ওমরার সফর — ধৈর্যের মহাসফর

আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র ওমরার সফরে যাওয়ার দ্বার প্রান্তে। সৌদি এয়ারলাইন্সে যাত্রা। সকাল ৫ টা ৫৫ মিনিটের ফ্লাইট বিলম্ব হয়ে আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে রওনা হবে। ধৈর্যের পরীক্ষা শুরু।

ওমরা শুধু একটি সফর নয় — এটি ইমান, আমল ও চরিত্রের পরীক্ষার সফর। এই সফর শুরু হয় ধৈর্যের পরীক্ষা দিয়ে, শেষও হয় ধৈর্যের মাধ্যমে।

◾সফরের শুরুতেই পরীক্ষা

যাত্রা শুরু হতেই দেখা যায় —

ভিসা দেরি, টিকিট নিয়ে অনিশ্চয়তা, ফ্লাইট দেরি করে, বিমানবন্দরে লম্বা লাইন, লাগেজে ঝামেলা— একটার পর একটা পরীক্ষা।

এইসব কষ্টের মাঝেও আল্লাহ তাআলা আমাদের প্রেম ভালবাসার গভীরতা দেখতে চান—

আল্লাহ রাব্বুল আলামীন দেখতে চান “আমার বান্দা কি অভিযোগ করছে, না আমার ফয়সালায় সন্তুষ্ট?

এই মুহূর্তগুলোতে ধৈর্য ধরা মানেই,

আল্লাহর নিকট বিশেষ পুরস্কারের যোগ্য হওয়া।

আল্লাহ বলেন:

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সূরা বাকারা: ১৫৩)

◾ মক্কা-মদিনায় পৌঁছে ধৈর্যের নতুন অধ্যায়

অনেকে ভাবেন, মক্কা-মদিনায় পৌঁছালেই সব সহজ হয়ে যাবে।

কিন্তু আসলে ওখানেই শুরু হয় আসল ধৈর্যের পরীক্ষা।

হোটেলে রুম ঠিকমতো না পাওয়া,

খাবারের স্বাদ না মানানো,

ট্রান্সপোর্ট দেরি করা,

গরমে কষ্ট, ভিড়, ঠেলাঠেলি, পবিত্র ঘরে প্রবেশে করাকরি, তোয়াফের ক্ষেত্রে নানা হওয়া নিয়ম নীতি

এইসব পরিস্থিতিতে যিনি নিজের রাগ দমন করতে পারেন, অভিযোগ না করে “আলহামদুলিল্লাহ” বলতে পারেন, তিনিই ওমরার সফরে প্রকৃত বিজয়ী।

◾ ধৈর্য হারালে কী হয়

ধৈর্য হারিয়ে ফেললে মানুষ ছোটখাটো ব্যাপারে রাগ করে ফেলে—

কখনো সাথীকে কটূ কথা বলে ফেলে,

কখনো গাইড বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করে ফেলে, কখনো অভিযোগে ভরে ফেলে মুখ।

এভাবে ধৈর্য নষ্ট হলে ওমরার রূহানিয়্যাতও নষ্ট হয়ে যায়। ওমরা তখন কেবল একটি ভ্রমণ হয়ে থাকে,

ইবাদতের সফর হয়ে ওঠে না।

◾ ধৈর্য মানে দুর্বলতা নয়, বরং শক্তির পরিচয়

ধৈর্য মানে চুপ করে অন্যায় সহ্য করা নয়,

বরং নিজের রাগ, হতাশা, অভিমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণ করা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“যে ব্যক্তি ধৈর্য ধরতে চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর দান কারোকে দেওয়া হয়নি।” (সহিহ বুখারি

অর্থাৎ ধৈর্য হলো এক অনন্য শক্তি —

যে শক্তি মুমিনকে স্থির রাখে, শান্ত রাখে, সুন্দর রাখে।

◾ধৈর্যের ফল মিষ্টি

যারা ওমরার সফরে ধৈর্য ধরে—

তারা শুধু সফর শেষ করেন না,

বরং নিজেদের আত্মাকে উন্নত করেন।

প্রতিটি কষ্টের বিনিময়ে তারা একেকটি গুনাহ মোচন পান,একেকটি স্তর উঁচু হয় জান্নাতের পথে।

ভাবা প্রয়োজন

যে মানুষ লাখো জনতার ভিড়ে ঠেলাঠেলি, গরম, অপেক্ষা—সবকিছু সহ্য করে আল্লাহর ঘরে ইবাদতে অবিচল থাকে, আল্লাহ তাকে কতটা ভালোবাসবেন!

◾ প্রশিক্ষণমূলক নির্দেশনা — ধৈর্য চর্চার কিছু উপায়

✔️ সফরের আগে থেকেই মনে স্থির করুন: “যা কিছু হবে, আমি ধৈর্য ধরব।”

✔️ কষ্ট আসলে নিজেকে বলুন: “এই ধৈর্যই আমার ওমরার আসল ইবাদত।”

✔️সহযাত্রী, মুতাওয়াফ, গাইড—সবার সঙ্গে নম্র আচরণ করুন।

✔️ কোনো অনিয়ম দেখলে রাগ না করে নরমভাবে কথা বলুন।

✔️মনে রাখুন, আপনি এখন আল্লাহর অতিথি — তাঁর ঘরের পথে যাচ্ছেন।

⬛ওমরার সফর আসলে ধৈর্যের এক দীর্ঘ দৌড়।

যে ধৈর্য ধরে—সে সফল,

যে অভিযোগ করে—সে ক্লান্ত হয়ে পড়ে।

✔️তাই আসুন,

আমরা এই সফরে ধৈর্যকে সঙ্গী বানাই,

অভিযোগ নয়—শোকর আদায় করি,

রাগ নয়—মমতা দেখাই,

অস্থিরতা নয়—শান্তি ছড়াই।

যারা ধৈর্যের সাথে এই সফর সম্পন্ন করবেন,

তাদের জন্য ইনশাআল্লাহ এই সফর হবে আত্মার পরিশুদ্ধির সফর, জান্নাতের দিকে এক মাইলফলক।

◾“হে আল্লাহ, আমাদের ওমরার সফরকে ইবাদতময় করুন।

আমাদের রাগ, অভিযোগ ও অস্থিরতা দূর করুন।

আমাদের অন্তরে ধৈর্য, কৃতজ্ঞতা ও সন্তুষ্টির নূর দান করুন।

আপনি যেন আমাদের সফর কবুল করেন, এবং এই সফরকে জান্নাতের পথের অংশ বানিয়ে দেন। আমিন।”

Scroll to Top