আজকের পৃথিবীতে সন্তান লালন-পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মোবাইল আসক্তি।
এক সময় শিশুরা মাঠে খেলত, বই পড়ত, দাদা-দাদীর গল্প শুনত, বন্ধুদের সঙ্গে মিশত। আজ অনেক শিশু ঘন্টার পর ঘন্টা একটি ছোট স্ক্রিনের সামনে বসে থাকে। পরিবার একই ঘরে আছে, একই ছাদের নিচে থেকেও আমরা যেন দূরের মানুষ।
প্রযুক্তি নিজে শত্রু নয়। মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা—এসব আল্লাহর দেওয়া এই সময়ের অনন্য নিয়ামত। এর সঠিক ব্যবহার ক্ষতিকর নয়। সমস্যা প্রযুক্তিতে নয়; সমস্যা হলো নিয়ন্ত্রণহীন ব্যবহারে।
একটি ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার মানুষকেও আঘাত করা যায়। তাই প্রশ্ন প্রযুক্তি ভালো না খারাপ—এটা নয়। প্রশ্ন হলো, প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে? আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি, নাকি প্রযুক্তি আমাদের ব্যবহার করছে?
আজ আমরা এমন দশটি কার্যকর নীতি নিয়ে আলোচনা করব, যা অনুসরণ করলে সন্তানকে প্রযুক্তির দাসত্ব থেকে রক্ষা করা সম্ভব।
প্রথম নীতি নিজেরা উদাহরণ হোন। সন্তান আমাদের কথা কম শোনে, আমাদের জীবন বেশি দেখে।
একজন বাবা সন্তানের হাতে মোবাইল দেখে বিরক্ত হয়ে বললেন, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকিস কেন?
আমরা সন্তানকে বলি মোবাইল কম ব্যবহার করো। কিন্তু আমাদের সন্তানেরা দেখে বাবা অফিস থেকে এসে মোবাইল হাতে বসে আছেন। মা অবসর পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত। সন্তান তখন বুঝে যায় যেটা বড়রা করছে, সেটাই গুরুত্বপূর্ণ।
রাসূল ﷺ বলেছেন, প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
সন্তানের প্রথম শিক্ষক বাবা-মা। আপনি যদি খাবার টেবিলে ফোন নামিয়ে রাখেন, সন্তানও শিখবে। আপনি যদি পরিবারের সাথে কথা বলেন, সন্তানও কথা বলতে শিখবে।
আপনি যদি কুরআন হাতে নেন, সন্তানও কুরআনের দিকে আগ্রহী হবে। সন্তানকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
দ্বিতীয় নীতি পারিবারিক ডিজিটাল নীতি তৈরি করুন
যে পরিবারে নিয়ম নেই, সেখানে বিশৃঙ্খলা জন্ম নেয়।অনেক পরিবারে সন্তানকে বলা হয়, বেশি মোবাইল ব্যবহার করো না।
কিন্তু “বেশি” বলতে কতটুকু, কখন ব্যবহার করবে, কোথায় ব্যবহার করবে? কোনো স্পষ্ট নিয়ম নেই। তাই পারিবারিক ডিজিটাল নীতি তৈরি করতে হবে।
যেমন খাবার টেবিলে মোবাইল নয়। অতিথির সামনে মোবাইল নয়। পারিবারিক আলোচনার সময় মোবাইল নয়। ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল নয়। ফজরের আগে মোবাইল নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—
এই নিয়ম শুধু সন্তানের জন্য নয়, সবার জন্য। যে নিয়ম বাবা মানে না, সেই নিয়ম সন্তানও মানবে না। নিয়ম শাস্তির জন্য নয়, সুরক্ষার জন্য। যেমন ট্রাফিক আইন আমাদের নিরাপদ রাখে, তেমনি ডিজিটাল নীতিও পরিবারকে নিরাপদ রাখে।
তৃতীয় নীতি সন্তানকে একটা মোবাইল জগতে ছেড়ে দিবেন না। আজকের সময়ের একটি বড় সমস্যা হলো—সন্তানের জীবন আমাদের চোখের সামনে থাকলেও, তার পৃথিবী আমাদের অজানা।
আগে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে—এসব কিছু না কিছু বোঝা যেত। কিন্তু এখন একটি ছোট মোবাইল ফোনের ভেতরেই তার জন্য আরেকটি পৃথিবী তৈরি হয়ে যায়।
সে আপনার পাশেই বসে আছে, কিন্তু তার মন কোথায় আছে আপনি জানেন না। অনেক বাবা-মা বলেন,আমার ছেলে তো সারাদিন ঘরেই থাকে। আমার মেয়ে তো বাইরে যায় না।
কিন্তু প্রশ্ন হলো, সে ঘরে থাকলেও তার মন কোথায় ঘুরে বেড়াচ্ছে? একটি মোবাইলের মাধ্যমে সে পৃথিবীর যেকোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, যেকোনো ভিডিও দেখতে পারে, যেকোনো চিন্তার দ্বারা প্রভাবিত হতে পারে।
তাই সমস্যা শুধু বাইরে যাওয়া নয়, সমস্যা হলো অদৃশ্য জগতে হারিয়ে যাওয়া। একটি বিষয় মনে রাখুন খারাপ সন্তান একদিনে তৈরি হয় না। একদিনে কেউ আসক্ত হয় না। একদিনে কেউ পথভ্রষ্টও হয় না। সবকিছু শুরু হয় গোপনে।
যখন সন্তান ঘণ্টার পর ঘণ্টা দরজা বন্ধ করে একা থাকে,
যখন তার ডিজিটাল জীবন পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যখন সে মনে করতে শুরু করে, আমার একটি পৃথিবী আছে, যেখানে বাবা-মার কোনো জায়গা নেই
তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়।
প্রথমে দূরত্ব হয় স্ক্রিনের সঙ্গে। তারপর দূরত্ব হয় পরিবারের সঙ্গে। এরপর দূরত্ব হয় মূল্যবোধের সঙ্গে।
অনেক বাবা-মা বলেন,আমার সন্তান আগের মতো কথা বলে না। আমাদের সঙ্গে বসে না। কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয়। এই পরিবর্তন হঠাৎ আসে না।
দীর্ঘদিনের একাকী স্ক্রিন-জীবন মানুষকে বাস্তব সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমি বলি, সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তাকে একা করে দেবেন না।
প্রযুক্তি ব্যবহারের জন্য এমন পরিবেশ তৈরি করুন, যেখানে পরিবারের স্বাভাবিক উপস্থিতি থাকে। সে ড্রয়িং রুমে বসে মোবাইল ব্যবহার করুক। পড়ার টেবিল এমন জায়গায় হোক, যেখানে যাতায়াত আছে। পরিবারের সবাই যেখানে বসে, সেখানেই প্রযুক্তি ব্যবহার হোক।
এতে সন্তান অপমানিত হবে না, বরং নিরাপদ থাকবে।
এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্। নজরদারি মানে গোয়েন্দাগিরি নয়। নজরদারি মানে এই নয় যে, সারাক্ষণ সন্দেহ করতে হবে।
নজরদারি মানে হলো ভালোবাসার সঙ্গে পাশে থাকা। সন্তান যেন অনুভব করে, আমার পরিবার আমাকে বিশ্বাস করে, কিন্তু আমাকে একা ছেড়েও দেয় না।
আমরা ছোটবেলায় রাস্তা পার হতাম বাবার হাত ধরে।
বাবা কি তখন আমাদের ওপর অবিশ্বাস করতেন? তিনি আমাদের নিরাপত্তার জন্য পাশে থাকতেন।
ডিজিটাল যুগেও সন্তানদের সেই হাত ধরার প্রয়োজন আছে। আরেকটি বাস্তবতা হলো শয়তান সাধারণত ভিড়ের মধ্যে কম কাজ করে, একাকীত্বের মধ্যে বেশি কাজ করে।
যখন একজন কিশোর গভীর রাতে দরজা বন্ধ করে একা মোবাইল ব্যবহার করে, তখন তাকে কেউ দেখছে না, কেউ প্রশ্ন করছে না, কেউ মনে করিয়ে দিচ্ছে না—আল্লাহ দেখছেন।
এই একাকীত্বই অনেক সময় বিপদের দরজা খুলে দেয়। তাই সন্তানকে শুধু মোবাইল থেকে রক্ষা করতে হবে না, তাকে একাকী ডিজিটাল জীবন থেকেও রক্ষা করতে হবে।
আমরা এমন পরিবার চাই, যেখানে সন্তানের কোনো গোপন দুর্গ থাকবে না, বরং একটি নিরাপদ আশ্রয় থাকবে। যেখানে সে ভয় পাবে না। লুকাবে না। বরং বলবে, আমি যা করছি, আমার পরিবার জানে।
মনে রাখবেন, যে ঘরে দরজা বন্ধ হয়, সেখানে সম্পর্কও অনেক সময় বন্ধ হয়ে যায়। আর যে ঘরে পরিবার একসঙ্গে থাকে, কথা বলে, একে অপরের খোঁজ রাখে, সেখানে বিপদের সুযোগ অনেক কমে যায়।
সন্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা কোনো সফটওয়্যার নয়, কোনো অ্যাপ নয়, কোনো ফিল্টার নয়।
সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা হলো একটি ভালোবাসাপূর্ণ, সচেতন এবং উপস্থিত পরিবার।
চতুর্থ নীতি বিকল্প আনন্দ তৈরি করুন। অনেক বাবা-মা একটি ভুল করেন। তারা শুধু মোবাইল কেড়ে নিতে চান।কিন্তু বিকল্প কিছু দেন না।
খেয়াল করুন আপনার সন্তান আনন্দ খোঁজে। যদি মোবাইলের আনন্দ কেড়ে নেন, তাহলে অন্য আনন্দ দিতে হবে। শিশু মাঠে খেলুক। সাইকেল চালাক। বই পড়ুক। গল্প শুনুক। ভ্রমণে যাক। বাগান করুক। হাতে কিছু তৈরি করুক।
পরিবারের সাথে রান্না করুক। একসাথে বসে পুরনো স্মৃতি শুনুক।
যে শিশু বাস্তব জীবনের আনন্দ পায়, ভার্চুয়াল আনন্দের ওপর তার নির্ভরতা কমে যায়। শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি কখনো মোবাইলের স্ক্রিন নয়।
শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি হলো মানুষ, ভালোবাসা, হাসি, খেলা, এবং পরিবার।
পঞ্চম নীতি প্রতিদিন অন্তত ৩০ মিনিট পারিবারিক সময় ব্যয় করুন। আজ অনেক পরিবারে সবাই একসাথে থাকে, কিন্তু কেউ কারো সাথে থাকে না।
বাবা মোবাইলে। মা মোবাইলে। সন্তান মোবাইলে। এক ঘরে তিনজন মানুষ, তিনটি আলাদা পৃথিবী। এটি পরিবার নয়।
এটি একই বাসায় বসবাসকারী কিছু একাকী মানুষের সমষ্টি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট মোবাইল ছাড়া পারিবারিক সময় রাখুন।
এই সময়ে সন্তানের কথা শুনুন। আজ তার দিন কেমন গেল? কোন বিষয় তাকে আনন্দ দিয়েছে? কোন বিষয় তাকে কষ্ট দিয়েছে? তার কোনো ভয় আছে কি? কোন স্বপ্ন আছে কি?
শুধু উপদেশ দেবেন না। তার কথা শুনুন। অনেক সন্তান আসক্তির দিকে যায় কারণ তার কথা শোনার মতো কেউ নেই। যে সন্তান পরিবারে গ্রহণযোগ্যতা পায়, সে বাইরের জগতে স্বীকৃতি খুঁজতে কম যায়।
ষষ্ঠ নীতি কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন
মানুষের হৃদয় কখনো শূন্য থাকে না। যদি সেখানে আল্লাহর স্মরণ না থাকে, অন্য কিছু এসে জায়গা নেবে।
যদি সেখানে কুরআন না থাকে, তাহলে সেখানে হয়তো পর্দা, গান, গেম বা অন্য কোনো আসক্তি স্থান নেবে।
কুরআন শুধু তিলাওয়াতের বই নয়। এটি জীবনের পথপ্রদর্শক। প্রতিদিন কুরআনের সাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। পরিবারের সবাই মিলে কুরআন পড়ুন।
একটি আয়াত শিখুন। একটি শিক্ষা আলোচনা করুন।
সন্তানকে বুঝিয়ে দিন কুরআন পরীক্ষায় পাস করার জন্য নয়। জীবনে সফল হওয়ার জন্য। যে হৃদয় কুরআনের আলো পায়, সে অন্ধকারের প্রতি কম আকৃষ্ট হয়।
সপ্তম নীতি আপনার সন্তানকে কাজের দায়িত্ব দিন। দায়িত্বহীনতা আসক্তির বড় কারণ। যে সন্তানের কোনো কাজ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো দায়িত্ব নেই—সে সহজেই ভার্চুয়াল জগতে হারিয়ে যায়।তাই তাকে ছোট ছোট দায়িত্ব দিন।
নিজের বিছানা গুছানো। বই সাজানো। মেহমানকে পানি দেওয়া। ঘরের কাজে সাহায্য করা। মসজিদে যাওয়া।বাজারে ছোট কাজ করা।পারিবারিক কাজে অংশ নেওয়া।
দায়িত্ব মানুষকে পরিণত করে। যে সন্তান কাজের মূল্য বোঝে, সে সময়ের মূল্যও বোঝে। আর যে সময়ের মূল্য বোঝে, সে সময় নষ্ট করতে চায় না।
অষ্টম নীতি ভালো বন্ধু নির্বাচন করুন। বন্ধু মানুষের জীবন বদলে দেয়। অনেক সময় বাবা-মা যা পারেন না, বন্ধু তা করে ফেলে।
সন্তানের বন্ধু কারা? তারা কী দেখে? কী নিয়ে কথা বলে?
কী স্বপ্ন দেখে? এসব জানা জরুরি।
রাসূল ﷺ বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে।আজ অনেক আসক্তির শুরু বন্ধুদের মাধ্যমে। আবার অনেক ভালো কাজের শুরু হয় ভালো বন্ধুদের মাধ্যমে।
তাই সন্তানকে এমন পরিবেশ দিন, যেখানে সে ভালো মানুষের সান্নিধ্য পায়। মসজিদ। মাদরাসা। ইসলামী সংগঠন। উপকারী শিক্ষামূলক পরিবেশ। ভালো বন্ধু হলো সন্তানের ভবিষ্যতের বিনিয়োগ।
নবম নীতি দক্ষতা শিক্ষা দিন। যে সন্তান শুধু ভোগ করতে শেখে, সে দুর্বল হয়ে যায়। যে সন্তান সৃষ্টি করতে শেখে, সে শক্তিশালী হয়ে ওঠে। তাই সন্তানকে দক্ষতা শেখান।
লেখালেখি। আরবি ভাষা। তিলাওয়াত। পাবলিক স্পিকিং।
কম্পিউটার দক্ষতা। প্রোগ্রামিং। হস্তশিল্প। চিত্রাঙ্কন (শরিয়তসম্মত সীমার মধ্যে)। উদ্যোক্তা চিন্তা।
যখন সন্তান কোনো কিছু তৈরি করে, তখন তার আত্মবিশ্বাস বাড়ে। সে বুঝতে পারে আমি শুধু ভোক্তা নই।
আমি সৃষ্টিশীল মানুষ। আজকের পৃথিবীতে দক্ষতাহীন সন্তান প্রযুক্তির দাস হয়। দক্ষ সন্তান প্রযুক্তিকে নিজের দাস বানায়।
দশম নীতি দোয়া সন্তান গঠনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সন্তান গঠন শুধু মনোবিজ্ঞান নয়। শুধু শিক্ষা নয়। শুধু নিয়ম নয়। এটি আল্লাহর তাওফিকের বিষয়।
নূহ (আ.) দোয়া করেছেন। ইবরাহীম (আ.) দোয়া করেছেন।
যাকারিয়া (আ.) দোয়া করেছেন। আল্লাহর নবীগণও সন্তানদের জন্য দোয়া করেছেন।
তাহলে আমরা কেন দোয়া ছেড়ে দেব? প্রতিদিন সন্তানের জন্য দোয়া করুন।
হে আল্লাহ, আমার সন্তানকে হিদায়াত দিন। তার ঈমান রক্ষা করুন। তার চরিত্র সুন্দর করুন। তাকে প্রযুক্তির অপব্যবহার থেকে হেফাজত করুন। তাকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দিন।
কখনো কখনো রাতের অন্ধকারে একজন মায়ের চোখের জল এমন কাজ করে, যা হাজার উপদেশও করতে পারে না।
মনে রাখবেন। প্রযুক্তি শত্রু নয়। কিন্তু নিয়ন্ত্রণহীন প্রযুক্তি একটি নীরব আগুন।
আজ যদি আমরা সন্তানকে সময় না দিই, আগামীকাল হয়তো তাকে ফিরে পাওয়ার জন্য সময় খুঁজে পাব না।
সন্তানকে মোবাইল থেকে দূরে নেওয়ার সর্বোত্তম উপায় হলো তার হৃদয়কে পরিবারের সাথে যুক্ত করা। তার মনকে কুরআনের সাথে যুক্ত করা। তার সময়কে দায়িত্বের সাথে যুক্ত করা। তার জীবনকে লক্ষ্য ও আদর্শের সাথে যুক্ত করা।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে প্রযুক্তির অপব্যবহার থেকে হেফাজত করুন, তাদেরকে দ্বীনদার, চরিত্রবান, জ্ঞানী ও মানবতার কল্যাণকারী মানুষ হিসেবে কবুল করুন।