পবিত্র হজের এবাদত গুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি গভীর সম্পর্ক রয়েছে। হজ ইবরাহিম (আ.)-এর জীবনের দিকে আমাদের ফিরিয়ে নিয়ে যায়।
পৃথিবীতে লক্ষ লক্ষ নবী-রাসূল, অগণিত নেককার বান্দা এসেছেন। কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতি বছর একজন মানুষের স্মৃতির চারপাশে ঘুরবে। তিনি হলেন ইবরাহিম (আ.)।
তিনি ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। পূর্ণ সৃষ্টিকুলের জন্য দৃষ্টান্ত উপমা। আল্লাহ চেয়েছেন মানুষ শুধু ইবরাহিমের গল্প শুনবে না, বরং ইবরাহিমের মতো জীবন গড়বে। হজের মত মহব্বতপূর্ণ এবাদতে তার স্মৃতিকে তিনি অক্ষুন্ন রেখেছেন।
হজ শুরু হয় সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে
ইবরাহিম (আ.)-এর পুরো জীবন ছিল সমাজের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানোর ইতিহাস। চারদিকে শিরক। চারদিকে কুসংস্কার। চারদিকে মূর্তিপূজা।
কিন্তু একজন যুবক বললেন আমি এ পথে চলব না।পুরো সমাজ একদিকে। ইবরাহিম একদিকে। আজও পৃথিবী আমাদেরকে প্রতিদিন একই কথা বলে সবাই যেমন চলছে, তুমিও তেমন চল। সবাই যদি সুদ খায়, তুমিও খাও। সবাই যদি বেপর্দা হয়, তুমিও হও। সবাই যদি দুনিয়ার পিছনে ছুটে, তুমিও ছুটো।
কিন্তু ইবরাহিম (আ.) আমাদের শেখান সত্যের পথে হাঁটতে হলে কখনো কখনো একা হতে হয়। একা হও সত্যের পথে থাকো। এটাই ইব্রাহিমি জীবন। আর হজে গিয়ে মানুষ প্রথম এই শিক্ষাটিই গ্রহণ করে।
ঘর ছেড়ে যায়। ব্যবসা ছেড়ে যায়। পদমর্যাদা ছেড়ে যায়। সমাজের পরিচয় ছেড়ে যায়। একটি ইহরামের কাপড় পরে ঘোষণা করে হে আল্লাহ! আজ আমি শুধু আপনার।
যখন একজন মানুষ লক্ষ টাকা খরচ করে, দীর্ঘ সফরের কষ্ট সহ্য করে, পরিবারের আরাম ছেড়ে মক্কার দিকে ছুটে যায়, তখন সে পৃথিবীকে বলে দেয় আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, আল্লাহ।
আজ মানুষ বিদেশে যাওয়ার জন্য ব্যাকুল। ডিগ্রির জন্য ব্যাকুল। সম্পদের জন্য ব্যাকুল। কিন্তু কত মানুষ কাবার জন্য কাঁদে? কত মানুষ তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে হে আল্লাহ! একবার আপনার ঘরে নিয়ে যান।
ইবরাহিমের পথ ত্যাগ কোরবানির পথ। কাবার দিকে তাকিয়ে আমরা মুগ্ধ হই। কিন্তু ভুলে যাই, কাবা ত্যাগের ইট দিয়ে নির্মিত। কাবার প্রতিটি ইট যেন বলছে এখানে একজন পিতা তার সন্তানকে আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত হয়েছিলেন। এখানে একজন মা মরুভূমিতে একা দাঁড়িয়ে আল্লাহর উপর ভরসা করেছিলেন। এখানে একজন শিশু আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছিল।
তাই হজে গিয়ে মানুষ শুধু কাবা দেখে না। সে দেখে ত্যাগের ইতিহাস। ভালোবাসার ইতিহাস। আনুগত্যের ইতিহাস।
কেন কাবা দেখলে মানুষ কাঁদে? পৃথিবীতে কত সুন্দর স্থাপনা আছে। তবুও মানুষ কাবা দেখে কাঁদে কেন? কারণ কাবা শুধু পাথরের ঘর নয়। এটি ভালোবাসার ঘর। এটি ইবরাহিমের অশ্রুর ঘর। এটি হাজেরার দৌড়ের ঘর। এটি ইসমাঈলের আত্মসমর্পণের ঘর। এটি মুহাম্মাদ ﷺ-এর সিজদার ঘর।
তাই একজন মুমিন যখন প্রথম কাবা দেখে, তখন তার হৃদয় বলে ওঠে হে আল্লাহ! এতদিন পর আমি আমার ঘরে ফিরে এলাম।
আজ সমাজের সবচেয়ে বড় সংকট অর্থের অভাব নয়। সবচেয়ে বড় সংকট হলো ইবরাহিমী চেতনার অভাব। আমরা সত্য জানি, কিন্তু সত্যের জন্য দাঁড়াই না। আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু দ্বীনের জন্য ত্যাগ করি না। আমরা জান্নাত চাই, কিন্তু ইবরাহিমের পথ চাই না।
কাবা পৃথিবীর প্রতিটি মুমিনকে ডাকছে। কেউ সে ডাক শুনতে পায়, কেউ পায় না। যারা শুনতে পায়, তারা অর্থ জমায়। তারা পরিকল্পনা করে। তারা দোয়া করে।তারা অপেক্ষা করে।
কারণ তারা জানে এ পৃথিবীর সবচেয়ে সম্মানিত পরিচয় হলো, আমি আল্লাহর ঘরের মেহমান।
একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। ব্যাংক ব্যালেন্স থাকবে। ব্যবসা থাকবে। বাড়ি থাকবে। কিন্তু সঙ্গে যাবে না। যদি কিছু থাকে, থাকবে আল্লাহর সাথে সম্পর্ক।
তাই আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু ইবরাহিম (আ.)-এর গল্প শুনছি? নাকি ইবরাহিম (আ.)-এর পথে হাঁটছি? আমি কি শুধু হজের খবর দেখি? নাকি হজের জন্য হৃদয় প্রস্তুত করছি? আমি কি শুধু কাবার ছবি দেখি? নাকি কাবার মালিকের দিকে এগিয়ে যাচ্ছি?
আজও সেই আহ্বান ধ্বনিত হচ্ছে মানুষের মাঝে হজের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পদব্রজে এবং দূর-দূরান্ত থেকে।” (সূরা হজ: ২৭)
আজও সেই ডাক আকাশে ভাসছে। আজও ইবরাহিম (আ.) আমাদের ডাকছেন দুনিয়ার ভিড় থেকে বেরিয়ে এসো। মানুষের গোলামি থেকে বেরিয়ে এসো। আল্লাহর পথে ফিরে এসো। আর যে এই ডাকে সাড়া দেয়, সে শুধু মক্কায় যায় না সে নতুন মানুষ হয়ে ফিরে আসে।