সন্তান লালন-পালনের ক্ষেত্রে আমাদের সমাজে দুটি বড় ভুল দেখা যায়। একদল মনে করেন কঠোর নিয়ন্ত্রণই সন্তানের নিরাপত্তার একমাত্র উপায়। অন্যদল মনে করেন পূর্ণ স্বাধীনতা দিলেই সন্তান নিজের পথ খুঁজে নেবে।
বাস্তবে কোনোটিই পূর্ণাঙ্গ সমাধান নয়।
সন্তান গঠনের সঠিক পদ্ধতি হলো—প্রথমে সুরক্ষা, তারপর প্রশিক্ষণ, এরপর ধীরে ধীরে দায়িত্ব ও আত্মনিয়ন্ত্রণের দিকে এগিয়ে দেওয়া।
একটি বাড়ির পাশে যদি নদী বা বড় দীঘি থাকে, তাহলে ছোট শিশুকে সেখানে একা যেতে দেওয়া হবে না। তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু শুধু ঘরে আটকে রাখাও সমাধান নয়। একসময় তাকে সাঁতার শিখতে হবে, পানির ঝুঁকি বুঝতে হবে এবং বিপদের সময় কী করতে হয় তা জানতে হবে।
প্রযুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। শুধু মোবাইল খারাপ বললেই দায়িত্ব শেষ হয় না। কারণ সন্তান এমন এক যুগে বড় হচ্ছে, যেখানে প্রযুক্তি বাস্তবতার অংশ। তাই তাকে শুধু প্রযুক্তি থেকে দূরে রাখলেই হবে না; প্রযুক্তির উপকারিতা, অপকারিতা এবং নিরাপদ ব্যবহারও শেখাতে হবে। এটিই ইসলামের শিক্ষাপদ্ধতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে শুধু শয়তান থেকে সতর্ক করেননি; বরং শয়তান কে, কীভাবে মানুষকে বিভ্রান্ত করে, কোন পথ দিয়ে আক্রমণ করে এবং কীভাবে তার থেকে বাঁচতে হবে—তাও শিক্ষা দিয়েছেন।
অর্থাৎ শুধু বিপদের কথা বলা নয়; বিপদকে চিনতে শেখানো এবং তা মোকাবেলার যোগ্যতা তৈরি করাও ইসলামী শিক্ষার অংশ।
এই নীতির আলোকে সন্তানের প্রতিটি বয়সের জন্য ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে।
প্রথম স্তর: জন্ম থেকে ২ বছর
এই সময়ে ভালোবাসা ও নিরাপত্তার ভিত্তি গড়ে তুলতে হবে। এ সময় শিশুর প্রধান প্রয়োজন প্রযুক্তি নয়, সম্পর্ক।সে পৃথিবীকে চিনতে শুরু করে মায়ের কোলে, বাবার স্নেহে এবং পরিবারের ভালোবাসায়। তার অন্তরে নিরাপত্তাবোধ, বিশ্বাস এই সময়েই গড়ে ওঠে।
তাই এই বয়সে শিশুর সবচেয়ে বড় প্রয়োজন মায়ের সান্নিধ্য, বাবার আদর । এ সময় মোবাইল স্ক্রিনকে শিশুর সঙ্গী বানানো উচিত নয়। কারণ স্ক্রিন মনোযোগ আকর্ষণ করতে পারে, কিন্তু সম্পর্ক গড়ে তুলতে পারে না।
যে শিশু মানুষ থেকে বেশি স্ক্রিনের সঙ্গে সময় কাটায়, তার আবেগীয় বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই পর্যায়ের মূলনীতি হলো—সর্বোচ্চ সুরক্ষা, সর্বোচ্চ স্নেহ।
দ্বিতীয় স্তর: ৩ থেকে ৫ বছর
অনুকরণ ও অভ্যাস গঠনের সময় । এই বয়সে শিশু শেখার চেয়ে অনুকরণ বেশি করে। সে বাবা-মাকে দেখে শেখে, পরিবারের পরিবেশ দেখে শেখে, বড়দের আচরণ দেখে শেখে।
তাই এ সময় সন্তানের সামনে আমরা যা করছি, সেটিই তার কাছে সবচেয়ে বড় শিক্ষা। এই সময়ে শিশুর সামনে বাবা মার মোবাইল ব্যবহার সীমিত রাখা চাই। কান্না থামাতে বা সময় কাটাতে তার হাতে মোবাইল দেয়া যাবে না। তাকে মোবাইল থেকে দূরে রাখুন । তাকে সময় দিন। এই সময় তাকে বাস্তব জীবনের আনন্দের সঙ্গে পরিচয় করাতে হবে। এই সময় খেলাধুলা, বাচ্চাদের বই, পরিবার, কুরআন শিক্ষায় তাকে গড়ে তুলতে হবে।
এই পর্যায়ের মূলনীতি হলো আকর্ষণের বিকল্প তৈরি করুন। শুধু নিষেধাজ্ঞা নয়, উত্তম বিকল্প দিন। তার সাথে সম্পর্ক গড়ে তুলুন। মনোযোগ দিন।
তৃতীয় স্তর: ৬ থেকে ৯ বছর
নিয়ম ও চরিত্র গঠনের সোনালি সময়। এ সময় সন্তান দায়িত্ব, শৃঙ্খলা এবং নিয়ম মানার শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়।
তাই এই বয়সে তাকে শুধু কী করতে হবে তা নয়, কেন করতে হবে তাও শেখানো শুরু করতে হবে। এখান থেকেই প্রযুক্তি-সচেতনতার প্রাথমিক প্রশিক্ষণ শুরু হতে পারে।
যেমন স্ক্রিন বেশি ব্যবহার করলে কী ক্ষতি হয়, সময় নষ্ট হওয়া কীভাবে শুরু হয়, কোন বিষয় দেখা উচিত, কোনটি উচিত নয় অনলাইনে সব তথ্য সত্য নয়।
এই বয়সের সন্তানকে তার লাভ ক্ষতি শত্রু মিত্রর সাথে পরিচিত করে তুলতে হবে। যেন সে সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে পারে। কারণ লক্ষ্য শুধু মোবাইল দূরে রাখা নয়; সঠিক ব্যবহার শেখানো। অপব্যবহার সম্পর্কে সচেতন করা।
এই পর্যায়ের মূলনীতি হলো সুরক্ষার পাশাপাশি সচেতনতার প্রশিক্ষণ শুরু করুন।
চতুর্থ স্তর: ১০ থেকে ১২ বছর
প্রশ্ন, সংলাপ ও সচেতনতার সময়। এ সময় সন্তানের প্রশ্ন বাড়ে। সে জানতে চায় কেন। কাজেই এই বয়সে শুধু “এটা করবে না” বললে সে সন্তুষ্ট হয় না। তাই এই পর্যায়ে সন্তানকে প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে শিক্ষা দিতে হবে।
তাকে বুঝাতে হবে আসক্তি কীভাবে তৈরি হয়, অশ্লীলতা কীভাবে মানুষের চরিত্র নষ্ট করে, অনলাইন প্রতারণা কীভাবে কাজ করে, ব্যক্তিগত তথ্য কেন সুরক্ষিত রাখতে হয়, সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে মানুষের চিন্তাকে প্রভাবিত করে।
যদি পরিবার উত্তর না দেয়, ইন্টারনেট উত্তর দেবে। আর ইন্টারনেট সবসময় সঠিক উত্তর দেয় না।
এই পর্যায়ের মূলনীতি হলো নিষেধাজ্ঞার চেয়ে সংলাপ বেশি কার্যকর। এজন্য খুব আন্তরিকতার সাথে আলোচনা তুলে ধরতে হবে। শুধু শাসন ধমক আর নিষেধাজ্ঞা কার্যকর পদ্ধতি নয়।
পঞ্চম স্তর: ১৩ থেকে ১৫ বছর
ঝুঁকি চেনা ও আত্মরক্ষার শিক্ষা। এ সময় সন্তান জীবনের সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে প্রবেশ করে। শরীর পরিবর্তিত হয়, চিন্তা পরিবর্তিত হয়, আবেগ পরিবর্তিত হয়। বন্ধুদের প্রভাবও বেড়ে যায়।
এই বয়সে শুধু পাহারা দিয়ে সফল হওয়া যায় না। এখন তাকে বাস্তব ঝুঁকিগুলো স্পষ্টভাবে চিনতে শেখাতে হবে।
যেমন অশ্লীল কনটেন্টের ক্ষতি, অনৈতিক সম্পর্কের পরিণতি, মাদক ও নেশার ঝুঁকি, অনলাইন প্রতারণা সামাজিক চাপ ও বন্ধুমহলের প্রভাব। তার সামনে আলোচনায় আসা চাই ভালো ঘুমন্ত কাজের দুনিয়া ও আখেরাতের পরিণতি।
অনেক অভিভাবক স্পর্শকাতর বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। ফলে সন্তান অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে, যা অনেক সময় ভুল ও ক্ষতিকর হয়। তাই এই বয়সে সন্তানের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ অত্যন্ত জরুরি।
এই পর্যায়ের মূলনীতি হলো ঝুঁকি থেকে লুকিয়ে রাখা নয়; ঝুঁকি চিনতে শেখানো যেন তার মাঝে সচেতনতা তৈরি হয়।
ষষ্ঠ স্তর: ১৬ থেকে ১৮ বছর
আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়া গঠনের সময়। এ সময় সন্তান ধীরে ধীরে স্বাধীন জীবনের দিকে অগ্রসর হয়। এখন আর তার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তাই এ পর্যায়ে লক্ষ্য পরিবর্তন করতে হবে।এখন প্রশ্ন হবে না—”আমি কীভাবে তাকে নিয়ন্ত্রণ করব?”
বরং প্রশ্ন হবে আমি কীভাবে তাকে এমন মানুষ বানাব, যে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করবে?
এ সময় তাকে শেখাতে হবে আল্লাহভীতি, আত্মসম্মান, জবাবদিহিতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ সময় ব্যবস্থাপনা দায়িত্ববোধ।
যে সন্তান শুধু বাহ্যিক নিয়ন্ত্রণে বড় হয়েছে, নিয়ন্ত্রণ সরলেই সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যে সন্তান ঈমান, তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা পেয়েছে, সে একা থাকলেও নিজেকে রক্ষা করার চেষ্টা করে।
এই পর্যায়ের মূলনীতি হলো বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে উত্তরণ।
সন্তান গঠনের লক্ষ্য তাকে সারাজীবন পাহারা দেওয়া নয়; বরং এমন মানুষ হিসেবে গড়ে তোলা, যে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে এবং সঠিক পথ বেছে নেওয়ার শক্তি অর্জন করে।
শৈশবে তাকে দিন ভালোবাসা। বাল্যকালে দিন চরিত্র ও শৃঙ্খলার শিক্ষা। কৈশোরে দিন সংলাপ, সচেতনতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ।যৌবনের প্রারম্ভে দিন দায়িত্ব, তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা।
মনে রাখবেন, সন্তানকে শুধু বিপদ থেকে দূরে রাখা যথেষ্ট নয়; বিপদকে চিনতে, বুঝতে এবং মোকাবিলা করতে শেখানোও অভিভাবকের দায়িত্ব। তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই জন্য প্রয়োজন শক্তি সাহস। একটা সাহস দিয়ে করে তুলতে হবে।
কারণ আমরা সব সময় তার পাশে থাকতে পারব না। কিন্তু যদি তার অন্তরে ঈমান, প্রজ্ঞা, সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের শক্তি গড়ে তুলতে পারি, তাহলে সে জীবনের নানা চ্যালেঞ্জের মাঝেও সঠিক পথ খুঁজে নেওয়ার চেষ্টা করবে।
সন্তান আমাদের সবচেয়ে বড় আমানত। আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আর এই আমানতের হেফাজত শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে নয়; সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই সম্ভব।