ইমামের মর্যাদা: ইমাম কি শুধু বেতনভোগী কর্মচারী?

আমাদের সমাজে একটি নীরব সংকট চলছে।‌ অনেক মানুষ অজান্তেই ইমামকে এমনভাবে মূল্যায়ন করেন, যেন তিনি কেবল একজন চাকরিজীবী। মাস শেষে বেতন নেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। জানাজা পড়ান। দোয়া করেন। এর বেশি কিছু নন।

কিন্তু প্রশ্ন হলো কুরআন ও সুন্নাহ কি ইমামকে এভাবেই পরিচয় করিয়ে দিয়েছে? ইমাম কার উত্তরসূরি?‌ একটু গভীরভাবে চিন্তা করুন।

আজ পৃথিবীর কোনো মসজিদে যখন একজন ইমাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, তখন তিনি কার কাজটি করছেন? তিনি সেই কাজ করছেন, যা একদিন রাসূল ﷺ করতেন। যখন তিনি মানুষকে কুরআন শেখান, তখন তিনি নবীদের কাজ করছেন। আল্লাহ তাআলা বলেন:

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ

ঐ ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে।

(সূরা ফুসসিলাত: ৩৩)

সুতরাং একজন প্রকৃত ইমাম কেবল নামাজের নেতা নন; তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী।

আল্লাহ জ্ঞানীদের কী মর্যাদা দিয়েছেন?

*******************”************

আল্লাহ বলেন:

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করবেন।(সূরা মুজাদালা: ১১)

লক্ষ্য করুন আল্লাহ সম্পদের মর্যাদা আগে বলেননি।ক্ষমতার মর্যাদা আগে বলেননি। জ্ঞান ও ঈমানের মর্যাদা বলেছেন। আর একজন ইমামের সবচেয়ে বড় পরিচয় কী? তিনি দ্বীনি জ্ঞানের বাহক।

রাসূল ﷺ আলেমদের কী মর্যাদা দিয়েছেন?

*************************************

রাসূল ﷺ বলেছেন:

إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ

“নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরাধিকারী।”

(সুনানে আবু দাউদ, তিরমিজি)

এখানে একটি প্রশ্ন করি যদি আলেম নবীদের উত্তরাধিকারী হন, তাহলে কি তাদেরকে শুধুই কর্মচারীর চোখে দেখা উচিত? অবশ্যই নয়।

কাজের বিনিময়ে অবশ্যই তিনি বেতন পেতে পারেন।তিনি চাকরির চুক্তিতে থাকতে পারেন।‌ কিন্তু তার মর্যাদা কেবল বেতনের অঙ্ক দিয়ে নির্ধারিত হয় না।

সাহাবীদের দৃষ্টিতে আলেম ও ইমামের মর্যাদা

**************************************

একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বাহনের রশি ধরে হাঁটছিলেন এক ব্যক্তি। ইবনে আব্বাস (রা.) বললেন এটা কী করছ?লোকটি বলল‌ আমাদেরকে আলেমদের সম্মান করতে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছে। সাহাবীরা জানতেন‌ আলেমের সম্মান মানে দ্বীনের সম্মান।

ইমাম কি ভুলের ঊর্ধ্বে?

*********************

ইমাম ভোটের উর্ধ্বে না। ইমাম মানুষ। তার ভুল হতে পারে। তার সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু এজন্য তার মর্যাদা নষ্ট করা যাবে না।‌ রাসূল ﷺ বলেছেন:

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا

সে আমাদের দলভুক্ত নয়, যে আমাদের বড়দের সম্মান করে না।(তিরমিজি)

আর দ্বীনি নেতৃত্বের সম্মান রক্ষা করা ইসলামী আদবের অংশ।

ইমাম ও মুয়াজ্জিনের জন্য নববী দোয়া

********************************

রাসূল ﷺ মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন।ইমামদের জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন:

الإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ

“ইমাম দায়িত্বশীল এবং মুয়াজ্জিন আমানতদার। (আবু দাউদ, তিরমিজি)

এই একটি হাদিসেই ইমামের মর্যাদা স্পষ্ট। তিনি শুধু কর্মচারী নন। তিনি উম্মাহর ইবাদতের দায়িত্ব বহনকারী।

বাংলাদেশের বাস্তবতা আজ অনেক মসজিদে কোটি টাকার ভবন আছে। দামী ঝাড়বাতি আছে। সাউন্ড সিস্টেম আছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে।‌‌ কিন্তু ইমামের মাসিক বেতন এমন যে নিজের সন্তানকে ভালোভাবে পড়াতে কষ্ট হয়। অথচ মসজিদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা।

কখনো কখনো এমনও দেখা যায় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাখ টাকা ব্যয় করা হয়, কিন্তু ইমামের বেতন বাড়ানোর প্রস্তাব এলে দীর্ঘ আলোচনা শুরু হয়।

এটি একটি সামাজিক অসুস্থতা। আমরা কাঠামোকে বেশি মূল্য দিচ্ছি, মানুষ গড়ার কারিগরকে কম মূল্য দিচ্ছি।

◾ইমামেরও দায়িত্ব আছে

এখানে আরেকটি ভারসাম্যের কথা বলতে হবে। মর্যাদা দাবি করে পাওয়া যায় না। যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। যদি একজন ইমাম‌ নিয়মিত অধ্যয়ন না করেন, মানুষের সমস্যার কথা না জানেন, যুবকদের সাথে যোগাযোগ না রাখেন, সমাজের জন্য চিন্তা না করেন, তাহলে তার প্রভাবও কমে যাবে।

রাসূল ﷺ ছিলেন মানুষের সবচেয়ে কাছের মানুষ। তাই তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী নেতা।

ইমামকে কেন সম্মান দেব?

কারণ তিনি মানুষকে কুরআন শেখান। কারণ তিনি জানাজায় পাশে দাঁড়ান। কারণ তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে থাকেন। শিশুর কানে আজান দেন। বিবাহ পড়ান। অসুস্থের জন্য দোয়া করেন। মৃতের জানাজা পড়ান। একজন ইমাম প্রায়শই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী।

একটি হৃদয়স্পর্শী দৃশ্য একজন ইমাম ফজরের আগে ঘুম থেকে উঠলেন।‌ৎআজান হলো। তিনি মসজিদে এলেন। মানুষকে নামাজ পড়ালেন। দিনভর শিশুদের কুরআন শেখালেন।‌ কারও বাড়িতে অসুস্থ দেখতে গেলেন। কারও জানাজা পড়ালেন। কারও পারিবারিক সমস্যার সমাধান করলেন। সন্ধ্যায় আবার মসজিদে দাঁড়ালেন। কিন্তু সমাজের চোখে তিনি শুধু একজন বেতনভোগী! এটি কি ন্যায়বিচার?

আমাদের করণীয়

১. ইমামকে দ্বীনি নেতৃত্বের মর্যাদায় দেখতে হবে।

২. তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. দেরকে ইমাম ও আলেমদের সম্মান শেখাতে হবে।

৪. ইমামদেরও নিজেদের জ্ঞান, চরিত্র ও নেতৃত্বের যোগ্যতা বৃদ্ধি করতে হবে।

ইমাম কেবল নামাজের সামনে দাঁড়ানো একজন ব্যক্তি নন। তিনি কুরআনের শিক্ষক। তিনি দ্বীনের দাওয়াতদাতা। তিনি সমাজের নৈতিক অভিভাবক।তিনি নবীদের উত্তরাধিকার বহনকারী।

যে সমাজ তার আলেমদের সম্মান করে, সে সমাজ জ্ঞানকে সম্মান করে। আর যে সমাজ জ্ঞানকে সম্মান করে, আল্লাহ সেই সমাজকে উন্নতি দান করেন।

আল্লাহ তাআলা আমাদের মসজিদের ইমামদের যথাযথ মর্যাদা দেওয়ার এবং তাদেরকে সত্যিকারের দ্বীনি নেতৃত্বে পরিণত করার তাওফিক দান করুন।

Scroll to Top