মোবাইলকে ভয় নয় জয় করুন

🔳আজ থেকে বিশ বছর আগে একজন বাবা-মায়ের সবচেয়ে বড় চিন্তা ছিল সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করানো। দশ বছর আগে চিন্তা ছিল সন্তানকে ভালো ফলাফল করানো। আর আজকের দিনে অধিকাংশ বাবা-মায়ের সবচেয়ে বড় চিন্তা—সন্তানকে কীভাবে রক্ষা করবো?

আজ অধিকাংশ সচেতন মা বাবার প্রবল দুশ্চিন্তা সন্তানকে ‌কীভাবে মোবাইল থেকে রক্ষা করবো? কিভাবে ইন্টারনেট থেকে রক্ষা করবো। কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে রক্ষা করবো? কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব থেকে রক্ষা করবো?

কিন্তু আমি শুরুতেই একটি কথা বলতে চাই সন্তানকে এই সময়ে এসে প্রযুক্তি থেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এক সময় বাচ্চাকে নদী থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব ছিল না, তাই তাকে সাঁতার শেখানো হয়েছে। আগুনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না, তাই আগুনের সঠিক ব্যবহার শেখানো হয়েছে। বিদ্যুৎকে নিষিদ্ধ করা সম্ভব ছিল না, তাই নিরাপদ ব্যবহার শেখানো হয়েছে।

ঠিক তেমনি প্রযুক্তিকেও জীবন থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। বরং আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা প্রযুক্তির ব্যবহারকারীই শুধু না হয়; প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও অর্জন করে। আজকের সন্তানদের আগামীর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী করে গড়ে তুলতে হবে।

🔳আজকের আলোচনা মোবাইলের ক্ষতি নিয়ে দীর্ঘশ্বাস ফেলার আলোচনা নয়। এটা ভবিষ্যৎকে বোঝার আলোচনা। এটা প্রযুক্তিকে ভয় পাওয়ার আলোচনা নয়, প্রযুক্তিকে জয় করার আলোচনা। এটা এমন সন্তান গড়ার আলোচনা, যারা পরিবর্তিত পৃথিবীর শিকার হবে না; বরং পরিবর্তনের নেতৃত্ব দেবে।

পৃথিবী বদলে গেছে।আর পৃথিবী যখন বদলে যায়, তখন শুধু পরিবেশ বদলালেই হয় না; চিন্তাধারাও বদলাতে হয়। তখন পুরাতন চিন্তাধারা নিয়ে বসে থাকা ভুল। নতুন ভাবে ভাবতে হয়।

অনেক বাবা-মা এখনো সন্তানকে সেই পৃথিবীর জন্য প্রস্তুত করছেন, যে পৃথিবী আর নেই। কিন্তু আমাদের সন্তানদেরকে প্রস্তুত হতে হবে সেই পৃথিবীর জন্য, যে পৃথিবী দ্রুত আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। তাদেরকে পুরাতন পৃথিবী না নতুন পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

🔳একটু চিন্তা করে দেখুন‌ আজকের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কী‌ সোনা‌ বা রূপা, তেল‌ গ্যাস‌ বা জমি। একসময় এগুলো মূল্যবান সম্পদ ছিল। কিন্তু আজকের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষের মনোযোগ।

এখন যার প্রতি মানুষের মনোযোগ আছে, তার কাছেই অর্থ আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, বাজার আছে। আপনার সন্তান যখন মোবাইল হাতে নেয়, তখন সে শুধু একটি যন্ত্র হাতে নেয় না। তার সামনে খুলে যায় একটি বিশাল প্রতিযোগিতার জগৎ।

পৃথিবীর হাজার হাজার কোম্পানি তখন তার মনোযোগ দখল করার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। ইউটিউব চায় সে আরও কিছুক্ষণ সেখানে থাকুক। ফেসবুক চায় সে আরও কিছুক্ষণ স্ক্রল করুক। টিকটক চায় সে আরও একটি ভিডিও দেখুক। গেম কোম্পানি চায় সে আরও একটি লেভেল খেলুক। বিজ্ঞাপন কোম্পানি চায় সে আরও কয়েক মিনিট সময় ব্যয় করুক।

কারণ তারা জানে আপনার সন্তানের সময় মানেই তাদের আয়।‌ আপনার সন্তানের মনোযোগ মানেই তাদের ব্যবসা।আপনার সন্তানের চোখ যতক্ষণ স্ক্রিনে থাকবে, ততক্ষণ তাদের লাভ বাড়বে।

🔳আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকের পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা কী? অনেক ক্ষেত্রে সেটা আর পণ্য বিক্রির ব্যবসা নয়। বরং মানুষের মনোযোগ ধরে রাখার ব্যবসা। অর্থাৎ আপনার সন্তানের মনোযোগ এখন একটি বাজারে পরিণত হয়েছে।

একটি অদৃশ্য বাজার। যেখানে প্রতিদিন কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে শুধু এই জন্য যে, আপনার সন্তান আরও কিছুক্ষণ স্ক্রিনের সামনে থাকুক। বিষয়টি অত্যন্ত জটিল।

এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই।

আপনি কি জানেন আপনার সন্তানের মনোযোগ কোথায় ব্যয় হচ্ছে? সে প্রতিদিন কত ঘণ্টা মোবাইলে থাকে—এটা হয়তো জানেন।

কিন্তু সে কী নিয়ে চিন্তা করে‌ কাকে অনুসরণ করে‌‌, কার কথা শুনে‌। আপনি কি জানেন কোন বিষয় তাকে উত্তেজিত করে? কোন বিষয় তাকে প্রভাবিত করে? কোন স্বপ্ন তার মনে তৈরি হচ্ছে?কোন আদর্শ তার ভেতরে গড়ে উঠছে?এসব কি আপনি জানেন?

কারণ বাস্তবতা হলো, সন্তান যার কথা সবচেয়ে বেশি শুনে, ধীরে ধীরে সে তার মতোই হয়ে ওঠে। আগে এই প্রভাব বিস্তার করতেন বাবা-মা, শিক্ষক, আলেম, সমাজের বয়োজ্যেষ্ঠরা।‌ আজ সেই জায়গায় বসে গেছে অ্যালগরিদম।

🔳অ্যালগরিদম কী? ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামের অ্যালগরিদম হলো এমন কিছু নিয়ম ও কম্পিউটার নির্দেশনা, যা নির্ধারণ করে আপনাকে কোন ভিডিও দেখানো হবে, কোন পোস্ট আগে দেখবেন, কোন বিষয় আপনার সামনে বারবার আসবে।

ধরুন আপনি ইউটিউবে কয়েকটি ইসলামিক আলোচনা দেখলেন। তখন ইউটিউবের অ্যালগরিদম বুঝবে আপনি এই ধরনের বিষয় পছন্দ করেন। এরপর সে আপনাকে আরও ইসলামিক ভিডিও দেখাবে। আবার যদি কেউ সারাদিন গেম বা বিনোদনের ভিডিও দেখে, অ্যালগরিদম তাকে আরও সেই ধরনের ভিডিও দেখাতে থাকবে।

অর্থাৎ অ্যালগরিদম অনেকটা এমন একজন দোকানদারের মতো, যে আপনার পছন্দ বুঝে বারবার একই ধরনের জিনিস সামনে এনে রাখে।

অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকের পৃথিবীতে শুধু সন্তানের চরিত্র নয়, তার অ্যালগরিদমও তাকে গড়ে তুলছে। আপনার সন্তান যদি প্রতিদিন ভালো বই, কুরআন, জ্ঞানমূলক আলোচনা, বিজ্ঞান ও দক্ষতাভিত্তিক বিষয় দেখে, তাহলে তার মোবাইলের অ্যালগরিদমও তাকে সেদিকেই নিয়ে যাবে।

আর যদি সে অপ্রয়োজনীয় বিনোদন, অর্থহীন ভিডিও ও সময় নষ্টের বিষয়গুলো বেশি দেখে, তাহলে অ্যালগরিদম তাকে সেদিকেই আরও গভীরে টেনে নিয়ে যাবে।

তাই শুধু সন্তানের হাতে মোবাইল আছে কি না, সেটি গুরুত্বপূর্ণ নয়। বরং সে মোবাইলে কী দেখছে, কী শিখছে এবং কোন অ্যালগরিদম তার চিন্তাকে প্রভাবিত করছে—সেটিই আজকের যুগের বড় প্রশ্ন।

এক কথায়, অ্যালগরিদম হলো এমন এক অদৃশ্য শিক্ষক, যে প্রতিদিন আপনার সন্তানের সামনে কী আসবে, তা নির্ধারণ করে।

🔳তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কি আপনার সন্তানের মনোযোগের মালিক, নাকি অন্য কেউ?

আপনি কি তার চিন্তার দিকনির্দেশনা দিচ্ছেন‌ নাকি অদৃশ্য কোনো প্রযুক্তি কোম্পানি তার চিন্তা, পছন্দ, অভ্যাস এবং ভবিষ্যৎ গড়ে দিচ্ছে? যে অভিভাবক এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করবেন, তিনি সন্তান গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজায় প্রবেশ করবেন।

কারণ ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হবে জমির জন্য নয়, সম্পদের জন্য নয়; মানুষের মন ও মনোযোগের জন্য। আর যে পরিবার সন্তানের মনোযোগকে সুরক্ষিত রাখতে পারবে, সেই পরিবারই তার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারবে।

আজকের আলোচনা মোবাইলের ক্ষতি নিয়ে কান্নাকাটি করার আলোচনা নয়। এটা ভবিষ্যৎ মোবাইল প্রযুক্তিকে জয় করার আলোচনা। এটা এমন সন্তান গড়ার আলোচনা, যারা পৃথিবীর পরিবর্তনের শিকার হবে না; বরং পরিবর্তনের নেতৃত্ব দেবে।

🔳ভবিষ্যতের পৃথিবীতে কারা সফল হবে?

এক সময় ছিল যখন তথ্যই ছিল শক্তি। যার কাছে বেশি তথ্য ছিল, সে এগিয়ে থাকত। একটি বই খুঁজে পাওয়া, একটি গবেষণা পড়া, একটি বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করা—এসব ছিল কঠিন কাজ। তাই যারা বেশি জানত, তারাই সাধারণত নেতৃত্ব দিত।

কিন্তু পৃথিবী বদলে গেছে। আজ তথ্য আর দুর্লভ নয়।

আজ তথ্য সবার হাতের মুঠোয়। মোবাইল বের করলেই তথ্য। ইন্টারনেটে প্রবেশ করলেই তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি প্রশ্ন করলেই মুহূর্তের মধ্যে শত শত পৃষ্ঠার তথ্য সামনে চলে আসে।

তাই আগামী দিনের পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হবে না সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তথ্য মুখস্থ জানে। কারণ তথ্য এখন আর বিশেষ সম্পদ নয়। বিশেষ সম্পদ হলো‌ তথ্যকে কাজে লাগানোর ক্ষমতা।

একই তথ্য লাখো মানুষের কাছে থাকতে পারে, কিন্তু সবাই একই ফলাফল অর্জন করে না।‌কারণ তথ্য মানুষকে জ্ঞান দিতে পারে, কিন্তু চিন্তা করতে শেখায় না।‌ তথ্য উত্তর দিতে পারে, কিন্তু সঠিক প্রশ্ন করতে শেখায় না। তথ্য পথ দেখাতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হয় মানুষকেই।

তাই আগামীর পৃথিবীতে সফল হবে সে যে গভীরভাবে চিন্তা করতে পারে।‌‌ যে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। যে কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে পারে। যে নেতৃত্ব দিতে পারে। যে নতুন কিছু সৃষ্টি করতে পারে।

🔳আজ হাজার হাজার ছাত্র একই বই পড়ছে। একই সিলেবাস অনুসরণ করছে। একই পরীক্ষা দিচ্ছে। একই উত্তর লিখছে। একই ধরনের সার্টিফিকেট অর্জন করছে।কিন্তু তাদের সবাই কি পৃথিবীকে প্রভাবিত করবে? সবাই কি নতুন কিছু আবিষ্কার করবে? সবাই কি সমাজের নেতৃত্ব দেবে?

অবশ্যই না।‌কারণ তাদের অধিকাংশই তথ্য সংগ্রহ করছে, কিন্তু খুব অল্প মানুষ চিন্তা করার অভ্যাস গড়ে তুলছে।

আজকের পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় প্রযুক্তি কোম্পানি, বড় বড় গবেষণা কেন্দ্র, বড় বড় অর্থনৈতিক পরিকল্পনা‌ এসব পরিচালনা করছে অল্প কিছু মানুষ।

🔳এই অল্প কিছু ‌মানুষ তাদের বিশেষত্ব কী?

তারা কি অন্যদের চেয়ে বেশি বই মুখস্থ করেছে।‌ সব সময় তা নয়। তাদের বড় শক্তি হলো—তারা চিন্তা করতে শিখেছে।তারা প্রশ্ন করতে শিখেছে।‌ তারা ভবিষ্যৎ কল্পনা করতে শিখেছে।‌‌ তারা এমন সমস্যাও দেখতে পায়, যা অন্যরা দেখতে পায় না। আর সেই সমস্যার সমাধানও খুঁজে বের করে।

আজকের পৃথিবীতে কর্মী অনেক আছে। কিন্তু চিন্তাবিদ কম। অনুসরণকারী অনেক আছে। কিন্তু পথপ্রদর্শক কম।

ভোক্তা অনেক আছে। কিন্তু সৃষ্টিকারী কম।

আর এই কারণেই আগামীর পৃথিবী চিন্তাশীল মানুষের।আগামীর পৃথিবী সৃজনশীল মানুষের। আগামীর পৃথিবী সমস্যা সমাধানকারীদের। আগামীর পৃথিবী নেতৃত্বদানকারী মানুষের।

সুতরাং আমাদের সন্তানদের শুধু তথ্যের ভাণ্ডার বানানো যথেষ্ট নয়। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা চিন্তা করতে শেখে।‌ প্রশ্ন করতে শেখে। বিশ্লেষণ করতে শেখে। সিদ্ধান্ত নিতে শেখে। সাহসের সঙ্গে নতুন কিছু তৈরি করতে শেখে।

কারণ ভবিষ্যতের পৃথিবীতে মূল্যায়ন হবে শুধু কে কত জানে তার উপর নয়; বরং কে সেই জ্ঞান ব্যবহার করে নতুন কী সৃষ্টি করতে পারে, তার উপর।

আর যে সন্তান চিন্তা করতে শিখবে, সে শুধু নিজের ভবিষ্যৎ গড়বে না সে ভবিষ্যৎ পৃথিবী গড়ারও যোগ্যতা অর্জন করবে। যারা চিন্তা করতে পারে নতুন কিছু গড়ে তুলতে পারে তাদের নেতৃত্বে গড়ে উঠবে আগামীর পৃথিবী।

🔳 আপনার সন্তানকে চিন্তা করতে শিখান

সন্তানকে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করবেন না। আমাদের সমাজে একটি ধারণা অনেক গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে—ভালো ফলাফল মানেই ভালো ভবিষ্যৎ।

তাই সন্তানের শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত আমাদের সমস্ত প্রচেষ্টা আবর্তিত হয় পরীক্ষার নম্বরকে ঘিরে। কোন স্কুলে পড়বে? কত নম্বর পেল?‌ক্লাসে কততম হলো? বোর্ড পরীক্ষায় কী ফলাফল করল? এগুলোই আমাদের দুশ্চিন্তা।

কিন্তু বাস্তব জীবনের একটি বড় সত্য হলো—পরীক্ষার খাতায় সফলতা আর জীবনের সফলতা সব সময় এক জিনিস নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অনেক প্রথম স্থান অধিকারী মানুষ পরবর্তীতে একেবারে সাধারণ জীবন কাটিয়েছেন। আবার অনেক সাধারণ ছাত্র, যাদের নাম কখনো মেধা তালিকায় আসেনি, তারাই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছেন।

এমন হয়েছে কারণ জীবনে সফলতার জন্য শুধু মেধা যথেষ্ট নয়। শুধু তথ্য জানা যথেষ্ট নয়। শুধু ভালো ফলাফল করাও যথেষ্ট নয়। বাস্তব জীবনে এগিয়ে যেতে হলে আরও কিছু শক্তির প্রয়োজন হয়, যেগুলো অনেক সময় পরীক্ষার খাতায় মাপা যায় না। প্রয়োজন আত্মবিশ্বাস। প্রয়োজন সাহস। প্রয়োজন নেতৃত্বের গুণ। প্রয়োজন মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা। প্রয়োজন সমস্যা সমাধানের ক্ষমতা। প্রয়োজন নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা।

🔳আজকের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য দিতে পারে।

কম্পিউটার হিসাব করতে পারে। সফটওয়্যার বিশ্লেষণ করতে পারে। কিন্তু মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে না। দায়িত্ব নিতে পারে না। ঝুঁকি নিতে পারে না। নেতৃত্ব দিতে পারে না। সুতরাং আগামী দিনের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান মানুষ হবে সেই ব্যক্তি, যে চিন্তা করতে পারে।

আগামীর নেতৃত্ব তাদের কাছে যে নতুন প্রশ্ন করতে পারে। যে জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। যে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে। যে একটি দলকে সামনে নিয়ে যেতে পারে।

একজন সন্তান যদি শতভাগ নম্বর পায়, কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে দুই মিনিট কথা বলতে না পারে, যদি সে নিজের মতামত প্রকাশ করতে না পারে,‌যদি সে কোনো সমস্যার মুখোমুখি হয়ে ভেঙে পড়ে, যদি সে সিদ্ধান্ত নিতে ভয় পায়, যদি সে ব্যর্থতার ভয়ে নতুন কিছু চেষ্টা না করে তাহলে বাস্তব জীবনে সে পিছিয়ে পড়বে। কারণ জীবন শুধু পরীক্ষার হল নয়।

জীবন হলো সিদ্ধান্তের মাঠ। জীবন হলো সমস্যা সমাধানের ক্ষেত্র। জীবন হলো মানুষের সাথে কাজ করার জায়গা। জীবন হলো নেতৃত্ব দেওয়ার সুযোগ। তাই সন্তানকে শুধু উত্তর মুখস্থ করতে শেখাবেন না। তাকে প্রশ্ন করতে শেখান। শুধু বই পড়তে শেখাবেন না। তাকে চিন্তা করতে শেখান।‌ শুধু নির্দেশ মানতে শেখাবেন না।‌ তাকে সিদ্ধান্ত নিতে শেখান।‌শুধু নিরাপদ পথে হাঁটতে শেখাবেন না।‌ তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখান।

মনে রাখবেন, আগামীর পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হবে না ডিগ্রি, তথ্য, মুখস্থ বিদ্যা। সবচেয়ে বড় সম্পদ হবে চিন্তা করতে পারা, সৃষ্টি করতে পারা, নেতৃত্ব দিতে পারা এবং সমস্যার সমাধান করতে পারা।

আর এই শিক্ষা শুরু হয় পরিবার থেকে। যেদিন বাবা-মা সন্তানের কাছে শুধু এই প্রশ্ন করবেন না—”আজ কত নম্বর পেয়েছো? বরং জিজ্ঞেস করবেন আজ নতুন কী শিখলে?‌আজ কী নিয়ে চিন্তা করলে? আজ কোনো সমস্যার সমাধান করতে পেরেছো। আজ এমন কী করেছো, যা তোমাকে গতকালের চেয়ে যোগ্য মানুষ বানিয়েছে?

সেদিন থেকেই প্রকৃত শিক্ষা শুরু হবে। কারণ পরীক্ষায় ভালো ফলাফল একজন ভালো ছাত্র তৈরি করতে পারে।কিন্তু চিন্তা করার ক্ষমতা একজন মানুষকে ভবিষ্যতের নেতা, উদ্ভাবক এবং পৃথিবী পরিবর্তনের কারিগরে পরিণত করে।

🔳সন্তানকে ভয় দিয়ে নয়, সাহস দিয়ে বড় করুন

একটি শিশু পৃথিবীতে আসে সীমাহীন সম্ভাবনা নিয়ে। সে হাঁটতে শেখে পড়ে গিয়ে, কথা বলতে শেখে ভুল উচ্চারণ করে, আর জীবনকে জানতে শেখে হাজারো চেষ্টা-ভুলের মধ্য দিয়ে। অথচ বড় হতে হতে আমরা তাকে সবচেয়ে বেশি যে জিনিসটি শেখাই, তা হলো—ভয়।

ভয় দেখিয়ে পড়ানো হয়, ভয় দেখিয়ে শাসন করা হয়, ভয় দেখিয়ে ভবিষ্যতের ছবি আঁকা হয়। তাকে ভয় দেখানো হয় ভালো ফল না করলে জীবন শেষ। ফেল করলে মানুষ হতে পারবে না। চাকরি না পেলে তোমার কোনো মূল্য নেই।

এসব কথা শুনতে শুনতে অনেক সন্তান বড় হয়। কিন্তু তার আত্মবিশ্বাস বড় হয় না। তার ভেতরে জন্ম নেয় ব্যর্থতার আতঙ্ক। সে নতুন কিছু করার সাহস হারিয়ে ফেলে। কারণ তার কাছে ভুল মানেই অপরাধ, আর ব্যর্থতা মানেই জীবনের সমাপ্তি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

🔳যে শিশু কখনো পড়ে যায়নি, সে হাঁটতেও শেখেনি। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে বড় কোনো সফলতাও অর্জন করেনি। পৃথিবীর প্রতিটি আবিষ্কার, প্রতিটি পরিবর্তন, প্রতিটি অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য ভুল, ব্যর্থতা এবং আবার উঠে দাঁড়ানোর গল্প।

সন্তানকে এমনভাবে বড় করুন, যেন সে ব্যর্থতাকে ভয় না পায়। কারণ যে সন্তান ব্যর্থতাকে ভয় পায়, সে স্বপ্ন দেখতেও ভয় পায়। আর যে স্বপ্ন দেখতে ভয় পায়, সে জীবনে বড় কিছু করার সাহসও পায় না।

একজন বাবা-মায়ের সবচেয়ে বড় দায়িত্ব শুধু সন্তানের জন্য নিরাপদ পথ তৈরি করা নয়; বরং তাকে এমন শক্তি দেওয়া, যাতে কঠিন পথেও সে দৃঢ়ভাবে চলতে পারে।

তাই সন্তান ভুল করলে শুধু শাসন করবেন না, তাকে শেখান ভুল থেকে শিক্ষা নিতে। হারলে শুধু সমালোচনা করবেন না, তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিন। তার মনে এই বিশ্বাস গড়ে তুলুন আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার শুরু করব।

কারণ জীবনে সবচেয়ে সফল মানুষ তারা নয়, যারা কখনো হারেনি বরং তারা, যারা শতবার হেরে গিয়েও হাল ছাড়েনি। সন্তানকে ভয় দিয়ে নয়, সাহস দিয়ে বড় করুন। তাকে এমন মানুষ বানান, যে বিপদে ভেঙে পড়বে না, ব্যর্থতায় থেমে যাবে না, বরং প্রতিটি বাধাকে নতুন সম্ভাবনার দরজা হিসেবে দেখতে শিখবে।

আপনার সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন নিখুঁত হওয়া নয়; তার সবচেয়ে বড় প্রয়োজন হলো এই বিশ্বাস আমি পারব, কারণ আমার পরিবার আমার পাশে আছে।

🔳মোবাইল: শত্রু নয়, একটি শক্তিশালী যন্ত্র

আজকাল অনেক অভিভাবক ও শিক্ষক একটি অভিযোগ প্রায়ই করেন মোবাইল আমাদের সন্তানদের নষ্ট করে দিচ্ছে। কথাটি পুরোপুরি ভুল নয়, কিন্তু পুরোপুরি সঠিকও নয়।

বাস্তবতা হলো, মোবাইল নিজে কাউকে নষ্ট করে না। মোবাইল একটি যন্ত্র মাত্র। এর কোনো বিবেক নেই, কোনো উদ্দেশ্য নেই। আপনি যেভাবে ব্যবহার করবেন, এটি সেভাবেই কাজ করবে। শুধুমাত্র মোবাইলের ব্যবহার নয় বরং মোবাইলের অপব্যবহার ক্ষতিকর।

🔳একই মোবাইল একজন মানুষের হাতে ঘণ্টার পর ঘণ্টা গেম, বিনোদন ও অপ্রয়োজনীয় ভিডিও দেখার মাধ্যম হতে পারে। আবার অন্য একজনের হাতে সেটিই হতে পারে জ্ঞান অর্জনের জানালা, ব্যবসার অফিস, দাওয়াতের মঞ্চ কিংবা কুরআন শিক্ষার মাধ্যম।

একই স্ক্রিনে কেউ সময় নষ্ট করছে, আবার কেউ নতুন ভাষা শিখছে। কেউ অশ্লীলতায় ডুবে যাচ্ছে, আবার কেউ ইসলামী জ্ঞান অর্জন করছে। কেউ ভবিষ্যৎ নষ্ট করছে, আবার কেউ নিজের ক্যারিয়ার গড়ছে।

তাই সমস্যার মূল মোবাইল নয় সমস্যার মূল হলো এর ব্যবহার। আমরা যদি সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিই কিন্তু তাকে সময় ব্যবস্থাপনা না শেখাই, ভালো-মন্দের পার্থক্য না শেখাই, আত্মনিয়ন্ত্রণ না শেখাই‌ তাহলে দোষ শুধু মোবাইলের ওপর চাপিয়ে দিলে সমস্যার সমাধান হবে না।

🔳একটি ছুরি দিয়ে যেমন একজন ডাক্তার জীবন বাঁচায়, আবার একজন অপরাধী ক্ষতি করে; তেমনি মোবাইলও মানুষের উদ্দেশ্য অনুযায়ী কল্যাণ বা অকল্যাণের মাধ্যম হয়ে ওঠে।

তাই মোবাইল কেড়ে নেওয়ার আগে আমাদের ভাবতে হবে আমরা কি সন্তানকে সঠিক ব্যবহার শিখিয়েছি? আমরা কি তাকে দেখিয়েছি এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কত জ্ঞান, দক্ষতা ও সম্ভাবনার দরজা খুলে যেতে পারে?

ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তিনির্ভর। আমাদের সন্তানদের প্রযুক্তি থেকে দূরে সরিয়ে নয়, প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে গড়ে তুলতে হবে।

মোবাইল শত্রু নয়। এটি একটি শক্তিশালী যন্ত্র। এই যন্ত্র একজন মানুষকে অন্ধকারেও নিয়ে যেতে পারে, আবার জ্ঞান, দক্ষতা ও সাফল্যের উচ্চতায়ও পৌঁছে দিতে পারে। সিদ্ধান্তটা মোবাইলের নয়—সিদ্ধান্তটা ব্যবহারকারীর।

🔳সন্তানকে প্রযুক্তির ভোক্তা নয়, নির্মাতা বানান

আপনার সন্তান আজ মোবাইল ব্যবহার করতে জানে। ইউটিউব দেখে, বিভিন্ন অ্যাপ চালায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এখানে আপনি দায়িত্বশীল। একজন অভিভাবক হিসেবে নিজেকে একবার প্রশ্ন করুন—

আমার সন্তান কি শুধু অন্যের তৈরি জিনিস ব্যবহার করছে, নাকি একদিন সে নিজেও কিছু তৈরি করতে পারবে?

সে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও দেখে। কিন্তু কখনো কি তাকে বলেছেন, তুমিও কি একটি সুন্দর ও উপকারী ভিডিও বানাতে পারো?”

সে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। কিন্তু কখনো কি তাকে উৎসাহ দিয়েছেন, একদিন তুমিও কি মানুষের উপকারে আসে এমন একটি অ্যাপ তৈরি করতে পারো?

সে AI দিয়ে প্রশ্নের উত্তর খুঁজে। কিন্তু সে কি AI ব্যবহার করে নতুন কোনো সমস্যা সমাধানের কথা ভাবছে?

🔳ভবিষ্যতের পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করতে পারা যথেষ্ট হবে না। কারণ ব্যবহারকারী লাখো মানুষ থাকবে। কিন্তু নির্মাতা থাকবে খুব অল্প। যারা শুধু ব্যবহার করবে, তারা অন্যের তৈরি পথ ধরে হাঁটবে। আর যারা তৈরি করবে, তারা নতুন পথ দেখাবে। আপনার সন্তানকে বলুন তাকে ভালো কিছুর নির্মাতা হতে হবে তাহলে সে সফল হবে। ব্যবহারকারীরা তো ব্যবহার করে যাবে। এতে সফলতার কিছু নেই।

আজ আপনার সন্তানের হাতে যে মোবাইল আছে, সেটি শুধু বিনোদনের যন্ত্র নয়। এটি হতে পারে তার শিক্ষা, দক্ষতা, সৃজনশীলতা ও স্বপ্ন গড়ার মাধ্যম। কিন্তু এজন্য তাকে শুধু দেখার নয়, তৈরির অভ্যাস গড়ে দিতে হবে।

সন্তানকে জিজ্ঞেস করুন তুমি কী নতুন কিছু বানাতে চাও?তুমি কোন সমস্যার সমাধান করতে চাও? তোমার এমন কী স্বপ্ন আছে, যা মানুষের উপকারে আসবে?

এই প্রশ্নগুলোই একদিন তার চিন্তার জগৎ বদলে দিতে পারে। মনে রাখবেন, পৃথিবীকে বদলে দেয় তারা, যারা শুধু পর্দার দিকে তাকিয়ে থাকে না; বরং পর্দার ওপারে নতুন কিছু সৃষ্টি করে। তারা কিন্তু দর্শক নয় তারা নির্মাতা।

তাই সন্তানকে শুধু প্রযুক্তির ভোক্তা বানাবেন না। তাকে স্বপ্ন দেখতে শেখান, চিন্তা করতে শেখান, সৃষ্টি করতে শেখান। কারণ আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই থাকবে, যারা প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি প্রযুক্তি তৈরি করতেও জানবে।

🔳সন্তানের মধ্যে যে পাঁচটি গুণ গড়ে তুলতেই হবে।‌ আমরা সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাই, ভালো ফলাফলের জন্য চেষ্টা করি, তার ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখি। কিন্তু একটি প্রশ্ন খুব কমই করি আমরা কি তার মধ্যে এমন গুণগুলো গড়ে তুলছি, যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও সম্মানিত মানুষ বানাবে?

সময় বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে। কিন্তু কিছু গুণ আছে, যেগুলোর মূল্য কখনো কমে না। একজন সন্তানের মধ্যে অন্তত পাঁচটি গুণ গড়ে তোলার চেষ্টা করা উচিত।

১. গভীর মনোযোগ

আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট হয়তো অর্থের নয়, মনোযোগের সংকট।‌ একটি শিশু ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারে, কিন্তু দশ মিনিট মনোযোগ দিয়ে একটি বই পড়তে পারে না। অথচ যে মনোযোগ দিতে পারে না, সে কোনো ক্ষেত্রেই বড় কিছু অর্জন করতে পারে না।

বিজ্ঞানী, আলেম, গবেষক, উদ্যোক্তা—যে-ই হোক, সাফল্যের পেছনে থাকে দীর্ঘ সময় ধরে এক বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা। তাই সন্তানকে শুধু ব্যস্ত রাখবেন না; তাকে গভীরভাবে পড়তে, চিন্তা করতে এবং একটি বিষয়ে ধৈর্য ধরে কাজ করতে শেখান।

২. যোগাযোগ দক্ষতা

অনেক মেধাবী মানুষ জীবনে পিছিয়ে যায় শুধু একটি কারণে—তারা নিজের চিন্তা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না।‌আপনার সন্তান কী ভাবছে, কী জানে, কী স্বপ্ন দেখে সেটি মানুষকে বোঝাতে পারাও একটি বড় দক্ষতা।

তাই তাকে প্রশ্ন করতে দিন। পরিবারের আলোচনায় অংশ নিতে দিন। ছোট ছোট বক্তব্য দিতে উৎসাহ দিন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন।‌ যে সন্তান সুন্দরভাবে কথা বলতে পারে, সে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

৩. সমস্যা সমাধানের দক্ষতা।

অনেক বাবা-মা সন্তানের সব সমস্যার সমাধান নিজেরাই করে দেন। এতে সমস্যা সাময়িকভাবে মিটে যায়, কিন্তু সন্তান চিন্তা করতে শেখে না। সন্তান কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করুন তোমার মতে কী করা উচিত?

হয়তো তার উত্তর নিখুঁত হবে না। কিন্তু এভাবেই সে চিন্তা করতে শিখবে, সিদ্ধান্ত নিতে শিখবে, দায়িত্ব নিতে শিখবে।

জীবনে সফল মানুষ তারা নয়, যাদের কোনো সমস্যা নেই; বরং তারা, যারা সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে।

৪. নেতৃত্ব

নেতৃত্ব মানে শুধু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা নয়। নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া। সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন। পরিবারের কোনো কাজের পরিকল্পনা করতে দিন। ছোট ভাইবোনের খোঁজ রাখতে বলুন। কোনো অনুষ্ঠান আয়োজনের কাজে তাকে যুক্ত করুন।

যে শিশু ছোটবেলা থেকে দায়িত্ব নিতে শেখে, সে বড় হয়ে সমাজ ও জাতির জন্য সম্পদ হয়ে ওঠে।

৫. চরিত্র

সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—চরিত্র।

মেধা মানুষকে উচ্চতায় পৌঁছে দিতে পারে, কিন্তু চরিত্র তাকে সেখানে টিকিয়ে রাখে।

চরিত্রহীন মেধা বিপজ্জনক। নৈতিকতাহীন প্রযুক্তি ধ্বংস ডেকে আনে। ক্ষমতা যদি চরিত্রের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেই ক্ষমতাই মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

তাই সন্তানকে শুধু সফল হওয়া শেখাবেন না; সৎ হওয়া শেখান। শুধু জয়ী হওয়া শেখাবেন না; ন্যায়ের পথে থাকা শেখান। শুধু বড় মানুষ হওয়া নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন।

মনে রাখবেন, আপনি সন্তানের জন্য সবচেয়ে বড় যে উপহার দিতে পারেন, তা সম্পদ নয়, সনদ নয়, বরং এমন কিছু গুণ, যা তার জীবনের প্রতিটি পর্যায়ে তাকে পথ দেখাবে। গভীর মনোযোগ, সুন্দর যোগাযোগ, সমস্যা সমাধানের ক্ষমতা, নেতৃত্ব এবং উত্তম চরিত্র—এই পাঁচটি গুণ থাকলে সে শুধু নিজের জীবনই গড়বে না, অন্যদের জীবনেও আলো ছড়াবে।

🔳পরিবারকে শিক্ষাকেন্দ্রে পরিণত করুন

একটি সন্তান স্কুল থেকে যতটা শেখে, তার চেয়েও বেশি শেখে নিজের ঘর থেকে। কারণ বই তাকে কিছু সময় শিক্ষা দেয়, কিন্তু পরিবার তাকে শিক্ষা দেয় প্রতিদিন, প্রতি মুহূর্তে।

তাই নিজেকে প্রশ্ন করুন—আপনার ঘরের পরিবেশ কেমন?

ঘরে যদি শুধু খাওয়া, ঘুমানো, মোবাইল দেখা আর সময় কাটানোর সংস্কৃতি থাকে, তাহলে সন্তানও সেখান থেকে তাই শিক্ষা নেবে। সে বুঝবে জীবন মানেই ভোগ করা, সময় কাটানো এবং দায়িত্ব এড়িয়ে চলা।

কিন্তু ঘরে যদি বই থাকে, জ্ঞানচর্চা থাকে, কুরআন তিলাওয়াতের ধ্বনি থাকে, পারিবারিক আলোচনা থাকে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকে, নতুন কিছু শেখার আগ্রহ থাকে—তাহলে সেই পরিবেশ নিঃশব্দে সন্তানের মন ও চিন্তাকে গড়ে তুলবে।

শিশুরা আমাদের কথা কম শোনে, কিন্তু আমাদের জীবনকে খুব গভীরভাবে দেখে। আপনি যদি বই পড়েন, সেও বইয়ের প্রতি আগ্রহী হবে। আপনি যদি চিন্তা করেন, শিখেন, আলোচনা করেন, সেও ধীরে ধীরে সেই অভ্যাস অর্জন করবে।

মনে রাখবেন, একটি পরিবার শুধু থাকার জায়গা নয়; এটি একটি ছোট্ট শিক্ষাপ্রতিষ্ঠান। আর বাবা-মা হচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক।

🔳 আগামী বিশ বছরের প্রস্তুতি

আজ যে শিশুটির বয়স পাঁচ বছর, ২০৪০ সালে সে একজন তরুণ হবে। সে এমন এক পৃথিবীতে জীবন শুরু করবে, যে পৃথিবী আজকের পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

আমরা জানি না তখন কোন প্রযুক্তি আসবে, কোন পেশা বিলুপ্ত হবে, আর কোন নতুন কাজ সৃষ্টি হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত—প্রযুক্তি আরও শক্তিশালী হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা আরও বিস্তৃত হবে, এবং পরিবর্তনের গতি আরও দ্রুত হবে।

তাই সন্তানকে শুধু একটি নির্দিষ্ট চাকরি বা পেশার জন্য প্রস্তুত করলে হবে না। কারণ যে পেশার জন্য আজ প্রস্তুতি নিচ্ছে, তার রূপই হয়তো কয়েক বছর পরে বদলে যাবে।

বরং তাকে এমন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যে সারাজীবন শিখতে পারে। নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। নতুন দক্ষতা অর্জন করতে পারে। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে পারে।

সন্তানকে শুধু কী শিখতে হবে তা শেখাবেন না; কীভাবে শিখতে হয়, সেটাও শেখান। কারণ ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান মানুষ হবে সে নয়, যে সবচেয়ে বেশি জানে; বরং সে, যে সবচেয়ে দ্রুত শিখতে পারে, নতুন বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং আল্লাহর দেওয়া বিবেক, জ্ঞান ও চরিত্র দিয়ে পরিবর্তিত পৃথিবীতে সঠিক পথ খুঁজে নিতে পারে।

আজ ঘরে যে পরিবেশ আপনি তৈরি করছেন, সেটিই আগামী বিশ বছর পর আপনার সন্তানের ব্যক্তিত্ব, চিন্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আপনার পরিবারকে শুধু বসবাসের স্থান নয়, জ্ঞান, চরিত্র, কুরআন ও চিন্তার একটি প্রাণবন্ত শিক্ষাকেন্দ্রে পরিণত করুন।

🔳মুসলিম অভিভাবকদের বিশেষ দায়িত্ব

আমরা শুধু সফল মানুষ চাই না। আমরা উপকারী মানুষ চাই।‌ আমরা শুধু ধনী মানুষ চাই না।‌আমরা আমানতদার মানুষ চাই। আমরা শুধু ক্ষমতাবান মানুষ চাই না।‌ আমরা আল্লাহভীরু ক্ষমতাবান মানুষ চাই।

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন এনেছেন এমন মানুষরা কেবল জ্ঞানী ছিলেন না। তারা নৈতিক শক্তিতেও শক্তিশালী ছিলেন।

🔳আজ থেকে দশ বছর পরে পৃথিবী আপনার সন্তানের কাছে প্রশ্ন করবে না তুমি কত নম্বর পেয়েছিলে।‌পৃথিবী জানতে চাইবে তুমি কী সমস্যা সমাধান করতে পারো?‌তুমি কী সৃষ্টি করতে পারো? তুমি কী নেতৃত্ব দিতে পারো? তুমি মানুষের জন্য কী উপকার করতে পারো?”

তাই সন্তানকে শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করবেন না। শুধু চাকরির জন্য প্রস্তুত করবেন না। শুধু জীবিকা অর্জনের জন্য প্রস্তুত করবেন না।‌ তাকে এমনভাবে গড়ে তুলুন—

যাতে সে আল্লাহর বান্দা হয়, মানবতার সেবক হয়, জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ হয়, এবং আগামী পৃথিবীর চালিকাশক্তি হওয়ার যোগ্যতা অর্জন করে। এই সন্তানরাই ভবিষ্যতের নেতা।‌ এই সন্তানরাই ভবিষ্যতের নির্মাতা। এই সন্তানরাই উম্মাহর আগামী দিনের আশা। তাদেরকে ভয় দিয়ে নয় সাহস দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য হিসেবে গড়ে তুলুন। আগামীর পর ফুল বিছানো নয় কাটা বিছানো। সে পথেই তাদেরকে চলতে হবে সাহস নিয়ে। এবং জুলুম ও অবিচারের ময়লা আবর্জনা মুক্ত এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে।

Scroll to Top