যাকাত: জরিমানা নয়, রবের সন্তুষ্টি অর্জনের মহাসুযোগ।“যাকাত: সামান্য দান, বিশাল প্রাপ্তি—দুনিয়া ও আখিরাতে”
যাকাতের মৌলিক ধারণা ও ঈমানি দৃষ্টিভঙ্গি
যাকাত কি?
যাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। আল্লাহ তাআলা বলেন:
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا
(التوبة: 103)
“তুমি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ কর; এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে এবং বৃদ্ধি দান করবে।”
“تُزَكِّيهِمْ”
— যাকাত সম্পদ কমায় না, বরং তা বরকতের মাধ্যমে বৃদ্ধি করে।
যাকাত ফরজ—কোরআন ও হাদিসের আলোকে
আল্লাহ বলেন:
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
(البقرة: 43)
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ …
(التوبة: 60)
রাসূল ﷺ বলেছেন (বর্ণিত: সহীহ বুখারী, সহীহ মুসলিম):
«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ…»
ইসলামের ভিত্তি পাঁচটি—এর একটি যাকাত।
যাকাত আদায় না করার কঠিন হুঁশিয়ারি হাদিসের মাঝে এসেছে। এরশাদ হয়েছে “যে ব্যক্তি আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন অথচ যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদ বিষধর সাপ হয়ে তাকে দংশন করবে।” (বুখারী)
যে টাকা আপনি লকারে রেখে নিশ্চিন্ত থাকেন—সেটাই যদি কিয়ামতের দিন ফণা তুলে বলে, “আমি তোমার যাকাত না দেওয়া সম্পদ!”—তখন কী করবেন?
যাকাত: ডাকাতি বা জরিমানা নয়।
অনেকে বলেন “আমি কষ্ট করে কামাই করি, কেন ২.৫% দিয়ে দেব?”
আল্লাহ বলেন:
وَآتُوهُم مِّن مَّالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ
(النور: 33)
“আল্লাহ যে মাল তোমাদের দিয়েছেন, তা থেকে তাদেরকে দাও।” মাল আপনার আমার নয়—বরং আল্লাহর। আমি আপনি কেবল তত্ত্বাবধায়ক।
আল্লাহ যদি বলেন, “আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এখন আমার হুকুম মানো। এভাবে খরচ করো—আমরা কি দ্বিধা করব? আমরা কি মালিকের সাথে দর কষাকষি করবো?
যাকাত দরিদ্র বানায় না—বরং জীবনের মাঝে বরকত আনে।
রাসূল ﷺ বলেছেন:
«مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ»
“সদকা সম্পদ কমায় না।” (মুসলিম)
বরকত কী? বরকত হল অল্প আয়ে শান্তি, অল্প লাভে সন্তুষ্টি, বিপদ থেকে অদৃশ্য সুরক্ষা, সন্তানের হেফাজত, রোগ থেকে রক্ষা। আপনি দেখতে পাবেন অনেকে কোটি টাকার মালিক—তবুও অশান্ত। আবার কেউ মাঝারি আয়ের—তবুও প্রশান্ত। এই দুইজনের মাঝে পার্থক্য কোথায়? বরকতে।
ধরুন, আপনার কাছে ১০ লক্ষ টাকা আছে।
২.৫% দিলে ২৫,০০০ টাকা কমলো। কিন্তু যদি সেই ২৫,০০০ টাকার বদলে আপনার সন্তান হেফাজতে থাকে, ব্যবসা বিপদ থেকে বেঁচে যায়, অদৃশ্যভাবে লাভের দরজা খুলে যায়, অন্তরে শান্তি আসে তাহলে কি আপনি ক্ষতিগ্রস্ত?
বরং যাকাত না দিলে হয়তো ডাকাত নেবে, হয়তো হাসপাতাল নেবে, হয়তো আদালত নেবে। কিন্তু যাকাত দিলে আল্লাহ নিজে নেন। কোনটা আপনার জন্য ভালো।
যাকাত ফরজ কার উপর?
শর্ত:
১. মুসলিম
২. প্রাপ্তবয়স্ক
৩. নিসাব পরিমাণ সম্পদের মালিক
৪. এক হিজরি বছর অতিক্রান্ত
নিসাব (সাধারণভাবে) ৮৭.৪৮ গ্রাম সোনা অথবা ৬১২.৩৬ গ্রাম রুপার সমমূল্য
আধুনিক সম্পদ যা হিসাবযোগ্য:
ব্যাংক ব্যালেন্স, ব্যবসার স্টক, সোনা, শেয়ার, নগদ টাকা,মোবাইল ব্যাংকিং ব্যালেন্স, প্রভিডেন্ট ফান্ড (হাতে পাওয়ার যোগ্য হলে)
যাকাত পাবে কারা?
আল্লাহ বলেন:
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ …
(التوبة: 60)
৮ শ্রেণি: ১. ফকির, ২. মিসকিন, ৩. আমিল,
৪. মুআল্লাফ, ৫. দাসমুক্তি, ৬. ঋণগ্রস্ত
৭. ফি সাবিলিল্লাহ ৮. মুসাফির
পিতা-মাতা, সন্তান, স্ত্রী—যাকাত পাবে না।
ভালোবাসার দিক: আল্লাহ কাদের ভালোবাসেন?
আপনি কি চান না আল্লাহ আপনাকে ভালোবাসুন?
যাকাত হলো—আল্লাহর ভালোবাসা কেনার সুযোগ।
আল্লাহ বলেন: “আল্লাহ দানশীলদের ভালোবাসেন।” (সূরা বাকারা ২:১৯৫)
আরেক জায়গায় “তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে, তিনি তার উত্তম প্রতিদান দেবেন।” (সূরা সাবা ৩৪:৩৯)
ঘটনা: তাবুকের যুদ্ধ। উসমান ইবন আফফান (রা.) বিপুল দান করলেন। রাসূল ﷺ বললেন:
“আজকের পর উসমানের কোনো আমল তাকে ক্ষতি করবে না।”
তাবুকের যুদ্ধ। আবু বকর সিদ্দীক (রা.) সব দান করলেন। বললেন—“পরিবারের জন্য রেখেছি আল্লাহ ও তাঁর রাসূল।”
তারা কি গরিব হয়েছিলেন? না। বরং ইতিহাসের শ্রেষ্ঠ ধনী—ইমানের ধনী।
আখিরাতের ভয়
আল্লাহ বলেন:
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
(التوبة: 34)
يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ…
(التوبة: 35)
ভাবুন আপনার জমিয়ে রাখা স্বর্ণ আগুনে গরম হচ্ছে।
তারপর আপনার কপালে লাগানো হচ্ছে। এই দৃশ্য কল্পনা করলে কঠিন হৃদয়ও কেঁপে ওঠে।
প্রশ্ন ১: আমি তো ট্যাক্স দিই—যাকাত কেন?
ট্যাক্স রাষ্ট্রের অধিকার। যাকাত আল্লাহর হুকুম—ইবাদত।
প্রশ্ন ২: যদি ব্যবসায় ক্ষতি হয়?
যাকাত লাভের উপর নয়—সঞ্চিত সম্পদের উপর। বরকত ক্ষতির মধ্যেও লাভ তৈরি করে।
প্রশ্ন ৩:
আমি হিসাব করতে ভয় পাই। ভয় পাবেন না।
আল্লাহ হিসাব সহজ করেন তাদের জন্য যারা আন্তরিক।
প্রশ্ন ৪:যাকাত না দিলে কী হয়?
দুনিয়ায় বরকত উঠে যায়।
আখিরাতে কঠিন জবাবদিহি।
আপনি যদি আজ মারা যান—
আপনার ব্যাংক ব্যালেন্স কি কবরের আজাব ঠেকাবে?
আপনার জমি? আপনার গাড়ি? না।
কিন্তু এক গোপন যাকাত এক বিধবার চোখের পানি মুছে দিলে সেটা কিয়ামতে আপনার জন্য ছায়া হবে।
রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি গোপনে দান করে, এমনকি তার ডান হাত যা দেয় বাম হাতও জানে না—সে কিয়ামতে আরশের ছায়ায় থাকবে।” (বুখারী, মুসলিম)
আজ সিদ্ধান্ত নিন—
সম্পদকে ভালোবাসব না, মালিককে ভালোবাসব
হিসাব পরিষ্কার করব। দেরি করব না। যাকাতকে বোঝা নয়—ভালোবাসা ভাবব
যাকাত মানে—সম্পদের তাওহীদ।হৃদয়ের পরিশুদ্ধি।জান্নাতের বিনিয়োগ।
আল্লাহ আমাদের এমন বান্দা বানান যারা তাঁর হুকুম পালনে দ্বিধাহীন। যারা সম্পদ দিয়ে রবের ভালোবাসা কিনে নেয়। আমিন।