মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করবো গিয়ে নবীর রওজায়

মদিনায় পৌঁছানো আল্লাহর এক অসীম নেয়ামত অনেক মানুষ চায়। অনেক মানুষ স্বপ্ন দেখে। অনেক মানুষ কান্না করে। কিন্তু সবাই যেতে পারে না। কেউ অর্থের অভাবে পারে না। কেউ অসুস্থতার কারণে পারে না। কেউ সুযোগ পায় না।

আল্লাহ রাব্বুল আলামীন কাউকে মদিনার মাটিতে নিয়ে যান। কাউকে নিয়ে গিয়ে মদিনার বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ দেন। কাউকে রওজার সামনে দাঁড় করান। কাউকে মসজিদে নববীর সিজদায় কাঁদান।

আবার কাউকে দূরে রেখেই ভালোবাসার আগুনে জ্বালিয়ে রাখেন। কেউ মদিনার মাটিতে দাঁড়িয়ে কাঁদে।

আর কেউ মদিনায় যেতে না পেরেই কাঁদতে কাঁদতে জীবন শেষ করে দেয়।

◾আমি আমার দাদুর মাঝে মদিনার প্রেম দেখেছি।

তিনি আমার কাছে বারবার শুনতে চাইতেন একটি গজল। তিনি বলতেন মনে বড় আশা ছিল যাব মদিনায় এটা আমাকে শোনাও।

আমি তখন ছোট। এই গজলটি দাদুকে শুনাতাম। বারবার তিনি শুনতে চাইতেন। শুনে তার তৃপ্তি হত না।

মদিনার প্রতি তার ভালবাসা ছিল। আমার দাদুর মদিনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। আমার দাদু তার চাচার হজের সফরের বর্ণনা দিতেন। তিনি হজের সফর থেকে ফিরেননি। হয়তোবা মদিনা বা মক্কায় তিনি শুয়ে আছেন।

আমি আমার দাদুর মাঝে মদিনার প্রেম আগ্রহ দেখেছি। তার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তা পূরণ হয়নি। আমার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। ২০১৩ সালে যখন হজের সফর হয় যতবার কাবা দেখেছি দাদুর কথা মনে করে কেঁদেছি। মদিনা যেয়ে দাদুর কথা মনে হয়েছে। আবারো কেঁদেছি। এখন যখন দাদুর কথা লেখছি এখনো মনের অজান্তে চোখে কান্না আসছে।

◾এমন কত কত প্রেমিক আছে যারা দূর থেকে এই মদিনার প্রতি ভালোবাসা আর আবেগ নিয়ে কেঁদেছে মদিনা আসতে পারেনি। আবার অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। রওজাকে সামনে রেখে তারা কেঁদেছে। জান্নাতুল বাকীর পাশে যেয়ে তারা কেঁদেছে। মদিনার পথে পথে হেটেছে আর তারা কেঁদেছে। এটা এক প্রেমের জমিন। ভালোবাসার জমিন।

মদিনার প্রেম এমনই এক প্রেম। এ প্রেমে মিলন আছে।এ প্রেমে অপেক্ষা আছে। এ প্রেমে বেদনা আছে। এ প্রেমে অশ্রু আছে।

◾ এই মদিনার প্রেমময় ভুমিতে আল্লাহ আপনাকে ডেকেছেন। আপনার নাম নির্বাচন করেছেন। আপনাকে তাঁর হাবীব ﷺ-এর শহরে পৌঁছিয়েছেন।এটি আপনার যোগ্যতার কারণে নয়।এটি আল্লাহর দয়া।

মনে রাখতে হবে মদিনায় পৌঁছানো মানে শুধু বিমান থেকে নামা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান। অনেক বড় বড় ধনী মানুষও যেতে পারে না।অনেক ক্ষমতাবান মানুষও যেতে পারে না। কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে গেছেন। এ কারণে মদিনায় পা রেখেই বলা উচিত

الحمد لله الذي بلغني مدينة حبيبِه ﷺ

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তাঁর হাবীবের শহরে পৌঁছে দিয়েছেন।”

মদিনায় যাওয়ার আগেই তওবা

**************************

মদিনা সফরের প্রস্তুতি শুধু পাসপোর্টের প্রস্তুতি নয়।

শুধু ভিসার প্রস্তুতি নয়। শুধু টিকিটের প্রস্তুতি নয়। শুধু কাপড়-চোপড়, ব্যাগ কিংবা অর্থের প্রস্তুতি নয়।

মদিনা সফরের সবচেয়ে বড় প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি। আত্মার প্রস্তুতি। তওবার প্রস্তুতি। কারণ আমি কোথায় যাচ্ছি?

আমি এমন একজনের সামনে দাঁড়াতে যাচ্ছি, যার কাছে আমার ঈমানের ঋণ আছে। যার মাধ্যমে আমি কুরআন পেয়েছি। যার মাধ্যমে আমি ইসলাম পেয়েছি।

যার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। যার মাধ্যমে আমি নামাজ শিখেছি। যার মাধ্যমে আমি জান্নাতের পথ পেয়েছি। আজ আমি তাঁর শহরে যাচ্ছি। আজ আমি তাঁর মসজিদে যাচ্ছি। আজ আমি তাঁর রওজার সামনে দাঁড়াতে যাচ্ছি।আজকে তার কবরের সামনে দাঁড়িয়ে মহব্বতের সালাম দিব আমি।

তাই নিজের হৃদয়কে প্রশ্ন করা দরকার কোন মুখ নিয়ে আমি সেখানে যাব? আমি কি গুনাহের বোঝা কাঁধে নিয়ে যাব? আমি কি অবাধ্যতার কালিমা বুকে নিয়ে যাব? আমি কি হারামের দাগ মেখে তাঁর সামনে দাঁড়াব? না তার সামনে দাঁড়াবার আগে তওবার পবিত্রতার গোসল করে পরিচ্ছন্ন হয়ে দাঁড়াবো।

◾মদিনার পথে যাত্রা শুরু হওয়ার আগেই একটি সফর শুরু হওয়া দরকার। সেটি হলো গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসার সফর। তওবা মানে শুধু “আস্তাগফিরুল্লাহ” বলা নয়। তওবা মানে হৃদয় ভেঙে যাওয়া। তওবা মানে নিজের অপরাধ উপলব্ধি করা।তওবা মানে আল্লাহর কাছে মাথা নত করে বলা হে আল্লাহ! আমি ভুল করেছি। আমি অপরাধ করেছি। আমি আপনার অবাধ্য হয়েছি। কিন্তু আমি ফিরে এসেছি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না।

◾মদিনায় যাওয়ার আগে বসে নিজের জীবনের হিসাব নেওয়া উচিত। কত নামাজ নষ্ট করেছি? কত ফজর ঘুমিয়ে কাটিয়েছি? কত মিথ্যা বলেছি? কত মানুষের হক নষ্ট করেছি? কত হারাম কাজে জড়িয়েছি? কত গুনাহকে গুনাহই মনে করিনি?

মদিনার সফর শুরু হওয়ার আগে রাতের নির্জনতায় কান্না করা উচিত। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।

কারণ যে হৃদয় কান্না করতে জানে না, সে হৃদয় মদিনার প্রকৃত স্বাদও অনুভব করতে পারে না।

◾মদিনার আগে বিশেষভাবে কয়েকটি বিষয় থেকে তওবা করা দরকার। হারাম সম্পর্ক থেকে তওবা।অনেক মানুষ বছরের পর বছর এমন সম্পর্ক বহন করছে, যা আল্লাহকে অসন্তুষ্ট করছে। মদিনায় যাওয়ার আগে সেই অধ্যায় বন্ধ করে দেওয়া উচিত।

সুদের লেনদেন থেকে তওবা। যে অর্থে বরকত নেই, যে অর্থের বিরুদ্ধে আল্লাহ ও তাঁর রাসূল ﷺ যুদ্ধ ঘোষণা করেছেন, সেই অর্থের সাথে সম্পর্ক রেখে নবীর শহরে যাওয়া কি শোভা পায়?

◾মিথ্যা, প্রতারণা ও অন্যায় থেকে তওবা। মানুষের হক নষ্ট করে, মানুষের টাকা মেরে, মানুষের দোয়া নয়, বদদোয়া নিয়ে মদিনায় যাওয়া কোনো সৌভাগ্যের বিষয় নয়।

নামাজের গাফলতি থেকে তওবা। যে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে উদাসীন, তার উচিত মদিনায় যাওয়ার আগেই আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। কারণ মদিনা শুধু দেখার জায়গা নয়।‌ মদিনা বদলে যাওয়ার জায়গা। মদিনা নতুন জীবন শুরু করার জায়গা।

◾একবার চিন্তা করুন আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? আমি সেই নবীর সামনে দাঁড়াতে যাচ্ছি যিনি আমাদের জন্য কেঁদেছেন। আমরা তাঁকে দেখিনি। কিন্তু তিনি আমাদের জন্য কেঁদেছেন। আমরা তাঁর যুগে ছিলাম না। কিন্তু তিনি আমাদের জন্য দোয়া করেছেন।

তিনি রাতের পর রাত দাঁড়িয়ে থেকেছেন

তিনি সিজদায় কেঁদেছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন—

أُمَّتِي أُمَّتِي

হে আল্লাহ! আমার উম্মত! আমার উম্মত!

◾আমরা মদিনা যে সে নবীর সামনে দাঁড়াতে যাচ্ছি আমাদের জন্য উহুদের ময়দানে তাঁর মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। দাঁত মুবারক শহীদ হয়েছে। মাথা মুবারক ফেটে গেছে। রক্ত ঝরছে। তবুও তিনি নিজের জন্য বদদোয়া করেননি। উল্টো বলেছেন—

اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ

হে আল্লাহ! আমার জাতিকে ক্ষমা করুন, তারা জানে না।

◾আমরা মদিনা যে সে নবীর সামনে দাঁড়াতে যাচ্ছি তায়েফে তাঁকে পাথর মারা হয়েছে। রক্তে তাঁর জুতা ভরে গেছে। ফেরেশতা এসে বলেছে, চাইলে দুই পাহাড় চাপিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি প্রতিশোধ চাননি। তিনি উম্মতের হেদায়েত চেয়েছেন। আজ সেই নবীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।

তাহলে কি আমাদের অন্তর নরম হবে না? আমাদের চোখে পানি আসবে না?্যআমরা কি বলব না হে আল্লাহ! আমি গুনাহগার। আমি আপনার হাবীবের যোগ্য উম্মত হতে পারিনি। আমি অনেক ভুল করেছি।অনেক অবাধ্যতা করেছি। কিন্তু আজ আমি তাঁর দরবারে যাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিন।আপনি আমার অন্তরকে পরিষ্কার করে দিন। আপনি আমাকে এমন তওবা দান করুন, যার পর আমি আর আগের মানুষ না থাকি।

◾মদিনার পথে রওনা হওয়ার আগে প্রতিটি মুমিনের অন্তরে এই সংকল্প জাগা উচিত আমি শুধু মদিনা দেখতে যাচ্ছি না। আমি নিজেকে বদলাতে যাচ্ছি।

আমি শুধু সফরে যাচ্ছি না। আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি। আমি শুধু রওজার সামনে দাঁড়াতে যাচ্ছি না। আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি।

Scroll to Top