যে শের রওযার পাশে আজও শোভা পাচ্ছে
মদিনা শুধু একটি শহর নয়; এটি ভালোবাসার রাজধানী। পৃথিবীতে অসংখ্য নগরী আছে, কিন্তু এমন একটি শহর নেই যার জন্য কোটি কোটি মানুষের হৃদয় আজও কাঁদে। কেউ সেখানে গিয়ে ফিরতে চায় না, কেউ ফিরে এসে আবার যাওয়ার স্বপ্ন দেখে, কেউ যেতে না পেরে দূর থেকেই দীর্ঘশ্বাস ফেলে।
এর কারণ মদিনার খেজুরবাগান নয়, এর কারণ তার প্রাসাদ নয়, এর কারণ তার বাজার নয়। এর একমাত্র কারণ—এটি মুহাম্মাদ ﷺ-এর শহর।
এই শহরের প্রতিটি ধূলিকণা নবুওয়াতের স্মৃতি বহন করে। এই শহরের পথে পথে সাহাবায়ে কেরামের পদচিহ্ন ছড়িয়ে আছে। এই শহরের বাতাসে মিশে আছে ওহীর যুগের সুবাস। পৃথিবীর ইতিহাসে বহু নগরী ক্ষমতার কেন্দ্র হয়েছে, বহু নগরী সভ্যতার কেন্দ্র হয়েছে, কিন্তু মদিনা হয়েছে ভালোবাসার কেন্দ্র।
রাসূলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর এক বেদুঈন মদিনায় এসে রওযা মুবারকের সামনে দাঁড়ালেন। তিনি কোনো বিখ্যাত কবি ছিলেন না, কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না, কোনো প্রসিদ্ধ আলেমও ছিলেন না। কিন্তু তাঁর হৃদয়ে ছিল এমন এক প্রেম, যা শতাব্দীর পর শতাব্দী ধরে উম্মাহর হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে।
রওযা মুবারকের সামনে দাঁড়িয়ে তিনি কয়েকটি শের পাঠ করলেন। ইতিহাসের পাতায় তাঁর নাম খুব বেশি সংরক্ষিত হয়নি, কিন্তু তাঁর ভালোবাসা সংরক্ষিত হয়েছে। তাঁর সেই শেরগুলো এতটাই গ্রহণযোগ্যতা লাভ করেছে যে যুগের পর যুগ মুসলমানরা সেগুলো আবৃত্তি করেছে, ব্যাখ্যা করেছে এবং রাসূলুল্লাহ ﷺ-এর মহব্বতের নিদর্শন হিসেবে স্মরণ করেছে। এমনকি মসজিদে নববীর রওযা শরীফ সংলগ্ন স্তম্ভ ও ফলকসমূহেও এই শেরগুলোর অংশ দীর্ঘকাল ধরে লিপিবদ্ধ ও প্রদর্শিত হয়েছে, ফলে লক্ষ লক্ষ জিয়ারতকারী এগুলো পড়ে নবীপ্রেমের স্বাদ গ্রহণ করেছেন।
এখানে আমাদের থেমে চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা অসংখ্য আলেম সৃষ্টি করেছেন, অসংখ্য কবি সৃষ্টি করেছেন, অসংখ্য লেখক সৃষ্টি করেছেন। কিন্তু কেন একজন অখ্যাত বেদুঈনের কয়েকটি পঙক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিত রইল?
কারণ আল্লাহর দরবারে ভাষার সৌন্দর্যের চেয়েও মূল্যবান হলো হৃদয়ের সততা। যে কথার পেছনে মহব্বত থাকে, সে কথা মানুষের হৃদয়ে পৌঁছে যায়। যে শব্দ চোখের পানির সাথে বের হয়, তা যুগের পর যুগ বেঁচে থাকে। এই বেদুঈনের শেরগুলো সাহিত্যিক অলংকারের কারণে অমর হয়নি; অমর হয়েছে কারণ এগুলো একজন সত্যিকারের আশিকের হৃদয়ের ভাষা ছিল।
আজ আমরা সেই বেদুঈনের কাছ থেকেই মহব্বতের পাঠ নেব। আমরা দেখব, তিনি রাসূলুল্লাহ ﷺ-কে কেমন ভালোবেসেছেন। আমরা দেখব, তিনি মদিনাকে কেমন ভালোবেসেছেন।
আমরা দেখব, তাঁর চোখে রওযা কী ছিল, তাঁর হৃদয়ে নবী ﷺ-এর মর্যাদা কতটুকু ছিল। আর আমরা নিজেদেরকে প্রশ্ন করব আমাদের হৃদয়ে সেই ভালোবাসার কতটুকু অংশ আছে?
আমরা কি শুধু রাসূলুল্লাহ ﷺ-এর নাম জানি, নাকি তাঁকে ভালোবাসিও? আমরা কি শুধু মদিনা সফর করতে চাই, নাকি মদিনার সাথে হৃদয়ের সম্পর্ক গড়তে চাই?
আমরা কি শুধু রওযার সামনে দাঁড়াতে চাই, নাকি সেই প্রেমিকদের কাতারে দাঁড়াতে চাই, যাদের হৃদয় সর্বদা মদিনার দিকে উড়ে যায়? চলুন, সেই বেদুঈনের শেরগুলোর ভেতর দিয়ে আমরা নবীপ্রেমের এক অপূর্ব বিদ্যালয়ে প্রবেশ করি।
প্রথম শের: মদিনার মাটি কেন পৃথিবীর শ্রেষ্ঠ মাটি?
يَا خَيْرَ مَنْ دُفِنَتْ بِالْقَاعِ أَعْظُمُهُ
فَطَابَ مِنْ طِيبِهِنَّ الْقَاعُ وَالْأَكَمُ
“হে সেই মহান সত্তা, যার দেহাবশেষ এই মাটিতে সমাহিত হয়েছে! আপনার বরকতে সমতল ভূমি ও পাহাড়-টিলা সবই পবিত্র ও সুগন্ধিময় হয়ে গেছে।”
খেয়াল করুন, বেদুঈন প্রথমেই নিজের কথা বলেননি।
তিনি নিজের দুঃখ বলেননি। তিনি নিজের প্রয়োজন বলেননি। তিনি ক্ষমা চাননি, রিযিক চাননি, কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কথা বলেননি।
প্রথমেই তিনি রাসূলুল্লাহ ﷺ-এর মর্যাদার কথা বলেছেন। তিনি বলছেন—হে আল্লাহর রাসূল! আপনি এমন একজন, যার কারণে মাটিরও মর্যাদা বেড়ে গেছে। আপনার আগমনে পৃথিবী সম্মানিত হয়েছে, আর আপনার বিশ্রামে মদিনার মাটি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মাটিতে পরিণত হয়েছে।
এটাই প্রেমের প্রথম শিক্ষা। প্রেমিক নিজের কথা ভুলে যায়, প্রিয়জনের কথা মনে রাখে। প্রেমিক নিজের কষ্টের কথা আগে বলে না, প্রিয়জনের সৌন্দর্যের কথা আগে বলে। প্রেমিক নিজের প্রয়োজনের দিকে তাকায় না, প্রিয়জনের মর্যাদার দিকে তাকায়। তাই বেদুঈনও নিজের কথা দিয়ে শুরু করেননি। তিনি শুরু করেছেন নবী ﷺ-এর প্রশংসা দিয়ে।
আরেকটি বিষয় লক্ষণীয়। তিনি বলেননি হে মদিনা! তুমি কত সুন্দর। তিনি বলেননি হে মাটির শহর! তুমি কত সম্মানিত। বরং তিনি বলছেন, মদিনার সমস্ত সৌন্দর্যের উৎস একজনই—মুহাম্মাদ ﷺ।
মদিনা মদিনা হয়েছে তাঁর কারণে। এই মাটি পবিত্র হয়েছে তাঁর কারণে। এই শহর ভালোবাসার শহর হয়েছে তাঁর কারণে। এই কথাটিই সাহাবায়ে কেরামের জীবনে সবচেয়ে বেশি দেখা যায়।
তারা মদিনাকে ভালোবাসতেন, কিন্তু মদিনার জন্য নয়; মদিনায় যিনি ছিলেন তাঁর জন্য। তারা মসজিদে নববীকে ভালোবাসতেন, কিন্তু ইট-পাথরের জন্য নয়; সেখানে যিনি ইমামতি করতেন তাঁর জন্য।
তারা উহুদকে ভালোবাসতেন, কারণ রাসূলুল্লাহ ﷺ উহুদকে ভালোবাসতেন। তারা মদিনার গলি-ঘুপচিকে ভালোবাসতেন, কারণ সেখানে নবুওয়াতের পদচিহ্ন ছিল।
প্রেমিকের কাছে প্রিয়জনের সাথে সম্পর্কিত সবকিছুই প্রিয় হয়ে যায়। এ কারণেই মদিনার ধূলিকণাও মানুষের কাছে মূল্যবান হয়ে ওঠে। এ কারণেই মদিনার নাম শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে।
এ কারণেই হাজার হাজার কিলোমিটার দূরে বসেও মানুষ বলে হে মদিনা! কবে আবার তোমার পথে চলব?
আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি। মদিনার প্রতি আমাদের টান কতটুকু? মদিনার নাম শুনলে হৃদয় কাঁপে কি। মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখলে চোখ ভিজে কি?
আযানের সুরে “أشهد أن محمداً رسول الله” শুনে হৃদয়ে মদিনার স্মৃতি জাগে কি রাসূলুল্লাহ ﷺ-এর শহরের কথা উঠলে মনে আকুলতা জন্মায় কি?
যদি না জন্মায়, তাহলে আমাদের মহব্বতকে আরও গভীর করার প্রয়োজন আছে। কারণ সত্যিকারের মহব্বত শুধু দাবির নাম নয়; তার কিছু আলামত থাকে। প্রিয়জনের নাম শুনলে হৃদয় নরম হয়ে যায়।প্রিয়জনের স্মৃতি শুনলে চোখ ভিজে যায়। প্রিয়জনের শহরের কথা উঠলে মন ছুটে যেতে চায়।
সাহাবায়ে কেরামের ভালবাসা
**************************
হযরত বিলাল রা. যখন মদিনা ছেড়ে শামে চলে গেলেন, তখনও তাঁর হৃদয় মদিনায় পড়ে থাকত। স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-কে দেখার পর তিনি আবার মদিনায় ফিরে এলেন। মদিনার মাটিতে পা রাখতেই তাঁর চোখ অশ্রুতে ভরে গেল। কারণ এটি শুধু একটি শহর ছিল না। এটি ছিল প্রিয় নবীর শহর। এই শের আমাদের শেখায় রাসূলুল্লাহ ﷺ-এর মহব্বত যদি সত্য হয়, তাহলে মদিনার প্রতিও মহব্বত জন্মাবে। মদিনার প্রতি টান জন্মাবে। মসজিদে নববীর প্রতি আকর্ষণ জন্মাবে।রওযা মুবারকের প্রতি শ্রদ্ধা জন্মাবে। আর এই ভালোবাসা কেবল আবেগে সীমাবদ্ধ থাকবে না তা আমাদেরকে রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহর দিকে নিয়ে যাবে, তাঁর আদর্শের দিকে নিয়ে যাবে, তাঁর পথে চলতে উদ্বুদ্ধ করবে। কারণ প্রকৃত প্রেম সেই প্রেম, যা মানুষকে প্রিয়জনের অনুসরণে পরিচালিত করে।
দ্বিতীয় শের: প্রেমের ভাষা আমার প্রাণও কুরবান”
نَفْسِي الْفِدَاءُ لِقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ
فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ
“আমার প্রাণ সেই কবরে উৎসর্গ হোক, যেখানে আপনি অবস্থান করছেন। সেখানে রয়েছে পবিত্রতা, দানশীলতা ও মহানুভবতার সমাবেশ।”
প্রথম শেরে বেদুঈন আমাদের শিখিয়েছেন, প্রেমিক কীভাবে প্রিয়জনের মর্যাদা দেখে। আর দ্বিতীয় শেরে তিনি আমাদের শিখাচ্ছেন, প্রেমিক কীভাবে নিজের জীবনকেও তুচ্ছ মনে করে। তিনি বলছেন—
نَفْسِي الْفِدَاءُ
“আমার প্রাণও কুরবান।”
এটি কোনো ফিকহি আলোচনা নয়। এটি কোনো কালামশাস্ত্রের বিতর্ক নয়। এটি একজন আশিকের ভাষা। এটি সেই হৃদয়ের আর্তনাদ, যে হৃদয় মুহাম্মাদ ﷺ-এর ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে।
সাহাবায়ে কেরামের জীবনেও আমরা এই ভাষা বারবার দেখতে পাই। রাসূলুল্লাহ ﷺ-এর সামনে তারা বলতেন—
بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ
“হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক।”
এ কথা একবার নয়, অসংখ্যবার সাহাবাদের মুখে উচ্চারিত হয়েছে। কারণ প্রেম যখন হৃদয়ের গভীরে পৌঁছে যায়, তখন মানুষ নিজের সবচেয়ে মূল্যবান সম্পদকেও তুচ্ছ মনে করে।
মানুষ সাধারণত নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের সম্পদকে আঁকড়ে ধরে। নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়। কিন্তু প্রেম এসে এই হিসাব বদলে দেয়।
প্রেমিক আর লাভ-ক্ষতির অঙ্ক কষে না।সে আর মুনাফার হিসাব করে না। সে আর নিজের আরামের চিন্তা করে না। সে শুধু বলে আপনি থাকলে সব আছে, আপনি না থাকলে কিছুই নেই।
এই কারণেই বদরের ময়দানে সাহাবারা বুক পেতে দিয়েছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ ﷺ-কে রক্ষা করতে গিয়ে নিজেদের শরীরকে ঢাল বানিয়েছেন।
খন্দকের ক্ষুধা সহ্য করেছেন। মক্কার নির্যাতন সহ্য করেছেন। কারণ তাদের কাছে মুহাম্মাদ ﷺ ছিলেন পৃথিবীর সবকিছুর চেয়ে প্রিয়। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় আছে। বেদুঈন বলছেন—
لِقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ
সেই কবরের জন্য, যেখানে আপনি অবস্থান করছেন।
তিনি কবরের কথা উল্লেখ করেছেন। কিন্তু তাঁর দৃষ্টি কবরের দিকে নয়। তাঁর দৃষ্টি কবরের অধিবাসীর দিকে।
প্রেমিকের কাছে ঘরের মূল্য ঘরের কারণে নয়, ঘরে যিনি থাকেন তাঁর কারণে। একজন মানুষ তার পিতার পুরোনো ঘরকে ভালোবাসে, কারণ সেখানে পিতার স্মৃতি আছে।
একজন সন্তান মায়ের ব্যবহৃত জিনিসকে যত্নে রাখে, কারণ সেখানে মায়ের স্মৃতি আছে। তেমনি একজন মুমিনের কাছে রওযার মর্যাদা এই কারণে যে সেখানে বিশ্রাম নিচ্ছেন আল্লাহর হাবীব ﷺ।
এই ভালোবাসা কোনো ইট-পাথরের প্রতি নয়। এই ভালোবাসা সেই মহান সত্তার প্রতি, যিনি মানবতার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এরপর বেদুঈন বলেন—
فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ
সেখানে রয়েছে পবিত্রতা, দানশীলতা ও মহানুভবতা।
কী গভীর কথা! তিনি যেন বলছেন হে আল্লাহর রাসূল! আপনার জীবন ছিল পবিত্রতার প্রতীক। আপনার জীবন ছিল উদারতার প্রতীক। আপনার জীবন ছিল মহানুভবতার প্রতীক।
আপনি শুধু একটি নাম নন। আপনি একটি চরিত্র।
আপনি একটি আদর্শ। আপনি একটি জীবনব্যবস্থা।
আপনার কাছে এসে মানুষ পবিত্রতা শিখেছে। আপনার কাছে এসে মানুষ দানশীলতা শিখেছে।আপনার কাছে এসে মানুষ ক্ষমা করতে শিখেছে।আপনার কাছে এসে মানুষ মানুষ হতে শিখেছে। তাই আপনার রওযার সামনে দাঁড়িয়ে এই গুণগুলোর কথাই প্রথমে মনে পড়ে।
এই শের আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি মহব্বত শুধু আবেগের নাম নয়। শুধু নাত পড়ার নাম নয়। শুধু অশ্রু বিসর্জনের নাম নয়। শুধু “আমি নবীকে ভালোবাসি” বলার নামও নয়। প্রকৃত মহব্বত হলো ত্যাগের নাম। তাঁর সুন্নাহর জন্য ত্যাগ। তাঁর দীনের জন্য ত্যাগ। তাঁর আদর্শের জন্য ত্যাগ।
নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে তাঁর নির্দেশ মানার নামই মহব্বত। নিজের স্বার্থের উপর তাঁর সুন্নাহকে প্রাধান্য দেওয়ার নামই মহব্বত। নিজের ইচ্ছার উপর তাঁর আদর্শকে স্থান দেওয়ার নামই মহব্বত।
কারণ প্রেমের সবচেয়ে বড় প্রমাণ মুখের শব্দ নয় প্রেমের সবচেয়ে বড় প্রমাণ হলো কুরবানি। আর সেই কুরবানির ভাষাই উচ্চারিত হয়েছে এই শেরে—
نَفْسِي الْفِدَاءُ
হে আল্লাহর রাসূল! আমার প্রাণও আপনার জন্য কুরবান।
তৃতীয় শিক্ষা: মহব্বত মানে চরিত্র ধারণ করা
فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ
সেখানে রয়েছে পবিত্রতা, দানশীলতা ও মহানুভবতা।
এই অংশটি আসলে আগের শেরেরই দ্বিতীয় পঙক্তি। কিন্তু এর ভেতরে এমন একটি গভীর শিক্ষা রয়েছে, যার উপর ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করা যায়।
বেদুঈন রওযা মুবারকের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ﷺ-এর সৌন্দর্য, বংশ, ক্ষমতা বা বিজয়ের কথা বলেননি। তিনি তিনটি গুণের কথা বলেছেন—
العفاف — পবিত্রতা।
الجود — দানশীলতা।
الكرم — মহানুভবতা ও উদারতা।
মনে হচ্ছে তিনি যেন বলছেন হে আল্লাহর রাসূল! আপনি শুধু একজন ব্যক্তি নন। আপনি শুধু ইতিহাসের একজন মহান মানুষ নন। আপনি শুধু একটি নাম নন। আপনি একটি চরিত্রের নাম। আপনি পবিত্রতার নাম। আপনি দানশীলতার নাম। আপনি মহানুভবতার নাম। আপনার জীবন ছিল মানবতার জন্য আদর্শ। আপনার চরিত্র ছিল কুরআনের জীবন্ত তাফসীর।
হযরত আয়েশা (রা.)-কে যখন রাসূলুল্লাহ ﷺ-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সংক্ষিপ্ত একটি বাক্যে উত্তর দিয়েছিলেন—
كَانَ خُلُقُهُ الْقُرْآنَ
“তাঁর চরিত্রই ছিল কুরআন।”
কুরআনের আদেশগুলো যেন তাঁর জীবনে হেঁটে বেড়াত। কুরআনের দয়া তাঁর মধ্যে দেখা যেত। কুরআনের ক্ষমা তাঁর মধ্যে দেখা যেত। কুরআনের উদারতা তাঁর মধ্যে দেখা যেত।
কুরআনের তাকওয়া তাঁর মধ্যে দেখা যেত। তাই বেদুঈন যখন রাসূলুল্লাহ ﷺ-এর কথা স্মরণ করছেন, তখন তাঁর মনে প্রথমেই এই গুণগুলো ভেসে উঠছে।
খেয়াল করুন, প্রেমিক সাধারণত প্রিয়জনের যে গুণগুলো সবচেয়ে বেশি ভালোবাসে, সেগুলোই বারবার স্মরণ করে।
একজন মানুষ যদি কারও সৌন্দর্যের প্রেমে পড়ে, তাহলে সে তার সৌন্দর্যের কথা বলবে। কেউ যদি কারও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়, তাহলে সে তার জ্ঞানের কথা বলবে। কিন্তু এই বেদুঈন রাসূলুল্লাহ ﷺ-এর চরিত্রের প্রেমে পড়েছিলেন।
তাই তিনি বলছেন আপনার পরিচয় হলো পবিত্রতা।আপনার পরিচয় হলো উদারতা। আপনার পরিচয় হলো মহানুভবতা।
আজ আমরা সবাই দাবি করি আমরা রাসূলুল্লাহ ﷺ-কে ভালোবাসি। আমরা নবীপ্রেমিক। আমরা আশিকে রাসূল। কিন্তু একটি প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে তাঁর চরিত্র কতটুকু আমাদের জীবনে এসেছে? তাঁর লজ্জাশীলতা কি আমাদের মধ্যে এসেছে?
যে নবী ﷺ ছিলেন কুমারী কন্যার চেয়েও অধিক লজ্জাশীল, তাঁর উম্মত হিসেবে আমরা লজ্জার কতটুকু হেফাজত করছি? তাঁর দয়া কি আমাদের মধ্যে এসেছে?
যে নবী ﷺ নিজের ওপর অত্যাচারকারীদের জন্যও দোয়া করেছেন, আমরা কি আমাদের বিরোধীদের ক্ষমা করতে শিখেছি? তাঁর উদারতা কি আমাদের মধ্যে এসেছে? যে নবী ﷺ কখনো কাউকে “না” বলতে চাইতেন না, আমরা কি মানুষের প্রয়োজনে এগিয়ে আসছি? তাঁর মহানুভবতা কি আমাদের মধ্যে এসেছে?
যিনি মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন, আমরা কি ছোটখাটো অপমানও ভুলতে পারি?
আসলে মহব্বতের প্রকৃত পরীক্ষা এখানেই। রাসূলুল্লাহ ﷺ-কে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ শুধু অশ্রু নয়। শুধু নাত নয়। শুধু আবেগ নয়। বরং তাঁর চরিত্রকে নিজের চরিত্রে রূপান্তরিত করা।
মহব্বতের প্রকৃত দাবি হলো প্রিয়জনের গুণাবলি নিজের মধ্যে ধারণ করা। যাকে মানুষ ভালোবাসে, ধীরে ধীরে তার মতো হওয়ার চেষ্টা করে।
তাই সত্যিকার আশিকে রাসূল সেই ব্যক্তি, যার আচরণে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শ ফুটে ওঠে। যার কথায় দয়া থাকে। যার লেনদেনে সততা থাকে। যার চোখে লজ্জা থাকে। যার হৃদয়ে উদারতা থাকে। যার ব্যবহারে মহানুভবতা থাকে।
কারণ রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি মহব্বত শুধু রওযার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার নাম নয়। রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি মহব্বত হলো তাঁর চরিত্রকে নিজের জীবনের চরিত্র বানিয়ে নেওয়ার নাম।
আর এই গভীর সত্যটিই একজন অখ্যাত বেদুঈন তাঁর কয়েকটি শব্দের মধ্যে বন্দী করে দিয়েছেন—
فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ
সেখানে রয়েছে পবিত্রতা, দানশীলতা ও মহানুভবতা।
চতুর্থ শের মহব্বতের শেষ ঠিকানা—শাফাআতের আশা
أَنْتَ الشَّفِيعُ الَّذِي تُرْجَى شَفَاعَتُهُ
عِنْدَ الصِّرَاطِ إِذَا مَا زَلَّتِ الْقَدَمُ
আপনিই সেই শাফাআতকারী, যার শাফাআতের আশা করা হয়, যখন সিরাতের উপর মানুষের পা পিছলে যাবে।
প্রথম শেরে বেদুঈন আমাদের শিখিয়েছেন মদিনার মহব্বত। দ্বিতীয় শেরে শিখিয়েছেন ত্যাগের মহব্বত।
তৃতীয় শেরে শিখিয়েছেন চরিত্রের মহব্বত। আর এই চতুর্থ শেরে এসে তিনি আমাদের শিখাচ্ছেন মহব্বতের সবচেয়ে বড় ফল হলো আশা।
কারণ সত্যিকারের প্রেম মানুষকে নিরাশ করে না।সত্যিকারের প্রেম মানুষকে আশাবাদী করে। সত্যিকারের প্রেম মানুষকে প্রিয়জনের দরজায় বেঁধে রাখে।
বেদুঈন যেন বলছেন হে আল্লাহর রাসূল! আমি আমার আমলের উপর ভরসা করি না। আমি আমার ইবাদতের উপর ভরসা করি না। আমি আমার নেকির উপর ভরসা করি না। কারণ আমি জানি, আমার ত্রুটি অনেক। আমার গুনাহ অনেক। আমার অবহেলা অনেক। আমার আমল অপ্রতুল।
কিন্তু আমার একটি আশ্রয় আছে। আমার একটি আশা আছে। আমার নবী ﷺ আছেন। এই কথাটিই একজন মুমিনের হৃদয়ের গভীরতম অনুভূতি।
যখন মানুষ নিজের আমল দেখে, তখন সে ভয় পায়। যখন নিজের গুনাহের হিসাব করে, তখন তার চোখে অশ্রু আসে। যখন কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে, তখন তার হৃদয় কেঁপে ওঠে।
কিন্তু এরপরও সে নিরাশ হয় না। কারণ তার হৃদয়ে একটি আলো জ্বলতে থাকে। সেই আলোর নাম—শাফাআতের আশা।
খেয়াল করুন, বেদুঈন বিশেষভাবে সিরাতের কথা উল্লেখ করেছেন।
عِنْدَ الصِّرَاطِ
সিরাতের কাছে। পুলসিরাত পাড়ি দেয়াটা হবে কঠিন চ্যালেঞ্জিং। কারণ সেটিই হবে সবচেয়ে ভয়ংকর মুহূর্তগুলোর একটি। যেদিন মানুষ নিজের মা-বাবাকে ভুলে যাবে।যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না। যেদিন মানুষ নিজের নাজাত নিয়েই ব্যস্ত থাকবে।
যেদিন অসংখ্য মানুষ জাহান্নামের উপর স্থাপিত সেই সূক্ষ্ম সেতুর সামনে দাঁড়াবে। যেদিন পা কাঁপবে। হৃদয় কাঁপবে। চোখে ভয় থাকবে। সেদিন একজন মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় যে আশা থাকবে, তা হলো আমার নবী ﷺ আমাকে ভুলবেন না।
রাসূলুল্লাহ ﷺ-এর জীবন ছিল উম্মতের জন্য। তাঁর কান্না ছিল উম্মতের জন্য। তাঁর দোয়া ছিল উম্মতের জন্য। তাঁর চিন্তা ছিল উম্মতের জন্য। এমনকি কুরআন আমাদের জানায়, তিনি মুমিনদের কষ্টে কষ্ট পেতেন।
তাই কিয়ামতের দিনও তাঁর মুখে উচ্চারিত হবে
أُمَّتِي، أُمَّتِي
আমার উম্মত! আমার উম্মত!এটি শুধু একটি বাক্য নয়।
এটি চৌদ্দশত বছরের ভালোবাসার ঘোষণা। এটি একজন নবীর তাঁর উম্মতের প্রতি সীমাহীন মমতার প্রকাশ। তাই বেদুঈন তাঁর সমস্ত আশা এই একটি স্থানে এসে কেন্দ্রীভূত করেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
শাফাআতের আশা মানে গুনাহের উপর নির্ভর করে বসে থাকা নয়। রাসূলুল্লাহ ﷺ-এর মহব্বত মানে সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া নয়। বরং প্রকৃত মহব্বত মানুষকে আমলের দিকে নিয়ে যায়।
প্রকৃত মহব্বত মানুষকে তওবার দিকে নিয়ে যায়।প্রকৃত মহব্বত মানুষকে নবীর আনুগত্যের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সত্যিই রাসূলুল্লাহ ﷺ-কে ভালোবাসে, সে চায় এমন জীবন যাপন করতে যাতে কিয়ামতের দিন তাঁর সামনে দাঁড়াতে লজ্জা না লাগে।
সে চায় এমন আমল করতে, যাতে তাঁর শাফাআতের উপযুক্ত হতে পারে। সে চায় এমন উম্মত হতে, যাকে দেখে নবী ﷺ সন্তুষ্ট হন। এই শেরে এসে বেদুঈনের মহব্বত তার পূর্ণতায় পৌঁছে যায়। প্রথমে তিনি মদিনাকে ভালোবেসেছেন।তারপর তিনি নিজের প্রাণ কুরবান করার কথা বলেছেন।
তারপর তিনি নবী ﷺ-এর চরিত্রের সৌন্দর্য স্মরণ করেছেন। আর সবশেষে তিনি নিজের হৃদয়ের সবচেয়ে বড় আশার কথা বলেছেন হে আল্লাহর রাসূল!
আজ আমি আপনার রওযার সামনে দাঁড়িয়ে আছি।
কাল আমি হাশরের ময়দানে দাঁড়াব। আজ আমি আপনার প্রতি সালাম পেশ করছি। কাল আমি আপনার শাফাআতের প্রত্যাশী হব। আজ আমার চোখে অশ্রু আছে। কাল আমার হৃদয়ে আশা থাকবে।
আর সেই আশার কেন্দ্র আপনি।
أَنْتَ الشَّفِيعُ الَّذِي تُرْجَى شَفَاعَتُهُ
عِنْدَ الصِّرَاطِ إِذَا مَا زَلَّتِ الْقَدَمُ
আপনিই সেই শাফাআতকারী, যার শাফাআতের আশা করা হয়, যখন সিরাতের উপর মানুষের পা পিছলে যাবে।
এই শেরগুলো কেন অমর হয়ে গেল?
********************************
পৃথিবীতে লক্ষ লক্ষ কবিতা লেখা হয়েছে। হাজার হাজার কাসিদা রচিত হয়েছে। কত কবির নাম ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কত সাহিত্যকর্ম সময়ের স্রোতে বিলীন হয়ে গেছে। কিন্তু এই কয়েকটি শের আজও জীবিত।
চৌদ্দশত বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও মানুষ এগুলো আবৃত্তি করে। রওযায় দাঁড়িয়ে এগুলো স্মরণ করে। মাহফিলে এগুলোর ব্যাখ্যা করে। নবীপ্রেমের আলোচনা এলে এগুলো উদ্ধৃত করে।
কারণ এগুলো কেবল সাহিত্য নয়। এগুলো কেবল শব্দের অলংকার নয়। এগুলো কেবল কবিতার শিল্প নয়। এগুলো হৃদয়ের রক্ত দিয়ে লেখা কয়েকটি বাক্য।
এগুলো একজন প্রেমিকের কান্না। এগুলো একজন বেদুঈনের অশ্রু। এগুলো একজন উম্মতির হৃদয়ের আর্তনাদ।
মানুষের হৃদয় সবসময় হৃদয়ের ভাষা বুঝতে পারে।
যে শব্দ কেবল জিহ্বা থেকে বের হয়, তা কিছুদিন বেঁচে থাকে। কিন্তু যে শব্দ হৃদয় থেকে বের হয়, তা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকে।
এই শেরগুলোর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। কোনো অভিনয় নেই। কোনো প্রদর্শন নেই। আছে শুধু মুহাম্মাদ ﷺ-এর প্রতি এক উম্মতির সীমাহীন ভালোবাসা। আর ভালোবাসার ভাষা কখনো পুরোনো হয় না। প্রেমের কান্না কখনো মরে না। নবীপ্রেমের আগুন কখনো নিভে না।
এ কারণেই একজন অখ্যাত বেদুঈনের কয়েকটি শের ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এ কারণেই লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তা আজও বেঁচে আছে। এ কারণেই মদিনায় আগত অসংখ্য জিয়ারতকারী এগুলো পড়ে নিজের হৃদয়ের অনুভূতিকে খুঁজে পায়।
আসলে এই শেরগুলো অমর হয়েছে কবিতার শক্তিতে নয় মহব্বতের শক্তিতে। ভাষার সৌন্দর্যে নয় হৃদয়ের সততায়। সাহিত্যের কারণে নয় নবীপ্রেমের কারণে।
এই মহব্বতই শেরগুলোকে যুগের পর যুগ জীবিত রেখেছে। এই মহব্বতই শেরগুলোকে মদিনার স্মৃতির অংশ বানিয়েছে।
আমরা কী শিখলাম?
********************
আজ আমরা একজন বেদুঈনের কাছ থেকে নবীপ্রেমের এক পূর্ণাঙ্গ পাঠ পেলাম। তিনি কোনো বড় আলেম ছিলেন না। কোনো বিখ্যাত বক্তা ছিলেন না।
কিন্তু তাঁর হৃদয় ছিল মহব্বতে পূর্ণ। আর সেই হৃদয় আমাদের চারটি বড় শিক্ষা দিয়ে গেছে।
প্রথম শিক্ষা রাসূলুল্লাহ ﷺ-এর কারণে মদিনাকে ভালোবাসতে হবে। মদিনা আমাদের কাছে প্রিয় তার মাটি, তার বৃক্ষ বা তার স্থাপত্যের কারণে নয়। মদিনা প্রিয় কারণ এটি রাসূলুল্লাহ ﷺ-এর শহর। যে হৃদয়ে নবীপ্রেম থাকবে, সেই হৃদয়ে মদিনাপ্রেমও থাকবে।
দ্বিতীয় শিক্ষা রাসূলুল্লাহ ﷺ-এর জন্য ত্যাগের মানসিকতা রাখতে হবে। শুধু মুখে ভালোবাসার দাবি করলেই মহব্বত প্রমাণিত হয় না। মহব্বতের প্রমাণ হলো কুরবানি। সুন্নাহর জন্য কুরবানি। দীনের জন্য কুরবানি। সত্যের জন্য কুরবানি। প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়ানোর কুরবানি।
তৃতীয় শিক্ষা রাসূল ﷺ-এর চরিত্রকে নিজের জীবনে ধারণ করতে হবে। তাঁর লজ্জাশীলতা। তাঁর দয়া। তাঁর ক্ষমাশীলতা। তাঁর উদারতা। তাঁর মহানুভবতা।
যত বেশি এই গুণগুলো আমাদের জীবনে আসবে, তত বেশি আমাদের মহব্বত সত্য হবে। কারণ প্রকৃত প্রেম মানুষকে প্রিয়জনের মতো হতে শেখায়।
চতুর্থ শিক্ষা আখিরাতে তাঁর শাফাআতের আশা নিয়ে বাঁচতে হবে। নিজের আমলের উপর অহংকার নয়।নিজের গুনাহের কারণে হতাশাও নয়। বরং তওবা, আনুগত্য এবং শাফাআতের আশা—এই তিনকে সঙ্গে নিয়ে জীবন কাটাতে হবে।
একজন মুমিনের হৃদয়ে সবসময় এই আকুতি থাকব
হে আল্লাহ! আমাকে এমন উম্মত বানান, যার জন্য আপনার হাবীব ﷺ সন্তুষ্ট হবেন।
মদিনার মহব্বত আসলে কী?
*************************
মদিনার মহব্বত মানে শুধু মদিনা দেখা নয়। মদিনার মহব্বত মানে শুধু সফর করা নয়। মদিনার মহব্বত মানে শুধু রওযার সামনে দাঁড়ানো নয়। মদিনার মহব্বত মানে শুধু সবুজ গম্বুজের ছবি তোলা নয়।
মদিনার মহব্বত মানে এমন একটি হৃদয় অর্জন করা, যা সব সময় রাসূলুল্লাহ ﷺ-এর দিকে ঝুঁকে থাকে।
এমন একটি জীবন গঠন করা, যা তাঁর সুন্নাহর অনুসারী হয়। এমন একটি চরিত্র গড়ে তোলা, যেখানে তাঁর আদর্শের ছাপ দেখা যায়। এমন একটি অন্তর তৈরি করা, যা প্রতিদিন তাঁর প্রতি সালাম পাঠায়।
এমন একটি আত্মা তৈরি করা, যা মৃত্যুর আগ পর্যন্ত তাঁর ভালোবাসায় বেঁচে থাকে। এবং এমন একটি আশা হৃদয়ে লালন করা, যা কিয়ামতের দিনও বলে—
يَا رَسُولَ اللهِ، أَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي وَمَالِي وَوَلَدِي وَالنَّاسِ أَجْمَعِينَ
“হে আল্লাহর রাসূল! আপনি আমার কাছে আমার প্রাণ, আমার সম্পদ, আমার সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয়।”
আল্লাহ তাআলা আমাদেরকে সেই সত্যিকারের মহব্বত দান করুন, যে মহব্বত সাহাবাদের হৃদয়ে ছিল, যে মহব্বত একজন অখ্যাত বেদুঈনের কয়েকটি শেরকে চৌদ্দশত বছর ধরে জীবন্ত রেখেছে, এবং যে মহব্বত কিয়ামতের দিন আমাদেরকে হাওযে কাওসারের তীরে প্রিয় নবী ﷺ-এর সান্নিধ্যে পৌঁছে দেবে।