হজ্জ ও ওমরাহ: শুধু ইবাদত নয়, জীবন বদলে দেওয়ার এক মহাসুযোগ

আমরা সবাই জীবনে একটি বিষয় চাই—রিজিকের প্রশস্ততা, জীবনের বরকত, মানসিক প্রশান্তি, গুনাহমুক্ত জীবন এবং আল্লাহর সন্তুষ্টি।

আমরা কি কখনো ভেবেছি, আল্লাহর ঘরের মেহমান হওয়ার প্রস্তুতি আমাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ‌হতে পারে?

◾রাসূলুল্লাহ ﷺ বলেছেন “তোমরা ধারাবাহিকভাবে হজ্জ ও ওমরাহ আদায় করো। কারণ এগুলো দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে দেয়, যেমন কামারের হাপর লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে দেয়।” (তিরমিযী)

এই হাদীসের মধ্যে শুধু একটি আমলের ফযীলত নয়; বরং একজন মুমিনের জীবন গঠনের একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা রয়েছে।

১. রিজিকের মালিক আল্লাহ। অনেক সময় আমরা মনে করি‌ আরও বেশি সময় কাজ করলে রিজিক বাড়বে।আরও বড় ব্যবসা করলে বরকত আসবে। কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয়‌ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই।‌ (সূরা হূদ: ৬)

রিজিকের দরজা মানুষের হাতে নয়; আল্লাহর হাতে।

আর হজ্জ ও ওমরাহ এমন একটি আমল, যার মাধ্যমে বান্দা সরাসরি রিজিকের মালিকের দরবারে উপস্থিত হয়।

২. মানুষ খরচের ভয়ে হজ্জ ও ওমরাহ পিছিয়ে দেয়

অনেকে বলেন আরও কিছু টাকা জমুক। ব্যবসাটা একটু দাঁড়াক।‌ এই ঋণটা শেষ হোক। এখন গেলে অনেক খরচ হয়ে যাবে।‌ শয়তান সবসময় মানুষকে অভাবের ভয় দেখায়। আল্লাহ বলেন শয়তান‌ তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। (সূরা বাকারা: ২৬৮)

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ তাদের জন্য অদৃশ্য দরজা খুলে দেন।

৩. আল্লাহর মেহমান কখনো ক্ষতিগ্রস্ত হয় না

হাদীসে এসেছে‌ হজ্জকারী, ওমরাহকারী এবং আল্লাহর পথে জিহাদকারী তারা আল্লাহর প্রতিনিধি ও মেহমান।

একটু চিন্তা করুন! আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির মেহমান হন, তিনি কি আপনার সম্মান রক্ষা করবেন না?‌ তাহলে যিনি আসমান-জমিনের মালিক, তাঁর মেহমান হলে তিনি কি আপনাকে নিরাশ করবেন?

৪. দারিদ্র্য দূর হওয়ার রহস্য কী?

হাদীসে এসেছে হজ্জ ও ওমরাহ দারিদ্র্য দূর করে। এটা শুধু অলৌকিকভাবে টাকা পাওয়ার কথা নয়। বরং হজ্জ ও ওমরাহ মানুষের জীবনে এমন পরিবর্তন আনে, যা বরকতের দরজা খুলে দেয়।

ক) গুনাহ দূর হয়। গুনাহ অনেক সময় রিজিক সংকুচিত করে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন‌ বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। যখন গুনাহ কমে, তখন রিজিকের পথও প্রশস্ত হয়।

খ) তাকওয়া বৃদ্ধি পায়। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ সৃষ্টি করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।”‌(সূরা তালাক: ২-৩)

গ) জীবনে বরকত আসে। বরকত মানে শুধু বেশি টাকা নয়। বরকত মানে কম টাকায় বেশি কাজ হওয়া। অল্প আয়ে শান্তি থাকা, পরিবারে সুখ থাকা, সন্তানদের নেক হওয়া, অসুস্থতা কম হওয়া, সময়ের সঠিক ব্যবহার হওয়া।

৫. হজ্জ ও ওমরাহ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়

কাবার সামনে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে যে সম্পদের জন্য এত দৌড়াদৌড়ি করছি, একদিন সব রেখে চলে যেতে হবে।

আরাফার ময়দানে দাঁড়িয়ে মনে হয় আজকের এই সমাবেশ যেন হাশরের ময়দানের একটি ঝলক।

◾সাফা-মারওয়ার মাঝে দৌড়াতে দৌড়াতে বোঝা যায় রিজিকের জন্য চেষ্টা করতে হয়, কিন্তু ফলাফল আল্লাহর হাতে।

হাজেরা (আ.) সাতবার দৌড়েছিলেন। পানি তিনি সৃষ্টি করেননি। কিন্তু চেষ্টা করেছিলেন। আর আল্লাহ জমজম সৃষ্টি করেছিলেন।

এটাই মুমিনের শিক্ষা চেষ্টা আমার দায়িত্ব, ফলাফল আল্লাহর হাতে।

৬. জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। মানুষ জমি কিনে।

ফ্ল্যাট কিনে।্যব্যবসায় বিনিয়োগ করে। স্বর্ন কিনে।

শেয়ার বাজারে টাকা রাখে।‌ কিন্তু সবচেয়ে নিরাপদ বিনিয়োগ কী?

আল্লাহর কাছে জমা রাখা আমল।‌ হজ্জ ও ওমরাহ এমন একটি বিনিয়োগ যার মুনাফা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় পাওয়া যায়।

৭. যারা এখনো যেতে পারেননি তাদের করণীয়

সবার জন্য এখনই হজ্জ বা ওমরাহ সম্ভব নাও হতে পারে।‌কিন্তু প্রস্তুতি তো এখন থেকেই শুরু করা যায়।

প্রস্তুতির কয়েকটি ধাপ নিয়ত করুন।

হালাল উপার্জন বৃদ্ধি করুন অপ্রয়োজনীয় খরচ কমান, হজ্জ-ওমরাহ ফান্ড তৈরি করুন, নিয়মিত দোয়া করুন, গুনাহ থেকে বাঁচুন, কাবা শরীফের প্রতি মহব্বত সৃষ্টি করুন।

৮. আল্লাহ যাকে ডাকেন, সেই যায়‌। অনেক ধনী মানুষও যেতে পারে না। আবার অনেক সাধারণ মানুষও কাবার সামনে দাঁড়িয়ে যায়। কারণ হজ্জ ও ওমরাহ কেবল অর্থের বিষয় নয়। এটি আল্লাহর ডাকার বিষয়।

তাই আজ থেকেই অন্তর থেকে বলুন “হে আল্লাহ! আমি আপনার ঘরের মেহমান হতে চাই। আপনি আমাকে ডেকে নিন। সমাপনী আবেদন

আমরা জীবনে অনেক স্বপ্ন দেখি। বাড়ির স্বপ্ন। গাড়ির স্বপ্ন। ব্যবসার স্বপ্ন। বিদেশ যাওয়ার স্বপ্ন। কিন্তু একটি স্বপ্ন যেন কখনো হারিয়ে না যায় বায়তুল্লাহর সামনে দাঁড়িয়ে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” বলার স্বপ্ন।

হজ আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক পরিকল্পনা। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে সেদিন, যেদিন আপনি আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য প্রথম পদক্ষেপটি নেবেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার হজ্জ ও ওমরাহ আদায় করার তাওফীক দান করুন, গুনাহ মাফ করুন, রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ নসীব করুন।

Scroll to Top