মদিনা -মসজিদে নববীর আশেপাশের জাদুঘর ও প্রদর্শনী কেন্দ্রসমূহের সাথে পরিচিতি।‌ মদিনা এক উম্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

মদিনা এই শহরের প্রতিটি পথ, প্রতিটি পাহাড়, প্রতিটি কূপ, প্রতিটি খেজুরবাগান ইসলামের ইতিহাস বহন করে। কিন্তু প্রশ্ন হলো আমরা মদিনাকে কিভাবে দেখছি।

আমরা কি শুধু মদিনার হোটেল, মার্কেট এবং রাস্তা দেখেই ফিরে যাচ্ছি।‌ আর সাথে নিচ্ছি মদিনা থেকে কিছু খেজুর।

অনেক মানুষ মদিনায় আসে, এসে রওজায় সালাম দেয়, জামাতের সাথে নামাজ পড়ে, তারপর কেনাকাটা করে ফিরে যায়। এখানে তারা সেই মদিনাকে দেখে না যেখানে আবু বকর (রা.) কেঁদেছেন, উমর (রা.) শাসন করেছেন, উসমান (রা.) কুরআনের খেদমত করেছেন, আলী (রা.) জ্ঞান বিতরণ করেছেন।

অথচ এখানে থেকে সুযোগ আছে সেই হারিয়ে যাওয়া মদিনাকে দেখার। মসজিদে নববীর আশেপাশেই রয়েছে চমৎকার কিছু প্রদর্শনী। যা আপনাকে নিয়ে যাবে ১৪০০ বছর আগের মদিনায়—

◾অনেকে এই প্রদর্শনীগুলোকে গুরুত্বহীন মনে করেন। তারা ভাবেন এসব দেখা কি দরকার? আমরা তো নামাজ পড়তেই এসেছি।

কিন্তু আমি বলব কুরআন আমাদের বারবার ইতিহাস জানার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন,

فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا

তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ।

ইতিহাস শুধু তথ্য নয়। ইতিহাস ঈমান জাগায়। ইতিহাস হৃদয়কে জীবন্ত করে। ইতিহাস মানুষকে বাস্তবতার সাথে যুক্ত করে।

যখন আপনি উহুদের গল্প শুনেন, সেটা এক অনুভূতি।

কিন্তু যখন উহুদের মানচিত্র, পাহাড়, সৈন্যবিন্যাস, তীরন্দাজদের অবস্থান নিজের চোখে দেখেন, তখন গল্প বাস্তবে রূপ নেয়। আজকের এই প্রদর্শনী কেন্দ্র গুলো সেই কাজটাই করছে।

◾মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদর্শনী এখানে রয়েছে সিরাত যাদুঘর। এখানে ২৫টিরও বেশি বিভাগে রাসূল ﷺ-এর জীবন, চরিত্র, মক্কা-মদিনার মানচিত্র, হিজরত, নববী সমাজ, ইসলামী সভ্যতা এবং মসজিদে নববীর বিকাশ উপস্থাপন করা হয়েছে।

আধুনিক 3D প্রযুক্তি, ডিজিটাল প্যানোরামা এবং গবেষণাভিত্তিক উপস্থাপনা দর্শনার্থীদের নববী যুগের পরিবেশ কল্পনা করতে সাহায্য করে।

এখানে প্রবেশ করলে মনে হয় আপনি যেন সময়ের সুড়ঙ্গে প্রবেশ করেছেন। হঠাৎ করে ২০২৬ সালের মদিনা হারিয়ে যায়। আপনি পৌঁছে যান ১ হিজরির মদিনায়।

দেখতে পান মাটির দেয়াল। খেজুর গাছের খুঁটি।

সাধারণ ঘর। সাহাবীদের জীবন। রাসূল ﷺ-এর মসজিদ।

এখানে একটি বিষয় বিশেষভাবে হৃদয় স্পর্শ করে।আমরা আজ যে মসজিদে নববী দেখি মার্বেল, সোনালি নকশা, বিশাল ছাতা, আধুনিক স্থাপত্য‌ কিন্তু নবী ﷺ-এর মসজিদ ছিল অত্যন্ত সরল। কারণ ইসলামের শক্তি স্থাপত্যে ছিল না।‌মানুষের ঈমানে ছিল।

◾মসজিদে নববীর ইতিহাসকে চোখের সামনে দেখা

এই প্রদর্শনীতে মসজিদে নববীর নির্মাণ ইতিহাস ধাপে ধাপে দেখানো হয়। বিভিন্ন যুগে কীভাবে মসজিদ সম্প্রসারিত হয়েছে, তার মডেল ও নকশা প্রদর্শিত হয়।

এখানে দাঁড়িয়ে একটি বিষয় উপলব্ধি হয়। রাসূল ﷺ যখন মসজিদ নির্মাণ করছিলেন, তখন তিনি নিজেও ইট বহন করেছেন। সাহাবীরাও শ্রম দিয়েছেন।

তখন কেউ বলেনি এটা শ্রমিকের কাজ। বরং সবাই বলেছে এটা জান্নাতের কাজ। বর্তমান মসজিদের দিকে তাকান। লক্ষ লক্ষ মুসল্লি। বিশাল প্রাঙ্গণ। শত শত দরজা। অগণিত ছাতা। কিন্তু শুরুটা ছিল অত্যন্ত ছোট। এটা আমাদের শিক্ষা দেয় মহান কাজ সবসময় ছোট থেকে শুরু হয়।

◾নববী যুগের মদিনাকে জীবন্তভাবে দেখা

এই জাদুঘরগুলোর অন্যতম বড় অবদান হলো তারা নববী যুগের মদিনার ভৌগোলিক চিত্র তুলে ধরে।

আপনি বুঝতে পারবেন কোথায় ছিল কুবা। কোথায় ছিল উহুদ। কোথায় ছিল খন্দক। কোথায় ছিল বাকি।

কোথায় ছিল সাহাবীদের বাড়ি। কোথায় ছিল বিভিন্ন কূপ।

◾অনেক হাজী উহুদ দেখে ফিরে আসেন। কিন্তু বুঝতে পারেন না যুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছিল।

যখন মানচিত্র দেখবেন তখন বুঝবেন কেন তীরন্দাজদের পাহাড় এত গুরুত্বপূর্ণ ছিল। কেন মাত্র কয়েকজনের ভুল পুরো যুদ্ধের ফলাফল বদলে দিয়েছিল।

◾মদিনার সভ্যতা, সংস্কৃতি ও সামাজিক জীবন

এখানে পুরনো মদিনার মডেল, ঐতিহাসিক মানচিত্র, গোত্রসমূহের ইতিহাস, নববী যুগের নগর বিন্যাস এবং মদিনার দীর্ঘ ইতিহাস সংরক্ষিত হয়েছে। অনেক দর্শনার্থী এই জাদুঘরের মাধ্যমে প্রাচীন মদিনাকে কল্পনা করতে সক্ষম হন।

এখানে গেলে বুঝবেন মদিনা শুধু একটি ধর্মীয় নগরী নয়। এটি ছিল একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র।

এখানে ছিল বাজার।‌বিচারব্যবস্থা। শিক্ষাব্যবস্থা। সামরিক ব্যবস্থা। সামাজিক কল্যাণ। আন্তর্জাতিক সম্পর্ক। রাসূল ﷺ শুধু একজন ইমাম ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক শিক্ষক‌্যবিচারক। সেনাপতি।

সমাজসংস্কারক।

◾সৃষ্টি থেকে নবুওয়াত পর্যন্ত ইতিহাস

এখানে মানবজাতির ইতিহাস, নবীদের ধারাবাহিকতা এবং ইসলামী বিশ্বাসের বিভিন্ন বিষয় আধুনিক ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এটি মসজিদে নববীর খুব কাছেই অবস্থিত।

অনেক সময় আমরা ইসলামকে বিচ্ছিন্নভাবে দেখি।

কিন্তু এখানে বুঝতে পারবেন আদম (আ.) থেকে মুহাম্মদ ﷺ পর্যন্ত একই দাওয়াত। একই তাওহীদ।একই আহ্বান। একই সংগ্রাম।

◾মদিনার কূপ, বাগান ও দুর্গসমূহ

আধুনিক প্রদর্শনীগুলোতে শুধু মসজিদ নয়। বরং মদিনার কূপ, বাগান, দুর্গ এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর বিবরণও দেখানো হয়।

যখন আপনি বীরে রূমা, বীরে আরিস, বীরে গারস, বীরে বুদাআহ-এর ইতিহাস জানবেন তখন মদিনার প্রতিটি অংশ কথা বলতে শুরু করবে।

তখন মদিনা আর শুধু ভবন হবে না।‌ সাহাবীদের স্মৃতি হয়ে উঠবে।

◾প্রযুক্তি দিয়ে ইতিহাসকে জীবন্ত করা

আজকের জাদুঘরগুলো VR, AR, 3D মডেল, হোলোগ্রাম এবং ডিজিটাল প্যানোরামা ব্যবহার করছে, যাতে নববী যুগের দৃশ্যপটকে শিক্ষামূলকভাবে উপস্থাপন করা যায়। এর উদ্দেশ্য বিনোদন নয়। উদ্দেশ্য শিক্ষা।

যাতে একজন মুসলিম শুধু শুনে না দেখেও শিখতে পারে।

◾হাজী ও উমরাহযাত্রীদের জন্য বাস্তব পরামর্শ

মদিনায় গেলে অন্তত একদিন সময় বের করুন।

ফজরের পর বা আসরের পর এসব জাদুঘর দেখুন।

নোট নিন। ছবি তোলার চেয়ে শেখার চেষ্টা করুন।

সন্তানদের নিয়ে যান। তাদের বলুন‌ এই মাটিতে ইসলামের ইতিহাস লেখা হয়েছে।

মদিনা শুধু জিয়ারতের শহর নয়। মদিনা একটি বিশ্ববিদ্যালয়। মদিনা একটি ইতিহাসগ্রন্থ। মদিনা একটি ঈমান তৈরির কারখানা।

আপনি যদি শুধু মার্কেটে যান তাহলে কিছু জিনিস কিনে ফিরবেন। কিন্তু যদি মদিনার ইতিহাসে প্রবেশ করেন তাহলে নতুন হৃদয় নিয়ে ফিরবেন। রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিন।‌ তারপর মদিনার ইতিহাসকে জানুন।‌ মসজিদে নববীর বিবর্তন দেখুন।

সাহাবীদের পদচিহ্ন খুঁজুন। কূপগুলোর ইতিহাস জানুন। পুরনো মদিনাকে কল্পনা করুন। তখন বুঝবেন মদিনা শুধু একটি শহর নয়। মদিনা হলো ভালোবাসার নাম। মদিনা হলো ঈমানের নাম। মদিনা হলো রাসূলুল্লাহ ﷺ-এর স্মৃতিতে আলোকিত এক জীবন্ত শিক্ষা প্রতিষ্ঠান।

◾মদিনার প্রদর্শনী কেন্দ্রগুলো সফর: কীভাবে দেখবেন, কোথা থেকে শুরু করবেন? মদিনায় অন্তত একটি দিন “শিক্ষা দিবস” হিসেবে নির্ধারণ করুন। যেদিন কেনাকাটা কম করবেন, ইতিহাস বেশি জানবেন।

◾প্রথম গন্তব্য: সিরাত জাদুঘর

সকাল ৮টার থেকে প্রদর্শনী। এটি মসজিদে নববীর দক্ষিণ পাশে অবস্থিত। বর্তমানে সাধারণ প্রবেশমূল্য প্রায় ৭০ রিয়াল। শিশুদের জন্য কম।

এখানে দেখতে পাবেন রাসূল ﷺ-এর জীবনের ধাপসমূহ, হিজরত, মক্কা ও মদিনার মানচিত্র, নববী সমাজ, ইসলামী সভ্যতার বিকাশ এখানে তাড়াহুড়া করবেন না। অনেকেই ২০ মিনিটে বের হয়ে যায়। অথচ এটি এমন জায়গা যেখানে ধীরে ধীরে দেখলে সিরাত হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে।

◾দ্বিতীয় গন্তব্য: মসজিদে নববীর সম্প্রসারণ প্রদর্শনী।সিরাত জাদুঘর শেষ করে দক্ষিণ পাশের গেট ৩০৭-এর বিপরীত দিকে অবস্থিত। সাধারণত সকাল ৮টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশ সাধারণত বিনামূল্যে। সময় লাগবে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা।

এখানে আপনি দেখবেন নবী ﷺ-এর নির্মিত প্রথম মসজিদ। খোলাফায়ে রাশেদীনের সম্প্রসারণ। উসমানী যুগ। আধুনিক সৌদি সম্প্রসারণ। বিশাল স্থাপত্য মডেল

এখানে দাঁড়িয়ে উপলব্ধি হবে আজকের এই বিশাল মসজিদ একদিন খেজুর গাছের খুঁটি আর মাটির দেয়াল দিয়ে শুরু হয়েছিল।

◾তৃতীয় গন্তব্য: বিরল কুরআন ও পান্ডুলিপি প্রদর্শনী

এটি দক্ষিণ প্রাঙ্গণে গেট ৩৬৮-এর বিপরীতে অবস্থিত।

সময় সকাল ৮টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত। প্রবেশ সাধারণত বিনামূল্যে। এখানে অন্তত ৩০-৪৫ মিনিট সময় দিন।

এখানে আপনি দেখবেন শত শত বছরের পুরনো কুরআন, হাতে লেখা মুসহাফ, প্রাচীন তাফসির, হাদিসের পান্ডুলিপি, ইসলামী ক্যালিগ্রাফি। এখানে এসে উসমান (রা.)-এর কুরআন সংরক্ষণের খিদমতের কথা স্মরণ করুন।

ভাবুন এই উম্মাহ কিভাবে ১৪০০ বছর ধরে আল্লাহর

কিতাবকে সংরক্ষণ করেছে।

◾চতুর্থ গন্তব্য: সৃষ্টি থেকে কিয়ামত

আসর বা মাগরিবের পর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করুন। এটি মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম দিকে কয়েক মিনিটের হাঁটার পথ। টিকিট বর্তমানে প্রায় ২৫ রিয়াল, গ্রুপে গেলে ২০ রিয়াল পর্যন্ত হতে পারে।

সময় লাগে ৩৫-৪৫ মিনিট।

এখানে দেখবেন সৃষ্টির সূচনা হযরত আদম (আ.), অন্যান্য নবীদের ইতিহাস। ওহীর ধারাবাহিকতা, কিয়ামত, জান্নাত-জাহান্নামের আলোচনা। এটি বিশেষ করে সন্তানদের জন্য অত্যন্ত শিক্ষণীয়।

◾ প্রদর্শনীগুলো দেখার আদব ও উদ্দেশ্য। একটি বিষয় মনে রাখবেন। প্রদর্শনী গুলো দেখতে যাবেন শিক্ষা অর্জনের জন্য, শুধু ছবি তোলার জন্য নয়।

অনেকে পুরো সময় মোবাইলে কাটিয়ে দেয়। তারা ছবি নিয়ে ফেরে। কিন্তু ইতিহাস নিয়ে ফেরে না।নোট নিন।

সন্তানদের প্রশ্ন করতে উৎসাহ দিন। প্রতিটি মানচিত্রের সামনে দাঁড়ান। উহুদের মানচিত্র দেখুন। খন্দকের মানচিত্র দেখুন। মদিনার কূপগুলোর অবস্থান দেখুন।

তখন মদিনা আপনার কাছে নতুনভাবে উন্মোচিত হবে।

◾মদিনা শুধু একটি শহর নয়। মদিনা একটি বিশ্ববিদ্যালয়। মসজিদে নববী তার কেন্দ্র। আর এই জাদুঘর ও প্রদর্শনী কেন্দ্রগুলো তার শ্রেণিকক্ষ।

যে ব্যক্তি শুধু বাজার দেখে ফিরে যায়, সে মদিনার একটি অংশ দেখে। আর যে ব্যক্তি ইতিহাস, সিরাত, কুরআন, সাহাবীদের পদচিহ্ন এবং নববী সভ্যতাকে জানে, সে যেন নতুন চোখে মদিনাকে আবিষ্কার করে।

আল্লাহ আমাদেরকে মদিনা শুধু দেখার নয়, মদিনাকে বোঝার তাওফীক দান করুন। আমীন।

Scroll to Top