মুসলিম সমাজের উত্থান-পতনের সাথে গভীরভাবে সম্পর্কিত মসজিদের মিম্বর। এই মিম্বর শুধু কাঠের কয়েকটি ধাপ নয়। এটি শুধু খুতবা দেওয়ার স্থান নয়।এটি একটি জাতি গঠনের কারখানা। এটি একটি উম্মাহকে জাগিয়ে তোলার কেন্দ্র। এটি এমন একটি স্থান, যেখানে দাঁড়িয়ে রাসূল ﷺ মানুষের হৃদয় পরিবর্তন করেছিলেন।
মক্কায় মুসলমানরা ছিল দুর্বল, নির্যাতিত, অসহায়। কিন্তু মদীনায় এসে রাসূল ﷺ মসজিদকে কেন্দ্র করে একটি নতুন সমাজ গড়ে তুললেন। এই সমাজের মূল অস্ত্র তলোয়ার ছিল না। অর্থ ছিল না। রাজনৈতিক ক্ষমতা ছিল না। মূল শক্তি ছিল ঈমান, জ্ঞান ও সচেতনতা। আর এই তিনটি জিনিস মানুষের হৃদয়ে পৌঁছাত মিম্বরের মাধ্যমে।
খুতবা শুধু ওয়াজ নয়
*******************
আমাদের সমাজে অনেকেই মনে করেন খুতবা মানে কিছু নসীহত। কিছু আয়াত। কিছু হাদিস। তারপর নামাজ। কিন্তু নববী যুগে খুতবা ছিল সমাজ পরিচালনার মাধ্যম। সমাজ পরিকল্পনা নিয়ে আলোচনা হতো খুতবায়।
রাসূল ﷺ খুতবায় আকীদা শিক্ষা দিতেন। সামাজিক সমস্যা নিয়ে কথা বলতেন।অর্থনৈতিক নীতি শিক্ষা দিতেন। পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতেন। যুদ্ধ ও শান্তির দিকনির্দেশনা দিতেন। উম্মাহর ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। খুতবা ছিল উম্মাহর সাপ্তাহিক শিক্ষা অধিবেশন।
একটি আয়াত, যা সমাজ বদলে দিয়েছিল
আল্লাহ বলেন:
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ
“নিশ্চয় আল্লাহ ন্যায়বিচার, সদাচার ও আত্মীয়কে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন।(সূরা নাহল: ৯০)
এই আয়াতকে অনেক আলেম কুরআনের সবচেয়ে ব্যাপক সামাজিক নীতির আয়াত বলেছেন। শত শত বছর ধরে পৃথিবীর অসংখ্য মসজিদে জুমার খুতবার শেষে এই আয়াত পাঠ করা হয়। কারণ এটি একটি সভ্যতার ভিত্তি।
রাসূল ﷺ মানুষের বাস্তব সমস্যা নিয়ে কথা বলতেন
একদিন বাজারে গিয়ে রাসূল ﷺ এক ব্যবসায়ীর খাদ্যের স্তূপে হাত ঢুকিয়ে ভেজা অংশ পেলেন। তিনি বললেন:
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।্য(সহীহ মুসলিম)
দেখুন! তিনি শুধু মসজিদে বসে থাকেননি। বাজারে গেছেন। সমাজের বাস্তব সমস্যা দেখেছেন। তারপর মানুষকে সংশোধন করেছেন। এটাই ছিল নববী নেতৃত্ব।
সাহাবীদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিত খুতবা
****************************************
রাসূল ﷺ যখন খুতবা দিতেন, সাহাবীরা অনুভব করতেন যেন তাদের সামনে আখিরাত উপস্থিত।
আরবাজ ইবন সারিয়া (রা.) বলেন: একদিন রাসূল ﷺ এমন এক নসীহত করলেন, যাতে চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং হৃদয় কেঁপে উঠল। (আবু দাউদ)
প্রিয় রাসুল সমাজ নিয়ে কথা বলতেন। সংকট নিয়ে কথা বলতেন। আমলের কথা বলতেন। প্রয়োজনের কথা বলতেন। কথা বলতেন হৃদয় থেকে মায়া মমতা ভালবাসা জড়িয়ে। তার সে খুতবা থেকেই জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্ত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ তৈরি হয়েছিল।
আজ আমাদের সংকট কোথায়? আজ মসজিদে মসজিদে মিম্বর আছে। কিন্ত সমাজে মেম্বরের প্রভাব নেই। মিম্বরে সমাজের আলোচনা নেই।
আজ অনেক ক্ষেত্রে খুতবা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। মানুষের সমস্যা একদিকে খুতবার আলোচনা অন্যদিকে। যুবকরা মাদকাসক্ত। পরিবার ভেঙে যাচ্ছে।
সুদ বাড়ছে। বেকারত্ব বাড়ছে। ডিজিটাল আসক্তি বাড়ছে। অশ্লীলতা বাড়ছে। কিন্তু এসব নিয়ে অনেক সময় মসজিদ নীরব।
বাংলাদেশের বাস্তবতা
********************”
আজ বাংলাদেশের বহু পরিবারে বাবা-মা সন্তান হারাচ্ছেন মাদকের কাছে।
মোবাইল ফোন সন্তানকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক দুর্বল হচ্ছে। তালাক বাড়ছে।যুবকদের মধ্যে হতাশা বাড়ছে। বেকারত্ব ও ভোগবাদ তাদেরকে গ্রাস করছে।
এমন পরিস্থিতিতে যদি মিম্বর এসব বিষয়ে কথা না বলে, তাহলে কে বলবে? মিম্বর গুলো জাগ্রত হলে বাংলাদেশে জাগবে।
বাংলাদেশে প্রায় ৩,৩১,১২৫ টি (তিন লাখ একত্রিশ হাজার একশ পঁচিশ) মসজিদ রয়েছে। এই সংখ্যা ২০২০ সালের একটি সরকারি হিসাবের ভিত্তিতে। এতগুলো মিম্বর এই দেশের শ্রেষ্ঠতম নেয়ামত। এই সমাজের এ মিম্বরগুলো থেকে অনেক পাওনা।
হযরত উমর (রা.)-এর মিম্বর। হযরত উমর (রা.) যখন খুতবা দিতেন, তখন শুধু ইবাদতের কথা বলতেন না। তিনি বাজার নিয়ন্ত্রণের কথা বলতেন। শাসকদের জবাবদিহিতার কথা বলতেন। দরিদ্রদের কথা বলতেন।সমাজের দুর্বল মানুষের কথা বলতেন। কারণ তিনি জানতেন দ্বীন শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়।
মিম্বর যখন নীরব হয়
*******************
যখন মিম্বর নীরব হয় তখন সমাজের নেতৃত্ব চলে যায় অন্যদের হাতে। তখন মানুষ দিকনির্দেশনা খোঁজে সোশ্যাল মিডিয়ায়। খোঁজে ইউটিউবে। খোঁজে সেলিব্রিটিদের কাছে। খোঁজে রাজনীতিবিদদের কাছে।
আর মসজিদ ধীরে ধীরে জীবনের কেন্দ্র থেকে দূরে চলে যায়।
আরেকটি দুঃখজনক বাস্তবতা হলো, আজ অনেক ক্ষেত্রে মিম্বর সমাজের নেতৃত্ব ও দিকনির্দেশনার কেন্দ্র না হয়ে চাওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। সমাজের একটি বড় অংশের মনে এমন ধারণা জন্মেছে যে মসজিদ ও মিম্বরের প্রধান কাজ যেন শুধু সাহায্য চাওয়া, চাঁদা চাওয়া, অনুদান চাওয়া। তারা মনে করে—মিম্বর কেবল নিচ্ছে, কিন্তু সমাজকে কী দিচ্ছে, তার হিসাব স্পষ্ট নয়।
ফলে মানুষ ধীরে ধীরে মসজিদ ও মিম্বর থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে। অথচ নববী যুগে মসজিদ ছিল সমাজের প্রাণকেন্দ্র; মানুষের সমস্যা, শিক্ষা, পরামর্শ, কল্যাণ, নেতৃত্ব ও ভালোবাসার কেন্দ্র। মসজিদ মানুষের কাছ থেকে শুধু নিত না, বরং মানুষকে দিত—ঈমান, জ্ঞান, সাহস, দিকনির্দেশনা, আশ্রয় ও আস্থা।
আজ আমাদের সবচেয়ে বড় সংকট অর্থের সংকট নয়; সবচেয়ে বড় সংকট আস্থার সংকট। মানুষ যাকে বিশ্বাস করে, তার জন্য স্বতঃস্ফূর্তভাবে ব্যয় করে; কিন্তু যাকে বিশ্বাস করে না, তার আহ্বানে সাড়া দিতে দ্বিধা করে। আস্থা আদায় করা যায় না, আস্থা অর্জন করতে হয়। আর আস্থা গড়ে ওঠে ভালোবাসা, খেদমত, সততা, স্বচ্ছতা ও মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে। গবেষণাও দেখায় যে কোনো সম্প্রদায়ের নেতৃত্বের প্রতি মানুষের বিশ্বাস দুর্বল হয়ে গেলে পুরো সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্ন হলো, আমরা কি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছি? আমরা কি তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছি? আমরা কি তাদের সন্তানদের ভবিষ্যৎ, পারিবারিক সংকট, নৈতিক অবক্ষয় ও সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রেখেছি? যদি মিম্বর শুধু চাওয়ার ভাষা জানে, কিন্তু দেওয়ার ভাষা না জানে, তাহলে মানুষের হৃদয়ের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
মানুষকে মসজিদের দিকে ফিরিয়ে আনতে হলে প্রথমে ভালোবাসা ফিরিয়ে আনতে হবে। মানুষের ঘরে যেতে হবে, তাদের খোঁজ নিতে হবে, তাদের দুঃখে কাঁদতে হবে, তাদের সন্তানদের নিয়ে ভাবতে হবে। যখন মানুষ অনুভব করবে যে ইমাম ও আলেমরা তাদের জন্য নিবেদিত, তখন তারা শুধু মসজিদে আসবেই না, বরং নিজের হৃদয়ও মসজিদের সঙ্গে যুক্ত করে দেবে।
মিম্বরের শক্তি মাইক্রোফোনে নয়, মানুষের হৃদয়ে। আর হৃদয় জয় করা যায় ভালোবাসা, খেদমত ও আমানতদারির মাধ্যমে।
রাসূল ﷺ-এর খুতবা কেন সফল ছিল?
*********************************
প্রশ্ন হলো, রাসূলুল্লাহ ﷺ-এর খুতবা কেন মানুষের হৃদয় বদলে দিয়েছিল? এর পেছনে কয়েকটি মৌলিক কারণ ছিল।
১. তিনি মানুষের বাস্তবতা বুঝতেন। রাসূল ﷺ শুধু মসজিদের ভেতরে বসে মানুষকে নির্দেশনা দিতেন না; তিনি মানুষের মাঝে থাকতেন। তাদের ঘরে যেতেন, তাদের খোঁজখবর নিতেন, অসুস্থকে দেখতে যেতেন, দরিদ্রের কষ্ট অনুভব করতেন, বিধবা ও এতিমের পাশে দাঁড়াতেন।
তাই যখন তিনি কথা বলতেন, মানুষ অনুভব করত তিনি আমাদের কথা জানেন, আমাদের ব্যথা বোঝেন।
আল্লাহ তাআলা বলেন—
﴿لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ﴾
তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। তোমাদের কষ্ট তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক; তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু।(সূরা তাওবা: ১২৮)
মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করতে হলে আগে মানুষের হৃদয়ে প্রবেশ করতে হয়। যে মানুষের দুঃখ জানে না, সে মানুষের হৃদয়ও স্পর্শ করতে পারে না।
২. তিনি কুরআনের আলোয় সমাধান দিতেন। রাসূল ﷺ মানুষের সমস্যার সমাধান দিতেন, কিন্তু নিজের খেয়াল-খুশি বা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে নয়; তিনি ওহীর নির্দেশনা অনুযায়ী কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন—
﴿وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ﴾
তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। তাঁর কথা তো ওহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়।(সূরা নাজম: ৩–৪)
তাঁর খুতবায় মানুষ শুধু আবেগ পেত না।পেত আল্লাহর নির্দেশনা, জীবনের পথনির্দেশ, সমস্যার সমাধান এবং আখিরাতের দিশা।
আজও মিম্বরের শক্তি বক্তার ব্যক্তিত্বে নয় আলেমের ব্যক্তিগত মতামত শুনতে নয়, আল্লাহর বাণী শুনতে মসজিদে আসে।
৩. তিনি যা বলতেন, নিজে তা আমল করতেন। রাসূল ﷺ-এর বক্তব্যের সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর চরিত্র। তিনি যা মানুষকে বলতেন, নিজে সবার আগে তা পালন করতেন। তাঁর জীবন ছিল তাঁর দাওয়াতের সবচেয়ে বড় দলিল।
তাঁকে দেখে সাহাবায়ে কিরাম বুঝতে পারতেন—এই মানুষটি যা বলছেন, তিনি নিজেই তার জীবন্ত প্রতিচ্ছবি। এ কারণেই আল্লাহ তাআলা বলেন—
﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴾
নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব: ২১)
আর কুরআন কঠোর ভাষায় সতর্ক করেছে—
﴿كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ﴾
আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত যে, তোমরা এমন কথা বলো যা নিজেরা করো না। (সূরা সফ: ৩)
মানুষ বক্তার ভাষার চেয়ে তার জীবনকে বেশি বিশ্বাস করে। সুন্দর বক্তৃতা মানুষকে সাময়িকভাবে মুগ্ধ করতে পারে, কিন্তু উত্তম চরিত্র ও বাস্তব আমলই মানুষের হৃদয়ে স্থায়ী প্রভাব সৃষ্টি করে।
রাসূল ﷺ-এর খুতবা সফল ছিল কারণ তিনি মানুষের বাস্তবতা জানতেন, কুরআনের আলোয় সমাধান দিতেন এবং নিজে সেই শিক্ষার বাস্তব নমুনা ছিলেন।
আজ যদি মিম্বর তার হারানো প্রভাব ফিরে পেতে চায়, তাহলে তাকে নববী মিম্বরের এই তিনটি বৈশিষ্ট্যের কাছে ফিরে যেতে হবে মানুষকে বুঝতে হবে, কুরআনের দিকে ফিরতে হবে, এবং নিজের জীবনকে বক্তব্যের সাক্ষীতে পরিণত করতে হবে।
তখন মিম্বর আবার সমাজের হৃদয় জয় করবে, আস্থা ফিরবে, এবং মসজিদ আবার উম্মাহর প্রাণকেন্দ্রে পরিণত হবে।
আজকের ইমামদের জন্য শিক্ষা
**************************
আজকের ইমামকে শুধু মিহরাবের মানুষ হলে চলবে না। তাকে সমাজের মানুষ হতে হবে।
একজন ইমামকে জানতে হবে যুবকদের সংকট, পরিবারের সংকট, অর্থনৈতিক সংকট, নৈতিক সংকট, প্রযুক্তির চ্যালেঞ্জ। একজন ইমামকে কুরআন-সুন্নাহর আলোয় সমাধান তুলে ধরতে হবে।
মুসল্লিদের জন্য শিক্ষা মুসল্লিদেরও বুঝতে হবে খুতবা কেবল শোনার অনুষ্ঠান নয় এটি পরিবর্তনের আহ্বান।
প্রতি জুমা আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত । আজকের খুতবা আমার জীবনে কী পরিবর্তন আনল?
একটি আবেগময় দৃশ্য। ভাবুন রাসূল ﷺ মিম্বারে দাঁড়িয়ে আছেন। সামনে বসে আছেন দরিদ্র, ধনী, যুবক, বৃদ্ধ, নারী-পুরুষের প্রতিনিধিরা।
তিনি কথা বলছেন। কেউ কাঁদছে। কেউ তওবা করছে।
কেউ সিদ্ধান্ত নিচ্ছে আজ থেকে সুদ ছেড়ে দেবে।
কেউ সিদ্ধান্ত নিচ্ছে বাবা-মায়ের খেদমত করবে।
কেউ সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর পথে জীবন ব্যয় করবে।
একটি খুতবা একটি জীবন বদলে দিচ্ছে।
একটি জীবন বদলে একটি পরিবার বদলাচ্ছে।
একটি পরিবার বদলে একটি সমাজ বদলাচ্ছে।
এভাবেই মিম্বর থেকে একটি জাতি গড়ে উঠেছিল।
মিম্বর কখনো শুধু বক্তৃতার স্থান ছিল না।এটি ছিল মানুষের হৃদয় জাগানোর স্থান। এটি ছিল সত্য উচ্চারণের স্থান। এটি ছিল সমাজ সংস্কারের স্থান।
আজ যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে মিম্বরকে আবার তার প্রকৃত ভূমিকা ফিরিয়ে দিতে হবে।
খুতবাকে আবার জীবনের সাথে সংযুক্ত করতে হবে।
মসজিদকে আবার সমাজের কেন্দ্র বানাতে হবে।
আর ইমামকে আবার মানুষের হৃদয়ের নেতা হতে হবে।
আল্লাহ তাআলা আমাদের মিম্বরগুলোকে হেদায়েত, জাগরণ ও সমাজ পরিবর্তনের শক্তিতে পরিণত করুন।