মসজিদ কমিটি, মুসল্লি ও ইমাম- ইমাম কেন সমাজের নেতা নন

আজ আমরা আলোচনা করব কেন আমাদের সমাজে ইমামের মর্যাদা দূর্বল ? কেন মসজিদের নেতৃত্ব মিম্বর থেকে সরে গেল? কেন ইমাম, মুসল্লি ও কমিটির মধ্যে দূরত্ব সৃষ্টি হলো?

বাংলাদেশের অধিকাংশ গ্রাম ও মহল্লায় মসজিদের সবচেয়ে শিক্ষিত ধর্মীয় ব্যক্তি সাধারণত ইমাম সাহেব। তিনি কুরআন জানেন। হাদিস জানেন। ফিকহ জানেন। হালাল-হারাম জানেন। এলাকায় ঈমানের চাইতে ভালো জানে এমন মানুষ সংখ্যায় কম। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠাতা মসজিদের নেতৃত্ব কার কাছে।

মসজিদের নেতৃত্ব অনেক ক্ষেত্রে এমন ব্যক্তি দিয়ে থাকেন, যিনি হয়তো দ্বীনি জ্ঞানে ইমামের কাছাকাছিও নন। তার অর্থ আছে। প্রভাব আছে।সামাজিক অবস্থান আছে। তাই তার কথাই শেষ কথা। সর্ব বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। এখানেই শুরু হয় ভারসাম্যহীনতা।

ইসলামে মর্যাদার মাপকাঠি কী?

***************************

আল্লাহ তাআলা বলেন:

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। (সূরা হুজুরাত: ১৩)

আল্লাহ বলেননি সবচেয়ে ধনী ব্যক্তি। সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সবচেয়ে বড় ব্যবসায়ী ব্যক্তি। বরং বলেছেন সবচেয়ে মুত্তাকি ব্যক্তি।

সাহাবীদের সমাজে নেতৃত্বের মানদণ্ড

*******************************

রাসূল ﷺ যখন কোনো বাহিনীর নেতা নিযুক্ত করতেন, তখন সম্পদ দেখতেন না। যোগ্যতা দেখতেন। তাকওয়া দেখতেন। আমানতদারিতা দেখতেন। নেতৃত্বের জন্য এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনার মাঝে এসেছে এলেম ও সাহস। সাথে থাকতে হবে আল্লাহভীরুতা।

আমাদের সমাজে মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিচ্ছে কারা। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে নেতৃত্ব। ইমাম খতিবদের বুকে পাথর চাপা দিয়ে তাদের অনুগত হয়ে দায়িত্ব পালন করতে হয়।

অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদ কমিটির প্রধান দায়িত্ব হয় ইমাম ও মসজিদের দায়িত্বশীলদের পরিচালনা করা। তাদের খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করে মসজিদ কমিটি। অথচ প্রয়োজন ছিল ইমাম নিয়োগের পর ধর্মীয় বিষয়ে মসজিদ কমিটি ইমামের সাজেশন গ্রহণ করবে। ইমামের স্বাধীন আলোচনায় এবং মসজিদ পরিচালনায় কমিটি নিয়ন্ত্রণ আরোপ করবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না। পছন্দের বিপরীত কথায় ইমামকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

মসজিদ কমিটির ভূমিকা

**********************

মসজিদ পরিচালনা, হিসাব-নিকাশ, সংস্কার, উন্নয়ন এসবের জন্য দায়িত্বশীল মানুষ প্রয়োজন। তাই মসজিদের শক্তিশালী একটি কমিটি প্রয়োজন যারা মসজিদের সেবক হবে। কিন্তু সমস্যা তখন হয় যখন খাদেম মালিক হয়ে যায়।

কমিটির কাজ হবে মসজিদের সেবা করা। মসজিদের ইমামকে দিকনির্দেশনা দেওয়া নয়। দ্বীনি বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আলিমদের মর্যাদা দিয়েছেন।একটি ঐতিহাসিক শিক্ষা। আল্লাহ তাআলা বলেন:

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

“তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা কর।”

(সূরা নাহল: ৪৩)

আল্লাহ বলেননি ধনীদের জিজ্ঞাসা কর। প্রভাবশালীদের জিজ্ঞাসা কর। বরং বলেছেন জ্ঞানীদের জিজ্ঞাসা কর। আজ সমাজের অনেক সিদ্ধান্তে আমরা উল্টো পথ অবলম্বন করছি। আমরা জ্ঞানীদের গুরুত্ব দিচ্ছি না। রাজনৈতিক অসামাজিক প্রভাবশালীদের মতামতকে প্রাধান্য দিচ্ছি।

সম্পর্ক ভাঙার প্রথম কারণ: ইমামকে কর্মচারী ভাবা।

********************************************

অনেক জায়গায় ইমামকে দেখা হয় একজন বেতনভোগী কর্মচারী হিসেবে। তিনি যেন মসজিদের মুয়াজ্জিন, পরিচ্ছন্নতাকর্মী বা দারোয়ানের মতোই একজন কর্মচারী। এটি ইসলামী দৃষ্টিভঙ্গি নয়। ইমাম হচ্ছেন দ্বীনি নেতৃত্বের প্রতীক।তাকে সম্মান করা মানে দ্বীনের মর্যাদা রক্ষা করা।

দ্বিতীয় কারণ: ইমামের আর্থিক দুর্বলতা

**********************************”

একটি কঠিন বাস্তবতা হলো অনেক ইমাম সংসার চালাতে হিমশিম খান। তাকে মসজিদের ইমামতির সাথে সাথে জীবনের প্রয়োজনে আরও অনেক কিছু করতে হয়। বিষয়গুলো মসজিদের দায়িত্বশীল কমিটি সহজ দৃষ্টিতে দেখে না। কেউ টিউশনি করেন। কেউ বাড়ি বাড়ি গিয়ে কুরআন পড়ান। কেউ অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। মসজিদ থেকে প্রয়োজন পূরণ হলে ইমামকে এ কাজগুলো করতে হতো না। কমিটির সাথে সম্পর্ক খারাপ হতো না । রাসূল ﷺ বলেছেন:

أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ

“শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনানে ইবনে মাজাহ)

যে সমাজ তার ইমামের সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে পারে না, সেই সমাজের নৈতিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে।

তৃতীয় কারণ: মুসল্লিদের উদাসীনতা

*******************************

আমরা অনেকেই মসজিদকে শুধু নামাজের জায়গা বানিয়ে ফেলেছি। নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসি। ইমামের সাথে সম্পর্ক নেই।এলাকাবাসীর ঈমানের সাথে পরিচয় নাই। ইমামের কষ্ট জানা নেই।

আমরা তার পরিবারের খবর জানি না। তার সন্তানদের অবস্থাও জানি না। কিন্তু আমাদের তার ব্যাপারে অভিযোগ অনেক। সামান্য ভুলে আমরা তাকে শাসন করি। কিন্তু আমরা তার কান্না কষ্টের সাথী হই না।

এই দূরত্ব সম্পর্ককে দুর্বল করে।

মসজিদে নববীর পরিবেশ কেমন ছিল?

*********************************

রাসূল ﷺ-এর সাহাবীরা শুধু নামাজ পড়ে চলে যেতেন না। তারা বসতেন। নবীর কাছ থেকে শিখতেন। প্রশ্ন করতেন। পরামর্শ নিতেন। সমস্যা নিয়ে আসতেন।মসজিদ ছিল একটি জীবন্ত পরিবার। আজ অনেক মসজিদে সেই পারিবারিক বন্ধন হারিয়ে গেছে।

বাংলাদেশের বাস্তব উদাহরণ অনেক এলাকায় দেখা যায় মসজিদের জন্য লাখ লাখ টাকা সংগ্রহ হয়। দৃষ্টিনন্দন গম্বুজ নির্মাণ হয়। মিনার উঁচু হয়। এয়ার কন্ডিশনার বসানো হয়। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকে। কিন্তু ইমামের বেতন বাড়ানোর প্রসঙ্গ উঠলে নীরবতা নেমে আসে। এটি কোনো একক এলাকার সমস্যা নয়; এটি একটি মানসিকতার সমস্যা।

আমরা ভবনের সৌন্দর্যে গুরুত্ব দিই, কিন্তু মানুষ গড়ার কারিগরের দিকে কম নজর দিই। অথচ ভবনের সৌন্দর্যের চাইতে ইমামের ভালো থাকা গুরুত্বপূর্ণ।একজন শক্তিশালী ইমাম মসজিদের জন্য গুরুত্বপূর্ণ।

◾ন্যায়ের খাতিরে এটাও বলতে হবে সব দোষ সমাজের নয়। অনেক ইমামও নিজেদের ভূমিকা সীমিত করে ফেলেছেন। যিনি সমাজের নেতা হতে চান, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। তরুণদের বুঝতে হবে।সমাজের সমস্যার ভাষা জানতে হবে। মানুষের সুখ-দুঃখে অংশ নিতে হবে। রাসূল ﷺ মানুষের মাঝে থাকতেন। মানুষের ঘরে যেতেন। রোগী দেখতে যেতেন।শিশুদের সাথে কথা বলতেন। এ কারণেই তিনি শুধু ইমাম ছিলেন না; ছিলেন হৃদয়ের নেতা। আমাদের ইমামদের সেই অনুশীলন প্রয়োজন।

মসজিদগুলোতে আমরা এমন একটি মডেল চাই যেখানে কমিটি সম্মানের সাথে মসজিদ পরিচালনা করবে। ইমাম সম্মানের সাথে দ্বীনি নেতৃত্ব দেবেন। মুসল্লিরা সম্মানের সাথে সহযোগিতা করবেন। কেউ কারও প্রতিদ্বন্দ্বী হবে না। সকলেই আল্লাহর ঘরের খাদেম হবে।

◾একটি হৃদয়স্পর্শী প্রশ্ন আজ যদি কোনো এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী অসুস্থ হন, কত মানুষ তাকে দেখতে যায়? আর যদি সেই এলাকার ইমাম অসুস্থ হন? কতজন খবর নেয়? এই প্রশ্নের উত্তরই বলে দেয় আমরা কাকে বেশি মূল্য দিচ্ছি। ইমামকে শুধুমাত্র বেতনভুক্ত একজন কর্মচারী হিসেবেই মূল্যায়ন করা হয়। তাকে সমাজের মানুষ হিসেবেই মূল্যায়ন করা হয় না। ঈমানের মর্যাদার প্রশ্ন তো বহুদূর।

◾আমার নিজের জীবন থেকে বলছি। দীর্ঘ ১৭ বছর ইমামতি করেছি। আমার জীবনের একটি কষ্টের দিন ছিল সেদিন আমার সন্তান আহমাদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। সেদিন প্রয়োজন ছিল সান্তনার। বান্দার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহর পক্ষ থেকে আসে আর তিনি তার বান্দার জন্য সবচেয়ে বড় শান্তনা।

সেদিন সুযোগ এসেছিল একজন ইমাম হিসেবে মসজিদ কমিটি এবং মুসল্লিদের মহব্বত যাচাই করার। মসজিদ কমিটির সদস্যদের কারণ সময় হয়নি আমার বাসায় এসে পাশে দাঁড়াবার।

সমাজের প্রভাবশালী বিত্তবান তাদেরকেও দেখার সুযোগ হয়েছে। আমি লক্ষ্য করেছি যাদের কাছে টাকা থাকে তাদের অধিকাংশর মানবতা থাকে মনুষত্ববোধ থাকে না। অথচ এই মানুষগুলো বিপদগ্রস্ত হলে সেই বিপদে ইমামকে পাশে না পেলে আগুন হয়ে যায়। তাদের দুঃখে দোয়া করে ইমামের চোখের পানি ঝরাতে হয়। কিন্তু ইমাম পায়না তাদের থেকে সামান্য সান্তনা।

◾মসজিদের সংকট আসলে ভবনের সংকট নয়।সম্পর্কের সংকট। ইমাম, মুসল্লি ও কমিটির মধ্যে আস্থা, সম্মান ও সহযোগিতার সংকট।

যেদিন এই সম্পর্ক পুনর্গঠিত হবে সেদিন মসজিদ আবার সমাজের প্রাণকেন্দ্র হবে। সেদিন মিম্বর আবার মানুষ গড়বে। সেদিন যুবকরা আবার মসজিদমুখী হবে। সেদিন ইমাম আবার কেবল নামাজের নয়, নৈতিকতার ও দিকনির্দেশনার নেতা হয়ে উঠবেন।

আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে বিভক্তির নয়, ঐক্যের কেন্দ্র বানিয়ে দিন।

Scroll to Top