ বানাচ্ছে? কতজন এমনভাবে পড়াশোনা করছে যে অন্যদের শেখাতে পারবে?
কারিমা আল-মারওয়াজিয়া আমাদের শেখান জ্ঞান অর্জনের সর্বোচ্চ স্তর শুধু নিজে জানার মধ্যে নয়। বরং অন্যদের জানানো এবং জ্ঞানের ধারাকে অব্যাহত রাখার মধ্যে।
জয়নব বিনতে কামাল (রহ.)
***************************
এমন একজন শিক্ষিকা, যার ছাত্র ছিলেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ। মুসলিম ইতিহাসে জয়নব বিনতে কামালের নাম উচ্চারণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে।
তিনি ছিলেন হাদীসশাস্ত্রের অন্যতম বড় শিক্ষিকা। দীর্ঘ জীবনজুড়ে তিনি হাদীস শিক্ষা দিয়েছেন। তাঁর কাছে পড়ার জন্য দূর-দূরান্ত থেকে ছাত্ররা আসত। শুধু সাধারণ মানুষ নয়, বরং তাঁর ছাত্রদের মধ্যে ছিলেন যুগের বড় বড় মুহাদ্দিস।
এটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ একজন শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর ছাত্রদের মাধ্যমে প্রকাশ পায়। যখন একজন আলেম অন্য একজন আলেমের কাছে শিক্ষা নিতে আসে, তখন বোঝা যায় সেই শিক্ষকের মর্যাদা কত উঁচু।
জয়নব বিনতে কামাল শুধু জ্ঞান সংরক্ষণ করেননি। তিনি জ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর করেছেন। তাঁর মাধ্যমে হাদীসের অসংখ্য সূত্র সংরক্ষিত হয়েছে।
বর্তমান মেয়েদের জন্য শিক্ষা।আজ অনেক মেয়ে পড়াশোনা করে। কিন্তু কয়জন এমন লক্ষ্য নিয়ে পড়ে যে একদিন অন্যদের শিক্ষক হবে?
জয়নব বিনতে কামাল আমাদের শেখান শিক্ষার সর্বোচ্চ সম্মান চাকরিতে নয়। শিক্ষার সর্বোচ্চ সম্মান মানুষ গড়ায়।
একজন শিক্ষক হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলতে পারেন। আজ উম্মাহর প্রয়োজন এমন মেয়ে, যারা শুধু ডিগ্রিধারী হবে না; বরং মানুষ গড়ার কারিগর হবে।
আইশা আল-বাউনিয়া (রহ.)
***************************
জ্ঞানের কলম দিয়ে ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন
মুসলিম সভ্যতার ইতিহাসে নারী লেখকদের মধ্যে আইশা আল-বাউনিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন আলেমা, লেখিকা ও চিন্তাবিদ। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।
তাঁর রচনাগুলো শুধু তাঁর যুগের মানুষের জন্য ছিল না; বরং পরবর্তী প্রজন্মের জন্যও জ্ঞানের উৎস হয়ে আছে।
একজন মানুষ যখন কথা বলে, তার প্রভাব সীমিত থাকে।
কিন্তু যখন সে লিখে যায়, তখন তার চিন্তা শত শত বছর বেঁচে থাকতে পারে। আইশা আল-বাউনিয়া তাঁর কলমকে দ্বীনের খিদমতের মাধ্যম বানিয়েছিলেন। তিনি দেখিয়েছেন যে জ্ঞান শুধু মুখে প্রচার করতে হয় না; কলম দিয়েও প্রচার করা যায়। তাঁর রচনাগুলো মুসলিম জ্ঞানচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়।
বর্তমান মেয়েদের জন্য শিক্ষা
আজকের যুগে লেখার সুযোগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু আমরা কী লিখছি? কোন চিন্তা ছড়াচ্ছি? কোন মূল্যবোধ প্রচার করছি?
আইশা আল-বাউনিয়া আমাদের শেখান একজন মুসলিম নারী তাঁর কলমের মাধ্যমে সমাজকে প্রভাবিত করতে পারেন। তিনি বই লিখতে পারেন। গবেষণা করতে পারেন।
জ্ঞানকে সংরক্ষণ করতে পারেন। তিনি এমন কিছু লিখে যেতে পারেন, যা তাঁর মৃত্যুর পরও মানুষকে উপকৃত করবে।
ইতিহাস আমাদের কী বলছে?
এই নারীদের জীবনের দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। মুসলিম নারীরা শুধু নিজেদের জন্য বাঁচেননি।
তারা উম্মাহর জন্য বেঁচেছেন। ফাতিমা আল-ফিহরি বিশ্ববিদ্যালয় গড়েছেন। কারিমা আল-মারওয়াজিয়া হাদীসের শিক্ষক তৈরি করেছেন। জয়নব বিনতে কামাল মুহাদ্দিস তৈরি করেছেন। আইশা আল-বাউনিয়া গ্রন্থ রচনা করেছেন।
তারা শুধু নাম রেখে যাননি। তারা প্রতিষ্ঠান রেখে গেছেন।তারা জ্ঞান রেখে গেছেন। তারা মানুষ গড়ে গেছেন। তারা সভ্যতা নির্মাণ করে গেছেন।
আজকের মুসলিম মেয়েদের প্রতি আহ্বান
আজকের পৃথিবী আপনাদের সামনে অনেক স্বপ্ন তুলে ধরে। কিন্তু প্রশ্ন হলো, সেই স্বপ্নগুলো কি শুধু ব্যক্তিগত সাফল্যের নাকি উম্মাহর কল্যাণেরও?
আপনারা যদি ফাতিমা আল-ফিহরিকে অনুসরণ করেন, তাহলে জ্ঞান বিস্তারের স্বপ্ন দেখুন। আপনারা যদি কারিমা আল-মারওয়াজিয়াকে অনুসরণ করেন, তাহলে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের স্বপ্ন দেখুন।
আপনারা যদি জয়নব বিনতে কামালকে অনুসরণ করেন, তাহলে মানুষ গড়ার স্বপ্ন দেখুন। আপনারা যদি আইশা আল-বাউনিয়াকে অনুসরণ করেন, তাহলে কলমের মাধ্যমে সত্য প্রচারের স্বপ্ন দেখুন।
মনে রাখবেন উম্মাহর ইতিহাসে সবচেয়ে স্থায়ী অবদান তারা রেখে গেছেন, যারা মানুষ গড়েছেন, জ্ঞান ছড়িয়েছেন এবং আল্লাহর দ্বীনের খিদমত করেছেন।
আজ আমাদের ঘরে ঘরে নতুন ফাতিমা, নতুন কারিমা, নতুন জয়নব এবং নতুন আইশার প্রয়োজন। এমন মেয়েরা, যারা নিজেদের জীবনকে শুধু ভোগের জন্য নয়, বরং জ্ঞান, দাওয়াত, শিক্ষা ও উম্মাহর কল্যাণের জন্য উৎসর্গ করবে।
আল্লাহ তাআলা আমাদের মা-বোনদেরকে মুসলিম সভ্যতার এই মহান নারী নক্ষত্রদের পদাঙ্ক অনুসরণ করার তাওফীক দান করুন।
মুসলিম সভ্যতার উত্থানের মূল শক্তি: ইলম
মুসলিম সভ্যতা কেন পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক শক্তির মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। মুসলমানদের হাতে যখন নেতৃত্ব এসেছিল, তখন তাদের সমাজে ইলমের মূল্য ছিল।
কুরআন শেখা সম্মানের বিষয় ছিল। হাদীস শেখা সম্মানের বিষয় ছিল। আলেম হওয়া সম্মানের বিষয় ছিল। শিক্ষক হওয়া সম্মানের বিষয় ছিল। বই লেখা সম্মানের বিষয় ছিল। বই পড়া সম্মানের বিষয় ছিল।
মসজিদ ছিল শিক্ষার কেন্দ্র। মাদরাসা ছিল। গ্রন্থাগার ছিল। কিতাব লেখা হতো। কিতাব কপি করা হতো। গবেষণা হতো। শিক্ষক ছিলেন। শিক্ষার্থী ছিল। জ্ঞান অর্জনের জন্য মানুষ দূর-দূরান্তে সফর করত।
আর এই জ্ঞানচর্চার জগতে নারীরাও ছিলেন। খাদিজা (রা.) ছিলেন প্রজ্ঞা ও নেতৃত্বের দৃষ্টান্ত। আয়েশা (রা.) ছিলেন হাদীস, ফিকহ ও তাফসীরের শিক্ষিকা। পরবর্তী যুগে কারিমা আল-মারওয়াজিয়া সহীহ বুখারীর শিক্ষা দিয়েছেন। জয়নব বিনতে কামালের কাছে বড় বড় মুহাদ্দিস পড়েছেন। আইশা আল-বাউনিয়া কলম দিয়ে জ্ঞানের খিদমত করেছেন। ফাতিমা আল-ফিহরি জ্ঞানচর্চার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
অর্থাৎ মুসলিম সভ্যতার শক্তি শুধু পুরুষদের জ্ঞানচর্চায় ছিল না। নারী-পুরুষ উভয়ের মধ্যে ইলমের মূল্যবোধ তৈরি হয়েছিল। এই কারণেই মুসলিম সমাজ শুধু যোদ্ধা তৈরি করেনি; আলেম তৈরি করেছে। শুধু শাসক তৈরি করেনি; শিক্ষক তৈরি করেছে। শুধু প্রাসাদ তৈরি করেনি; গ্রন্থাগার তৈরি করেছে। শুধু সম্পদ অর্জন করেনি; জ্ঞান সৃষ্টি করেছে। আর জ্ঞান যখন সমাজের প্রাণ হয়ে যায়, তখন নেতৃত্ব তার ফল হিসেবে আসে।
কিন্তু যে জাতি ইলমকে ছেড়ে দেয়, তার হাতে কিছুদিন ক্ষমতা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, প্রতিষ্ঠান থাকতে পারে; কিন্তু দীর্ঘমেয়াদে নেতৃত্ব ধরে রাখা কঠিন হয়ে যায়।
আমাদের ইতিহাসের পতনের কারণগুলোর মধ্যে ইলম থেকে দূরত্ব একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই মুসলিম উম্মাহর পুনর্জাগরণের কথা বলতে হলে আমাদের আবার ইলমের কাছে ফিরে যেতে হবে।
আজ আমাদের সংকট কোথায়?
এখানে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আজ আমাদের মেয়েরা স্কুল-কলেজে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ডাক্তার হচ্ছে। ইঞ্জিনিয়ার হচ্ছে। অধ্যাপক হচ্ছে।প্রশাসনে যাচ্ছে। বিভিন্ন পেশায় দক্ষতা অর্জন করছে। এটি ভালো। আমরা এর বিরোধিতা করছি না। বরং একজন মুসলিম নারী যে জ্ঞান ও দক্ষতা অর্জন করবে, তার মাধ্যমে মানুষের উপকার করবে—এটি অত্যন্ত প্রশংসনীয়।
কিন্তু আমাদের একটি প্রশ্ন আছে।
দ্বীনের জ্ঞান অর্জনের জন্য কে আসবে? কুরআনের গভীর জ্ঞান অর্জন করবে কে? হাদীস শিখবে কে? ফিকহ শিখবে কে? তাফসীর শিখবে কে?
নারীদের দ্বীনের শিক্ষা দেবে কে? আমাদের ছোট ছোট মেয়েদের কুরআন শেখাবে কে? মায়েদের ইসলামী জীবন সম্পর্কে শিক্ষা দেবে কে? নারীদের পারিবারিক, সামাজিক ও ইবাদতসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে কে?
একজন মুসলিম নারী ডাক্তার হলে অসংখ্য মানুষের চিকিৎসা করতে পারেন। একজন মুসলিম নারী ইঞ্জিনিয়ার হলে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করতে পারেন। একজন মুসলিম নারী অধ্যাপক হলে অসংখ্য শিক্ষার্থী তৈরি করতে পারেন। এসবের সবই প্রয়োজন।
কিন্তু একজন দ্বীনি শিক্ষিকা কী করতে পারেন?
তিনি একটি প্রজন্মের ঈমান গড়তে পারেন। তিনি একটি মেয়েকে কুরআনের সঙ্গে যুক্ত করতে পারেন। তিনি একজন মাকে দ্বীনের জ্ঞান দিতে পারেন। তিনি একটি পরিবারকে ইসলামের পথে পরিচালিত করতে পারেন।
তিনি এমন একজন ছাত্রী তৈরি করতে পারেন, যে পরবর্তীতে আবার দশজনকে শিক্ষা দেবে। এখানেই দ্বীনি শিক্ষিকার গুরুত্ব। যদি তোমরা না আসো—তাহলে কে আসবে?
আমি আজ বিশেষ করে আমাদের মাদরাসার ছাত্রীদের বলতে চাই তোমরা শুধু এই চিন্তা নিয়ে পড়াশোনা করো না যে, আমার পড়াশোনা শেষ হবে, আমি একটি সার্টিফিকেট পাব। এর চেয়ে বড় স্বপ্ন দেখো।
ভাবো— আমি কি একজন আলেমা হতে পারি? আমি কি একজন মুআল্লিমা হতে পারি? আমি কি কুরআনের শিক্ষিকা হতে পারি? আমি কি হাদীস শেখাতে পারি? আমি কি নারীদের দ্বীনের মাসআলা শেখাতে পারি?আমি কি একজন দাঈয়া হতে পারি?আমি কি বই লিখতে পারি?আমি কি গবেষণা করতে পারি?আমি কি এমন একটি প্রজন্ম তৈরি করতে পারি যারা কুরআনকে ভালোবাসবে?
এই স্বপ্নগুলো ছোট স্বপ্ন নয়। এগুলো উম্মাহ নির্মাণের স্বপ্ন।
শুধু ছাত্রী নয়, শিক্ষিকা তৈরি করতে হবে।আমি চাই আমাদের মাদরাসা থেকে শুধু ছাত্রী বের হবে না। শিক্ষিকা বের হবে। মুআল্লিমা বের হবে।দাঈয়া বের হবে। গবেষক বের হবে। লেখক বের হবে। বক্তা বের হবে। কুরআনের খাদেমা বের হবে।এমন মেয়ে বের হবে, যে নিজে কুরআন শিখবে এবং অন্যকে শেখাবে।নিজে হাদীস শিখবে এবং ষ অন্যকে শেখাবে। নিজে দ্বীনের জ্ঞান অর্জন করবে এবং সমাজে তার আলো ছড়াবে।
একজন ছাত্রী হয়তো নিজের জীবনকে আলোকিত করবে।
কিন্তু একজন যোগ্য শিক্ষিকা শত শত জীবন আলোকিত করতে পারে। একজন ছাত্রী হয়তো দশজনকে কুরআন শেখাবে।কিন্তু একজন মুআল্লিমা এক জীবনে হাজারো ছাত্রী তৈরি করতে পারে। আর সেই হাজার ছাত্রী আবার হাজার হাজার মানুষকে শিক্ষা দিতে পারে।
তখন একটি মেয়ে শুধু একজন ব্যক্তি থাকে না। সে একটি জ্ঞান-শৃঙ্খলের সূচনা হয়ে যায়। তোমাদের সামনে একটি বড় দায়িত্ব। তোমরা যারা আজ মাদরাসায় বসে পড়ছ, তোমাদের প্রত্যেকের সামনে দুইটি পথ আছে। একটি হলো নিজের জন্য জ্ঞান অর্জন করা। অন্যটি হলো—নিজে শেখার পাশাপাশি অন্যদের শেখানোর যোগ্যতা অর্জন করা।
দ্বিতীয় পথটি বেছে নাও। শুধু ভালো ছাত্রী হওয়ার চেষ্টা করো না। ভালো শিক্ষিকা হওয়ার যোগ্যতা অর্জন করো।শুধু কিতাব শেষ করার চিন্তা করো না। কিতাব বুঝে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্যতা অর্জন করো। শুধু পরীক্ষায় ভালো ফল করার চিন্তা করো না। নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে একদিন মানুষ তোমার কাছে দ্বীনের শিক্ষা নিতে আসে।
তোমার কণ্ঠে কুরআনের শিক্ষা থাকবে। তোমার কথায় হাদীসের আলো থাকবে।তোমার আচরণে ইসলামের সৌন্দর্য থাকবে।তোমার লেখায় মানুষের জন্য উপকার থাকবে।তোমার জীবনে উম্মাহর জন্য দায়িত্ববোধ থাকবে। তখন তুমি শুধু একজন শিক্ষার্থী থাকবে না। তুমি হয়ে উঠবে ইলমের একজন বাহক।
মুসলিম সভ্যতার নারী নক্ষত্রদের আমরা শুধু গর্ব করে স্মরণ করব না। তাদের উত্তরাধিকার গ্রহণ করব। ফাতিমা আল-ফিহরি প্রতিষ্ঠান গড়েছিলেন। কারিমা আল-মারওয়াজিয়া হাদীসের জ্ঞান ছড়িয়েছেন।জয়নব বিনতে কামাল আলেম তৈরি করেছেন। আইশা আল-বাউনিয়া কলম দিয়ে জ্ঞানের খিদমত করেছেন।
আজ তাদের ইতিহাস পড়ে আমাদের মেয়েদের বলতে হবে
আমাদেরও কিছু করতে হবে।আমাদেরও কিছু শিখতে হবে। আমাদেরও কিছু শেখাতে হবে। আমাদেরও কিছু রেখে যেতে হবে। কারণ আমাদের পরে যারা আসবে, তাদের জন্য আমরা কী রেখে যাচ্ছি—একদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে।
তাই আজকের স্বপ্ন শুধু আমি একজন ভালো ছাত্রী হব।
এর চেয়ে বড় স্বপ্ন হোক আমি এমন একজন আলেমা ও শিক্ষিকা হব, যার মাধ্যমে আরও অনেক মেয়ে দ্বীনের আলো পাবে।
এই স্বপ্ন নিয়ে পড়ো। এই স্বপ্ন নিয়ে কিতাব খুলো। এই স্বপ্ন নিয়ে কুরআন শেখো। এই স্বপ্ন নিয়ে হাদীস পড়ো। এই স্বপ্ন নিয়ে নিজেকে গড়ো। কারণ একজন মেয়ে শিক্ষিত হলে একজন মানুষ শিক্ষিত হয়; কিন্তু একজন মেয়ে শিক্ষিকা হলে একটি প্রজন্ম শিক্ষিত হওয়ার পথ পায়।
আর আজ উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন—এমন একটি শিক্ষিত, আমলদার, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল মুসলিম নারী প্রজন্ম, যারা নিজেরা আলোকিত হবে এবং অন্যদেরও আলোকিত করবে।