একজন শিশু পৃথিবীতে আসে একটি সাদা কাগজের মতো। সে নিজেকে নিয়ে কোনো ধারণা নিয়ে জন্মায় না। সে সুন্দর না অসুন্দর, যোগ্য না অযোগ্য, সাহসী না ভীরু—এসব কিছুই সে জানে না।
সে নিজের পরিচয় শিখে প্রথমে বাবা-মার কাছ থেকে।আপনি তাকে যা বলবেন, সে তাই বিশ্বাস করবে। আপনি যদি বলেন, তুই পারবি। সে বিশ্বাস করবে, সে পারবে।
আর আপনি যদি বলেন তোর দ্বারা কিছু হবে না। সে সেটাও বিশ্বাস করবে।
অনেক সময় বাবা-মা একটি কথা বলে ভুলে যান, কিন্তু সন্তান সেই কথাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। বাবা-মার কথা থেকে সন্তান বুঝতে পারে সে অলস অথবা সে কর্মঠ। সে মেধাবী অথবা নির্বোধ। সে সাহসী অথবা ভীরু।
সন্তান সম্পর্কে আপনার ধারণাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। মনোবিজ্ঞানীরা বলেন, একটি শিশুর আত্মপরিচয় গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শৈশব।
সে নিজের সম্পর্কে যে ধারণা তৈরি করে, তা মূলত তিনটি উৎস থেকে আসে ১. বাবা-মা। ২. শিক্ষক ৩. পারিবারিক পরিবেশ
যদি একটি শিশু প্রতিদিন শুনতে থাকে তুই বোকা। তুই কিছু বুঝিস না। তোর মাথায় কিছু ঢোকে না। দেখ, অন্যের ছেলে কত ভালো!
তাহলে ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করেআমি সত্যিই অযোগ্য। এই বিশ্বাসটাই পরে তার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
তুলনার বিষ। কোন অবস্থাতেই অন্যের সাথে তুলনা করবেন না। এটা ক্ষতিকর বিপদজনক। এটা বিষ।
আমাদের সমাজের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো
সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা করা। দেখ পাশের বাসার মেয়ে প্রথম হয়েছে। দেখ তোমার কাজিন কত ভালো। তুমি কেন তার মতো হতে পারো না। এই কথাগুলো উৎসাহ নয়। এগুলো আত্মসম্মান ধ্বংস করার অস্ত্র।
প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টি। প্রত্যেকের যোগ্যতা আলাদা।প্রত্যেকের শক্তি আলাদা।আল্লাহ কাউকে হুবহু আরেকজনের মতো বানাননি।
রাসূল ﷺ-এর শিক্ষণ পদ্ধতি আমাদের সামনে রাখতে হবে। আমাদের প্রিয় নবী উৎসাহ দিয়ে মানুষ গড়ার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।
সন্তান লালন-পালন, শিক্ষা ও চরিত্র গঠনের ক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন রাসূলুল্লাহ ﷺ। তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর শিক্ষাদানের পদ্ধতি ছিল ভালোবাসা, প্রজ্ঞা, উৎসাহ এবং প্রেরণায় পরিপূর্ণ।
তিনি কখনো মানুষের ভুল সংশোধনের নামে তাদের অপমান করতেন না, হেয় করতেন না কিংবা তাদের আত্মসম্মানে আঘাত দিতেন না।
রাসূলুল্লাহ ﷺ মানুষের দুর্বলতা নয়, তাদের সম্ভাবনা দেখতেন। তিনি মানুষের ত্রুটির চেয়ে তাদের গুণাবলিকে বেশি গুরুত্ব দিতেন। কোনো সাহাবী ভুল করলে তিনি এমনভাবে সংশোধন করতেন, যাতে ব্যক্তি লজ্জিত না হয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।
আনাস (রাঃ) বলেন, আমি দশ বছর রাসূলুল্লাহ ﷺ-এর খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে তিনি কখনো আমাকে “উফ” পর্যন্ত বলেননি। কখনো বলেননি, “এ কাজ কেন করলে?” কিংবা “এ কাজ কেন করলে না?” (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
ভাবুন, যিনি একটি জাতিকে পরিবর্তন করেছেন, তিনি তাঁর সেবককেও অপমান করে শিক্ষা দেননি। তাহলে আমরা কীভাবে আমাদের সন্তানদের অপমানকে শিক্ষার মাধ্যম মনে করতে পারি?
রাসূল ﷺ সাহাবীদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতেন। তিনি তাদের যোগ্যতা চিনে দায়িত্ব দিতেন। অনেক সাহাবী প্রথম জীবনে ছিলেন সাধারণ মানুষ, কেউ ছিলেন দুর্বল, কেউ ছিলেন অল্পবয়সী, কেউ ছিলেন দাস, কেউ ছিলেন দরিদ্র। কিন্তু রাসূল ﷺ তাদের মাঝে লুকিয়ে থাকা সম্ভাবনাকে আবিষ্কার করেছিলেন।
যুবক উসামা ইবনে যায়েদ (রাঃ)-কে তিনি এমন এক বাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন, যার অধীনে বয়োজ্যেষ্ঠ ও বিখ্যাত সাহাবীরাও ছিলেন। এর মাধ্যমে তিনি যুবকদের আত্মবিশ্বাস দিয়েছিলেন যে, যোগ্যতা থাকলে বয়স বাধা নয়।
মুয়ায ইবনে জাবাল (রাঃ)-কে ইয়েমেনের গভর্নর ও বিচারক হিসেবে পাঠিয়েছিলেন। ইবনে আব্বাস (রাঃ)-এর জন্য দোয়া করেছিলেন, “হে আল্লাহ! তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন।” এই উৎসাহই তাকে উম্মতের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসিরে পরিণত করেছিল।
বিলাল (রাঃ) ছিলেন একসময়ের নির্যাতিত দাস। সালমান ফারসী (রাঃ) ছিলেন বিদেশি। সুহাইব রূমী (রাঃ) ছিলেন ভিন্ন জাতির মানুষ। কিন্তু রাসূল ﷺ কখনো তাদের অতীত বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করেননি। বরং তাদের মর্যাদা ও যোগ্যতাকে স্বীকৃতি দিয়েছেন।
এই কারণেই রাসূল ﷺ-এর হাতে গড়া সাহাবীগণ ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হয়েছিলেন। তারা আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তাদের নেতা তাদের প্রতি বিশ্বাস রেখেছিলেন। তারা সাহসী ছিলেন, কারণ তাদের শিক্ষক তাদের সাহস জুগিয়েছিলেন।
আজ আমাদের সন্তানদেরও এমন পরিবেশ প্রয়োজন। তারা চায় এমন বাবা-মা, যারা বলবেন তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। ভুল হলে আবার শিখবে।আল্লাহ তোমাকে যোগ্যতা দিয়েছেন। তুমি পারবে, ইনশাআল্লাহ।
মনে রাখবেন, অপমান মানুষকে সাময়িকভাবে চুপ করাতে পারে; কিন্তু উৎসাহ মানুষকে বড় হতে সাহায্য করে। ভয় মানুষকে পিছিয়ে দেয়; আর প্রেরণা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়।
রাসূলুল্লাহ ﷺ আমাদের শিখিয়েছেন—মানুষকে ভেঙে নয়, গড়ে তুলতে হয়। তিরস্কার দিয়ে নয়, ভালোবাসা ও প্রেরণা দিয়ে হৃদয় জয় করতে হয়। আর এভাবেই একজন শিশু, একজন শিক্ষার্থী কিংবা একজন সাধারণ মানুষ একদিন ইতিহাসের মহান ব্যক্তিত্বে পরিণত হতে পারে।
নেতিবাচক কথার ভয়াবহ প্রভাব। একটি বাক্য একটি শিশুর জীবন বদলে দিতে পারে। কিছু সাধারণ বাক্য আমাদের কাছে কিছু না। কিন্তু তাদের জন্য অনেক কিছু। যেমন তুই পারবি না। তোর দ্বারা হবে না। তুই কোনোদিন মানুষ হবি না। তুই পরিবারের বোঝা। তুই সব নষ্ট করে ফেলিস।
এই কথাগুলো সন্তানের হৃদয়ে ক্ষতের মতো থেকে যায়। এ কথাগুলো তাদের পঙ্গু বানিয়ে দেয়। বহু মানুষ বড় হওয়ার পরও নিজের আত্মবিশ্বাস ফিরে পায় না।কারণ শৈশবে সে বারবার শুনেছে আমি অযোগ্য।
কিছু মানুষ পরীক্ষার আগে ভয় পায়। কিছু মানুষ ব্যবসা শুরু করতে ভয় পায়। কিছু মানুষ মঞ্চে উঠতে ভয় পায়।
কিছু মানুষ নেতৃত্ব নিতে ভয় পায়। কারণ তারা ছোটবেলায় শিখেছে আমি পারব না। বাস্তবে তাদের সামর্থ্য ছিল। কিন্তু বিশ্বাস ছিল না।
আত্মবিশ্বাসহীনতার লক্ষণ, সব সময় ভয় পাওয়া নতুন কাজে এগোতে না চাওয়া নিজের সিদ্ধান্তে আস্থা না থাকা
মানুষের প্রশংসা বিশ্বাস না করা ব্যর্থতার অতিরিক্ত ভয়
নিজেকে ছোট মনে করা।
আত্মবিশ্বাস গড়ে তোলার ইসলামী পদ্ধতি খুব চমৎকার। ইসলাম মানুষকে আত্মবিশ্বাসী হতে শিক্ষা দেয়। আল্লাহ বলেন তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।
একজন মুমিন কখনো নিজেকে তুচ্ছ মনে করে না। কারণ সে জানে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহ তার মাঝে সম্ভাবনা রেখেছেন।
সন্তানকে বলুন তুমি চেষ্টা করো। ভুল করলে আবার শিখবে। তাকে বলুন আমি তোমার পাশে আছি। তুমি উন্নতি করতে পারবে।আল্লাহ তোমাকে অনেক যোগ্যতা দিয়েছেন।এই কথাগুলো শিশুর হৃদয়ে শক্তি সৃষ্টি করে।
আপনার সন্তানের জন্য প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ গুরুত্বপূর্ন।অনেক অভিভাবক সন্তানকে অতিরিক্ত নিরাপত্তার মধ্যে রাখেন।ফলে সন্তান বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখে না।
আপনার সন্তানের জন্য প্রতিযোগিতা জরুরি। কারণ প্রতিযোগিতা শেখায় জয় পরাজয় ধৈর্য অধ্যবসায় আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস। এই গুণাবলী গুলো তার প্রয়োজন।
সন্তানের সুপ্ত মেধা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করুন। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হিফজ প্রতিযোগিতা বক্তৃতা কুইজ হাতের লেখা খেলাধুলা আবৃত্তি সৃজনশীল কাজ। সে প্রথম না হলেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো সে সাহস করে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তার মাঝে শক্তি তৈরি হবে আমিও পারি। সে হেরে যেতে পারে তাতে ভয় নেই এভাবেই শেষ শিখবে। ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এক সময় সে জিতবে।
আপনার সন্তানকে ভুল করার সুযোগ দিন। কখনো সে হারবে কখনো সে জিতবে। কখনো সে সঠিক কাজ করবে কখনো ভুল করবে। এটাই স্বাভাবিক। আমরা অনেক সময় সন্তানকে ভুল করতে দিই না। সব সময় নির্দেশ দিই। সব সময় নিয়ন্ত্রণ করি। ফলে সন্তান সিদ্ধান্ত নিতে শেখে না। সে শুধু কাজ করা শিখে। এটা তার জন্য ক্ষতিকর। তাকে সিদ্ধান্ত নিয়ে কাজ করা শেখাতে হবে। সব সময় নির্দেশ দেয়া যাবে না। এতে করে তার মাঝে সিদ্ধান্ত গ্রহণ করতে তৈরি হবে না।
ভুল, ব্যর্থতা ও শাসনের সঠিক পদ্ধতি
জীবনে ভুল এবং পরাজয় সব সময় ক্ষতিকর নয়। বরং অনেক সময় এগুলোই মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। যে মানুষ কখনো ভুল করেনি, সে আসলে নতুন কিছু করার চেষ্টাও করেনি। আর যে কখনো ব্যর্থ হয়নি, সে সফলতার প্রকৃত মূল্যও উপলব্ধি করতে পারেনি।
একটি শিশুর দিকে তাকান। সে যখন হাঁটা শিখতে শুরু করে, তখন কতবার পড়ে যায়! যদি পড়ে যাওয়ার ভয়ে তাকে হাঁটার সুযোগই না দেওয়া হয়, তাহলে সে কখনো হাঁটতে শিখবে না। পড়ে যাওয়া তার ব্যর্থতা নয়; বরং শেখার একটি ধাপ। একইভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভুল করা এবং ব্যর্থ হওয়া শেখারই অংশ।
অনেক অভিভাবক সন্তানের ভুল দেখলেই হতাশ হয়ে পড়েন। কেউ কেউ রাগের মাথায় এমন কথা বলে ফেলেন, যা সন্তানের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। অথচ ভুল সংশোধনের উদ্দেশ্য হওয়া উচিত সন্তানকে গড়ে তোলা, ভেঙে দেওয়া নয়।
শাসনের সঠিক পদ্ধতি
সন্তানকে শাসন করতে হবে, কারণ শাসন ছাড়া চরিত্র গঠন সম্ভব নয়। কিন্তু শাসন যেন অপমানের রূপ না নেয়। ভুল ধরিয়ে দিন, কিন্তু ব্যক্তিত্ব ভেঙে দেবেন না।
কাজের সমালোচনা করুন, কিন্তু মানুষটিকে ছোট করবেন না। বলুন তোমার কাজটি ঠিক হয়নি।
কিন্তু কখনো বলবেন না “তুমি খারাপ। বলুন “তুমি আরও ভালো করতে পারতে। কিন্তু বলবেন না তোর দ্বারা কিছু হবে না। বলুন এবার ভুল হয়েছে, আবার চেষ্টা করো। কিন্তু বলবেন না তুমি ব্যর্থ হয়ে গেছো, তুমি কোনোদিন পারবে না।
মনে রাখবেন, একটি ভুল মানে মানুষটি খারাপ নয়। একটি ব্যর্থতা মানে তার ভবিষ্যৎ শেষ নয়। আজ যে শিশু একটি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সঠিক দিকনির্দেশনা পেলে সে-ই হয়তো আগামী দিনের বড় আলেম, বিজ্ঞানী, শিক্ষক বা সমাজনেতা হবে।
অভিভাবকের একটি উৎসাহব্যঞ্জক বাক্য সন্তানের মধ্যে নতুন শক্তি সৃষ্টি করতে পারে। আবার একটি অপমানজনক বাক্য তার আত্মবিশ্বাস চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে।
তাই সন্তানকে এমন শিক্ষা দিন, যাতে সে ভুলকে ভয় না পায়; বরং ভুল থেকে শিক্ষা নিতে শেখে। তাকে এমন সাহস দিন, যাতে সে ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়াতে পারে। কারণ সফল মানুষ তারা নয় যারা কখনো ব্যর্থ হয়নি; বরং তারা, যারা ব্যর্থতার পরও চেষ্টা চালিয়ে গেছে।
সন্তানকে বলুন তুমি ভুল করতে পারো, কিন্তু তুমি অযোগ্য নও। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তুমি চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ একদিন সফল হবে।
ঘরের পরিবেশ ও আত্মবিশ্বাস
একটি শিশুর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বিদ্যালয় তার ঘর। যে ঘরে সব সময় ঝগড়া গালাগালি অপমান ভয় থাকে, সেই ঘরে আত্মবিশ্বাসী সন্তান গড়ে ওঠা কঠিন।
ঘরকে প্রশান্তির কেন্দ্র বানান।সন্তান যেন অনুভব করে আমার ব্যর্থতার পরেও আমার পরিবার আমাকে ভালোবাসে। এই অনুভূতি তাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি দেয়।
মাদরাসা ও পরিবারের যৌথ দায়িত্ব
মাদরাসা একা সন্তান গড়তে পারবে না। পরিবারও একা পারবে না। উভয়কে একসাথে কাজ করতে হবে।
অভিভাবকদের করণীয় নিয়মিত সন্তানের খোঁজ নেওয়া, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা তার ভালো কাজের প্রশংসা করা, দ্বীনি পরিবেশ তৈরি করা দোয়া করা সময় দেওয়া।
যে বাক্যগুলো প্রতিদিন বলবেন
প্রতিদিন সন্তানকে বলুন আমি তোমাকে ভালোবাসি। তুমি চেষ্টা করলে পারবে।আল্লাহ তোমাকে অনেক যোগ্যতা দিয়েছেন। ভুল করলে শিখবে। আমি তোমার পাশে আছি। তুমি আমাদের জন্য রহমত। তুমি মূল্যবান। তুমি আল্লাহর বান্দা।
আজকের শিশুই আগামী দিনের আলেম, হাফেজ, শিক্ষক, ডাক্তার, নেতা, দাঈ এবং সমাজ নির্মাতা। আপনি আপনার কথা দ্বারা প্রতি মুহূর্তে তার হাতে কী তুলে দিচ্ছেন। ভয় নাকি সাহস? হীনমন্যতা নাকি আত্মবিশ্বাস?
মনে রাখবেন একটি সন্তানকে ভেঙে দিতে কয়েকটি বাক্যই যথেষ্ট। কিন্তু একটি সন্তানকে গড়ে তুলতে প্রয়োজন বছরের পর বছর ভালোবাসা, উৎসাহ, ধৈর্য এবং দোয়া।
আজ আমরা প্রত্যেকে সংকল্প করি আমরা সন্তানকে অপমান নয়, সম্মান দেব।নিরুৎসাহ নয়, উৎসাহ দেব।ভয় নয়, সাহস দেব। হীনমন্যতা নয়, আত্মবিশ্বাস দেব।
আর আমরা এমন প্রজন্ম গড়ে তুলব, যারা আল্লাহর উপর ভরসা করে বলবে আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি পারব।