আল্লাহর মসজিদ কারা আবাদ করবে?
আল্লাহ তাআলা বলেন—
مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ
“মুশরিকদের জন্য শোভনীয় নয় যে তারা আল্লাহর মসজিদ আবাদ করবে, অথচ তারা নিজেরাই নিজেদের কুফরের সাক্ষ্য দেয়।”
এই আয়াত নাযিল হওয়ার পেছনে একটি ঐতিহাসিক বাস্তবতা ছিল। মক্কার কুরাইশরা বলত আমরাই তো কাবার খাদেম। আমরাই হাজীদের পানি পান করাই।”
আমরাই কাবার রক্ষণাবেক্ষণ করি।
তারা মনে করত কাবার সেবক হওয়াই তাদের জান্নাতের টিকিট। কিন্তু আল্লাহ বললেন তোমরা কাবা পরিষ্কার করো ঠিকই, কিন্তু হৃদয় শিরকে ভরা। দেয়াল রক্ষা করো, কিন্তু দ্বীন রক্ষা করো না। ঘরকে ভালোবাসো, কিন্তু ঘরের মালিককে মানো না।তাইতোমাদের সব আমল ধ্বংস।
এখান থেকে প্রথম শিক্ষা
********************
মসজিদের দায়িত্বশীল হওয়া সফলতা নয়। শুধু কমিটির সদস্য হওয়া সফলতা নয়। শুধু সভাপতি-সেক্রেটারি হওয়া সফলতা নয়। শুধু অর্থ দেওয়া সফলতা নয়।শুধু সুন্দর ভবন নির্মাণ সফলতা নয়।
আল্লাহর কাছে মূল প্রশ্ন তুমি নিজে আল্লাহর কতটা অনুগত? আজ অনেক জায়গায় দেখা যায় মসজিদ সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে সেই ব্যক্তি, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। যে ফজরেই আসে না। যে ইসলামের মৌলিক বিধান সম্পর্কে অজ্ঞ। যে ব্যবসায় সুদ ছাড়তে পারে না। যে ঘরে পর্দা প্রতিষ্ঠা করতে পারে না।কিন্তু মসজিদের প্রতিটি সিদ্ধান্ত তার হাতে। এটা বিপজ্জনক অবস্থা। কারণ আল্লাহ প্রথমেই যোগ্যতার কথা বলেছেন।
মসজিদ কেবল ভবন নয়
*********************
রাসূল ﷺ মসজিদে নববী প্রতিষ্ঠা করেছিলেন।সেখানেই ছিল সহিহ ইমান শিক্ষা। কুরআন শিক্ষা।
শূরা।বিচার।সামাজিক কল্যাণ।দাওয়াত। জিহাদের পরিকল্পনা। গরীবের সহায়তা। জাতি গঠন।
সুতরাং মসজিদের দায়িত্ব মানে একটি জাতির ঈমানের দায়িত্ব।মসজিদের ক্ষতি কোথা থেকে শুরু হয়?মসজিদের ক্ষতি দেয়াল ভাঙা থেকে শুরু হয় না।
মসজিদের ক্ষতি শুরু হয় যখন অযোগ্য লোক নেতৃত্বে আসে। যখন ব্যক্তিগত স্বার্থ ঢুকে যায়। যখন আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে নিজের প্রভাব প্রতিষ্ঠা লক্ষ্য হয়।
এ কারণেই মসজিদে দিরারের ঘটনা ঘটেছিল।
বাহ্যিকভাবে মসজিদ। ভেতরে ষড়যন্ত্র। বাহ্যিকভাবে ইবাদত। ভেতরে বিভেদ। বাহ্যিকভাবে দ্বীন। ভিতরে ক্ষমতার রাজনীতি।
মসজিদের প্রকৃত দায়িত্বশীলদের চারটি বৈশিষ্ট্য
আল্লাহ বলেন—
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ
এখানে চারটি শর্ত দিয়েছেন।
প্রথম শর্ত : ঈমান
مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
মসজিদের দায়িত্বশীলের প্রথম পরিচয়—
সে মুমিন। সে আল্লাহকে ভয় করে। আখিরাতকে সামনে রাখে।
যে ব্যক্তি মনে করে মরলে সব শেষ সে কখনো মসজিদের নিরাপদ অভিভাবক হতে পারে না।
দ্বিতীয় শর্ত : সালাত প্রতিষ্ঠা
وَأَقَامَ الصَّلَاةَ
আল্লাহ বলেননি নামাজ পড়েছে। বলেছেন নামাজ প্রতিষ্ঠা করেছে। নিজে নামাজ পড়ে। পরিবারকে নামাজে আনে। সমাজকে নামাজে আনে। মসজিদকে জীবন্ত রাখে।
প্রশ্ন হচ্ছে্ যে নিজেই জামাতে আসে না, সে কীভাবে মসজিদের পরিচালক হবে?
তৃতীয় শর্ত : যাকাত
وَآتَى الزَّكَاةَ
যাকাত মানে শুধু অর্থ প্রদান নয়। এটি ত্যাগের শিক্ষা।
মসজিদের খাদেম সে, যে নিজের স্বার্থের আগে আল্লাহর স্বার্থকে রাখে।
আজ অনেক জায়গায় দেখা যায় মসজিদের অর্থ নিয়ে বিরোধ। হিসাব নিয়ে বিরোধ। পদ নিয়ে বিরোধ। ক্ষমতা নিয়ে বিরোধ।
কিন্তু যাকাতের শিক্ষা কী? ত্যাগ। নম্রতা
আমানতদারিতা।
চতুর্থ শর্ত
وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ
আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। অনেক সময় কমিটির সদস্যরা সত্য জানেন। কিন্তু ধনীর ভয়ে বলেন না।রাজনীতিবিদের ভয়ে বলেন না। স্থানীয় প্রভাবশালীর ভয়ে বলেন না।
আল্লাহ বলেন প্রকৃত দায়িত্বশীল সেই, যে সত্যের প্রশ্নে কেবল আল্লাহকে ভয় করে। আবু বকরের শিক্ষা খিলাফত পেয়ে তিনি বলেছিলেন। আমি যদি সঠিক থাকি সাহায্য করো। আমি যদি ভুল করি সংশোধন করো। এটাই ইসলামী নেতৃত্ব। আজ উল্টো হয়েছে। অনেকে মনে করে পদ পেয়েছি মানেই সমালোচনার ঊর্ধ্বে।
মসজিদের সেবা বড় নাকি ঈমান ও ত্যাগ বড়?
আল্লাহ বলেন—
أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ
এ আয়াতের প্রেক্ষাপট অত্যন্ত শিক্ষণীয়।
কিছু লোক বলছিল আমরা হাজীদের পানি পান করাই। আমরা কাবার খাদেম। আমাদের মর্যাদা সবচেয়ে বড়।আল্লাহ বললেন ঈমান ছাড়া এসব সেবা যথেষ্ট নয়।
বর্তমান বাস্তবতা কেউ বলবে আমি এত টাকা দিয়েছি।আমি মসজিদের জমি দিয়েছি। আমি ভবন নির্মাণ
করেছি। আমি সভাপতি। আমি প্রতিষ্ঠাতা। সবই মূল্যবান।
কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ঈমান কোথায়?
তোমার নামাজ কোথায়? তোমার তাকওয়া কোথায়?
তোমার ইখলাস কোথায়?
মসজিদকে নিজের সম্পত্তি ভাবার বিপদ
অনেক মানুষ মসজিদকে নিজের ব্যক্তিগত সাম্রাজ্য বানিয়ে ফেলে। এটা আমার মসজিদ। আমার সিদ্ধান্ত।আমার কমিটি। আমার লোক।
এটি আল্লাহর ঘর। মসজিদের দরজা সব মুমিনের জন্য। মসজিদের মালিক আল্লাহ।
মুসল্লীদের দায়িত্ব
মুসল্লীরাও শুধু সমালোচক হবে না। মুসল্লীরা হবে নামাজি। দায়িত্বশীল। সহযোগী। দোয়াকারী। ঐক্য রক্ষাকারী। ইমাম ও কমিটির সম্পর্ক ইমাম শত্রু নয়। কমিটিও শত্রু নয়। উভয়েই আল্লাহর দ্বীনের খাদেম।
যখন ইমাম ও কমিটি একসাথে কাজ করে মসজিদ জেগে ওঠে। শিশুরা আসে। যুবকরা আসে।নারীদের দ্বীনি শিক্ষা হয়। কুরআনের হালকা বসে। সামাজিক সমস্যা সমাধান হয়।
আজ আমাদের প্রশ্ন হওয়া উচিত—
আমি কি সত্যিই মসজিদের আবাদকারী নাকি শুধু দর্শক? আমি কি মসজিদের খাদেম নাকি মসজিদের ওপর বোঝা?
কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না—
তুমি সভাপতি ছিলে কি না।সেক্রেটারি ছিলে কি না।কত বছর কমিটিতে ছিলে। আল্লাহ জিজ্ঞেস করবেন—
তুমি কি ঈমান নিয়ে এসেছিলে? তুমি কি নামাজ কায়েম করেছিলে? তুমি কি যাকাত আদায় করেছিলে? তুমি কি শুধু আল্লাহকে ভয় করেছিলে?
আসুন, আমরা সবাই সূরা তাওবার এই ঘোষণার সামনে নিজেদের দাঁড় করাই—
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ
হে আল্লাহ! আমাদেরকে মসজিদের মালিক নয়, খাদেম বানান। ক্ষমতার দাবিদার নয়, আমানতের রক্ষক বানান। দ্বন্দ্বের কারণ নয়, ঐক্যের মাধ্যম বানান। আপনার ঘরের সত্যিকারের আবাদকারী বানান।