মানুষ জীবনে কী চায়? সে চায় সম্মান, সফলতা, সুখ, শান্তি, সুস্থতা, নেক সন্তান, সুখী পরিবার এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ। অধিকাংশ মানুষ মনে করে এসব কিছুর চাবিকাঠি হলো বেশি টাকা। তাই সে টাকা অর্জনের পেছনে ছুটতে থাকে। কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক শুধু টাকার নাম নয় রিজিকের সঙ্গে বরকতও থাকতে হয়।
আমরা সমাজে এমন বহু মানুষ দেখি, যাদের আয় খুব বেশি নয়। ছোট একটি ঘর, সীমিত আয়, সাধারণ জীবন তবুও তাদের ঘরে শান্তি আছে, দাম্পত্য জীবনে ভালোবাসা আছে, সন্তানদের মধ্যে আদব আছে, রাতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে। আবার এমন মানুষও আছে, যাদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি দেশ-বিদেশে; কিন্তু তাদের জীবনে নেই শান্তি, নেই তৃপ্তি, নেই স্বস্তি। পরিবারে অশান্তি, সন্তান অবাধ্য, সম্পর্ক ভেঙে যাচ্ছে, দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে।
এই পার্থক্যের কারণ কী?
এই পার্থক্যের কারণ আল্লাহ রাব্বুল আলামীন শুধু সম্পদ দেন না, সম্পদের মধ্যে বরকতও দান করেন। আর সেই বরকত আসে হালাল উপার্জন, তাকওয়া এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন—
﴿يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا﴾
হে মানুষ! পৃথিবীতে যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র বস্তু আহার করো। (সূরা আল-বাকারা: ১৬৮)
লক্ষ্য করুন, আল্লাহ শুধু খাওয়ার নির্দেশ দেননি; বরং হালাল এবং তাইয়্যিব এই দুটি শর্ত উল্লেখ করেছেন। অর্থাৎ যা বৈধ এবং যা পবিত্র। কারণ মানুষের চরিত্র, ইবাদত, দোয়া, পরিবার ও ভবিষ্যৎ—সবকিছুর উপর তার খাদ্য ও উপার্জনের প্রভাব পড়ে।
আজ অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ-উমরাহ করে; কিন্তু উপার্জনের হালাল-হারামের ব্যাপারে উদাসীন। অথচ ইসলামে হালাল রিজিক কোনো অতিরিক্ত নেক আমল নয়; এটি ঈমানের দাবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, তার জন্য যেমন নামাজ জরুরি, তেমনি হালাল উপার্জনও জরুরি।
মনে রাখতে হবে, জীবনের প্রকৃত সফলতা বেশি টাকা জমা করার মধ্যে নয়; বরং আল্লাহর দেওয়া রিজিকে বরকত লাভ করার মধ্যে। সামান্য হালাল রিজিক অনেক সময় পাহাড়সম হারাম সম্পদের চেয়েও অধিক কল্যাণ, শান্তি ও সুখ বয়ে আনে।
হারাম উপার্জন কী?
অনেক মানুষ মনে করে হারাম উপার্জন বলতে শুধু চুরি, ডাকাতি কিংবা সুদকে বোঝায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে হারামের পরিধি এর চেয়ে অনেক বিস্তৃত। যে কোনো উপায়ে অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, মানুষের হক নষ্ট করা, প্রতারণার মাধ্যমে লাভ করা বা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে অর্থ উপার্জন করা হারাম।
হারাম শুধু সেই অর্থ নয়, যা অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয়; হারাম সেই অর্থও, যা হাসিমুখে প্রতারণা করে অর্জন করা হয়। হারাম শুধু ডাকাতের থলেতে থাকে না; অনেক সময় তা সম্মানিত পোশাকের আড়ালেও লুকিয়ে থাকে।
সরাসরি হারামের মধ্যে রয়েছে—ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, জুয়া, প্রতারণা, আত্মসাৎ, মাদক ব্যবসা, জালিয়াতি এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা।
কিন্তু বর্তমান যুগে হারামের রূপ আরও সূক্ষ্ম ও জটিল হয়েছে। আজ সরকারি সম্পদ আত্মসাৎ করা, ক্ষমতার প্রভাব খাটিয়ে টেন্ডার বাগিয়ে নেওয়া, কমিশনের নামে অবৈধ সুবিধা গ্রহণ, খাদ্যে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়া, কর ফাঁকি দেওয়া, চাকরির সময় দায়িত্বে অবহেলা করা, অফিসের সময় ব্যক্তিগত কাজে ব্যয় করা, অনলাইন প্রতারণা, ডিজিটাল স্ক্যাম, ভুয়া বিনিয়োগের ফাঁদ তৈরি করা, প্রশ্নপত্র ফাঁস করা কিংবা ঘুষ দিয়ে চাকরি নেওয়া সবই হারাম উপার্জনের অন্তর্ভুক্ত।
কেউ সরকারি গাড়ি, বিদ্যুৎ, অফিসের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করে। কেউ ব্যবসায় মিথ্যা বলে, পণ্যের ত্রুটি গোপন করে। কেউ ওজনে কয়েক গ্রাম কম দেয়, অথচ ভাবে এতে কোনো সমস্যা নেই। অথচ ইসলামের দৃষ্টিতে এগুলো সবই মানুষের হক নষ্ট করা এবং হারাম ভক্ষণ করা।
আজ হারাম শুধু বাজারে নয়, অফিসে আছে; শুধু ব্যাংকে নয়, ব্যবসায় আছে; শুধু রাজনীতিতে নয়, শিক্ষাক্ষেত্রেও আছে শুধু বাস্তব জগতে নয়, ডিজিটাল জগতেও আছে। তাই একজন মুমিনের জন্য শুধু সুদ থেকে বেঁচে থাকাই যথেষ্ট নয়; বরং তার উপার্জনের প্রতিটি উৎস, প্রতিটি লেনদেন এবং প্রতিটি টাকার হিসাব হালাল কিনা তা যাচাই করা জরুরি।
মনে রাখতে হবে, শয়তান মানুষকে একদিনে বড় হারামের দিকে নিয়ে যায় না। সে ছোট ছোট অন্যায়কে স্বাভাবিক করে তোলে। এক সময় মানুষ হারামকে হারাম মনে করাও ছেড়ে দেয়। আর তখনই শুরু হয় ব্যক্তি, পরিবার ও সমাজের নৈতিক পতন।
তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজেকে প্রশ্ন করা আমি যে অর্থ উপার্জন করছি, তা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আমার সন্তানের মুখে যে খাবার তুলে দিচ্ছি, তা কি সম্পূর্ণ হালাল? কারণ কিয়ামতের দিন সম্পদের পরিমাণ সম্পর্কে নয়, বরং সম্পদ কোথা থেকে অর্জন করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে সেই প্রশ্নের জবাব দিতে হবে।
কুরআনে হারাম উপার্জনের বিরুদ্ধে কঠোর সতর্কতা
হারাম উপার্জনের ব্যাপারে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। এটি শুধু একটি নৈতিক অপরাধ নয় বরং আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। এজন্য কুরআনে বারবার মানুষকে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা থেকে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন
﴿وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ﴾
তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। (সূরা আল-বাকারা: ১৮৮)
এই আয়াতে আল্লাহ তাআলা শুধু চুরি বা ডাকাতিকে নিষিদ্ধ করেননি বরং বাতিল বা অন্যায় সব ধরনের উপায়কে নিষিদ্ধ করেছেন। ঘুষ, সুদ, প্রতারণা, জালিয়াতি, মিথ্যা লেনদেন, মানুষের হক আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার—সবই এই আয়াতের অন্তর্ভুক্ত।
একজন ব্যবসায়ী যখন ওজনে কম দেয়, একজন কর্মকর্তা যখন ঘুষ গ্রহণ করে, একজন কর্মচারী যখন দায়িত্বে অবহেলা করে বেতন গ্রহণ করে, একজন রাজনীতিবিদ যখন জনগণের সম্পদ লুট করে, একজন ব্যবসায়ী যখন ভেজাল মিশিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে তারা প্রত্যেকেই এই আয়াতের সতর্কবার্তার আওতায় চলে আসে।
আরেক জায়গায় আল্লাহ তাআলা এতিমের সম্পদ ভক্ষণকারীদের সম্পর্কে এমন ভাষা ব্যবহার করেছেন, যা শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ বলেন
﴿إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا﴾
যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো নিজেদের পেটে আগুনই ভরছে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। (সূরা আন-নিসা: ১০)
মানুষ যখন হারাম সম্পদ হাতে পায়, তখন তার চোখে তা টাকা, সম্পদ, জমি, বাড়ি, গাড়ি কিংবা ব্যবসার লাভ বলে মনে হয়। সে আনন্দিত হয়, নিজেকে সফল মনে করে। কিন্তু কুরআন আমাদেরকে সম্পদের আড়ালের বাস্তবতা দেখায়।
মানুষের চোখে যা টাকা, আল্লাহর চোখে তা আগুন।মানুষের চোখে যা লাভ, আল্লাহর চোখে তা ধ্বংস।
মানুষের চোখে যা সফলতা, আখিরাতের বিচারে তা হতে পারে চরম ব্যর্থতা। একজন মানুষ হারাম অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করতে পারে, কিন্তু সেই বাড়িতে শান্তি কিনতে পারে না। হারাম অর্থ দিয়ে বিলাসিতা করতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। হারাম অর্থ দিয়ে মানুষের প্রশংসা পেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে মুক্তি লাভ করতে পারে না।
কুরআনের ভাষা আমাদেরকে একটি কঠিন সত্য স্মরণ করিয়ে দেয় হারাম সম্পদ কখনো প্রকৃত সম্পদ নয়। তা দেখতে সম্পদ হলেও বাস্তবে তা জাহান্নামের আগুনের সঞ্চয়। তাই একজন মুমিন যখন কোনো সম্পদ অর্জন করে, তখন তার প্রথম প্রশ্ন হওয়া উচিত এটি কত টাকা নয় বরং এটি হালাল কি না?”
কারণ দুনিয়ায় হারাম সম্পদ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু আখিরাতে তার মূল্য হতে পারে অনন্ত আফসোস।
হারাম খাদ্য ও ইবাদত কবুল না হওয়ার সম্পর্ক
ইসলামে ইবাদত শুধু বাহ্যিক আমলের নাম নয়। ইবাদতের গ্রহণযোগ্যতার সঙ্গে মানুষের অন্তর, নিয়ত এবং উপার্জনের গভীর সম্পর্ক রয়েছে। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান-সদকা করে, তাহাজ্জুদে কাঁদে; কিন্তু তার উপার্জন যদি হারাম হয়, তাহলে সেই হারাম তার ইবাদতের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ ﷺ বলেন—
«إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا»
নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। (সহিহ মুসলিম)
এই হাদিস আমাদের একটি মৌলিক শিক্ষা দেয় আল্লাহর কাছে শুধু আমল পৌঁছানোই যথেষ্ট নয়, আমলটি পবিত্র হওয়াও জরুরি। যে হাত হারামে রঞ্জিত, যে পেট হারামে পূর্ণ, যে জীবন অন্যায় উপার্জনে পরিচালিত সেই জীবনের আমল আল্লাহর দরবারে কী মর্যাদা পাবে, তা নিয়ে একজন মুমিনের গভীরভাবে চিন্তা করা উচিত।
এরপর রাসূল ﷺ এমন একটি দৃশ্য তুলে ধরেছেন, যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক ব্যক্তি দীর্ঘ সফরে রয়েছে। সফরের কারণে সে ক্লান্ত, ধূলিধূসরিত, এলোমেলো চুলে আচ্ছন্ন। সে দু’হাত আকাশের দিকে তুলে বারবার বলছে—“হে আমার রব! হে আমার রব!”
দোয়া কবুলের প্রায় সব কারণ সেখানে উপস্থিত। সে সফরে আছে—সফরকারীর দোয়া কবুল হয়। সে অসহায় অবস্থায় আছে—অসহায়ের দোয়া কবুল হয়।
সে বিনয়ের সঙ্গে হাত তুলেছে—এটিও দোয়ার আদব।সে আল্লাহকে ডাকছে—এটিও দোয়ার গুরুত্বপূর্ণ শর্ত।
কিন্তু রাসূল ﷺ বললেন—
«وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟»
“তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারাম দ্বারা লালিত-পালিত হয়েছে। তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে?” (সহিহ মুসলিম)
কী ভয়ংকর কথা! দোয়া কবুলের এতগুলো কারণ উপস্থিত থাকার পরও শুধু হারাম উপার্জন তার এবং আল্লাহর রহমতের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
আজ আমরা প্রায়ই অভিযোগ করি—দোয়া কবুল হয় না, জীবনে শান্তি নেই, ঘরে বরকত নেই, সন্তানদের মধ্যে নেকি নেই, ইবাদতে স্বাদ নেই। কিন্তু আমরা কি কখনো নিজেদের উপার্জনের দিকে তাকিয়ে দেখি?
আজ অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে, দীর্ঘ মুনাজাত করে। কেউ উমরাহ করে, কেউ হজ করে, কেউ বড় বড় দান-সদকা করে। কিন্তু একই সঙ্গে ব্যাংকের সুদ গ্রহণ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের হক নষ্ট করে, প্রতারণা করে, ভেজাল ব্যবসা চালায়। সে চায় দোয়াও কবুল হোক, আবার হারামও চলতে থাকুক। এটি কখনো সম্ভব নয়।
আল্লাহর দরবারে চোখের পানির মূল্য আছে, কিন্তু তার চেয়েও আগে আছে হালাল লোকমার মূল্য। আল্লাহর কাছে দীর্ঘ সিজদার মূল্য আছে, কিন্তু তার আগে আছে হালাল উপার্জনের মূল্য। কারণ যে পেট হারামে ভরে যায়, সেই পেট থেকে বের হওয়া অনেক আর্তনাদও আকাশ পর্যন্ত পৌঁছাতে বাধাগ্রস্ত হয়।
সাহাবায়ে কেরাম (রাঃ) এ কারণেই হালাল-হারামের ব্যাপারে এত সতর্ক ছিলেন। তারা জানতেন, হারাম শুধু একটি গুনাহ নয়; এটি দোয়া কবুলের পথে বাধা, ইবাদতের নূর নষ্ট করার কারণ এবং আখিরাতের মুক্তির জন্য বড় বিপদ।
তাই একজন মুমিন যখন নামাজের জন্য দাঁড়ায়, যখন দোয়ার জন্য হাত তোলে, তখন তার প্রথম চিন্তা হওয়া উচিত—আমার আমল কত বেশি, তা নয়; বরং আমার উপার্জন কতটা হালাল। কারণ হালাল রিজিক ইবাদতকে আকাশে উঠায়, আর হারাম রিজিক ইবাদতের পথ রুদ্ধ করে দেয়।
সাহাবায়ে কেরামের হারাম থেকে বেঁচে থাকার বিস্ময়কর দৃষ্টান্ত
আজ আমরা অনেক সময় হারামকে ছোট করে দেখি। সামান্য ঘুষ, সামান্য প্রতারণা, সামান্য অনিয়ম এসবকে আমরা তেমন কিছু মনে করি না। কিন্তু সাহাবায়ে কেরাম (রাঃ)-এর জীবনে হারাম থেকে বেঁচে থাকার যে সতর্কতা ছিল, তা আমাদেরকে বিস্মিত করে।
হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)। একদিন তাঁর এক দাস কিছু খাবার নিয়ে এলো। আবু বকর সিদ্দীক (রাঃ) তা খেয়ে ফেললেন। পরে জানতে পারলেন, এই খাবারের মূল্য এসেছে জাহেলি যুগের এক অবৈধ উপার্জন থেকে। এ কথা শোনামাত্র তিনি বিচলিত হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আঙুল গলায় ঢুকিয়ে যা খেয়েছিলেন তা বমি করে বের করে দিলেন।
লোকেরা বলল, “এত কষ্ট করছেন কেন? তিনি বললেন, যদি এই খাদ্যের সঙ্গে আমার প্রাণও বের হয়ে যেত, তবুও আমি তা বের করার চেষ্টা করতাম।
এটি ছিল সেই মানুষের ভয়, যিনি রাসূলুল্লাহ ﷺ-এর সবচেয়ে প্রিয় সাহাবি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। অথচ হারামের একটি লোকমাও তাঁর কাছে অসহনীয় ছিল।
আজ আমরা কি কখনো চিন্তা করি—আমাদের ঘরে যে খাবার যাচ্ছে, তা কোথা থেকে আসছে?
হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ)। একবার বায়তুল মালের তত্ত্বাবধানে থাকা তাঁর একটি উট অন্য উটের তুলনায় বেশি মোটা হয়ে গেল। লোকেরা বলল, “এটি তো আমিরুল মুমিনীনের উট।”
উমর (রাঃ) সঙ্গে সঙ্গে বুঝলেন, তাঁর পরিচয়ের কারণে হয়তো উটটি বিশেষ সুবিধা পেয়েছে। তিনি নির্দেশ দিলেন, এর অতিরিক্ত মূল্য রাষ্ট্রের কোষাগারে জমা করে দেওয়া হোক। কী অসাধারণ তাকওয়া!
আজ মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করে। কিন্তু উমর (রাঃ) রাষ্ট্রের সম্পদ থেকে নিজের জন্য সামান্য অতিরিক্ত সুবিধাও গ্রহণ করতে রাজি ছিলেন না।
হযরত উমর ইবনে আব্দুল আজিজ (রহঃ)। তিনি মুসলিম বিশ্বের শাসক ছিলেন। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেন। যখন ব্যক্তিগত কোনো কথা বলার প্রয়োজন হতো, তখন সরকারি মোমবাতি নিভিয়ে নিজের অর্থে কেনা মোমবাতি জ্বালাতেন।
কারণ তিনি মনে করতেন, জনগণের সম্পদের একটি মুহূর্তও ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
আজ সরকারি গাড়ি, অফিস, বিদ্যুৎ, সময়, জনবল ব্যক্তিগত কাজে ব্যবহার করা যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। অথচ এই সামান্য বিষয়গুলোও আল্লাহর কাছে জবাবদিহির বিষয়।
সাহাবায়ে কেরাম ও সালাফদের এই জীবন আমাদের শেখায়—তারা হারামকে শুধু গুনাহ মনে করতেন না; তারা এটিকে আখিরাত ধ্বংসের কারণ মনে করতেন।
হারাম উপার্জনের দুনিয়াবি ক্ষতি
****************************
অনেক মানুষ মনে করে হারাম অর্থে শুধু আখিরাতে ক্ষতি হবে। বাস্তবে হারামের আগুন দুনিয়াতেও মানুষকে পুড়িয়ে দেয়।
১. বরকত নষ্ট হয়ে যায়।রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
«الرِّبَا وَإِنْ كَثُرَ فَإِنَّ عَاقِبَتَهُ إِلَى قُلٍّ»
“সুদ বাহ্যিকভাবে যতই বৃদ্ধি পাক, শেষ পরিণতি ধ্বংস ও সংকীর্ণতা।”
আজ আমরা অনেক মানুষকে দেখি বিপুল সম্পদের মালিক। কিন্তু সেই সম্পদে বরকত নেই। চিকিৎসা, মামলা, পারিবারিক সংকট, অশান্তি—বিভিন্ন পথে সেই সম্পদ নিঃশেষ হয়ে যায়।
২. পরিবারে অশান্তি নেমে আসে। হারাম অর্থ শুধু মানুষের পেটেই প্রবেশ করে না। তা পরিবারের পরিবেশেও প্রভাব ফেলে। যে ঘরের ভিত্তি হারামের উপর দাঁড়ায়, সেখানে ভালোবাসা শুকিয়ে যায়, সম্মান কমে যায়, সন্তানদের চরিত্র ক্ষতিগ্রস্ত হয়।
৩. মানসিক অস্থিরতা। হারাম অর্থ মানুষকে ধনী করতে পারে, কিন্তু প্রশান্তি দিতে পারে না। রাতের ঘুম, অন্তরের শান্তি, আল্লাহর নৈকট্য—এসব অর্থ দিয়ে কেনা যায় না। অনেক ধনী মানুষ নিরাপত্তার পাহারায় থাকে, কিন্তু ভয়ের হাত থেকে মুক্ত হতে পারে না।
৪. সমাজে বৈষম্য ও নৈতিক পতন। যখন ঘুষ ও দুর্নীতি সমাজে ছড়িয়ে পড়ে, তখন যোগ্য মানুষ পিছিয়ে যায় আর অসৎ মানুষ এগিয়ে যায়। ফলে সমাজে হতাশা জন্ম নেয়, ন্যায়বিচার দুর্বল হয়ে যায় এবং মানুষের নৈতিকতা ধ্বংস হতে থাকে।
৫. আল্লাহর গজব নেমে আসে। যে সমাজে ঘুষ, দুর্নীতি, প্রতারণা ও অন্যায় স্বাভাবিক হয়ে যায়, সেখানে আল্লাহর রহমতের পরিবর্তে গজব নেমে আসে।
ভয়, অপমান, অনিরাপত্তা এবং অস্থিরতা সেই জাতির অবধারিত পরিণতি হয়ে দাঁড়ায়।
আখিরাতের ভয়াবহ শাস্তি
***********************
দুনিয়ার ক্ষতি তো সাময়িক; কিন্তু আখিরাতের ক্ষতি চিরস্থায়ী। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
«كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ»
“যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, জাহান্নাম তার অধিক উপযুক্ত।” (তিরমিযি)
একবার চিন্তা করুন আমার সন্তানের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেটি যদি হারাম উপার্জনের খাদ্য দ্বারা গঠিত হয়? আমার শরীরের গোশত, হাড়, রক্ত যদি হারাম সম্পদের মাধ্যমে তৈরি হয়ে থাকে?
কিয়ামতের দিন সেই শরীর নিয়েই তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন টাকা কথা বলবে না। ক্ষমতা কথা বলবে না। পদমর্যাদা কথা বলবে না। শুধু আমল আর হালাল-হারামের হিসাব কথা বলবে।
হারাম সম্পদ: মানুষ টাকা দেখে, আল্লাহ আগুন দেখেন
মানুষ যখন হারাম সম্পদ হাতে পায়, তখন তার চোখে তা টাকা, সম্পদ, জমি, বাড়ি, গাড়ি কিংবা ব্যবসার লাভ বলে মনে হয়। সে আনন্দিত হয়, নিজেকে সফল মনে করে। কিন্তু মানুষের চোখে যা টাকা, আল্লাহর চোখে তা আগুন। মানুষের চোখে যা লাভ, আল্লাহর চোখে তা ধ্বংস। মানুষের চোখে যা সফলতা, আখিরাতের বিচারে তা হতে পারে চরম ব্যর্থতা।
একবার চিন্তা করুন যে টাকা হাতে পেয়ে আপনি আনন্দিত হচ্ছেন, সেই টাকাই হয়তো কিয়ামতের দিন আপনার গলায় শিকল হয়ে ঝুলবে। যে সম্পদের জন্য আপনি মানুষের হক নষ্ট করছেন, সেই সম্পদই হয়তো হাশরের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে।
যে বাড়ি আপনি হারাম অর্থে নির্মাণ করেছেন, তার প্রতিটি ইট হয়তো আপনার বিরুদ্ধে অভিযোগ করবে।
যে গাড়িতে চড়ে আপনি গর্ব করছেন, সেই গাড়ি আপনাকে পুলসিরাত পার করাতে পারবে না। যে ব্যাংক ব্যালেন্স দেখে আপনি নিশ্চিন্ত হচ্ছেন, সেই ব্যাংক ব্যালেন্স কবরের অন্ধকারে এক মুহূর্তের আলোও দিতে পারবে না।
কবরের সেই প্রথম রাতের কথা মনে করুন। যেদিন সবাই আপনাকে মাটির নিচে রেখে চলে যাবে। স্ত্রী চলে যাবে। সন্তান চলে যাবে। বন্ধু চলে যাবে। আত্মীয়স্বজন চলে যাবে।বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স—সবকিছু পৃথিবীতেই রয়ে যাবে।আর আপনি একা দাঁড়িয়ে থাকবেন আপনার আমল এবং আপনার উপার্জনের হিসাব নিয়ে।
সেদিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমি কি তোমার জন্য হালালের পথ বন্ধ করে দিয়েছিলাম? আমি কি তোমাকে হারাম ছাড়া বাঁচার কোনো সুযোগ দিইনি? তাহলে তুমি কেন মানুষের হক নষ্ট করলে?সেদিন কী উত্তর হবে?
হারাম শুধু গুনাহ নয়; এটি পরিবার ধ্বংসের আগুন
আমরা যখন হারাম উপার্জনের কথা বলি, তখন অনেকেই মনে করেন এটি শুধু ব্যক্তিগত গুনাহ। বাস্তবে হারাম শুধু একজন মানুষকে ধ্বংস করে না; এটি পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে।
একজন বাবা হয়তো মনে করছেন, তিনি সন্তানের ভবিষ্যৎ গড়ছেন। কিন্তু যদি সেই ভবিষ্যতের ভিত্তি ঘুষের টাকার উপর দাঁড়ায়? যদি সেই শিক্ষার খরচ আসে সুদের অর্থ থেকে? যদি সেই খাবারের মধ্যে মানুষের হক নষ্ট করার ইতিহাস থাকে? তাহলে তিনি সন্তানের জন্য ভবিষ্যৎ গড়ছেন না; বরং তার আখিরাতের জন্য বিপদ সঞ্চয় করছেন।
কখনো কখনো মানুষ অভিযোগ করে আমার ঘরে শান্তি নেই।“সন্তান অবাধ্য। দোয়া কবুল হয় না। ইবাদতে স্বাদ পাই না। কিন্তু সে নিজের উপার্জনের দিকে তাকায় না। যে ঘরের প্রতিটি লোকমায় হারামের ছাপ থাকে, সেই ঘর থেকে বরকত উঠে যাওয়াই স্বাভাবিক। হারাম শুধু পেট ভরে না; হারাম হৃদয়কে কালো করে দেয়। হারাম শুধু শরীরকে পুষ্ট করে না; হারাম রূহকে অসুস্থ করে দেয়।হারাম শুধু সম্পদ বাড়ায় না; হারাম আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে দুর্বল করে দেয়।
দোয়া কেন আকাশ পর্যন্ত পৌঁছায় না? আজ অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে। রাতের অন্ধকারে কাঁদে।হজ করে। উমরাহ করে। দান-সদকা করে। তারপরও অভিযোগ করে দোয়া কবুল হয় না।
বর্তমান সমাজে হারামের বিস্তার
****************************
আজ হারাম শুধু কিছু মানুষের সমস্যা নয় এটি একটি সামাজিক মহামারিতে পরিণত হয়েছে। ব্যবসায়: ভেজাল, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কম দেওয়া। চাকরিতে ঘুষ, ফাইল আটকে রাখা, দায়িত্বে অবহেলা, কর্মঘণ্টা নষ্ট করা। শিক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নকল, জাল সনদ, সার্টিফিকেট জালিয়াতি। চিকিৎসায় অপ্রয়োজনীয় পরীক্ষা, কমিশনভিত্তিক রেফারেল।রাজনীতিতে দুর্নীতি, অর্থ পাচার, জনগণের সম্পদ আত্মসাৎ। অনলাইনে ডিজিটাল প্রতারণা, ফ্রিল্যান্সিং জালিয়াতি, ভুয়া বিনিয়োগ প্রকল্প, স্ক্যাম। হারামের পদ্ধতি বদলেছে, কিন্তু হারামের পরিণতি বদলায়নি।
হালাল উপার্জনের মর্যাদা
**********************
হারামের ভয়াবহতার বিপরীতে ইসলাম হালাল উপার্জনকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেন—
«مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ»
নিজের হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। (সহিহ বুখারি)
তাই একজন কৃষক, একজন রিকশাচালক, একজন দিনমজুর, একজন শ্রমিক, একজন মিস্ত্রি যদি হালাল উপার্জন করে, তবে সে আল্লাহর কাছে সম্মানিত।হয়তো তার ব্যাংক ব্যালেন্স কম, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উঁচু। দুনিয়ার চোখে সে সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে সে সম্মানিত বান্দা। কারণ আল্লাহর কাছে সম্পদের পরিমাণ নয়, সম্পদের পবিত্রতাই আসল।
হারাম থেকে বাঁচার বাস্তব উপায়
******************************
হারামের ভয়াবহতা জানার পর একজন মুমিনের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—আমি কীভাবে হারাম থেকে বাঁচব?
শুধু হারামের নিন্দা করলেই হবে না; হারাম থেকে বাঁচার জন্য সচেতন পদক্ষেপও গ্রহণ করতে হবে। কারণ শয়তান মানুষের সামনে হারামকে সুন্দর করে উপস্থাপন করে, আর নফস তা গ্রহণ করতে চায়। তাই একজন মুমিনকে প্রতিদিন নিজের উপার্জন ও লেনদেনের হিসাব নিতে হবে।
১. আয়ের উৎস যাচাই করা। প্রথমেই দেখতে হবে আমার আয়ের উৎস সম্পূর্ণ হালাল কি না। আমি যে চাকরি করছি, যে ব্যবসা করছি, যে লেনদেন করছি তা কি আল্লাহর শরিয়তের দৃষ্টিতে বৈধ?
অনেক সময় মানুষ আয়ের পরিমাণ নিয়ে চিন্তা করে, কিন্তু উৎস নিয়ে চিন্তা করে না। অথচ কিয়ামতের দিন আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবেন কোথা থেকে উপার্জন করেছিলে?
২. সন্দেহজনক আয় ত্যাগ করা। রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে শুধু হারাম নয়, সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকার শিক্ষা দিয়েছেন।
যে আয়ের ব্যাপারে অন্তর অস্বস্তি অনুভব করে, যে লেনদেনের বৈধতা নিয়ে সন্দেহ থাকে, একজন মুমিনের উচিত তা থেকে দূরে থাকা। অনেক সময় সামান্য ত্যাগ দুনিয়ায় ক্ষতির মতো মনে হয়, কিন্তু আখিরাতে সেটিই মুক্তির কারণ হয়ে যায়।
৩. ব্যবসায় সততা আনা। সত্যবাদিতা ও আমানতদারিতা মুসলিম ব্যবসায়ীর সবচেয়ে বড় পরিচয়। মিথ্যা বিজ্ঞাপন, ভেজাল, ওজনে কম দেওয়া, পণ্যের ত্রুটি গোপন করা—এসব থেকে বেঁচে থাকতে হবে।
মনে রাখতে হবে, প্রতারণা করে সাময়িক লাভ করা যায় কিন্তু বরকত অর্জন করা যায় না।
৪. সুদ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করা। আজ অনেক মানুষ সুদের জালে আটকে আছে। হয়তো একদিনে বের হওয়া সম্ভব নয়, কিন্তু বের হওয়ার ইচ্ছা, পরিকল্পনা এবং চেষ্টা থাকতে হবে। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর জন্য সুদ ছাড়তে চায়, আল্লাহ তার জন্য হালালের পথ খুলে দেন।
৫. ঘুষ না দেওয়া ও না নেওয়া। ঘুষ শুধু গ্রহণকারীকে নয়, দাতা ও মধ্যস্থতাকারীকেও ধ্বংস করে। আজ অনেকেই ঘুষকে উপহার ‘চা-নাস্তা’ বা ‘ম্যানেজ’ নাম দিয়ে বৈধ করার চেষ্টা করে। কিন্তু নাম পরিবর্তন করলেই হারাম হালাল হয়ে যায় না।
একজন মুমিনকে যতদূর সম্ভব ঘুষের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
৬. সন্তানদের হালাল রিজিকের শিক্ষা দেওয়া। আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা কর্মকর্তা বানানোর স্বপ্ন দেখি; কিন্তু তাদেরকে হালাল-হারামের শিক্ষা না দিলে সেই সফলতা আমাদের কোনো উপকারে আসবে না।
সন্তানকে শেখাতে হবে—কম আয় লজ্জার নয়; হারাম আয় লজ্জার। অল্প হালাল রিজিক অনেক বড় হারাম সম্পদের চেয়ে উত্তম।
৭. প্রতিদিন আল্লাহর কাছে হালাল রিজিক প্রার্থনা করা। মানুষের শক্তি সীমিত। তাই হালাল জীবনের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন—
«اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ»
হে আল্লাহ! আপনার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্য সকলের মুখাপেক্ষিতা থেকে মুক্ত করুন।
আজকের এই আলোচনা শেষ করার আগে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি আজই আমার মৃত্যুর সময় এসে যায় আমার সন্তানদের মুখে যে খাবার আমি তুলে দিয়েছি, তার প্রতিটি লোকমা কি হালাল ছিল? আমার ঘরের চাল, ডাল, কাপড়, ওষুধ, শিক্ষা—এসব কি হালাল অর্থে এসেছে?
কবরের অন্ধকারে যখন আমি একা থাকব, তখন আমার সম্পদ আমার সঙ্গে যাবে না; যাবে শুধু তার হিসাব। হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে যখন আমাকে দাঁড় করানো হবে, তখন আমার পদমর্যাদা কাজে আসবে না; কাজে আসবে আমার হালাল ও হারামের হিসাব। পুলসিরাতের উপর যখন আমি দাঁড়াব, তখন আমার ব্যাংক ব্যালেন্স আমাকে বাঁচাবে না; আমাকে বাঁচাবে আল্লাহর সন্তুষ্টি।
সেদিন যদি আল্লাহ প্রশ্ন করেন হে আমার বান্দা! আমি তোমার জন্য হালালের পথ উন্মুক্ত করেছিলাম। আমি তোমাকে বৈধ উপার্জনের সুযোগ দিয়েছিলাম। তাহলে তুমি হারামের পথে গেলে কেন?”
সেদিন আমাদের উত্তর কী হবে? একটু চিন্তা করুন—
দুনিয়ার কয়েক দিনের লাভের জন্য কি অনন্ত আখিরাতকে বিসর্জন দেওয়া বুদ্ধিমানের কাজ?
কয়েকটি অতিরিক্ত টাকার জন্য কি জাহান্নামের ঝুঁকি নেওয়া কোনো লাভের ব্যবসা? কখনোই নয়। হালাল কম হলেও তাতে শান্তি আছে। হালাল কম হলেও তাতে বরকত আছে। হালাল কম হলেও তাতে আল্লাহর সন্তুষ্টি আছে।
আর হারাম বেশি হলেও তাতে অশান্তি আছে, অন্ধকার আছে, ধ্বংস আছে এবং আখিরাতের ভয়াবহ জবাবদিহি আছে।
আসুন, আজ আমরা আল্লাহর সামনে অঙ্গীকার করি যে পথেই চলি, যে পেশাতেই থাকি, যে অবস্থাতেই থাকি, হালালকে আঁকড়ে ধরব এবং হারামের সব পথ থেকে নিজেদের, পরিবারকে এবং আগামী প্রজন্মকে রক্ষা করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের উপর অটল থাকার, হারামের সব দরজা থেকে দূরে থাকার এবং হালাল ও পবিত্র জীবন নিয়ে তাঁর সামনে উপস্থিত হওয়ার তাওফিক দান করুন।