সোনার মদিনা আমার প্রানের মদিনা। সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না

পৃথিবীতে অসংখ্য শহর আছে। অনেক শহর সুন্দর।অনেক শহর ধনী। অনেক শহর ঐতিহাসিক। কিন্তু একটি শহর আছে যে শহরকে মানুষ শুধু চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে দেখে। যে শহরকে মানুষ শুধু ভ্রমণ করে না, ভালবাসে। যে শহরের নাম শুনলেই কোটি কোটি মানুষের চোখ ভিজে যায়। সেই শহরের নাম মদিনাতুন নবী ﷺ।

এই মদিনা সেই মদিনা যে মদিনা পৃথিবীর সবাই যখন রাসূল ﷺ-কে প্রত্যাখ্যান করেছিল, তখন তাঁকে বুকে টেনে নিয়েছিল। এই মদিনা সেই মদিনা যে মদিনা রাসূল ﷺ-কে শুধু আশ্রয় দেয়নি, ভালোবেসেছিল।

এই মদিনা সেই মদিনা যে মদিনার মানুষ নিজেদের ঘর, সম্পদ, ব্যবসা, স্বাচ্ছন্দ্য—সবকিছু কুরবান করে আল্লাহর রাসূল ﷺ-এর পাশে দাঁড়িয়েছিল।

◾আল্লাহ তাআলা তাদের সেই ভালোবাসাকে কুরআনে চিরদিনের জন্য অমর করে দিয়েছেন। তিনি বলেন—

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ

যারা পূর্বেই মদিনায় বসবাস করেছিল এবং ঈমান গ্রহণ করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসত। (সূরা হাশর : ৯)

এই মদিনা সেই মদিনা যে মদিনা সারা পৃথিবীর মোকাবেলায় রাসূল ﷺ-এর পক্ষে দাঁড়িয়েছিল।

মক্কার কুরাইশ ছিল বিপক্ষে। আরবের গোত্রগুলো ছিল বিপক্ষে। ইহুদি গোত্রগুলো ষড়যন্ত্র করছিল। মুনাফিকরা ভেতর থেকে আঘাত করছিল। তবুও মদিনা বলেছিল হে আল্লাহর রাসূল! আমরা আপনার সাথে আছি। আপনি এগিয়ে চলুন। আমাদের জীবন আপনার জন্য। আমাদের সম্পদ আপনার জন্য। আমাদের সন্তান আপনার জন্য। আমাদের রক্ত আপনার জন্য। আজ সেই মদিনায় আমরা উপস্থিত।

এটি কি ছোট কোনো সৌভাগ্য? এটি কি সাধারণ কোনো সফর? এটি আল্লাহর অসীম দয়া। এটি আল্লাহর এক বিশেষ নির্বাচন। তিনি কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন, তাঁর হাবীব ﷺ-এর শহরে দাঁড়ানোর জন্য।

◾এই মদিনা সেই মদিনা যার বুকে আজ শায়িত আছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মাদ ﷺ। এই মাটির নিচে শুয়ে আছেন আবু বকর সিদ্দীক رضي الله عنه। এই মাটির নিচে শুয়ে আছেন উমর ফারুক رضي الله عنه। এই মাটির আশেপাশে ছড়িয়ে আছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম। এই মাটি সাধারণ মাটি নয়। এটি ইতিহাসের মাটি। এটি ওহীর মাটি। এটি ত্যাগের মাটি। এটি প্রেমের মাটি।

◾এটি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান মাটিগুলোর একটি। এই মাটির তুলনা কোনো মাটির সাথে হয় না। এই মাটিতে রাসূল ﷺ হেঁটেছেন। এই মাটিতে রাসূল ﷺ নামাজ পড়েছেন। এই মাটিতে রাসূল ﷺ সিজদা করেছেন।‌ এই মাটিতে রাসূল ﷺ কেঁদেছেন। এই মাটিতে রাসূল ﷺ হাসেছেন।

এই মাটিতে রাসূল ﷺ তাঁর উম্মতের জন্য দোয়া করেছেন। এই মাটির জন্য রাসূল ﷺ নিজে দোয়া করেছেন।

اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ

হে আল্লাহ! মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দিন।

একজন মুমিন যখন মদিনায় আসে, তখন তার অন্তরে এই শহরের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া উচিত।

কারণ মদিনাকে ভালোবাসা মানে সেই শহরকে ভালোবাসা, যাকে রাসূল ﷺ ভালোবেসেছেন।‌মদিনাকে ভালোবাসা মানে সেই ভূমিকে ভালোবাসা, যা রাসূল ﷺ-এর স্মৃতিতে ভরপুর। মদিনাকে ভালোবাসা মানে সেই ইতিহাসকে ভালোবাসা, যা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে।

তাই মদিনায় এসে শুধু কয়েকটি দিন কাটিয়ে ফিরে যাওয়া যথেষ্ট নয়। মদিনাকে হৃদয়ে নিয়ে ফিরতে হবে।মদিনার স্মৃতি নিয়ে ফিরতে হবে। মদিনার ভালোবাসা নিয়ে ফিরতে হবে। এমন ভালোবাসা, যা দিন যত যাবে তত বাড়বে।

◾একটি বিষয় গভীরভাবে মনে রাখতে হবে‌ মদিনার প্রতি ভালোবাসা স্থির থাকে না। সত্যিকারের প্রেম হলে তা বাড়তে থাকে। প্রথমবার যখন মানুষ মদিনায় আসে, তখন তার চোখে পানি আসে। দ্বিতীয়বার এলে সেই ভালোবাসা আরও বেড়ে যাওয়ার কথা। তৃতীয়বার এলে আরও বেড়ে যাওয়ার কথা। দশমবার এলে আরও বেড়ে যাওয়ার কথা। যতবার আসবে, ততবার হৃদয় আরও নরম হবে। যতবার চোখ আরও বেশি ভিজবে। ততবার রওজার সামনে দাঁড়িয়ে বুক আরও বেশি কাঁপবে।

যদি দেখা যায় প্রথমবার যে আবেগ ছিল, দ্বিতীয়বার তা নেই প্রথমবার যে কান্না ছিল, পরে তা নেই প্রথমবার যে ভালোবাসা ছিল, পরে তা কমে গেছে তাহলে মানুষকে নিজের অন্তর নিয়ে চিন্তা করতে হবে।কারণ প্রকৃত প্রেমিকের ভালোবাসা কমে না।

প্রকৃত প্রেমিকের আকর্ষণ কমে না। প্রকৃত প্রেমিকের অপেক্ষা কমে না। বরং প্রতিটি সাক্ষাতের পর তার ভালোবাসা আরও বৃদ্ধি পায়।

প্রথমবারের আবেগ দ্বিতীয়বারে গভীরতায় পরিণত হয়। দ্বিতীয়বারের আবেগ তৃতীয়বারে আকুলতায় পরিণত হয়। আর যতবার সে আসে, ততবার তার হৃদয় বলে হে আল্লাহ! আমাকে বারবার ডেকে নিন।

বারবার এই শহরে নিয়ে আসুন। বারবার আপনার হাবীব ﷺ-এর দরবারে দাঁড় করান।

আর যদি বারবার আসা নসীব না হয়, তাহলে অন্তত আমার হৃদয়কে এমন বানিয়ে দিন, যেন মৃত্যু পর্যন্ত মদিনার ভালোবাসা আমার অন্তর থেকে কখনো মুছে না যায়।যে শহরের মাটিতে রাসূল ﷺ হেঁটেছেন।

যে শহরের আকাশের নিচে ওহী নাযিল হয়েছে।

যে শহরের পথে পথে সাহাবায়ে কেরামের পদচিহ্ন রয়েছে।

◾যে শহরকে ভালোবেসে রাসূল ﷺ বলেছেন—

اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ

হে আল্লাহ! মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়েও অধিক প্রিয় করে দিন। (সহীহ বুখারী)

মদিনা সফর কোন সাধারণ সফর নয়। এটি প্রেমিকের প্রিয়তমের দরবারে হাজির হওয়া। এটি উম্মতের নবীর শহরে উপস্থিত হওয়া। এটি সেই শহরে যাওয়া, যেই শহরের প্রতিটি ধূলিকণা ইতিহাস বহন করে।

Scroll to Top