হজের সফরে সোহবতের গুরুত্ব- হজের সফর এলেম অর্জনের এক সুবর্ণ সুযোগ

মানুষ সাধারণত হজকে ভ্রমণ মনে করে। কিন্তু আল্লাহ তাআলা হজকে বানিয়েছেন আত্মশুদ্ধি, ঈমানী প্রশিক্ষণ ও চরিত্র গঠনের একটি বিশাল ময়দান। আল্লাহ তাআলা বলেন—

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ

“মানুষের মাঝে হজের ঘোষণা দাও।” (সূরা হজ: ২৭)

আল্লাহ বলেন—

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ

“যাতে তারা নিজেদের কল্যাণ প্রত্যক্ষ করতে পারে।”

(সূরা হজ: ২৮)

এখানে কল্যাণ শুধু ব্যবসা বা দুনিয়াবি সুবিধা নয়।সাহাবারা হজে যেতেন ঈমান বাড়ানোর জন্য। তাবিয়ীগণ হজে যেতেন আলেমদের কাছ থেকে ইলম শেখার জন্য। অনেক মুহাদ্দিস হজের সফরে শত শত হাদিস সংগ্রহ করেছেন। ইসলামের ইতিহাসে হজ ছিল একটি বিশাল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

◾এটা ফিকির করা চাই হজের সফর থেকে আমি কি নিয়ে ফিরবো। কিছু ছবি কিছু স্মৃতি না নতুন একটি জীবন। হজের সবচেয়ে বড় লাভ কি যা আমাকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

مَنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

যে ব্যক্তি হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকল, সে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। (সহীহ বুখারী)

লক্ষ্য করুন হাদিসের মাঝে ভালো উন্নত মানের হোটেলের কথা বলা হয়নি। মানসম্পন্ন খাবারের কথা বলা হয়নি। হাদিসের মধ্যে আলোচনা হয়েছে আমলের। আমাদেরকে এই আমলের মাঝে গুরুত্ব দিতে হবে।

◾সফর মানুষকে পরিবর্তন করে। একজন মানুষ যখন সফরে থাকে তখন সে সবচেয়ে বেশি প্রভাবিত হয় আশেপাশের মানুষ দ্বারা।‌ এজন্য সফরের মাঝে সাথী নির্বাচন গুরুত্বপূর্ণ। কবি বলেন

عَنِ الْمَرْءِ لَا تَسْأَلْ وَأَبْصِرْ قَرِينَهُ

فَإِنَّ الْقَرِينَ بِالْمُقَارِنِ يَقْتَدِي

কোনো মানুষকে জানতে চাইলে তার সাথীর দিকে তাকাও। কারণ মানুষ অজান্তেই তার সঙ্গীর প্রভাব গ্রহণ করে।

সফরে সাথী নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ সফরে দীর্ঘ সময় একসাথে কাটাতে হয়, সুখ-দুঃখ ভাগাভাগি করতে হয়, সমস্যা মোকাবিলা করতে হয়। তখন একজন ভালো সাথী শুধু পথের সঙ্গী নয়; বরং সাহসের উৎস, ধৈর্যের শিক্ষক এবং সঠিক সিদ্ধান্তের সহযোগী হয়ে ওঠে।

বিশেষ করে হজ ও উমরার মতো ইবাদতের সফরে সাথী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সাথী প্রয়োজন, যে আল্লাহকে স্মরণ করাবে, ইবাদতে উৎসাহ দেবে, ভুল হলে সংশোধন করবে এবং কষ্টের সময় ধৈর্য ধরতে সাহায্য করবে।

অনেক সময় ভালো সাথী একটি সফরকে স্মরণীয় করে তোলে, আর খারাপ সাথী একটি সুন্দর সফরকেও কষ্টকর করে দেয়। তাই সফরের প্রস্তুতিতে বাহনের আগে, হোটেলের আগে এবং সুবিধার আগে সাথী নির্বাচনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

◾ইসলাম সফরে আমির নির্ধারণের নির্দেশ দিয়েছে। হজের সফরে এটা আরো গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ ﷺ বলেন—

إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم

তিনজন মানুষ সফরে বের হলে তাদের একজনকে আমির বানিয়ে নেবে। (আবু দাউদ)

কারণ সফরে নেতৃত্বহীনতা মানুষকে বিভ্রান্ত করে।

আর নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলার মাঝে রাখে।

◾হজের কাফেলায় আমির কেন গুরুত্বপূর্ণ? হজের সফরে একজন ভালো আমির নির্বাচন করা চাই। কারণ তিনি শুধু কাফেলা পরিচালনা করেন না, মানুষকে সঠিকভাবে হজ আদায় করতেও সাহায্য করেন। ভিড়, ক্লান্তি, সমস্যা ও বিভ্রান্তির মাঝে একজন অভিজ্ঞ আমির সঠিক পথ দেখান, শৃঙ্খলা বজায় রাখেন এবং কাফেলাকে হজের মূল লক্ষ্য—আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে পরিচালিত করে।

সাহাবারা শুধু রাসূল ﷺ-এর সঙ্গে হজ করেননি। তাঁর তত্ত্বাবধানেও হজ করেছেন। এই তত্ত্বাবধানই তাদের জীবন বদলে দিয়েছে।

◾সোহবতের গুরুত্ব

আল্লাহ বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক। (সূরা তাওবা: ১১৯)

আল্লাহ শুধু সত্যবাদী হতে বলেননি। বলেছেন সত্যবাদীদের সঙ্গে থাকো। কারণ মানুষের চরিত্র তার সঙ্গীদের দ্বারা গঠিত হয়।

সঙ্গীর প্রভাবের ব্যাপারে হাদিস রয়েছে। রাসূল ﷺ বলেন

المرء على دين خليله

মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। (তিরমিযী)

আরও বলেন—

مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير

সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। (বুখারী, মুসলিম)

আপনি যদি হজে এমন একজন আলেমের সঙ্গে থাকেন যার চোখে আল্লাহর ভয় আছে, আপনার তাহাজ্জুদ বাড়বে।‌ আপনার তাওবা বাড়বে। আপনার কান্না বাড়বে। আপনার কুরআনের সাথে সম্পর্ক বাড়বে।

◾সাহাবারা কেন বদলে গেলেন?

সাহাবাদের কাছে কুরআন ছিল। কিন্তু শুধু কুরআন তাদের বদলায়নি। তারা রাসূল ﷺ-এর সোহবত পেয়েছিলেন। ইমাম মালেক রহ. বলতেন রাসূল ﷺ-এর সোহবতই ছিল সাহাবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই জন্যই আবু বকর সিদ্দীক রা., উমর রা., উসমান রা., আলী রা. পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন।

◾মুসা (আ.) ও খিজির (আ.) এর ঘটনায় সূরা কাহাফে আল্লাহ তাআলা দেখিয়েছেন মহান নবী মুসা (আ.) জ্ঞান অর্জনের জন্য খিজির (আ.)-এর সোহবতে গিয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় মহান মানুষও সঙ্গ ও শিক্ষকের প্রয়োজন অনুভব করেন।

◾ইসলামী ইতিহাসে এলেম অর্জনের সফর ও সোহবতের অনেক দৃষ্টান্ত রয়েছে। এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। ইমাম বুখারী রহ. হাজারো সফর করেছেন। ইমাম মুসলিম রহ. সফর করেছেন। ইমাম নববী রহ. সফর করেছেন। এই সফরগুলো ছিল ভালো মানুষের সহবত লাভের জন্য। হাদিস শেখার জন্য। আত্মশুদ্ধির জন্য।

◾হজে এমন কাফেলা সাথী নির্বাচন করবেন

যাদের সংস্পর্শ আপনার জীবন বদলে দিবে।

প্রথম বিষয় আপনার হজের জন্য এমন কাফেলা নির্বাচন করবেন যেই কাফেলায় অধিক পরিমাণ আলেম আছেন। কারণ হজের সফরে প্রচুর জটিল মাসলা-মাসায়েল এর প্রয়োজন পড়ে। অভিজ্ঞ আলেম প্রয়োজন।

হারামের অবস্থানের বিষয়ে অনেক মাসায়েল আছে। ইহরামের ব্যাপারে জটিল মাসআলা রয়েছে। তাওয়াফ সায়ী সহিহ ভাবে করার জন্য অভিজ্ঞ আলেম প্রয়োজন।

বিশেষ করে মসজিদে হারামে কাবার সান্নিদ্ধে আলেমের সহবতে সময় কাটানো গুরুত্বপূর্ণ। তারপর মূল হজের সময় মিনা মুজদালিফা আরাফা প্রতিমুহূর্ত সময় আলেমের সান্নিধ্যে থাকা গুরুত্বপূর্ণ।

তৃতীয় বিষয় আলেম হতে হবে যিনি তাকওয়ার অধিকারী যার মাঝে রয়েছে আল্লাহর ভয়। তাকে আমলকারী মানুষ হতে হবে। তাকে দেখে আল্লাহর কথা মনে পড়তে হবে। তার সাথে থাকা প্রতিমুহূর্ত সময় যেন আপনার জন্য উপকারী হয়।

তৃতীয় বিষয় হজের সফরে যিনি আমির হিসেবে নেতৃত্ব দিবেন। তাকে হতে হবে ধৈর্যশীল। তার মাঝে নেতৃত্বের গুন থাকতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে

সকলকে সামলাবার গুণ থাকতে হবে।

চতুর্থ বিষয় হজ কাফেলার পরিবেশ। সারাক্ষণ গল্প গুজব না কোরআন তেলাওয়াত। একা পরিবেশ তৈরি করা যায় না। সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে।

আমাদের সমাজে অনেক মানুষ অনেক টাকা খরচ করে হজের সফর করে। ভালো হোটেলে থাকে।‌ অনেকে এমন আছেন বারবার হজ করেন। কিন্তু হাত করে তারা আগের মতই ফিরে আসেন। কোন পরিবর্তন নেই। সাহাবায়ে কেরামদের হজ এমন ছিল না।

◾সাহাবাদের হজ

বিদায় হজে প্রায় এক লক্ষের বেশি সাহাবি উপস্থিত ছিলেন। তারা শুধু তাওয়াফ করেননি। রাসূল ﷺ-এর প্রতিটি কথা শুনেছেন। প্রতিটি নির্দেশ শিখেছেন।

এই কারণেই সেই হজ ইতিহাসের সবচেয়ে সফল হজ।

মক্কায় হোটেল হারাম থেকে ৫০০ মিটার দূরে নাকি ১ কিলোমিটার দূরে এটি গুরুত্বপূর্ণ। খাবার ভালো হবে কি না‌ এটিও গুরুত্বপূর্ণ। বাসা স্থায়ী না অস্থায়ী এটিও গুরুত্বপূর্ণ। কিন্তু আরও বড় প্রশ্ন হলো এই কয়েক সপ্তাহ আমি কার সাথে থাকব?‌ কে আমার ঈমান বাড়াবে? কে আমাকে তাহাজ্জুদে ডাকবে? কে আমাকে চোখের পানি ফেলতে শিখাবে? কে আমাকে কবুল হজের পথে পরিচালিত করবে?

◾হজ শেষে মানুষকে জিজ্ঞেস করা হবে না তোমার হোটেল কত তারকা ছিল? তোমার খাবারের মেনু কী ছিল? তোমার রুমে কয়জন ছিল?

জিজ্ঞেস করা হবে তোমার হৃদয় কি বদলেছিল? তোমার তাওবা কি সত্য ছিল?‌ তুমি কি আল্লাহর কাছে ফিরে এসেছিলে?

◾ হজে যাওয়ার আগে ট্রাভেলস খোঁজ করুন, হোটেল খোঁজ করুন, খাবারের ব্যবস্থা খোঁজ করুন।

কিন্তু তারও আগে খোঁজ করুন এই সফরে আমার সঙ্গী কে হবে? আমার আমির কে হবে? আমার আলেম কে হবে? কার সহবতে আমি আল্লাহর ঘরে যাব?

কারণ ভালো হোটেল আপনাকে আরাম দিতে পারে, কিন্তু ভালো সহবত আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে। এজন্য হজের সফর হোক ভালো সহবতের সফর। এলেম অর্জনের সফর। ‌ আধ্যাত্মিকতা অর্জনের সফর।

আল্লাহ তাআলা আমাদেরকে এমন হজ দান করুন, যে হজের পর আমরা শুধু মক্কা-মদিনা দেখে না ফিরি; বরং নতুন ঈমান, নতুন তাকওয়া এবং নতুন জীবন নিয়ে ফিরে আসি। আমীন।

Scroll to Top