রমজান: আখলাক গড়ার মাস, তাকওয়ার মাস, আত্মত্যাগের মাস

রমযান কেবল রোজা রাখার মাস নয়; এটা চরিত্র গঠনের মাস, আখলাক নির্মাণের মাস, তাকওয়া অর্জনের মাস, আত্মত্যাগের মাস।

রমযান মাসের মূল উদ্দেশ্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ … لَعَلَّكُمْ تَتَّقُونَ

“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”

—(সূরা আল-বাকারা ২:১৮৩)

🔴 রমজান তাকওয়া অর্জনের মাস। ‌তাকওয়া মানে আল্লাহকে সর্বক্ষণ উপস্থিত মনে করা গোপনে ও প্রকাশ্যে তাঁকে মান্য করা, হারাম থেকে বেঁচে থাকা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা সারকথা তাকওয়া হলো অন্তরের এমন একটি “ব্রেক সিস্টেম” যা মানুষকে অন্যায় থেকে থামিয়ে দেয়।

রাসূল ﷺ বলেছেন:

اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ… وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ

“তুমি যেখানেই থাক আল্লাহকে ভয় করো… এবং মানুষের সাথে উত্তম চরিত্রে আচরণ করো।”—তিরমিযী

দেখুন! তাকওয়ার পরপরই তিনি কী বললেন? উত্তম আখলাক। অর্থাৎ তাকওয়া আর আখলাক—একই গাছের দুই ডাল।

🔴 রোজা শুধু ক্ষুধা-তৃষ্ণা নয়, চরিত্রের প্রশিক্ষণ

রাসূল ﷺ সতর্ক করেছেন:

مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ… فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

“যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করলো না, তার শুধু খাবার-দাবার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।”‌—বুখারী

অর্থাৎ রোজার উদ্দেশ্য—গীবত ছাড়া, মিথ্যা ছাড়া, প্রতারণা ছাড়া হিংসা ছাড়া, রাগ নিয়ন্ত্রণ। রমজান আমাদের শেখায় রাগ আসলে বলবো: إِنِّي صَائِمٌ আমি রোজাদার। এটাই চরিত্র গঠন।

🔴 রমজান মুনাফার মাস নয়, আত্মত্যাগের মাস

আজ আমরা কী দেখি? রমজান এলেই বাজারে দাম বাড়ে। কেউ কেউ ভাবে—“এই মাসে একটু বেশি লাভ করি!” কিন্তু রমজান কি ব্যবসার বিশেষ সিজন?

না! এটা আত্মত্যাগের সিজন।

রাসূল ﷺ ছিলেন সবচেয়ে বেশি দানশীল—বিশেষত রমজানে।

كَانَ أَجْوَدَ النَّاسِ… وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ

“তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল… আর রমজানে আরও বেশি দানশীল হতেন।”—বুখারী

রমজান আমাদের শেখায়‌ নিজের প্লেট থেকে ভাগ দিতে, নিজের সম্পদ বিলিয়ে দিতে, নিজের আরাম ত্যাগ করতে

🔴 আত্মত্যাগ—ইসলামের প্রাণ

ইসলামের ইতিহাস আত্মত্যাগের ইতিহাস।

▪ বদরের শিক্ষা- মুসলমানরা সেখানে ছিল সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু ঈমানে শক্ত। তারা জানতো জীবন দিতেও প্রস্তুত।

▪ উহুদের শিক্ষাঞ- ওহুদের যুদ্ধে কিছু ভুলের কারণে বাহ্যিক পরাজিত হলেন সাহাবারা। সেখান থেকেও তারা শিক্ষা নিলেন‌ আত্মত্যাগ মানে শৃঙ্খলা, আনুগত্য, নফস দমন। রমজান আমাদের সেই আত্মত্যাগের রিহার্সাল করায়। সারাদিন ক্ষুধা—কেন?

কারণ আমি আল্লাহর জন্য ছেড়েছি।

🔴 আখলাক—মুমিনের প্রকৃত পরিচয়

রাসূল ﷺ বলেছেন:

إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ

“আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য।” তিনি ছিলেন জীবন্ত কুরআন। আমাদের প্রিয় নবীর স্বভাব ছিল তিনি ছিলেন ক্ষমাশীল, দয়ালু, সহনশীল, বিনয়ী। রমজান আমাদের সেই চরিত্র গঠনের ওয়ার্কশপ।

🔴 পরিবারে রমজানের প্রভাব

রমজান মানে পরিবারের সাথে ইফতার, একসাথে কুরআন তিলাওয়াত, তারাবীহ, সাহরির বরকত। একে অপরের কাছাকাছি হওয়া। পরস্পরকে সহযোগিতা করা। এর মাধ্যমে ভালোবাসা তৈরি হবে। রমজান অন্যকে ভালোবাসা দেয়ার মাস। যেন বন্ধন মজবুত হয়। বৃদ্ধ বাবা-মা ভাই-বোন অসহায় আত্মীয়স্বজন নিজের স্বার্থ অনুযায়ী সকলকে সহযোগিতা করার মাস রমজান।

ঘরে পরিবারে শান্তি না থাকলে সমাজে শান্তি আসবে কীভাবে? রমজান আমাদের ঘর থেকে চরিত্র গঠন শুরু করতে শেখায়।

🔴 সমাজে রমজানের প্রভাব

যদি সত্যিই আমরা তাকওয়া অর্জন করি দুর্নীতি কমবে, মিথ্যা কমবে, প্রতারণা কমবে,‌চাঁদাবাজি কমবে।

রমজান কেবল মসজিদের মাস নয় এটা অফিসের মাস, বাজারের মাস, আদালতের মাস, রাজনীতির মাস‌ সব জায়গায় তাকওয়া চাই।

🔴 রমজান কয়েক দিনের অতিথি।

এই মাস চলে যাবে।

প্রশ্ন হলো আমাদের ভিতরে কি পরিবর্তন আসবে?

রমজান শেষে যদি আমরা আগের মতোই রাগী থাকি, আগের মতোই স্বার্থপর থাকি, আগের মতোই কঠোর থাকি তাহলে আমরা রোজা রেখেছি, কিন্তু রমজান পাইনি।

আসুন অঙ্গীকার করি—

✔ আমরা তাকওয়া অর্জন করবো

✔ আমরা আখলাক সুন্দর করবো

✔ আমরা আত্মত্যাগী হবো

✔ আমরা সম্পদ বিলিয়ে দেবো

✔ আমরা মানুষের পাশে দাঁড়াবো

আল্লাহ আমাদেরকে সেই রমজান দান করুন—

যে রমজান আমাদের বদলে দেয়,

যে রমজান আমাদের চরিত্র গড়ে দেয়,

যে রমজান আমাদের তাকওয়াবান বানায়।

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

Scroll to Top