আজকের আলোচনার বিষয়-মসজিদে নববী ছিল সমাজের কেন্দ্র তবে আজ কেন মসজিদ গুলো সমাজের কেন্দ্র না হয়ে কেবল নামাজের স্থানে পরিণত হয়েছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে চৌদ্দশত বছর আগে। ফিরে যেতে হবে সেই মাটির দেয়ালের ছোট্ট মসজিদে। যার মেঝে ছিল বালুর। যার ছাদ ছিল খেজুর পাতার। যেখানে ছিল না মার্বেল। ছিল না ঝাড়বাতি। ছিল না শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু ছিল এমন ঈমান, এমন নেতৃত্ব এবং এমন মানুষ গড়ার শক্তি, যা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল।
মদীনায় প্রথম প্রতিষ্ঠান মসজিদ
*****””***********************
রাসূল ﷺ যখন মদীনায় পৌঁছলেন, তখন তিনি প্রথমে কী করলেন? কোনো সেনানিবাস নির্মাণ করলেন না।কোনো প্রাসাদ নির্মাণ করলেন না। কোনো বাজার নির্মাণ করলেন না। প্রথমে নির্মাণ করলেন মসজিদ।
কারণ তিনি জানতেন মসজিদ ঠিক হলে সমাজ ঠিক হবে। মসজিদ জেগে উঠলে উম্মাহ জেগে উঠবে।
প্রিয় রাসূলের মসজিদে নববী ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান । আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলতে বিশাল ক্যাম্পাস বুঝি। কিন্তু ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদে নববী। সেখানে শিক্ষক ছিলেন রাসূল ﷺ। শিক্ষার্থী ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন:
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
“তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন।” (সূরা জুমুআহ: ২)
জাহেলিয়াতের সমস্ত কুসংস্কার ও রীতিনীতি ভেঙে ওহীর নির্দেশনার আলোকে নতুন সমাজ গড়ে তোলার মূল প্রশিক্ষণ কেন্দ্র ছিল মসজিদ।
সুফ্ফাহ মসজিদের আবাসিক শিক্ষাকেন্দ্র
********************************”****
মসজিদে নববীর এক কোণে ছিল “আসহাবে সুফ্ফাহ”। তারা ছিলেন দরিদ্র কিন্তু জ্ঞানপিপাসু সাহাবী। তাদের অনেকের থাকার জায়গা ছিল না।তারা মসজিদেই থাকতেন। দিনে কুরআন শিখতেন।রাতে ইবাদত করতেন। সেখান থেকেই বেরিয়ে এসেছিলেন ইসলামের বড় বড় আলেম ও দাঈ।
আজ প্রশ্ন হলো আমাদের মসজিদ থেকে কতজন তরুণ তৈরি হচ্ছে?
মসজিদ ছিল বিচারালয়। কেউ অন্যায় করলে বিচার হতো মসজিদে। কেউ অভিযোগ নিয়ে এলে আসতো মসজিদে। রাসূল ﷺ মসজিদে বসেই মানুষের বিরোধ নিষ্পত্তি করতেন। আল্লাহ বলেন:
فَاحْكُم بَيْنَ النَّاسِ بِالْحَقِّ
“মানুষের মধ্যে ন্যায়ের সাথে বিচার করুন।” (সূরা সাদ: ২৬)
মসজিদ শুধু ইবাদতের কেন্দ্র ছিল না, ন্যায়বিচারের কেন্দ্রও ছিল। সামাজিক সমস্ত সমস্যাগুলোর সমাধান হতো মসজিদে।
মসজিদ ছিল সমাজকল্যাণ কেন্দ্র। একদিন কিছু দরিদ্র লোক মদীনায় এলো। তাদের অবস্থা দেখে রাসূল ﷺ মসজিদে মানুষকে দান করার আহ্বান জানালেন। একজন সাহাবী এক থলি দান নিয়ে এলেন। তারপর আরেকজন। তারপর আরেকজন। অবশেষে এত দান জমা হলো যে রাসূল ﷺ-এর মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মসজিদ ছিল দরিদ্রদের আশ্রয়স্থল।
মসজিদ ছিল রাজনৈতিক ও সামাজিক পরামর্শকেন্দ্র। বদরের আগে পরামর্শ হয়েছে মসজিদে।
উহুদের আগে আলোচনা হয়েছে মসজিদে। খন্দকের পরিকল্পনা হয়েছে মসজিদে।
আজ আমরা রাজনীতি শব্দটি শুনে ভয় পাই। কিন্তু রাসূল ﷺ-এর যুগে সমাজের কল্যাণসংক্রান্ত সব গুরুত্বপূর্ণ আলোচনা মসজিদকে কেন্দ্র করেই হতো। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির সমস্ত সিদ্ধান্ত হতো মসজিদে।
মসজিদ ছিল যুবকদের কেন্দ্র
*************************
আজকের মতো তখনও যুবক ছিল। তাদের আবেগ ছিল। স্বপ্ন ছিল। সংগ্রাম ছিল। তারা সময় কাটাতো মসজিদে। মসজিদ ছিল সকলের একত্রিত হওয়ার স্থান।
হযরত আলী ইবনে আবু তালিব ছিলেন তরুণ। ওসামা ইবনে জায়েদ ছিলেন তরুণ। মুয়াজ ইবনে জাবাল ছিলেন তরুণ। এই তরুণরা গড়ে উঠেছিল মসজিদে।
বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও মসজিদের গুরুত্ব
********************************************
আজ যদি আমরা খোলা চোখে বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখব—আমাদের সামনে শুধু অর্থনৈতিক সংকট নয়, একটি নৈতিক, পারিবারিক, মানসিক এবং আধ্যাত্মিক সংকট দাঁড়িয়ে আছে।
মাদক একটি নীরব মহামারী। আজ বাংলাদেশের শহর, মফস্বল, এমনকি গ্রাম পর্যন্ত মাদকের ছোবল পৌঁছে গেছে।
সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো অবৈধ মাদক ব্যবহার করে এবং অধিকাংশ ব্যবহারকারী তরুণ। অনেকেই কৈশোর বা যুববয়সেই মাদকে জড়িয়ে পড়ে।
একসময় বাবা-মা সন্তানের জন্য চিন্তা করতেন সে পড়াশোনা করছে কি না। আজ অনেক বাবা-মা ভয় পান সে মাদকে জড়িয়ে পড়ল কি না। একসময় গ্রামের চায়ের দোকানে রাজনীতি নিয়ে আলোচনা হতো। একসময় যুবকরা স্বপ্ন দেখত। আজ অনেক যুবক নেশার অন্ধকারে ভবিষ্যৎ হারাচ্ছে।
প্রশ্ন হলো এই যুবকদের কে বাঁচাবে? শুধু পুলিশ? শুধু আইন? শুধু কারাগার? তাদের হৃদয়কে বাঁচাতে হবে। আর হৃদয়ের চিকিৎসার সবচেয়ে বড় কেন্দ্র হলো মসজিদ।
আজ অশ্লীলতার সুনামি চলছে। আজ অশ্লীলতা মানুষের ঘরে ঢুকতে দরজার প্রয়োজন হয় না। একটি স্মার্টফোনই যথেষ্ট। আগে পাপ খুঁজে বের করতে হতো।
আজ পাপ নিজেই মানুষের হাতে এসে হাজির হয়। শিশু, কিশোর, যুবক—সবাই একটি পর্দার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে।
ফলে কী হচ্ছে? চোখের হেফাজত নষ্ট হচ্ছে।লজ্জাবোধ কমছে। সম্পর্কগুলো ভোগের বস্তুতে পরিণত হচ্ছে। বিবাহের পরে অসন্তুষ্টি বাড়ছে।
বিবাহ বিচ্ছেদ ও পরিবার ভাঙনের সংকট
আজ বহু পরিবার বাইরে থেকে সুন্দর দেখায়। ভেতরে আগুন জ্বলছে। স্বামী-স্ত্রী একসাথে থাকে, কিন্তু হৃদয়ের দূরত্ব মাইলের পর মাইল। সন্তান বাবা-মায়ের সাথে থাকে, কিন্তু তাদের সাথে কথা বলে না। এক ছাদের নিচে বসবাস, কিন্তু একেকজন একেক পৃথিবীতে।
আজ ঘর বড় হচ্ছে। কিন্তু পরিবার ছোট হচ্ছে। আয় বাড়ছে। কিন্তু শান্তি কমছে।
বেকারত্ব শুধু অর্থের সংকট নয়। একজন যুবকের হাতে যদি কাজ না থাকে, তাহলে শুধু তার পকেট খালি হয় না। তার আত্মবিশ্বাসও ভেঙে যায়। তার স্বপ্নও ভেঙে যায়।
বেকার যুবক যখন ভবিষ্যৎ দেখতে পায় না,ৎতখন সে কখনো মাদকে যায়, কখনো অপরাধে যায়, কখনো হতাশায় ডুবে যায়।
আত্মহত্যা একটি আর্তনাদ। আত্মহত্যা সাধারণত মৃত্যুর ইচ্ছা নয়; এটি অসহনীয় কষ্ট থেকে পালানোর চেষ্টা।
বাংলাদেশে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পারিবারিক কলহ, সম্পর্কের সংকট, দাম্পত্য সমস্যা এবং সামাজিক চাপ আত্মহত্যার বড় কারণগুলোর মধ্যে রয়েছে।
একজন মানুষ যখন মনে করে আমার কথা শোনার কেউ নেই। আমার কষ্ট বোঝার কেউ নেই। আমার জন্য কেউ দোয়া করে না। তখন সে অন্ধকারের দিকে এগিয়ে যায়।
আজকের মসজিদগুলোতে আশ্রয় নেই
*********************************
প্রশ্ন হলো মসজিদ কি তার জন্য আশ্রয়স্থল হতে পেরেছে? এক সময় যে মসজিদগুলো ছিল সকলের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র আজ কেন মসজিদ কেন্দ্র থেকে প্রান্তে চলে গেল? আমাদেরকে তার উত্তর খুঁজে বের করতে হবে।
আজ মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদের সৌন্দর্য বেড়েছে, মিনার বেড়েছে। গম্বুজ বেড়েছে। এসি বেড়েছে। কার্পেট বেড়েছে। মাইক বেড়েছে ,আলোকসজ্জা বেড়েছে।
কিন্তু একটি প্রশ্ন মানুষ কি বেড়েছে? ঈমান কি বেড়েছে? সততা কি বেড়েছে? আমানতদারিতা কি বেড়েছে? পরিবারের শান্তি কি বেড়েছে? যুবকদের তাকওয়া কি বেড়েছে?
যদি উত্তর “না” হয়, তাহলে আমাদের থেমে ভাবতে হবে। সমস্যা ভবনের নয়। সমস্যা দর্শনের। সমস্যা ইট-পাথরের নয়। সমস্যা মানুষ গড়ার।
প্রথম কারণ আমরা মসজিদকে সংকুচিত করে ফেলেছি। রাসূল ﷺ-এর যুগে মসজিদ ছিল জীবন।
আজ মসজিদ অনেকের কাছে শুধু নামাজ। রাসূল ﷺ-এর মসজিদে মানুষ কাঁদত। দিশেহারা মানুষ পথ খুঁজে পেত।
আজ মসজিদগুলো কাঁদছে। যদি এই মসজিদ কথা বলতে পারত? যদি এই দেয়ালগুলোর ভাষা থাকত?
যদি এই মিম্বরের হৃদয় থাকত? যদি এই সিজদার জায়গাগুলো মুখ খুলে কথা বলতে পারত? তাহলে তারা আমাদের কী বলত? আমার মনে হয় তারা বলত, আমি কাঁদছি।
আজ মসজিদ বাস্তবেই কাঁদছে। ইট-পাথরের জন্য নয়।
মার্বেলের জন্য নয়। এসি কিংবা ঝাড়বাতির জন্য নয়।
মসজিদ কাঁদছে তার সন্তানদের জন্য। মসজিদ কাঁদছে সেই যুবকদের জন্য, যারা একদিন তার বুকে বড় হওয়ার কথা ছিল। মসজিদ কাঁদছে সেই পরিবারগুলোর জন্য, যারা তার ছায়ায় শান্তি খুঁজে পাওয়ার কথা ছিল। মসজিদ কাঁদছে সেই উম্মাহর জন্য, যারা তাকে ছেড়ে দূরে সরে গেছে।
ফজরের আজান হয়, কিন্তু কাতার ফাঁকা। প্রতিদিন ভোরে মুয়াজ্জিন ডাক দেন—
الصلاة خير من النوم
“নামাজ ঘুমের চেয়ে উত্তম।”
ফজরের সময় মসজিদ যেন অপেক্ষা করে। দরজার দিকে তাকিয়ে থাকে। হয়তো আজ সেই ছেলেটা আসবে। হয়তো আজ সেই যুবক ফিরে আসবে। হয়তো আজ সেই মানুষটি তওবা করবে। কিন্তু অনেক সময় কাতারগুলো ফাঁকাই থেকে যায়। মসজিদ তখন নীরবে কাঁদে।
যে ছেলেটা একদিন মক্তবে আসত। একসময় একটি শিশু এই মসজিদে এসেছিল। কুরআন শিখেছিল।দৌড়াদৌড়ি করেছিল। তার কণ্ঠে “আলিফ, বা, তা” ধ্বনিত হয়েছিল।
আজ সে যুবক মসজিদে নেই। আজ সে অন্য কোথাও।
হয়তো মোবাইলের পর্দায় ডুবে আছে। হয়তো নেশার আড্ডায় বসে আছে। হয়তো উদ্দেশ্যহীন জীবন কাটাচ্ছে। মসজিদ তাকে খুঁজে। তার পুরোনো পদচিহ্ন খুঁজে। তার শৈশবের হাসি খুঁজে। কিন্তু তাকে খুঁজে পায় না।
মসজিদের পাশেই কান্না। মসজিদের পাশের বাড়িতে স্বামী-স্ত্রীর ঝগড়া চলছে। সন্তান আতঙ্কে কাঁপছে। অন্য একটি ঘরে বৃদ্ধ বাবা-মা একাকীত্বে দিন কাটাচ্ছেন।
আরেকটি ঘরে একজন যুবক হতাশায় ভুগছে।আরেকটি ঘরে একজন মানুষ সুদের বোঝা নিয়ে ঘুমাতে পারছে না। আরেকটি ঘরে একজন মা তার ছেলেকে মাদক থেকে ফেরানোর জন্য কাঁদছেন।
আজ মসজিদ শুধু নামাজের জায়গা। আমার কষ্টের জায়গা নয়। আমার সমস্যার জায়গা নয়। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।
মসজিদে নববী কাঁদত না। কারণ সেখানে মানুষ একা ছিল না। কেউ ক্ষুধার্ত হলে মসজিদ জানত। কেউ অসুস্থ হলে মসজিদ জানত। কেউ বিপদে পড়লে মসজিদ জানত। কেউ ঈমানে দুর্বল হলে মসজিদ জানত।
রাসূল ﷺ শুধু নামাজ পড়াতেন না। মানুষের হৃদয় গড়তেন। মানুষের চোখের পানি মুছতেন। মানুষের কষ্ট শুনতেন।
আজ আমরা কী করছি? আমরা কোটি টাকা খরচ করে মসজিদ বানাই। কিন্তু একজন যুবকের জন্য সময় দিই না। আমরা সুন্দর কার্পেট কিনি। কিন্তু ভাঙা হৃদয়ের খোঁজ নিই না। আমরা বড় গম্বুজ বানাই। কিন্তু বড় চরিত্র গড়ি না। আমরা মিনার উঁচু করি। কিন্তু ঈমান উঁচু করি না।
কিয়ামতের দিন মসজিদের সাক্ষ্য
কিয়ামতের দিন এই মসজিদ যদি সাক্ষ্য দেয়!
সে বলবে “হে আল্লাহ! আমি আজান দিয়েছি। কিন্তু অনেকে আসেনি। আমি দরজা খুলে রেখেছিলাম। কিন্তু অনেকে ঢোকেনি। আমি কুরআনের আলো ছড়াতে চেয়েছিলাম। কিন্তু অনেকে অন্য আলো খুঁজেছে। আমি তাদের বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে। কী ভয়ংকর দৃশ্য হবে!
সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য। একজন বাবা নিয়মিত মসজিদে আসেন। প্রথম কাতারে দাঁড়ান। কিন্তু তার ছেলে কোথায়?
একজন দাদা মসজিদে আসেন। কিন্তু তার নাতি কোথায়? যে কাতারে তিন প্রজন্ম দাঁড়ানোর কথা ছিল, সেখানে একজন মাত্র দাঁড়িয়ে আছে।
মসজিদ তখন কাঁদে। কারণ সে জানে আজকের অনুপস্থিত যুবকই আগামী দিনের শূন্য কাতার।
মসজিদ আমাদের ডাকছে। আজ মসজিদ আমাদের কাছে কিছু চাইছে না। টাকা চাইছে না। দান চাইছে না।সাজসজ্জা চাইছে না।
সে শুধু বলছে আমার ভেতরে আবার জীবন ফিরিয়ে আনো। শিশুদের নিয়ে এসো। যুবকদের নিয়ে এসো। পরিবারগুলোকে নিয়ে এসো। কুরআনকে ফিরিয়ে আনো। ভালোবাসাকে ফিরিয়ে আনো। মানুষ গড়াকে ফিরিয়ে আনো।
যদি মসজিদ আবার জেগে ওঠে। যেদিন ফজরের কাতারে যুবক দাঁড়াবে মসজিদ হাসবে। যেদিন একজন মাদকাসক্ত তওবা করে ফিরে আসবে মসজিদ হাসবে। যেদিন একটি ভাঙা পরিবার মসজিদের মাধ্যমে বাঁচবেমসজিদ হাসবে।যেদিন একজন ব্যবসায়ী হারাম ছেড়ে হালাল বেছে নেবে মসজিদ হাসবে। যেদিন একজন কিশোর কুরআনের হাফেজ হবে মসজিদ হাসবে। যেদিন মিম্বর আবার সত্যের কণ্ঠস্বর হবে মসজিদ হাসবে।
আমাদের প্রশ্ন করা উচিত নয় মসজিদ আমার জন্য কী করেছে?
আমাদের প্রশ্ন করা উচিত আমি মসজিদের জন্য কী করেছি? আমি কি আমার সন্তানকে মসজিদের সাথে যুক্ত করেছি? আমি কি কোনো যুবকের হাত ধরে মসজিদে এনেছি? আমি কি মসজিদকে সমাজের কেন্দ্র বানাতে কোনো ভূমিকা রেখেছি? আমি কি শুধু মুসল্লি? নাকি মসজিদের একজন খাদেম?
আজ এই মসজিদ যেন আমাদের দিকে তাকিয়ে বলছে আমাকে শুধু সুন্দর কোরো না। আমাকে জীবন্ত করো। আমাকে শুধু সাজিও না। আমাকে মানুষ গড়ার কারখানা বানাও।
একজন যুবক হতাশায় ভুগছেএকজন স্বামী সংসার ভাঙনের পথে। একজন ব্যবসায়ী সুদের ফাঁদে আটকে গেছে। একজন কিশোর মাদকের দিকে ঝুঁকছে। কিন্তু তাদের জীবনের সাথে মসজিদের সম্পর্ক নেই। এটাই সবচেয়ে বড় বিপর্যয়।
দ্বিতীয় কারণ: আমরা ইমামকে নেতা থেকে কর্মচারী বানিয়ে ফেলেছি
রাসূল ﷺ ছিলেন ইমাম। আবু বকর (রা.) ছিলেন ইমাম। উমর (রা.) ছিলেন ইমাম। তাদের ইমামতি ছিল নেতৃত্ব। আজ অনেক জায়গায় ইমামকে দেখা হয় শুধু নামাজ পড়ানোর লোক হিসেবে। নামাজ পড়াবেন।দোয়া করবেন। জানাজা পড়াবেন। এর বাইরে সমাজের বিষয়ে কথা বললে অনেকে অস্বস্তি বোধ করেন। ফলে মিম্বরের শক্তি কমে গেছে। নেতৃত্ব অন্যদের হাতে চলে গেছে। সমাজ এখন ইউটিউবারদের কথা শোনে। অভিনেতাদের কথা শোনে। রাজনীতিবিদদের কথা শোনে। কিন্তু ইমামের কথা শোনে না। এটি শুধু ইমামের ব্যর্থতা নয় এটি পুরো সমাজের ব্যর্থতা।
তৃতীয় কারণ: মুসল্লিদের সাথে মসজিদের সম্পর্ক দুর্বল হয়েছে। এক সময় মসজিদ ছিল গ্রামের প্রাণ।
ফজরের পরে মানুষ বসত। পরামর্শ হতো। সম্পর্ক তৈরি হতো।
আজ নামাজ শেষ। সঙ্গে সঙ্গে সবাই চলে যায়। একই কাতারে দাঁড়ানো মানুষ একজন আরেকজনের নাম জানে না। একই মসজিদে দশ বছর নামাজ পড়ে, কিন্তু পাশের মুসল্লির কষ্ট জানে না। সম্পর্ক ভেঙে গেলে সমাজও ভেঙে যায়।
চতুর্থ কারণ: মসজিদের শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বের ভূমিকা কমে গেছে।
আজ প্রশ্ন করুন এলাকার মাদকাসক্ত যুবকদের জন্য মসজিদের কোনো পরিকল্পনা আছে? বেকার যুবকদের জন্য? ভাঙা পরিবারের জন্য? এতিমদের জন্য?বিধবাদের জন্য?
অনেক ক্ষেত্রে উত্তর হবে—না। অথচ রাসূল ﷺ-এর মসজিদে এসব মানুষই সবচেয়ে বেশি গুরুত্ব পেত।
সংকট কতটা গভীর?
আজকের যুবক রাত জেগে মোবাইল দেখে। কিন্তু ফজরের আজান শুনে না। আজকের সন্তান হাজার মাইল দূরের একজন সেলিব্রিটির জীবন জানে। কিন্তু নিজের নবীর জীবন জানে না।
আজকের পরিবার একই ঘরে থাকে। কিন্তু একসাথে বসে কথা বলে না। আজকের সমাজে বন্ধু আছে হাজার। কিন্তু মনের কথা বলার মানুষ নেই।
আজকের মানুষ অনলাইনে সংযুক্ত। কিন্তু বাস্তবে নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা থেকেই হতাশা জন্মায়। হতাশা থেকে নেশা। নেশা থেকে অপরাধ। অপরাধ থেকে ধ্বংস। আর এই পুরো প্রক্রিয়ার মাঝখানে মসজিদ অনেক সময় নীরব দর্শক হয়ে থাকে।
মসজিদে নববীর মেঝেতে কার্পেট ছিল না। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ত। সাহাবীরা কখনো কখনো ভেজা মাটিতে সিজদা করতেন। কিন্তু সেই মসজিদ থেকে বের হয়েছিল আবু বকর (রা.)উমর (রা.) উসমান (রা.) আলী (রা.) খালিদ ইবনুল ওয়ালিদ (রা.)মুসআব ইবন উমাইর (রা.)। যারা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিলেন।
আজ আমাদের মসজিদে কোটি টাকার কার্পেট আছে।
ঝাড়বাতি আছে।মার্বেল আছে। এসি আছে।
কিন্তু প্রশ্ন হলো সেই মানের মানুষ কোথায়? আমরা কি এমন একজন যুবক তৈরি করতে পেরেছি, যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমরা কি এমন একজন ব্যবসায়ী তৈরি করতে পেরেছি, যে হারাম টাকা প্রত্যাখ্যান করবে?্যআমরা কি এমন একজন নেতা তৈরি করতে পেরেছি, যে সত্যের জন্য নিজের স্বার্থ ত্যাগ করবে?
সমাধান কোথায়? সমাধান নতুন ভবনে নয়। সমাধান নতুন গম্বুজে নয়। সমাধান নতুন রঙে নয়। সমাধান মানুষ গড়ায়।
প্রতিটি মসজিদকে সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু নামাজ পড়াবো না। মানুষও গড়ব।
মসজিদভিত্তিক কুরআন শিক্ষা
শিশুদের কুরআনের সাথে যুক্ত করতে হবে। শুধু তিলাওয়াত নয়। কুরআনের অর্থ, শিক্ষা ও জীবনবোধ শেখাতে হবে।
যুব কার্যক্রম
প্রতিটি মসজিদে যুবকদের জন্য হালাকা থাকতে হবে।
প্রশ্নোত্তর সেশন থাকতে হবে। ক্যারিয়ার ও জীবনদক্ষতা নিয়ে আলোচনা থাকতে হবে।
যুবকদের শুধু সমালোচনা নয় দায়িত্ব দিতে হবে।
পারিবারিক পরামর্শ কেন্দ্র।একটি পরিবার ভাঙার আগেই যদি মসজিদ এগিয়ে আসে, অনেক সংসার বাঁচতে পারে।
সমাজসেবা। মসজিদকে এলাকার অসহায় মানুষের আশ্রয় হতে হবে। মানুষ যেন অনুভব করে আমার বিপদে সবার আগে মসজিদ পাশে দাঁড়াবে।”ষ
নৈতিক নেতৃত্ব। ইমাকে আবার সাহসী হতে হবে।
মিম্বরকে আবার সত্যের কণ্ঠস্বর হতে হবে।
সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, অশ্লীলতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।
একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এই মসজিদ থাকবে। এই মিনার থাকবে। এই কার্পেট থাকবে। কিন্তু আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন তোমরা কত বড় গম্বুজ বানিয়েছিলে—এটা নয়।
জিজ্ঞাসা করবেন তোমরা কতজন মানুষকে হেদায়েতের পথে এনেছিলে? তোমাদের মসজিদ থেকে কতজন যুবক আল্লাহর পথে ফিরেছিল? কতজন মাদক ছেড়েছিল? কতটি পরিবার ভাঙনের হাত থেকে বেঁচেছিল? কতজন অসহায় মানুষের চোখের পানি মুছে গিয়েছিল?
মসজিদে নববী পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন ছিল না।কিন্তু সেটিই ছিল পৃথিবীর সবচেয়ে সফল মানুষ তৈরির প্রতিষ্ঠান। আজ আমাদেরও সেই পথে ফিরতে হবে।
শুধু ইট-পাথরের মসজিদ নয় ঈমানের মসজিদ।ইলমের মসজিদ। চরিত্র গঠনের মসজিদ। যুবকদের মসজিদ। পরিবার রক্ষার মসজিদ। উম্মাহ গঠনের মসজিদ। তখনই মসজিদ আবার সমাজের হৃদয়ে ফিরে আসবে। তখনই মিম্বর আবার নেতৃত্বের আসনে ফিরবে। তখনই বাংলাদেশে পরিবর্তনের নতুন সূর্য উদিত হবে, ইনশাআল্লাহ। আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে মসজিদ হবে মসজিদে নববীর মডেলে। সমাজ সামাজিকতার কেন্দ্রস্থলে। আসুন মসজিদ এ জীবন্ত করি। আমরা সবাই জেগে উঠি।